Tag Archives: কুমিল্লা

দেবিদ্বারে বোস্টন স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন

মোঃ জামাল উদিন দুলাল, দেবিদ্বারঃ

“নিরক্ষর থাকবো না -দেশের বোঝা হবো না” এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে বোস্টন স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার পৌর এলাকার ফুল গাছ তলায় বোস্টন স্কুল এন্ড কলেজেরর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও রাকিব হাসান।

অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি ও প্রভাষক সাইফুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আলী জিন্নাহ, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম এ মান্নান মনির।এসময় উপস্থিত ছিলেন, বন্ধন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আবদুল লতিফ মাষ্টার, বোস্টন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ শফিকুর রহমান, মির্জা ম্যানশনের স্বত্বাধিকারী মোহাম্মদ মির্জা তাজুল ইসলাম, ব্যাবসায়ী শাহজাহান সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ।

নাঙ্গলকোটে প্রবাসীর ঘর ভেঙে নিয়ে ভাঙ্গারি দোকানে বিক্রি

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউপির দৌলখাঁড় গ্রামে প্রবাসীর চারটি ঘর ভেঙে নিয়ে ভাঙ্গারি দোকানে বিক্রির করার অভিযোগ পাওয়া গেছে আব্দুল ওহাব ও তার ছেলেদের বিরুদ্ধে।

এ ঘটনায় ওই গ্রামের মৃত. আব্দুল মালেকের ছেলে মোঃআব্দুস শুক্কুর ভূঁইয়া বাদী হয়ে সোমবার রাতে নাঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মো: আব্দুর শুক্কুর পুরাতন বাড়িতে চারটি ঘর রেখে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দৌলখাঁড় বাজার সংলগ্ন নতুন বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করে পুরাতন বাড়িতে বিভিন্ন গাছপালার বাগান করে। গত ১৫ ডিসেম্বর রাতে আব্দুল ওহাব ও ছেলেরা পুরান রাড়ির ঘরের কিছু অংশ রেখে টিনের চাল বেড়া ভেঙে নিয়ে দৌলখাঁড় বাজারের ভাঙ্গারি দোকানে বিক্রি করে দেন। খবর পেয়ে বাঁধা দিতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে।

চান্দিনায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় ও দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কাঠেরপুল এলাকায় বাস চাপায় মোটরসাইকেল চালক ও দুপুর ১২টায় চান্দিনার লনাই গ্রামের ট্রাক্টর চাপায় নাঈম (৯) নামে এক শিশু নিহত হয়েছে।

নিহত মোটরসাইকেল চালক কামাল মজুমদার (৩৫) এশিয়া এজেন্ট ব্যাংক কুমিল্লা জেলার ম্যানেজার। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা গ্রামের বাসিন্দা। নিহত শিশু নাঈম চান্দিনা বরকরইট ইউনিয়নের লনাই গ্রামের সফিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়- মহাসড়কের কাঠেরপুল এলাকার ইউটার্ণে হঠাৎ ঘুরতে গেলে কুমিল্লা থেকে ছেড়ে আসা সততা পরিবহনের সামনে পরে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিসহ খাদে পড়ে গেলে ওই দুর্ঘটনা ঘটে। মারাত্মক আহাতাবস্থায় কামাল মজুমদারকে চান্দিনার একটি প্রাইভেট হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে, চান্দিনা উপজেলার বরকরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম মজুমদার শিপন জানান- মাটিবাহী ট্রাক্টর উঠে চলন্ত ট্রাক্টর থেকে লাফ দিলে মাথায় আঘাত পেয়ে মারা যায় শিশু নাঈম।

হোমনা যুবলীগের সম্মেলনকে ঘিরে বিভিন্ন স্থান ও রাস্তাঘাট সর্বত্র সাজানো হয়েছে নতুন সাজে

 

জাকির হোসেন হাজারীঃ

যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে নতুন সাজে সাজানো হয়েছে কুমিল্লার হোমনা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্র্ণ স্থান ও রাস্তাঘাট।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা থেকে শুরু করে গৌরীপুর-হোমনা সড়কের সর্বত্র এখন শোভা পাচ্ছে রংবেরংয়ের তোরণ, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। দীর্ঘ আট বছর পর ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার ২২ ডিসেম্বর হোমনা হাইস্কুল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এ জন্য কুমিল্লা উত্তর জেলা যুবলীগের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

যুবলীগের এ সম্মেলন উপলক্ষে দাউদকান্দি, তিতাস ও হোমনা উপজেলা সদরসহ সর্বত্রই জনসমাগম ঘটে এমন স্থানে নির্মাণ করা হয়েছে বাহারী তোরণসহ বিলবোর্ড, ব্যানার ফেস্টুন আর পোষ্টার। তৃণমূল আওয়ামী লীগ থেকে শুরু করে এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকের পক্ষ থেকে এগুলো নির্মাণ করা হয়েছে। দাউদকান্দির গৌরীপুর থেকে হোমনা পর্যন্ত প্রায় দেড় শতাধিক তোরণ নির্মাণ করা হচ্ছে কেন্দ্রীয় নেতৃবৃন্ধদের শুভেচ্ছা জানাতে।

দলীয় সূত্রে জানা গেছে, এবারের উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন হবে একটি কার্যকরী ও সুন্দর। সম্মেলনে কেন্দ্রীয় যুবলীগ ও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল, বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, এম শাহাদাৎ হোসেন তাসলিম, যুগ্ন সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহলি আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার প্রমূখ।

সম্মেলনে প্রধান বক্তা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বাহাউদ্দিন বাহার এবং বিশেষ বক্তা যুগ্ন-আহবায়ক সারোয়ার হোসেন বাবু।

সম্মেলনটি উদ্বোধন করবেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ এমপি এবং সভাপতিত্ব করবেন হোমনা উপজেলা যুবলীগের আহবায়ক খন্দকার নজরুল ইসলাম।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক সারোয়ার হোসেন বাবু জানান, এবারের সম্মেলন হবে অনেক উন্নত অনেক বলিষ্ঠ সম্মেলন। গত ২০১২ সালে আমরা যেটা করতে পারিনি। এবারের সম্মেলনে তৃণমূলের নেতৃত্ব¡ প্রতিষ্ঠিত হবে। কাউন্সিলের মাধ্যমে আমরা একটি চমৎকার কমিটি উপহার দিতে চাই। যারা মানুষ ও দেশের কল্যাণে কাজ করবে। আর বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করাই হবে এবারের সম্মেলনের মূল উদ্দেশ্য।

 

দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে পুলিশের উপড় হামলা,যুবলীগ নেতাসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে মাদক কারবারীর হামলায় পুলিশের একজন এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (২১ ডিসেম্বর) উপজেলার গৌরীপুর বাজারে শীর্ষ মাদক ব্যবসায়ী দ্বীন ইসলামকে আটক করার সময় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ হামলাকারী যুবলীগ নেতা শাহ আলমসহ দুইজনকে আটক করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌরীপুর বাজার ও জিংলাতুলি ইউনিয়নের শীর্ষ মাদক কারবারী দ্বীন ইসলাম ও শুক্কুর আলীকে গ্রেফতারের জন্য পুলিশ বাজারের লক্ষিপুর রোডে অবস্থান নেয়। পুলিশ সদস্যরা কৌশলে দ্বীন ইসলামসহ তারেক নামে দুইজনকে মাদকসহ আটক করে। আটকের পর শাহ আলমসহ অন্যান্য মাদক কারবারী ও তাদের স্বজনরা সংঘবদ্ধ হয়ে আটককৃতদের ছিনিয়ে নেয়ার জন্য পুলিশের ওপর হামলা চালায়। এতে আটককৃত দ্বীন ইসলাম পালিয়ে যায়।

হামলায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রাজিব কুমার সাহা, নায়েক সোহেল ও কনস্টেবল রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য মোঃ সাইফুল ইসলাম জানান, পুলিশের উপড় হামলাকারী জিংলাতুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ওই ইউনিয়নের গোপচর গ্রামের বজলু মিয়ার ছেলে। তার নামে তিতাস ও দাউদকান্দি থানায় হত্যাসহ আটটি মামলা রয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের সাথে পাওয়া ইয়াবার গণনা এবং তাদের নামে মামলার প্রস্তুতি চলছে।

নগরীর সংরাইশে সম্পত্তির বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলা, আহত ১

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মহানগরীর সংরাইশ এলাকায় সম্পত্তির বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জনকে আসামী করে সংরাইশ মধ্যপাড়া (পাক পাঞ্জাতন মসজিদ সংলগ্ন) মৃত ফিরোজ মিয়ার পুত্র আমান উল্লাহ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, সংরাইশ মুক্তার বাড়ির সামনের মৃত আবদুল কুদ্দুসের পুত্র শাকিল মুহুরী (৩৮), ঋষিপট্টির বিষ্ণু চন্দ্র দেবের পুত্র সুজন দেব (৪০) ও উজ্জ্বল দেব (৩৫), সংরাইশ নবগ্রামের জামালের পুত্র ইমরান, সংরাইশ দক্ষিণ পাড়ার দেলোয়ারের পুত্র মো: ইসমাইলসহ অজ্ঞাত আরো ১০/১৫ জন। এছাড়াও উল্লেখিত আসামীদের বিরুদ্ধে ১৫/৯/২০২০, ১৩/৯/২০২০, ১৮/৩/২০২০, তারিখে কোতয়ালী থানায় টি অভিযোগ রয়েছে এবং কুমিল্লা ফৌজদারী কার্যবিধি ১৪৫ ধারায় গত ২৭/৯/২০২০ইং তারিখ নোটিশ জারী করা হয়।

বিভিন্ন অভিযোগ থেকে জানা যায়, নগরীর সংরাইশ মধ্যপাড়া (পাক পাঞ্জাতন মসজিদ সংলগ্ন) মৃত ফিরোজ মিয়ার পুত্র আমান উল্লাহ দীর্ঘদিন প্রবাসে ছিল। কোতয়ালী মডেল থানার সংরাইশ মৌজার সাবেক দাগ নং-২৮২, হাল দাগ নং-১০৮৯, ১০৯০, ১০৯১ দাগের ৪৪ শতক ভূমির পৈত্রিক ওয়ারিশকৃত সম্পত্তির মালিক আমান উল্লাহ। উক্ত মৌজায় ওয়ারিশরা দীর্ঘদিন যাবত ভোগ দখল করে বসবাস করে আসছে। উক্ত ভূমিতে টিন সেড ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে রেখেছে।

উল্লেখিত আসামীরা ভাড়াটিয়াদের সাথে বিভিন্নভাবে অত্যাচার অবিচার করে আসছে। সুজন দেব ও উজ্জ্বল দেব উক্ত সম্পত্তি ক্রয় করেছে বলে দাবি করে আসছে। আসামীরা পরস্পর যোগসাজসে ওই আমান উল্লাহ পৈত্রিক সম্পত্তি দখল করার পায়তা করে আসছে। আমান উল্লাহসহ তার ভাই বোনসহ ওয়ারিশরা কুমিল্লা বিজ্ঞ আদালতে মোকদ্দমা দায়ের করে। যার নং-৪৩৭ দেওয়ানী মামলা চলমান রয়েছে।

এছাড়াও ফৌজদারী কা: বি: মোকাদ্দমা নং-৯৭৪/২০, ধারা-১৪৫ কা.বি. এর নিষেধাজ্ঞা জারী রয়েছে। তারপরও ভূমিদস্যুরা তাদের অত্যাচার থেমে নেই। প্রতিনিয়তই উক্ত জায়গায় বিভিন্ন অত্যাচার, হুমকি ধমকি দিয়ে আসছে। এই জের ধরে গত ১২/১২/২০২০ইং তারিখ সকাল ৬টায় শাকিল মুহুরী নেতৃত্বে সুজন দেব, উজ্জ্বল দেব, ইমরান ও ইসমাইলগণ সঙ্গীয় অজ্ঞাত নামা ১০/১৫ জন সন্ত্রাসীরা অস্ত্র শস্ত্র নিয়ে ওই সম্পত্তি জায়গায় নির্মিত টিনসেড ঘর জোড়পূর্বক অন্যায়ভাবে ভাংচুর করে প্রায় ৩০-৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। পরে আমান উল্লাহ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাকে ইমরানসহ সন্ত্রাসীরা কিল ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়ে জখম করে। তার চিৎকারে ভগ্নিপতি মো: নাছির ও ভাগিনা জাহেদসহ অন্যান্যরা এগিয়ে এসে সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করে। পরে তারা প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি ধমকি দেয় এবং খুন করে লাশ গুম করে ফেলবে বলেও হুমকি দেয়।

 

এছাড়াও উক্ত জায়ঘা দখল করে নিবে এবং ভাগিনার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করবে। এরপরদিন আসামী শাকিল মুহুরী জোড়পূর্বক অন্যানয়ভাবে উক্ত জায়গার ইট, বালু, সিমেন্ট এসে দেওয়াল নির্মাণের চেষ্টা করলে এতে বাঁধা দিলে করলেও তারা বাঁধা মানছে না।

এ বিষয়ে আমান উল্লাহ জানান, আমার পৈত্রিক সম্পত্তি জোড়পূর্বক দখলের চেষ্টা করছে শাকিল মুহুরী, সুজন দেব ও উজ্জ্বল দেবসহ বেশ কয়েকজন। বাঁধা দেয়ায় উল্টো আমাকে খুন, গুম করে ফেলার হুমকি দিচ্ছে। সন্ত্রাসীদের অত্যাচারে আমার ভাড়াটিয়া ভয়ে থাকতে পারছে না। তাদের বিরুদ্ধে আদালতে ও থানায় একাধিক অভিযোগ কররেও কোন সুরাহ হচ্ছে না।

কুমিল্লার চান্দিনায় জীবিকা নির্বাহে পঙ্গু শাহজালাল পেল অটোরিক্সা

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের অটোরিক্সা চালক শাহজালাল। ২ ভাই ও ১ বোনের সংসারে শাহজালাল সকলের বড়। ২০০৪ সালে বিয়ে করে দাম্পত্য জীবন শুরে করেন তিনি। দাম্পত্য জীবনে ৪ কন্যা সন্তানের জনক শাজালাল।

সংসারের ঘানি টানতে ভোর থেকে রাত অবধি ভাড়ায় অটোরিক্সা চালিয়ে সংসার চালতো তার। নিজ বাড়িতেই হোচট খেয়ে পড়ে সুন্দর সাজানো জীবন অগোছালো হয়ে পরে তার। মাত্র এক বছরের ব্যবধানে প্রাণঘাতি ক্যান্সার থেকে রক্ষা করতে ডাক্তার তার একটি পা কেটে ফেলে। সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন শাহজালাল। স্ত্রী, ৪ কন্যা সন্তানকে নিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন তিনি।

হঠাৎ দেবদূত হয়ে যেন অসহায় পঙ্গু শাহজালালের পাশে দাঁড়ান কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকারের নেতৃত্বে ১০১ সদস্যের টিম। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মূলমন্ত্র ‘সেবা-শান্তি-প্রগতি’কে মনে লালন করে পঙ্গু শাহজালাল এর চিকিৎসা ব্যয় বহন থেকে শুরু করে জীবিকা নির্বাহের আলোর দিশারী উঠেন ওই টিম। পরবর্তীতে তার জীবিকা নির্বাহ করার জন্য দেওয়া হয়েছে একটি ইজি বাইক (অটোরিক্সা)।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে চান্দিনা-বাগুর বাস স্টেশন সংলগ্ন বাগুর আব্দুল মাজিদ মার্কেট এলাকায় আর্ত মানবতার সেবায় অসহায় পঙ্গু রিক্সা চালকের মাঝে ইজি বাইক বিতরণ অনুষ্ঠানে শাহজালালের হাতে চাবি তুলে দেন নেতৃবৃন্দ।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ১০১ সদস্যের টিম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি সালেহ্ মোহাম্মদ টুটুল।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোসলেহ্ উদ্দীনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগ সদস্য এড. জাহিদুল আলম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য সচিব ও মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর, যুগ্ম-আহবায়ক সাংবাদিক মামুনুর রশিদ সরকার, সদস্য আবদুর রহমান মানিক সরকার, শাহদাত হোসেন মিঠু, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক এমএ. সাত্তার, দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য সচিব আব্দুল মান্নান মোল্লা, স্বেচ্ছাসেবকলীগ নেতা সোদ্দাম হোসেন, গোলাম আব্বাস গনি, শাহজাহান খন্দকার, নজরুল ইসলাম, ছাত্র নেতা যাদব রায় প্রমুখ।

অবশেষে নাম পেল সাড়া জাগানো কুমিল্লার সেই হলুদ পদ্ম

 

ডেস্ক রিপোর্টঃ

গবেষকেরা ওই হলুদ পদ্মের নাম দিয়েছেন ‘গোমতী’। গোমতী নদীর প্লাবনভূমিতে এটি জন্মানোর কারণে এই নাম। এশীয় পদ্মের বৈজ্ঞানিক নাম হচ্ছে Nelumbo nucifera। এই হলুদ পদ্মের বৈজ্ঞানিক নামের সঙ্গে gomoti, Bangladesh শব্দ দুটি যোগ হবে।

কুমিল্লার বুড়িচংয়ে পাওয়া হলুদ পদ্মের রহস্যের জট অবশেষে খুলেছে। বাংলাদেশ তো বটেই, এশিয়া–অস্ট্রেলিয়া মহাদেশের কোথাও হলুদ পদ্মের কোনো প্রজাতি নেই। প্রশান্ত মহাসাগরের এক পাশে দেখা যাওয়া সাদা ও গোলাপি রঙের পদ্মটিকে এশীয় পদ্ম বলা হয়। আর উত্তর ও দক্ষিণ আমেরিকায় দেখা যাওয়া হলুদ রঙের পদ্মটিকে আমেরিকান পদ্ম নামে ডাকা হয়। তাই তো কুমিল্লায় বুড়িচংয়ে পাওয়া হলুদ পদ্ম নিয়ে দেশের উদ্ভিদবিজ্ঞানী ও প্রকৃতিপ্রেমীদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছিল। তাহলে কি আমেরিকান পদ্ম কোনোভাবে বাংলাদেশে বংশবিস্তার করল?

গত সেপ্টেম্বরে ওই হলুদ পদ্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের একদল শিক্ষক তাতে উৎসাহী হয়ে ওঠেন। তাঁরা কুমিল্লার গোমতী নদীতে জন্মানো ওই পদ্ম নিয়ে অনুসন্ধান শুরু করেন। এর নমুনা সংগ্রহ করে তা নানা পরীক্ষা–নিরীক্ষার পর তাঁরা নিশ্চিত হন, এটি আমেরিকান পদ্ম নয়। বিজ্ঞানীদের দলটি বলছেন, এটি আসলে এশীয় পদ্মেরই একটি নতুন প্রকরণ বা ধরন, যা বাংলাদেশেই প্রথম দেখা গেল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক আবুল হাসানের নেতৃত্বে একই বিভাগের অধ্যাপক আল মুজাদ্দেদ আলফাসানী ও অধ্যাপক মো. জসিম উদ্দিন ওই পদ্ম চিহ্নিত করার গবেষণাটি করেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্ল্যান্ট টেক্সোনমির বিজ্ঞান সাময়িকী প্ল্যান্ট টেক্সন–এর ডিসেম্বর–২০২০ সংখ্যায় এ ব্যাপারে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষক দলটি ওই হলুদ পদ্মের নাম দিয়েছেন ‘গোমতী’। গোমতী নদীর প্লাবনভূমিতে এটি জন্মানোর কারণে এই নাম। এশীয় পদ্মের বৈজ্ঞানিক নাম হচ্ছে Nelumbo nucifera। এই হলুদ পদ্মের বৈজ্ঞানিক নামের সঙ্গে gomoti, Bangladesh শব্দ দুটি যোগ হবে।

এ ব্যাপারে জানতে চাইলে গবেষক দলটির অন্যতম সদস্য অধ্যাপক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রাকৃতিকভাবে পদ্মের এই নতুন কাল্টিভার বা প্রকরণটি তৈরি হয়েছে। এটি এশীয় পদ্মের মতোই, তবে গঠনগত কিছু পার্থক্য আছে। তবে আমেরিকান হলুদ পদ্মের সঙ্গে এর অমিল অনেক বেশি। ফলে এটি আমেরিকান হলুদ পদ্ম নয়, এটা তাঁরা নিশ্চিত হয়েছেন। কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে এটিকে তাঁরা এশীয় পদ্মের একটি প্রকরণ বলছেন।

গবেষক দলটি বলছেন, কোনো একটি উদ্ভিদের একটি থেকে আরেকটি প্রজাতির ফুল, কাণ্ড, পাতা, পুংকেশর, স্ত্রীকেশর, পরাগরেণুসহ বেশির ভাগ ক্ষেত্রে পার্থক্য থাকে। একটির সঙ্গে আরেকটি মিল–অমিলের ধরনের ভিত্তিতে নির্ধারিত হয়, সেটি কি কোন প্রজাতি, নাকি একটি প্রকরণ?

বিজ্ঞানীরা ধানের উদাহরণ দিয়ে বলছেন, যেমন ধান নিজে একটি স্বতন্ত্র প্রজাতি। কিন্তু প্রাকৃতিকভাবে এবং মানুষের গবেষণার মাধ্যমে ধানের হাজার হাজার প্রকরণ তৈরি হয়েছে। একটি প্রকরণ থেকে আরেকটি প্রকরণের পার্থক্য সামান্য; কিছু গাছ, ফল, দানাসহ অন্য সবকিছুই প্রায় একই রকমের। যেমন বাংলাদেশে যে এশীয় পদ্মটি দেখা যায়, তা একটি প্রকরণ, কিন্তু দুটি রঙের হয়ে থাকে। পদ্মের দুটো প্রজাতি ও দুই হাজারের মতো প্রকরণ রয়েছে।

তবে দেশের উদ্ভিদ শ্রেণিবিদ্যার জনক হিসেবে চিহ্নিত অধ্যাপক সালার খান তাঁর এক প্রবন্ধে বাংলাদেশে হলদু রঙের পদ্ম আছে বলে জানিয়েছিলেন। কিন্তু সেটি কোথায় আছে, তা তিনি উল্লেখ করে যাননি।
সূত্র-প্র:আ

চান্দিনা পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন শওকত হোসেন ভূইয়া

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মো: শওকত হোসেন ভূইয়া। তিনি চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সক্রিয় সদস্য।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সারা বাংলাদেশে ৬১ টি পৌরসভার মেয়র পদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সব কিছু ঠিক থাকলে আগামী ১৬ জানুয়ারি চান্দিনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে লড়বেন মো: শওকত হোসেন ভূইয়া।

চান্দিনা পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শাহ মোহাম্মদ আলমগীর খান

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা পৌরসভায় বিএনপি’র দলীয় মনোনয়ন পেয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, চান্দিনা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এবং চান্দিনা পৌরসভার সাবেক মেয়র শাহ মোহাম্মদ আলমগীর খান।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত মনোনীত প্রার্থীদের সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নাম ঘোষণা করেন।

সবকিছু ঠিক থাকলে আগামী পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে লড়বেন শাহ মোহাম্মদ আলমগীর খান।