Tag Archives: কুমিল্লা বিশ্ববিদ্যালয়

তিতাসে ত্রাণের প্রলোভন

তিতাসে ত্রাণের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ৬ জন আটক

তিতাসে ত্রাণের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ৬ জন আটক

স্টাফ রিপোর্টার:

তিতাসে ত্রাণ সহায়তার প্রলোভন দেখিয়ে ৩৫ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ করা হয়েছে। পরে স্থানীয়রা ধর্ষণে অংশগ্রহণকারী ৬ জন বখাটেকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে জুমার নামাজের পর উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন: ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের আলীনুর (৪৫), চকের বাড়ির সিএনজি চালক বাবু (৪০), হরিপুর চকের বাড়ির সিএনজি চালক ইদন (২৫), হরিপুরের আরিফ (৩০), দাসকান্দি চকের বাড়ির নুর মোহাম্মদ (২৫), এবং বিদ্যুত মজুমদার (৩৫)।

তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার (২৮ আগস্ট) দুপুরে ভুক্তভোগী নারী ত্রাণ পাওয়ার আশায় দাসকান্দি বাজারে আসেন। সিএনজি চালক বাবু তাকে ত্রাণ দেওয়ার প্রলোভন দেখিয়ে দাসকান্দি বাজারের আলীনুর আলীর দোকানে বসিয়ে রাখে। সন্ধ্যা হলে অভিযুক্তরা একত্রিত হয়ে পালাক্রমে ধর্ষণ করে।

বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এক ছাত্র আন্দোলনের সমন্বয়কের কাছে তথ্য পৌঁছে। শুক্রবার সকালে অভিযুক্ত ৬ জনকে দাসকান্দি বাজারে ডাকা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করলে স্থানীয়রা তাদের বাজারে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ভিকটিমকে মেডিকেল চেকআপের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনপির নামে চাঁদাবাজি

বিএনপির নামে চাঁদাবাজি করলে তাকে ধরে পুলিশে দিন: কুমিল্লায় মির্জা ফখরুল

বিএনপির নামে চাঁদাবাজি করলে তাকে ধরে পুলিশে দিন: কুমিল্লায় মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। যদি কোনো ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করার চেষ্টা করে, তাহলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিন। বিভিন্ন পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশ হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টা ৪৫ মিনিটে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, তাকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। বিভেদ সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নতুন সরকার মাত্র ২০-২২ দিন হলো দায়িত্ব নিয়েছে। আমরা তাদের সময় দিতে চাই, যাতে তারা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে। আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি এবং আশা করি তারা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূইয়া, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিনসহ আরও অনেক নেতা-কর্মী।

ফ্রি চিকিৎসা সেবা

চৌদ্দগ্রামে ২৫০০ বন্যার্ত মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ

চৌদ্দগ্রামে ২৫০০ বন্যার্ত মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার:

মুহসীনুল উম্মাহ ফাউন্ডেশন, কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্র্যাস্ট এর যৌথ উদ্যোগে দিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে ।

শনিবার সকালে উপজেলার শুভপুর ইউনিয়নের উনকুট উচ্চ বিদ্যালয় মাঠে এক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মহসীনুল উম্মাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মুফতি খোরশেদ আলম।

 

ফ্রি চিকিৎসা সেবা

এসময় উপস্থিত ছিলেন, মারকাজুল মুসলীমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খান, পরিচালক মাওলানা মাহবুবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মাওলানা যোবায়ের, মাওলানা ইউনুছ আহমেদ, মহসিনুল উম্মাহ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক আরিফ হোসেন বাপ্পি, সাইদুর রহমান রিপন, সাদ্দাম হোসেন, রাসেল মজুমদার, রবিউল হাসান, মোঃ সোহাগ, রায়হান উদ্দিন, মোহাম্মদ আলী প্রমুখ।

ক্যাম্পে দশটি মেডিকেল বুথের মাধ্যমে অন্তত ২৫০০ বন্যার্ত মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ প্রদান করা হয়।

গুগলে চাকরি পেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অভিক সরকার

ডেস্ক রিপোর্ট:

বিশ্বসেরা টেক জায়ান্ট কোম্পানি গুগলের তাইওয়ান শাখায় টেস্ট ইঞ্জিনিয়ারের চাকরি পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক শিক্ষার্থী অভিক সরকার।

অভিক সরকার ২০১২-১৩ শিক্ষাবর্ষের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের চতুর্থ আবর্তনের শিক্ষার্থী।

অভিকের সাথে কথা বলে জানা যায়, গত ১৯ জানুয়ারি গুগল থেকে জব অফার লেটারটি আসে। যদিও এর আগে মৌখিকভাবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছিল কর্তৃপক্ষ। ডকুমেন্ট প্রসেসিং শেষ করে আগামি মে (সম্ভাব্য) মাসে চাকরিতে যোগদানের কথা রয়েছে তার।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অভিক বলেন, আমি গত দেড় বছর ধরে এ প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করে আসছি। একবার বাদ পড়ে আবার আবেদন করি। এরপর আবার সকল প্রক্রিয়ার পর ভাইভাতে সিলেক্ট হই। এরপর ২ মাস ভাইভা চলে। এরপর তারা আমাকে সিলেক্ট করেন। গুগলের মতো ওয়ার্ল্ড ওয়াইড প্রতিষ্ঠানে চাকরি করা আমার স্বপ্ন ছিল। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ থেকে ভাবতাম যদি এমন টেক জায়ান্ট কোম্পানির কন্ট্রিবিউটর হতে পারতাম। সাহস করে এগিয়ে যাই। এখন আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পেরেছি।

শিক্ষার্থীর সাফল্যের অভিভূত হয়ে বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুর রহমান বলেন, আমি অভিকের ফোনটা পেয়ে যখন খবরটা শুনি তখন কাঁপছিলাম। মানুষের এমন বড় কোম্পানি তে যাওয়ার স্বপ্ন থাকে। অভিকের সেটা বাস্তবায়ন হয়েছে। মানুষের সফলতার পেছনে প্রথম অবদান থাকে বাবা মায়ের তারপর শিক্ষকের। সুতরাং আমার কাছে এটা অন্যরকম আনন্দের। অভিক বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করবে, ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে নবীন বরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে নবীন বরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

‘যুক্তির বর্ণমালায় গ্রন্থিত হোক মুক্তির কবিতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস) উদ্যোগে নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। তিনশো পঞ্চাশের অধিক তরুণ বিতার্কিক ও বিতর্কে আগ্রহীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

শনিবার (১৪ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্বপ্নচূড়া রিসোর্টে সকাল ১০টায় সিওইউডিএস এর সভাপতি জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউসার আহাম্মেদ বাঁধনের সঞ্চালনায়
কর্মশালাটি শুরু হয়ে বিকাল সাড়ে ৫টায় শেষ হয়।

এ বিষয়ে জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমাদের সাংগঠনিক একটি রুটিন ওয়ার্ক হলো বিতর্ক কর্মশালা। নতুন বিতর্কিকদের বিতর্ক বিষয়ে একটি সম্যক ধারনা দিতেই আজকের এই কর্মশালার আয়োজন। এর মাধ্যমে নতুনরা বিতর্কের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে।

এছাড়াও বছরজুড়ে বিতার্কিকদের নিয়ে আমরা বিভিন্ন কর্মশালার আয়োজন করে থাকি। যা শিক্ষার্থীদের একজন দক্ষ বিতার্কিক হয়ে উঠতে সাহায্য করে।’

কর্মশালায় উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির মডারেটর ড. আব্দুল্লাহ আল মাহবুব দীপু। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রাজিব হোসেন সানি, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের (বিডিএফ) সাধারণ সম্পাদক জিহাদ আল মেহেদী এবং কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আল ইমরান।

এসময় প্রশিক্ষকবৃন্দ বিতর্ক কি ও কেন, বিতর্কের ধরন ও বিতর্ক কেন করব, সংসদীয় বিতর্ক ও বর্তমান বিতর্কের প্রেক্ষাপট, বিতর্কে তথ্য উপাত্ত সংগ্রহ ও বিতর্কের প্রায়োগিক দিক সম্পর্কে আলোচনা করেন।
উল্লেখ্য, কর্মশালা শেষে একটি প্রদর্শনী বিতর্কের মধ্যদিয়ে তরুণ বিতার্কিকদের বিতর্ক সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয় এবং কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) সভাপতি জান্নাতুল ফেরদৌস বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কুবিতে ‘হুইসেলব্লোয়িং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুবিতে ‘হুইসেলব্লোয়িং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অর্থনীতি ক্লাবের উদ্যোগে “হুইসেলব্লোয়িং এর উপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোভাব” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ শে আগষ্ট) বিশ্ববিদ্যালয়েক সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১ নাম্বার হল কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন।

এছাড়া “হুইসেলব্লোয়িং এর উপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোভাব” শীর্ষক কর্মশালা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নুরুল হুদা সাকিব।

প্রসঙ্গত, হুইসেলব্লোয়ার হলো তারাই যারা প্রতিষ্ঠান বা কর্মপ্রক্রিয়ার ভেতরে থেকে দুর্নীতি বা অনিয়মের খবর ফাঁস করে দেন। সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান বা সংগঠনের ভেতরে থেকে নৈতিবাচক সব ধরনের তথ্য তারা জানিয়ে দেন। ফলে প্রতারণা ও অপচয় থেকে শুরু করে অপরাধের চক্রান্ত এবং যুদ্ধাপরাধের মত খবরও প্রকাশ হয়ে যায়।

বাংলা ভাষা-সাহিত্য পরিষদের ভিপি শাইমুন ও জিএস আজমীর

বাংলা ভাষা-সাহিত্য পরিষদের ভিপি শাইমুন ও জিএস আজমীর

কুবি সংবাদদাতা :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন ‘বাংলা ভাষা-সাহিত্য পরিষদে’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি হয়েছেন স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. শাইমুন মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী আজমীর হোসাইন।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. তসলিমা খাতুন।

ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনার বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজুসহ বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ দিকে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. সাফায়েত হোসেন ও মো. শাইমুন মিয়া। উভয় প্রার্থীর প্রাপ্ত ভোট গণনা শেষে ফলাফল সমান হওয়ায় নির্বাচনী বিধি অনুযায়ী লটারির মাধ্যমে মো. শাইমুন মিয়াকে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

এতে সাহিত্য সম্পাদক পদে মো. আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হাসান অনিক, ক্রীড়া সম্পাদক পদে শহীদুল ইসলাম সুজন, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মো. আবু হানিফ, প্রচার সম্পাদক পদে মো. বাবুল মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক পদে হামিদুর রহমান আজাদ, সহ-প্রচার সম্পাদক পদে মো. কাউসার আলম নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য, নতুন এ কমিটি ‘বাংলা ভাষা-সাহিত্য পরিষদে’র ২০২৩-২৪ এর কার্যনির্বাহী কমিটি। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।

”কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিশ্বমানের হয়ে উঠবে” : কুবি উপাচার্য

 

চাঁদনী আক্তার,কুবি প্রতিনিধি

‘যোগ্যতা নিশ্চিতকরণ, সুন্দর আচরণ, সুশাসন, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং যথাযথ তথ্য প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে একটি বিশ্ববিদ্যালয় আধুনিকতার দিকে এগিয়ে যায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই শর্তগুলো নিশ্চিতকরণের দ্বারা বিশ্বমানের হয়ে গড়ে উঠবে। ‘ বুধবার (২৪ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে স্টকহোল্ডারদের নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য ড এ এফ এম আবদুল মঈন।

ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. হাবিবুর রহমানের সঞ্চালনায় শুদ্ধাচার ও সুশাসন নিশ্চিতকরণ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যান, প্রভোস্ট, বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অভিভাবকরা। এসময় তারা নিজেদের মতামত প্রকাশ করেন।

এসময় বক্তারা বলেন, ” শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে একটা ভাল সম্পর্ক গড়ে ওঠার মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ঘাটতি চিহ্নিতকরণ ও তার সমাধান এবং তথ্য প্রযুক্তির যথাযথ প্রয়োগের দ্বারা বিশ্ববিদ্যালয়ে নতুন পরিবেশ সৃষ্টি হবে’।

কুবির আইসিটি বিভাগের ল্যাবে আগুন, সূত্রপাত জানে না কতৃপক্ষ

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ল্যাব-১ এ আগুন লাগার ঘটনা ঘটেছে।

২৯ এপ্রিল ভোর সোয়া ৫ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানে না কতৃপক্ষের কেউই। ঘটনাস্থল পরিদর্শনে যেতে চাইলে সাংবাদিকদের বাঁধা দেন কর্তব্যরত এক আনসার সদস্য। এসময় তিনি বলেন, এখানে যাতে কাউকে ঢুকতে দেওয়া না হয় সে ব্যাপারে উপাচার্যের নির্দেশনা আছে। আপনারা কতৃপক্ষের অনুমতি নিয়ে আসেন।

তিনি আরও বলেন, আমি ভোর ৫টায় একটা বিস্ফোরণের আওয়াজ শুনি। এরপর দৌড়ে গিয়ে ধোঁয়া দেখতে পেয়ে আমার স্যারকে জানাই। আগুন কিভাবে লেগেছে সেটা জানিনা।

এদিকে ঘটনার তদন্তের জন্য গতকাল পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

বিভাগীয় প্রধান ড. সাইফুর রহমান বলেন, আমি ক্যাম্পাসের বাইরে থাকায় কিভাবে আগুন লেগেছে আমি জানি না। সম্ভবত একটা শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) ক্ষতিগ্রস্ত হয়েছে।

রেজিস্ট্রার মো: আমিরুল হক চৌধুরী বলেন, আগুন কিভাবে লেগেছে সেটা তদন্ত কমিটি রিপোর্ট জমা দিলে জানা যাবে। আর আগুন লাগার ফলে একটা এসি পুড়ে গেছে।

প্রকৌশল অনুষদের ডিন ড. মাহমুদুল হাসান বলেন, আগুন লেগেছে এটা আমি অবগত আছি কিন্তু আগুনের সূত্রপাত সম্পর্কে জানিনা।

তদন্ত কমিটির সদস্য এন এম রবিউল আওয়াল চৌধুরী বলেন, একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা এখনো কোনো মিটিং করিনি। আগুনের সূত্রপাত আমি জানিনা।

সার্বিক বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তদন্তাধীন অবস্থায়ই ওই শিক্ষক পেয়েছেন বিদেশ চলে যাওয়ার জন্য অনাপত্তিপত্র

 

কুবি প্রতিনিধিঃ

২০২০ সালের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আবারও এক শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার উত্তরপত্র হারিয়ে ফেলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উত্তরপত্র হারিয়ে ফেলার বিষয়টি তদন্তাধীন অবস্থায়ই ওই শিক্ষক বিদেশ চলে যাওয়ার জন্য অনাপত্তিপত্র পেয়েছেন। গত ১৩ এপ্রিল ঈদের আগে বিশ্ববিদ্যালয়ের শেষ কার্যদিবসে এ চিঠি পেয়েছেন তিনি।

অভিযুক্ত শিক্ষকের নাম সাদিয়া জাহান। তিনি ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘পিএইচএআরএম-২২০২: ফার্মাসিউটিক্যাল অরগানিক কেমিস্ট্রি-২’ শিরোনামের কোর্স শিক্ষক ছিলেন তিনি।

গেল বছরের ৬ নভেম্বর ২০১৯-২০ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের নিয়মিত শিক্ষার্থীদের সাথে ‘পিএইচএআরএম-২২০২: ফার্মাসিউটিক্যাল অরগানিক কেমিস্ট্রি-২’ কোর্সের মানোন্নয়ন পরীক্ষা দিয়েছিলেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। নিয়মিত শিক্ষার্থীদের এ কোর্সটি না থাকায় শুধুমাত্র মানোন্নয়ন দেওয়া পরীক্ষার্থীদের উত্তরপত্রগুলো পরীক্ষার পর সংশ্লিষ্ট কোর্স শিক্ষক সাদিয়া জাহানকে বুঝিয়ে দেন পরীক্ষা কমিটির সদস্যরা। তবে ওই পরীক্ষার ফলাফল তৈরি করতে গিয়ে উত্তরপত্র না পেয়ে সাদিয়া জাহানকে জিজ্ঞেস করা হলে তিনি উত্তরপত্র খুঁজে না পাওয়ার বিষয়টি জানান পরীক্ষা কমিটির সভাপতি জয় চন্দ্র রাজবংশীকে। এরপর তাঁর মাধ্যমেই পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর উত্তরপত্র হারিয়ে ফেলার বিষয়টি উল্লেখ করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান সাদিয়া। যদিও এ বিষয়ে কমিটির বাকি দুই সদস্য বিদ্যুৎ কুমার সরকার ও মো. কামরুল হাসান কিছুই জানেন না বলে দাবি করেছেন।

উত্তরপত্র হারিয়ে ফেলার বিষয়টি স্বীকার করে সাদিয়া জাহান বলেন, উত্তরপত্রগুলো আমার কক্ষেই ছিল। মূল্যায়ন করতে গিয়ে সেগুলো খুঁজে না পেয়ে আামি পরীক্ষা কমিটির সভাপতিকে জানাই। এরপর তাঁর থেকে অগ্রায়ন নিয়েই আমি কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সাদিয়া জাহান থেকে চিঠি পেয়ে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুুল মঈনকে জানালে তিনি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ.কে.এম. রায়হান উদ্দিনকে আহ্বায়ক, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মোহাম্মদ আইনুল হককে সদস্য ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরীকে সদস্য সচিব করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দিনক্ষণ নিশ্চিত করে বলতে না পারলেও গেল মাসের শেষের দিকে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আহ্বায়ক অধ্যাপক ড. এ.কে.এম. রায়হান উদ্দিন। তিনি বলেন, আমাদেরকে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আমরা শিগগির সংশ্লিষ্ট সকলের বক্তব্য নিয়ে প্রতিবেদন জমা দেব।

এদিকে তদন্ত চলাকালীনই বিদেশ যাওয়ার জন্য অনাপত্তিপত্র পেয়েছেন সাদিয়া জাহান। আবেদনের পর গত বৃহস্পতিবার শেষ কার্যদিবসে তড়িঘড়ি এ চিঠি পান তিনি। যদিও একই ধরনের অনাপত্তিপত্র পেতে অন্যান্য শিক্ষকদের দেড় থেকে দুই মাসেরও বেশি সময় অপেক্ষা করা ও ভোগান্তি পোহানোর নজির রয়েছে। শিক্ষকরা দাবি করছেন, উপাচার্যপন্থী শিক্ষকদের গ্রুপের সদস্য হওয়ায় একটি বিষয় তদন্তাধীন থাকার পরও বিনা ভোগান্তিতে তিনি অনাপত্তিপত্র পেয়ে গেছেন।

এসব বিষয়ে কথা বলতে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের মুঠোফোনে একাধিকবার কল ও খুদেবার্তা পাঠিয়েও যথারীতি সাড়া পাওয়া যায়নি। উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো আমার জানার কথা থাকলেও এ ব্যাপারে আমাকে কিছুই জানানো হয়নি। তাই আমি এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।

এর আগে ২০২০ সালের ১ মার্চ অনুষ্ঠিত গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এমটিএইচ-২২১: রিয়াল এনালাইসিস-২ শিরোনামের কোর্সের চূড়ান্ত পরীক্ষার সবকটি উত্তরপত্র হারিয়ে ফেলার অভিযোগ ওঠে ওই বিভাগের শিক্ষক মো. আতিকুর রহমানের বিরুদ্ধে। সেসময় তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় ৮০ তম সিন্ডিকেট। যদিও পরবর্তীতে তাঁকে সতর্ক করেই অভিযোগ থেকে রেহাই দেওয়া হয়।