Tag Archives: কুমিল্লা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের মাঝে টিফিন বক্স ও পাখির বাসা বিতরন

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবীদ্বারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু কিশোর প্রকৃতি বিষয়ক আলোচনা সভা, টিফিন বক্স ও পাখির বাসা বিতরন করা হয়েছে।

বুধবার (২৪ মার্চ) দুপুরে দেবীদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ছালমা আক্তার, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা প্রবীন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম শওদাগরসহ আরো অনেকে।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আমেরিকা প্রবাসী ডা. ফেরদৌস খন্দকার।

চান্দিনায় অজ্ঞাত কারনে আত্মহত্যা করা কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাকিব আল হেলাল:

কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ভোমরকান্দি(দঃপাড়া) গ্রামে রুবেল (১৯) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে চান্দিনা থানা পুলিশ।

মঙ্গলবার(২৩ মার্চ) সকাল ৯টায় চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠায়।

রুবেল চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ভোমরকান্দি (বাশার মৌলভী বাড়ি) গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার (২২ মার্চ) দিবাগত রাতের কোন এক সময় অজ্ঞাত কারনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রুবেল।

সকালে পরিবারের লোকজন তাকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে চান্দিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ইলিয়াস বলেন, ‌‌‍আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠিয়েছি। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।”

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২২ মার্চ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার নবগ্রাম রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের ফঠিক মিয়ার ছেলে ইলিয়াছ ও তার বন্ধু জাহাঙ্গীর।

বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এয়াছিন প্রাধানিয়া।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সোমাবার বিকেলে মোটরসাইকেল যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চৌদ্দগ্রাম বাজারে আসছিলেন ইলিয়াছ ও তার বন্ধু জাহাঙ্গীর। এসময় নবগ্রাম রাস্তার মাথায় পৌঁছার পর পেছন থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি তাদের চাপা দিলে তারা দুজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান।

গোমতী নদীতে অবৈধভাবে মাটি উত্তোলনকাজে ব্যবহৃত ড্রেজার ও পাইপ জব্দ

 

স্টাফ রিপোর্টার:

গোমতী নদী রক্ষায় মাসব্যাপী জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। সোমবার (২২ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের দিক নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বেলা ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে কুমিল্লার গোমতী নদীর গোলাবাড়ী সীমান্ত এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন কাজে ব্যবহৃত ৩ টি ড্রেজার জব্দ ও আনুমানিক ২০০০ ফিট পাইপ অপসারণ করা হয়েছে। এছাড়া মাটি পরিবহণের জন্য ব্যবহৃত সংযোগ সড়ক বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন জেলা আনসার এবং জেলা পুলিশের সদস্যগণ।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত ।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ ।

বরুড়ায় ইঁদুরের ঔষধ খেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্নহত্যা

 

সাকিব আল হেলাল:

কুমিল্লার বরুড়ায় মারিয়া আক্তার (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী ইঁদুরের ঔষধ খেয়ে আত্নহত্যা করেছে।

রবিবার (২১ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় ইঁদুরের ঔষধ খেয়ে অসুস্থ হয়ে গেলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

মারিয়া উপজেলার দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের সাইলচৌঁ গ্রামের জসিম উদ্দিন ও মোছেনা বেগমের মেয়ে। একই বাড়ির আবাদ মিয়ার ভাগনী।

মারিয়া মামার বাড়িতে থেকে বরুড়া উপজেলার শীলমুড়ি আর আর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করতো।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় সম্ভবত মানসিক বিষন্নতা থেকে মেয়েটি ইঁদুরের ঔষধ খেয়ে ফেলে। উদ্ধার করে বরুড়া উপজেলা কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মেয়েটির ছোটবেলা থেকেই বাবা মা না থাকায় মামা আবাদ মিয়া তাকে লালন পালন করে আসছে।

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক বিশ্বজিৎ পাল আজকের কুমিল্লাকে বলেন, মেয়েটি সম্ভবত মানসিক বিষন্নতা থেকে এ কাজ করতে পারে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছি। মরদেহ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বরুড়ায় সোহেল হত্যা মামলার আসামিদের অতিশয় গ্রেফতারের দাবিতে মানববন্ধন

 

এমডি আজিজুর রহমান:

কুমিল্লার বরুড়ায় সোহেল হত্যা মামলায় ৩ দিনেও এজহারভূক্ত মূল আসামি ফারুক মাস্টারসহ জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি বরুড়া থানা পুলিশ।

বুধবার (১৭ মার্চ) নিহতের ভাই বাবুল বাদী হয়ে বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা করার তিনদিনেও গ্রেফতার হয়নি আসামিরা। নিহত সোহেল বরুড়া উপজেলার লক্ষিপুর ইউনিয়নের সাহাজী বাড়ীর মৃত জাফর আহমদ পাটোয়ারী ছেলে। গত ১৬ মার্চ দিবাগত রাতে বাড়ীর পিছনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহতের স্ত্রী আয়শা বেগম (২৬) আসামি গ্রেফতারে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি আরো বলেন, আসামিরা উল্টো মামলা তুলে নিতে হুমকি ধমকি প্রদান করছে। নিহত সোহেলের দুই সন্তান ছয় বছরের শামীম ও তিন বছরের শিশু সালমানও তার বাবার হত্যাকারিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে।

নিহতের ভাই বাবুল পাটোয়ারী ও সোহাগ পাটোয়ারী জানান, সোহেলকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই হত্যা করা হয়। মূল আসামি ফারুক মাস্টার ও তার সহযোগীদের এখনো গ্রেফতার করা হয়নি। তথ্য প্রযুক্তির যোগে আসামি গ্রেফতার না হওয়ার বিষয়কে তারা পুলিশের অসহযোগীতা হিসেবেই দেখছেন।

এদিকে শনিবার (২০ মার্চ) সকাল ১০ টার দিকে মুদাফ্ফরগঞ্জ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে বরুড়ার রহমতগঞ্জ এলাকায় কেন্দ্রীয় ঈদগাহের সামনে সোহেল হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মুদাফ্ফরগঞ্জ বাজারের গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন আমির হোসেন মেম্বার, আবদুল জলিল, খোরশেদ হোসেন, মনিরুল আলম, কাজী রাসেল, শাকিল, মজিবুর রহমান, দুলাল পাটোয়ারী, আবদুল হক, মিজান প্রমুখ। এ সময় বক্তারা সোহেল হত্যার এজহারভূক্ত ও সহযোগী আসামিদের আগামি ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে, সড়ক অবরোধসহ বিক্ষোভ কর্মসূচী ঘোষণার আল্টিমেটাম দেন।

অভিযুক্ত এজহারভূক্ত আসামি ফারুক মাস্টারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে। তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের বের করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ তৎপর আছে। এবং আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নাঙ্গলকোটে প্রতিদ্বন্দ্বিহীন মেয়র হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবদুল মালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন। শুক্রবার (১৯ মার্চ) যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

মেয়র পদে আর কোনো প্রার্থী না থাকায় মালেক পুনরায় মেয়র নির্বাচিত হচ্ছেন বলে নিশ্চিত করেছেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা লামইয়া সাইফুল।

জানা যায়, ২০০২ সালের ২২ আগস্ট নাঙ্গলকোট পৌরসভা প্রতিষ্ঠা হয়। ২০১৬ সালের ২০ মার্চের নির্বাচনে উপজেলা যুবলীগের সভাপতি মো. আবদুল মালেক প্রথমবার মেয়র হয়েছিলেন। এবারের নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পান।

দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই) আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নির্বাচনী এলাকা নাঙ্গলকোট পৌরসভা। এই নির্বাচনে তিনজন আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তবে মালেক মন্ত্রীর পছন্দের প্রার্থী হওয়ায় শেষমেশ মেয়র পদে আর কেউ প্রার্থী হননি। আর বিএনপি নির্বাচন বর্জন করায় মালেকের বিজয়ে আর কোনো বাধা রইল না।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা লামইয়া সাইফুল বলেন, ৭ মার্চ নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১৮ মার্চ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল। এতে মেয়র পদে আওয়ামী লীগের ১ জন, সাধারণ কাউন্সিলর ৬০ জন ও সংরক্ষিত কাউন্সিলর ১১ জন মনোনয়নপত্র জমা দেন।

শুক্রবার বাছাইয়ে সাধারণ কাউন্সিলর পদে ৩ নম্বর ওয়ার্ডে দুজন ও ৫ নম্বর ওয়ার্ডে একজনের মনোনয়নপত্র বিভিন্ন অভিযোগে বাতিল করা হয়। ২৪ মার্চ প্রত্যাহার, প্রতীক বরাদ্দ ২৫ মার্চ ও নির্বাচন ১১ এপ্রিল। এ পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ৫১০ জন।

তিনি আরও বলেন, নির্বাচনে মেয়র পদে আর কোনো প্রার্থী না থাকায় তিনি (আবদুল মালেক) মেয়র নির্বাচিত হচ্ছেন।

মেয়র প্রার্থী মো. আবদুল মালেক বলেন, পৌরসভাকে তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করেছি আমার সময়ে। পৌরসভার ৯টি ওয়ার্ডে শতভাগ বিদ্যুতায়ন, আরসিসি ঢালাই সড়ক, ড্রেন, পুল-কালভার্ট, পাবলিক টয়লেট নির্মাণ এবং বাজারের সড়ক প্রশস্ত করেছি। ২০১৮ সালের ১৭ এপ্রিল ‘ক’ শ্রেণির পৌরসভাতে উন্নীত হয়। অর্থমন্ত্রীর সহযোগিতা নিয়ে এ পৌরসভাকে দেশের মধ্যে একটি মডেল পৌরসভায় রূপান্তর করবেন বলেও তিনি জানান।

চান্দিনায় তাঁতীলীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়

 

মো. শরীফুল ইসলাম:

কুমিল্লার চান্দিনায় তাঁতীলীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান পালিত হয়।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়াম কুমিল্লা উত্তর জেলা তাঁতীলীগের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এতে প্রধান অতিথি বক্তৃতা করেন -স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা আকলিমা হক আখি।

কুমিল্লা উত্তর জেলা তাঁতীলীগ সভাপতি মো.আনোয়ার হাসান খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন – চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, চান্দিনা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো.মফিজুল ইসলাম।

কুমিল্লা উত্তর জেলা তাঁতীলীগের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন চান্দিনা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আকতার, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক প্রফেসর এনায়েত উল্লাহ ভূইয়া, জেলা তাঁতীলীগের যুগ্ম-আহবায়ক সুমন শিকদার,আনোয়ারা বেগম, জেলা তাঁতীলীগ সদস্য আসমা আকতার রত্না, চান্দিনা উপজেলা তাঁতীলীগ আহবায়ক আবদুল হালিম মেম্বার, সদস্য সচিব মোজাম্মেল হক, হোমনা উপজেলা তাঁতীলীগ সভাপতি হাসান ভূইয়া, সদস্য সচিব কবির হোসেন, মেঘনা উপজেলা আহবায়ক আশাব উদ্দিন ভূইয়া, সদস্য সচিব মহসিন হাউস, তিতাস উপজেলা আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব জামাল মুন্সি।

এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা তাঁতীলীগ সদস্য দীপালী ভূইয়া, মো.রেজাউল করিম, নজরুল ইসলাম রানা, চান্দিনা পৌর তাঁতীলীগ আহবায়ক মো.মাহবুব আলম প্রমুখ।

কুমিল্লায় চান্দিনাসহ বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ অবৈধ ভ্রাম্যমাণ সিএনজি পাম্প

 

মো. শরীফুল ইসলাম:

কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান ভর্তি ঝুঁকিপূর্ণ শতাধিক সিলিন্ডারে করে অবৈধ ভাবে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) পাম্প।

উপজেলার দোল্লাই নবাবপুর বাজার এলাকায় অবৈধ ওই পাম্পে সিএনজি চালিত অটোরিক্সা ও গাড়িতে গ্যাস সরবরাহ করে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। একটি খালি জায়গার উপরে ত্রিপল সাঁটিয়ে মেশিন স্থাপন করে গ্যাস সরবরাহ করা হচ্ছে। প্রতি ঘনমিটার গ্যাস বিক্রিতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি সাড়ে ৫ টাকা হাতিয়ে নিচ্ছে। একদিকে যেমন হাতিয়ে নিচ্ছে অবৈধ টাকা অপরদিকে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণসহ বড় ধরণের দুর্ঘটনার প্রবল শঙ্কা বিরাজ করছে।

মাধাইয়া-নবাবপুর সড়কের পাশেই নবাবপুর বাজারের দক্ষিণ বাজার সংলগ্ন এই অবৈধ ভ্রাম্যমান গ্যাস পাম্পটি দীর্ঘদিন চলতে থাকলেও যেন দেখার কেউ নেই! প্রশাসন এ বিষয়ে কোন পদক্ষেপ না নেওয়ায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।

সরেজিমনে ওই ভ্রাম্যমাণ গ্যাস পাম্পে গিয়ে দেখা যায়- ২টি কাভার্ডভ্যানে দাঁড়িয়ে আছে। প্রতিটি কাভার্ডভ্যানে অন্তত ১শ গ্যাস সিলিন্ডার রয়েছে। ওই কাভার্ডভ্যানের গ্যাস সিলিন্ডারের সাথে সিরিজ সংযোগ দিয়ে কন্ট্রোল মেশিনের মাধ্যমে সারি-সারি সিএনজি অটোরিক্সায় গ্যাস সরবরাহ করছে এক যুবক। গ্যাস সরবরাহ করে প্রতি ঘনমিটার ৫০ টাকা মূল্যে টাকা হাতিয়ে নিচ্ছে ওই যুবক। পাম্পটি কার এমন প্রশ্নে ওই যুবক বলেন, আমরা ৩ জন এখানে কাজ করি। পাম্পের মালিক গিয়াস উদ্দিন। কোন গিয়াস উদ্দিন জানতে চাইলে তিনি বলেন- চেয়ারম্যানের ছেলে গিয়াস উদ্দিন।

পরে খোঁজ নিয়ে জানাযায়- দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন এর ছেলে এবং উপজেলা যুবলীগ সদস্য সচিব গিয়াস উদ্দিন অবৈধ ওই ভ্রাম্যমান ওই গ্যাস পাম্পটি পরিচালনা করছেন।

এদিকে কাভার্ডভ্যান ভর্তি ওই গ্যাস কোন জায়গা থেকে আসে এমন তথ্যের খোঁজ নিলে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। মহাসড়ক সংলগ্ন কয়েকটি গ্যাস পাম্পের সাথে চুক্তি করে ওই গ্যাস আনা হয়। এমন ঘটনা শুধু নবাবপুরেই নয়, কুমিল্লার আরও বেশ কয়েকটি স্থানেও।

নাম প্রকাশ না করা শর্তে এক ব্যক্তি জানান- যে পাম্প থেকে কাভার্ডভ্যানে করে গ্যাস আনা হয় ওইসব পাম্পগুলোতে মিটার ও রেগুলেটর মেশিনের বাহিরে লাইন টেম্পারিং করে বিশেষ কৌশলে কাভার্ডভ্যানে গ্যাস সরবরাহ করা হয়। যা মূল মিটারের হিসাবে আসে না এবং তা থেকে সরকার সম্পূর্ণ ভাবে রাজস্ব বঞ্চিত হচ্ছে। এতে সিএনজি পাম্পের অসাধু মালিক ও সংশ্লিষ্টরা রাতারাতি কোটি-কোটি টাকা অবৈধ ভাবে লুটে নিচ্ছেন। আর ওইসব কাভার্ডভ্যানগুলোর গ্যাস অনেকটা কম দামে কিনে এনে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে বিক্রি করে ‘আঙ্গুল ফুলে কলাগাছ’ বনে যাচ্ছেন অসাধু কারবারিরা।

পাম্পের মালিকের বিষয়ে জানতে চেয়ে গিয়াস উদ্দিন এর ব্যবহৃত মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান- পাম্পটি আমার, এ বিষয়ে আমি আপনার সাথে পড়ে কথা বলবো।

এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ জানান- বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনেছি। শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করবো।

ব্রাহ্মণপাড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ১ যুবকের তিন মাসের কারাদণ্ড

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রা‏‏হ্মণপাড়া উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় মো. ইমন হোসেন (১৯) নামের এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৫ মার্চ) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রা‏হ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। কারাদণ্ড প্রাপ্ত ওই যুবককে একইদিন বিকেলে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়।

দণ্ড প্রাপ্ত মো. ইমন হোসেন ব্রা‏হ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের পূর্বচন্ডিপুর গ্রামের শব্দর আলী ওরফে তিতু মিয়ার ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার এক স্কুলছাত্রী প্রায় তিন মাস আগে ব্রা‏হ্মণপাড়া উপজেলার টাকুই গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন। ব্রা‏হ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের পূর্বচন্ডিপুর গ্রামের ইমনের সাথে ওই স্কুল ছাত্রীর পরিচয় হয়। সেই থেকে ইমন ওই স্কুল ছাত্রীর মুঠোফোনে প্রায়ই উত্ত্যক্ত করে আসছে। মুঠোফোনেই ওই ছাত্রী প্রতিবাদ করে আসছে।

গত ১৩ মার্চ ইমন ক্ষিপ্ত হয়ে কয়েকজন বন্ধু মিলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা থেকে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক তোলে আনার চেষ্টা করেন। পরে ব্যর্থ হয়ে বাড়িতে ফিরে আসে। সোমবার দুপুরে ইমন আরো ক্ষিপ্ত হয়ে ওই স্কুলছাত্রীর খালার বাড়ি টাকুই গ্রামে গিয়ে তার খালা ও খালুর সাথে অশোভন ও আপত্তিজনক আচরণ করে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে ব্রা‏হ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া সিদ্দিকাকে খবর দেয়।

খবর পেয়ে ইউএনওর নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রা‏হ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে ইমন হোসেনকে আটক করে। ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে তার বক্তব্য শুনেন। ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্তের কল রেকর্ডিং শুনেন আদালত। এ সময় তার দোষ স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমান আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে বিকেলে ব্রা‏হ্মণপাড়া থানা পুলিশ তাকে কুমিল্লা জেল হাজতে পাঠিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রা‏হ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, স্কুলছাত্রীকে ইমন প্রায়ই উত্ত্যক্ত করত। তাদের গ্রামের বাড়িতে গিয়েও তাকে উঠিয়ে আনার চেষ্টা করেছে। উত্ত্যক্ত করার কল রেকডিং শুনেছি। স্কুলছাত্রীও ইমনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ইমন আদালতের কাছে স্বীকার করেছেন। তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।