Tag Archives: ইসরাইল

ইসরাইলকে রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলকে রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরাইলের সমর্থনে পূর্ব ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানিয়েছেন, এরই মধ্যে বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে’র সঙ্গে একটি ক্ষেপণাস্ত্র ক্রুজার ও চারটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ইসরাইল উপকূলের দিকে যাত্রা শুরু করেছে।

রোববার (৮ অক্টোবর) হামাসের বিরুদ্ধে ইসরাইলের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার পর মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে সামরিক সহায়তা দেওয়ার কথা নিশ্চিত করে।

মার্কিন প্রতিরক্ষা সচিব আরও বলেন, অতিরিক্ত সরঞ্জাম ও গোলাবারুদের পাশাপাশি ইসরাইলে মার্কিন যুদ্ধবিমানও পাঠানো হবে। হোয়াইট হাউজ জানিয়েছে, বাইডেন সরকার আগামী দিনে দেশটিতে আরও সামরিক সহায়তা পাঠাবে। তাছাড়া ইসরাইলের শত্রুরা যাতে এ পরিস্থিতি থেকে সুবিধা নিতে না পারে তা নিশ্চিত করতেও কাজ করবে যুক্তরাষ্ট্র।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, হামাসের হামলায় নিহত ও বন্দিদের মধ্যে কোনো মার্কিন নাগরিক রয়েছে কি না তা যাচাইয়ের কাজ করছে যুক্তরাষ্ট্র। একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ইরানের প্রসঙ্গ টেনে ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্র এ যুদ্ধে ইরানের সরাসরি জড়িত থাকার প্রমাণ পায়নি, তবে ইরান বছরের পর বছর ধরে গাজাভিত্তিক স্বাধীনতাকামী সংগঠনটিকে সহায়তা করে আসছে।

তিনি আরও বলেন, ইরান হামাসকে বহু বছর ধরে সমর্থন দিয়ে আসছে। তাদের সাহায্য ছাড়া ‘হামাস’ এতটা ভয়াবহ হয়ে উঠতে পারতো না। আমরা এখনো প্রমাণ পায়নি যে, ইরান হামাসের হামলার পেছনে সরাসরি জড়িত ছিলো। তবে তাদের সমর্থন স্পষ্ট। যদিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরাইল হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে ও ১১০০ পেরিয়েছে। এর মধ্যে ইসরায়েলে ৭০০ জনের বেশি ও গাজায় কমপক্ষে ৪০০ জন নিহত হয়েছে।

সূত্র: আল জাজিরা, বিবিসি, রয়টার্স

‘হিজবুল্লাহ যুদ্ধে অংশ নিলে বিপাকে পড়বে ইসরাইল’

‘হিজবুল্লাহ যুদ্ধে অংশ নিলে বিপাকে পড়বে ইসরাইল’

ডেস্ক রিপোর্ট:

ইসরাইলের অধিকৃত তিন স্থানে বোমা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এর জবাবে লেবাননেও পালটা ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলের সংবাদমাধ্যম হারেতজের সাংবাদিক জিডিওন লেভি বলেছেন, লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ হামাস-ইসরাইল যুদ্ধে জড়িয়ে পড়লে ইসরাইল বিপাকে পড়বে।

ইসরাইলি স্থাপনা লক্ষ্য করে হিজবুল্লাহর হামলার প্রতিক্রিয়ায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এ কথা বলেন তিনি।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ ইসরাইলিদের কাছে একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে যে গাজা উপত্যকায় হামলা চালালে এবং কোনো স্থল আক্রমণ শুরু করার অর্থ এই সংঘর্ষ অন্য দিকে মোড় নেবে।

জিডিওন লেভি জানান, আমরা একটি সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার মুখোমুখি হব, যদি ইসরাইলকে দুটি ফ্রন্টে লড়াই করতে হয়। এবং সম্ভবত তিনটি, যদি অধিকৃত পশ্চিম তীরও দৃশ্যপটে চলে আসে। এটি একটি নতুন ‘খেলা’ এবং ইসরাইল এমন এক পরিস্থিতির মুখোমুখি হবে, যা এর আগে কখনো হয়নি।

এদিকে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, আমরা অধিকৃত লেবানিজ শেবা ফার্ম এলাকায় ইসরাইলের দখল করা তিনটি স্থানকে লক্ষ্য করে হামলা চালাই। রাডার সাইট, জিবদিন এবং রুওয়াইসাত আল-আলম’ এ ব্যাপক আর্টিলারি শেল ও গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে বোমাবর্ষণ করা হয়েছিল।

এর পর লেবানন সীমান্তে ড্রোন হামলা চালায় ইসরাইল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে ইসরাইলের সামরিক বাহিনী জানায়, তাদের একটি ড্রোন লেবাননের সীমান্তে মাউন্ট ডোভ এলাকায় ‘হিজবুল্লাহর একটি অবকাঠামোতে আঘাত করেছে।’

লেবাননের রাজধানী বৈরুত থেকে আলজাজিরার প্রতিবেদক জেইনা খোদর বলেছেন, ইসরাইলের উত্তর দিকে হিজবুল্লাহর হামলা ইসরাইল এবং হামাসের মধ্যে চলমান উত্তেজনাকে আরও খারাপ করতে পারে।

তিনি আরও জানান, ‘লেবাননের সব সশস্ত্র গোষ্ঠীকে ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। লেবাননে হামাসের মিত্র আছে, সব দলই ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের শক্তি।’

শনিবার (৭ অক্টোবর) থেকে শুরু হওয়া এই হামলায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে হামাসের হামলায় ৩০ জন পুলিশ কর্মকর্তাসহ ২৫০ জন ইসরাইলি নিহত হয়েছেন। হামলার জবাবে ইসরাইলের বিমান হামলায় শিশুসহ ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কাশ্মীরের পরিস্থিতি হুবহু ফিলিস্তিনের মতো হওয়ায় ইসরাইলকে স্বীকৃতি দিতে পারছেনা পাকিস্তান

 

তারিক চয়নঃ

ইসরাইল ফিলিস্তিনের সাথে যা করেছে তার উপর জোর দিয়ে ফিলিস্তিনের পরিস্থিতিকে ভারত-শাসিত কাশ্মীরের মতো “হুবহু একই অবস্থা” আখ্যায়িত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার বলেছেন, তার দেশ ইসরাইলকে স্বীকৃতি দিতে পারে না।

আনাদুলু এজেন্সীর এক প্রতিবেদনে বলা হয়, একটি তুর্কী টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ইমরানের পেছনে দুটি কারণ রয়েছে বলে জানানঃ

১. কাশ্মীরের পরিস্থিতি হুবহু ফিলিস্তিনের মতো। যদি পাকিস্তান ইসরাইলের ফিলস্তিনি ভূ-খন্ড দখলকে স্বীকৃতি দেয়, তাহলে ভারত কাশ্মীরে যা করেছে তারও স্বীকৃতি দিতে হবে। সেক্ষেত্রে ইসরাইলকে স্বীকৃতি দিলে পাকিস্তান তার নৈতিক অবস্থান হারাবে।

২. পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, ফিলিস্তিনিদের উপর চালানো অবিচার বন্ধ না করা পর্যন্ত এবং তাদের ভূ-খন্ড ফিরিয়ে না দেয়া পর্যন্ত পাকিস্তান ইসরাইলকে স্বীকৃতি দিতে পারে না।

উল্লেখ্য, গেল মাসেও পাকিস্তানের একটি টিভিকে ইমরান খান বলেছিলেন, ‘পাকিস্তান একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের গোটা জাতি ফিলিস্তিনিদের পক্ষে। যতক্ষণ না ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠিত হয়, ততক্ষণ আমরা কিছুতেই ইসরাইলকে স্বীকৃতি দেব না।’ পাকিস্তানের প্রধানমন্ত্রীর একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ইসরাইল সফর করেছেন বলে ইসরাইলের গণমাধ্যমে খবর বের হলে তা প্রত্যাখ্যান করে তখন ইমরান খান সেসব কথা বলেছিলেন।।