Tag Archives: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল: রোগীই যেখানে চিকিৎসার অন্তরায়!

কুমিল্লার গোমতী নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার গোমতী নদী থেকে ইয়ামিন হোসেন রবি (২৮) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জুন) দুপুরে কুমিল্লা সদর উপজেলার টিক্কারচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইয়ামিন হোসেন রবি কুমিল্লা নগরীর টিক্কারচর এলাকার মৃত কালু মিয়ার ছেলে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দুপুরে গোমতী নদীর টিক্কারচর অংশে একটি মরদেহ ভাসতে দেখতে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কুমিল্লায় করোনার ভয়াল থাবা: রেকর্ডসংখ্যক শনাক্ত, আরও ৬ জনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লাজুড়ে করোনা ভাইরাসের ভয়াল থাবা অব্যাহত রয়েছে। লাগামহীনভাবে বেড়ে চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কিছুতেই যেন নিয়ন্ত্রণে আসছে না জেলার করোনা পরিস্থিতি। অতীতের সব রেকর্ড ভেঙে বৃহস্পতিবার জেলায় ৪২৮ জনের করোনা শনাক্তের রিপোর্ট প্রকাশ করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।  নতুন করে মৃত্যু হয়েছে আরও ৬ জনের।

বৃহস্পতিবার(৮ জুলাই) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বুধবার (৭ জুলাই) বিকেল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১০০৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে ১৭১ জনই কুমিল্লা নগরীর বাসিন্দা। আক্রান্তের হার ছিলো ৪২ দশমিক ৫ শতাংশ। এর আগে বধুবার ৩৯৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। সেদিন আক্রান্তের হার ছিলো ৪৫ দশমিক ৬ শতাংশ। জেলায় এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে করোনায়। মৃত ব্যক্তিদের মধ্যে চৌদ্দগ্রাম একজন, দেবিদ্বার একজন, লাকসাম একজন, তিতাস তিনজন রয়েছেন। এনিয়ে জেলায় করোনায় মোট ৫১৩ জনের মৃত্যু হয়েছে।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ১৮০ জন।

জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। করোনা মোকাবিলায় সকলকে আরও সচেতন হতে হবে। সকলকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

কুমেকে সাংবাদিককে অশ্লীল ভাষায় গালমন্দ ও মারধর করলো ওয়ার্ড মাস্টার

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে (কুমেক) সংবাদ সংগ্রহ করতে গেলে অমিত মজুমদার নামে এক সাংবাদিককে মারপিট ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। ঘটনা তদন্ত করে অভিযুক্ত ওয়ার্ড মাস্টার আক্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানালেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রেজাউল করিম।

সোমবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে মেডিকেল কলেজের করোনা ইউনিটের সামনে এ ঘটনা ঘটে। সাংবাদিক অমিত মজুমদামদার অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোষ্টের কুমিল্লা সংবাদদাতা হিসেবে কর্মরত আছেন।

এ বিষয়ে সাংবাদিক অমিত মজুমদার বলেন, কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য যান। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক থেকে অনুমতি নিয়ে তিনি করোনা ইউনিটের সামনে দাঁড়িয়ে ছবি তোলতে চাইলে ওয়ার্ড মাস্টার আক্তার আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকেন। এ পর্যায়ে আমাকে মারপিঠ করেন এবং ক্যামরা  ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে উপস্থিত আনসার সদস্যরা তাকে উদ্ধার করেন বলে তিনি জানান।

এ বিষয়ে অভিযুক্ত ওয়ার্ড মাস্টার আক্তার বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। ছবি না তুলে এখান থেকে তাকে চলে যেতে বলেছি।

এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রেজাউল করিম বলেন, অনাকাঙ্খিত যে ঘটনাটি ঘটেছে সে জন্য দুঃখ প্রকাশ করছি। ঘটনাটি তদন্ত করে ওয়ার্ড মাস্টার আক্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

বিভিন্ন স্থানীয় সূত্র জানায়, ওয়ার্ড মাষ্টার আক্তার হোসাইন কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাসিন্দা। গত প্রায় ১০ বছর ধরে তিনি এ হাসপাতালে কর্মরত আছেন। এই সময়ে ওয়ার্ড মাষ্টার আক্তার হোসেন নানা অনিয়মে জড়িত হয়ে পড়েছেন। হাসপাতালের দালাল চক্র, এ্যাম্বুলেন্সের দালাল চক্রের সাথেও তার সখ্যতা রয়েছে। দীর্ঘ সময়ে এই হাসপাতালে চাকুরি করার সুবাধে অসীম ক্ষমতার বনে যান এই ওয়ার্ড মাষ্টার।  মানুষ হয়রানির সাথে জড়িত দালাল চক্রের কাছ থেকে মাসিক মাসোয়ারা নেন এই ওয়ার্ড মাষ্টার। এর আগেও সংবাদ সংগ্রহের কাজে যাওয়ার পরে এক ইলেকট্রনিকস মিডিয়ার প্রতিনিধির সাথেও ওয়ার্ড মাষ্টার আক্তার হোসেন খারাপ আচরণ করেছিলেন।তার কাছ থেকে খারাপ আচরণের শিকার হয়েছেন অনেকেই।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত ২, আহত ৪

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

সোমবার (২৮ জুন) ভোর সাড়ে ৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম বাগুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহত চালক আবুল মতিন (৬০) ও হেলপার মো. রাফি (২২)। আবদুল মতিন নোয়াখালীর সোনামুড়ি উপজেলার নজরপুর গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সালেহ আহাম্মদ বলেন, মহাসড়কের চান্দিনার পশ্চিম বাগুর এলাকায় দাউদকান্দি থেকে ছেড়ে আশা সিডিএম পরিবহনের একটি বাস (বরিশাল-ব-১১-০০২৬) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার মারা যান। এ সময় আহত হয়েছেন অন্তত ৪ যাত্রী। তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জনকে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র-জা:নি

কুমিল্লার হাসপাতালগুলোতে কোম্পানির প্রতিনিধি আর দালালদের উৎপাতে অতিষ্ঠ রোগীরা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য। আন্তঃবিভাগে দালালদের পাদচারণা। এই দুই চক্রের কাছে জিম্মি রোগীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, পাঁচশ’ শয্যার এ হাসপাতালে এখন রোগী ভর্তি রয়েছেন ৮৪২ জন। রোববার বহির্বিভাগে টিকিট বিক্রি হয়েছে এক হাজার ৫১৯টি। ওষুধ কোম্পানির প্রতিনিধি আর দালালদের খপ্পরে পড়ে সাধারণ রোগী ও তার স্বজনরা বিরক্ত। পড়েন বিভ্রান্তিতেও।

সরেজমিনে দেখা যায়, রোববার সকাল ১১ থেকে ১টা পর্যন্ত হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতি। রোগী দেখার মূল সময়ে চিকিৎসকদের সঙ্গে দেখা করছেন তারা। এ সময়ে তারা চিকিৎসকদের উপহারও দিচ্ছেন। এতে করে চিকিৎসা সেবায় ঘটছে ব্যাঘাত।

চান্দিনার বাতাকান্দি গ্রাম থেকে মাওলানা আবু নোমান ছেলেকে নিয়ে এসেছেন এ হাসপাতালে।

ভোগান্তির কথা জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনায় শিশু ছেলে মোস্তফিজুর রহমানের হাত ভেঙে যায়। এ হাসপাতালে ১১ দিন ভর্তি ছিল। তখন ওয়ার্ডের ভেতরে প্রবেশ করে দালালরা তাদের ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য বলে। আবার দোকান থেকে কম দামে তাদের ওষুধ কেনার জন্য বলে। টাকা পরে দিলেও হবে এমন কথাও বলে। শেষে তারাই অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করে। ছাড়পত্র দেয়ার পর গত ১৫ দিন বাড়ি থেকে আনা নেয়া করে ছেলেকে বহির্বিভাগে ডাক্তার দেখাই। ডাক্তার দেখিয়ে বের হতেই ঘিরে ধরেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। তারা ছবি তুলেন। এসব কাজে রোগীর কষ্ট বাড়ে। আমাদেরও ভোগান্তি হয়।

নাম প্রকাশ না করা শর্তে হাসপাতালের একজন কর্মকর্তা বলেন, হাসপাতালের সামনে আটটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। প্রতিটি সেন্টারের দালালরা এখানে কাজ করেন। যে ডায়াগনস্টিক সেন্টারে রোগী পরীক্ষা-নিরীক্ষা করবে সেখান থেকে ডাক্তার ৪০ শতাংশ কমিশন ভোগ করেন। প্রতি মাসের প্রথম সপ্তাহে ডাক্তারদের এ কমিশন দেয়া হয়। দেখা যায়, একজন ডাক্তার ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত কমিশন পেয়ে থাকেন। ওষুধ কোম্পানিও ডাক্তারদের বড় বড় অনুষ্ঠানে নিয়ে সহযোগিতা করে। যার কারণে দালাল ও কোম্পানির প্রতিনিধিদের কিছু বলতে লজ্জা পান ডাক্তাররা।

বাংলাদেশ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রমিজুল হক ভুঁইয়া বলেন, প্রতিটি ওষুধ কোম্পানি তাদের প্রতিনিধিদের মাসিক বিক্রির টার্গেট দেয়। যদি তা না করতে পারে, তাহলে বেতন কমে যায়। কখনও চাকরিও চলে যায়। যার কারণে ডাক্তারদের কাছে বারবার যেতে হয়। কথা বলতে হয়। যেহেতু মার্কেটে নতুন নতুন প্রোডাক্ট আসছে, তাই ডাক্তারদের নিকট সে বার্তা পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। কিছু প্রতিনিধি নিয়ম ভঙ্গ করে কাজ করে কোম্পানির টার্গেট পূরণ করার জন্য। আর ছবি তোলার বিষয়টি হলো, কোম্পানির ওষুধ ডাক্তার লিখছে কি-না, তা কোম্পানির নিকট প্রমাণ হিসেবে ছবি দিতে হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন বলেন, রোব ও বৃহস্পতিবার কোম্পানির প্রতিনিধিদের ভিজিটিং টাইম। সেটা হবে বেলা ১টার পর। আর দালাল আগের তুলনায় অনেক কমেছে। যদি আমরা অভিযোগ পাই, তাহলে সঙ্গে সঙ্গে পুলিশের হাতে দিয়ে দেব। রোগীদের সঙ্গে প্রতি মাসে আমরা একবার সভা করে থাকি। এছাড়াও হাসপাতালে অভিযোগ বক্স আছে, যেকোনো অভিযোগে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

সূত্র: জাগো নিউজ।

দেবীদ্বারে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ২ যুবক

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা দেবীদ্বারে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ২ যুবক। আহত হয়েছেন অন্তত ২০ জন।

বুধবার (৩১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের হাবিবের পুত্র সাইফুল (২০) ও রেনু মিয়ার পুত্র ফাহিম (১৯)।

স্থানীয়রা জানান, গান বাজানোকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থল থেকে রাত ২টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।

তিনি জানান, ঘটনার বিস্তারিত কারণ এখনো জানা যায়নি। তবে দু’জনের মরদেহ পুলিশ হেফাজতে আছে।

এদিকে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও দেবীদ্বার উপজেলা সদরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২২ মার্চ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার নবগ্রাম রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের ফঠিক মিয়ার ছেলে ইলিয়াছ ও তার বন্ধু জাহাঙ্গীর।

বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এয়াছিন প্রাধানিয়া।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সোমাবার বিকেলে মোটরসাইকেল যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চৌদ্দগ্রাম বাজারে আসছিলেন ইলিয়াছ ও তার বন্ধু জাহাঙ্গীর। এসময় নবগ্রাম রাস্তার মাথায় পৌঁছার পর পেছন থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি তাদের চাপা দিলে তারা দুজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান।

নাঙ্গলকোটে মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ৩ সন্তানের জনক আটক

 

নাঙ্গলকোট প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোটে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোশারফ হোসেন নামের তিন সন্তানের জনককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের মেরকট গ্রামের বেলঘর গোসাই বাজার উচ্চ বিদ্যালয়ের বাথরুমের সামনে এ ঘটনা ঘটে। বুধবার এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মোশারফ হোসেন মেরকট গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেরকট গ্রামের এক প্রতিবন্ধী তরুণী প্রায়সময় বিভিন্নস্থানে ঘোরাফেরা করেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই স্কুলের মাঠে গেলে তাকে মোশারফ স্কুলের পিছনে বাথরুমের সামনে নিয়ে ধর্ষণ করার সময় হাবিব নামের এক রাজমিস্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দেখতে পায়। পরে মিস্ত্রী ঘটনাটি স্থানীয়দের বলেন। এরপর স্থানীয়রা তাকে আটক করে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, ইউপি মেম্বারের মাধ্যমে খবর পেয়ে আসামিকে আটক করা হয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।

কুমেকে করোনার সব রিপোর্ট পজিটিভ আসায় পরীক্ষা স্থগিত

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ল্যাবে কোভিড-১৯ পরীক্ষার সকল রিপোর্ট পজিটিভ আসায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে করোনা পরীক্ষা।

সোমবার সারাদিন ওই ল্যাবের পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) পদ্ধতিতে করোনা শনাক্ত কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

কুমেক সূত্র জানায়, ২৯ এপ্রিল থেকে কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর পদ্ধতিতে করোনা ভাইরাসের পরীক্ষা কার্যক্রম শুরু হয়। এতে প্রতিদিন একটি মেশিনে দুই পালায় ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু মেশিন ভাইরাস আক্রান্ত হয়ে ডিসেম্বরে ওই ল্যাবে এক সপ্তাহ বন্ধ ছিল পরীক্ষা।

কুমেকের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ জানান, করোনা পরীক্ষার টিউবে সমস্যা আছে বলে ধারণা করা হচ্ছে, সেটির পরিবর্তন করছি। এছাড়াও পুরো ল্যাব পরিষ্কর করার জন্য সোমবার পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) থেকে পরীক্ষা শুরু হতে পারে।

রাতে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, রোববার (১০ জানুয়ারি) রাতে জানানো হয় ল্যাবে সব নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসছে। এজন্য সকাল থেকে পরীক্ষা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে আমরা বিদেশগামীদের নমুনা সংগ্রহ করা অব্যাহত রেখেছি। সেগুলো নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হচ্ছে পরীক্ষার জন্য।

কুমিল্লায় মালবাহী ট্রেনের ধাক্কায় বাবা-মায়ের মৃত্যুর পর এবার চলে গেল একমাত্র মেয়েও

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর  শাসনগাছা রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের ধাক্কায় বাবা-মায়ের মৃত্যুর পর এবার মারা গেল তাদের একমাত্র মেয়ে আঁখি আক্তার।

সোমবার (৪ জানুয়ারি) সকালে আঁখি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বুধবার (৩০ ডিসেম্বর) কুমিল্লা নগরীতে মালবাহী ট্রেনের ধাক্কায় নিহত হন ফরিদ মুন্সী (৫৫) ও পেয়ারা বেগম (৪৫)। সেদিন তারা সিএনজিতে করে দেবিদ্বার উপজেলা থেকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন।

আঁখির নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন তার জেঠা আবু তাহের মুন্সি।

তিনি জানান, ডাক্তাররা আঁখির বাঁচার আশা আগেই ছেড়ে দিয়েছিলেন। তারপরও চেষ্টা করা হয়েছে। সে দেবিদ্বারের একটি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। তার মরদেহ বাড়িতে আনা হচ্ছে। তার বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

তিনি আরও জানান, গত বুধবার (৩০ ডিসেম্বর) সকালে ভাগনে রাকিবুলের (২৪) সিএনজিতে করে তারা কুমিল্লা যাচ্ছিলেন। শাসনগাছা রেলক্রসিংয়ে পৌঁছালে তাদের বহনকারী অটোরিকশায় মালবাহী ট্রেনের ধাক্কা লাগে। এতে ফরিদ মুন্সী ও তার স্ত্রী পেয়ারা বেগম মারা যান। আহত অবস্থায় তার মেয়ে ও চালককে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আঁখির অবস্থা সংকটাপন্ন হলে ৩ দিন আগে ঢামেকে নেয়া হয়। সোমবার সকালে সেখানে আঁখির মৃত্যু হয়। তবে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সিএনজি চালক রাকিবুল।