Tag Archives: ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বশির মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে লম্বা হাটি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় সরকারি খাস জায়গা দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আলমগীর মিয়া নামে এক ব্যক্তি সরকার থেকে জমি ক্রয় করেছেন দাবি করে সেখানে সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। এ নিয়ে প্রতিপক্ষ কুতুবের বাড়ির নারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এরই জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বশির মিয়া নামে একজন গুরুতর আহত হয়। তার স্বজনরা আহত অবস্থায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

নাসিরনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ও সরকারি খাস জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ২৫

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাস জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কামাল উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২০-২৫ জন। শনিবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার শাহজাদাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কামাল উদ্দিন শাহজাদাপুর গ্রামের মৃত সাদাত আলীর ছেলে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম।

ঘটনার বরাত দিয়ে ওসি জানান, উপজেলার শাহজাদাপুর গ্রামের একটি খাস কৃষি জমি নিয়ে স্থানীয় জুয়েল মেম্বার ও রিপন মিয়ার মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই সূত্র ধরে শুক্রবার দুপুরে জুয়েল মেম্বার ও তার লোকজন বিরোধপূর্ণ কৃষি জমির ধান কেটে নেয়। এরপর পুলিশ বিষয়টি জানতে পেরে সেই ধানগুলো তাদের কাছ থেকে জব্দ করে অপর পক্ষকে দেয়। এরই জেরে দুইপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে কামাল উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হন। দুইপক্ষের ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত আছে।