Tag Archives: খাগড়াছড়ি

রাঙ্গামাটির সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশের সড়ক যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ডেস্ক রিপোর্টঃ

খাগড়াছড়ির দীঘিনালায় কাঠবোঝাই দুটি ট্রাকসহ বেইলি ব্রিজ ধসে পড়ায় দীঘিনালা-লংগদু সড়কে অনির্দিষ্টকালের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বোয়ালখালী ছড়ার ওপর নির্মিত বেইলি ব্রিজটি ধসে পড়ে।

একই সঙ্গে কাঠবোঝাই দু’টি ট্রাক এবং একটি মাহিন্দ্র পার হওয়ার সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এসময় মাহিন্দ্রে থাকা পাঁচ যাত্রী আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে, বেইলি ব্রিজের ওপর দিয়ে পাঁচ টনের অধিক মালামাল পরিবহনে নিষেধাজ্ঞা থাকার পরও অতিরিক্ত কাঠবোঝাই দু’টি ট্রাক এক সঙ্গে পার হওয়ার কারণেই সেটি ধসে পড়েছে। ব্রিজটি ধসে পড়ায় রাঙ্গামাটির লংগদু উপজেলার সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশের সড়ক যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সড়ক ও জনপদ বিভাগের কার্যসহকারী বীর ভদ্র চাকমা জানান, কতৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে ৩০ টনের অধিক ওজনের কাঠবোঝাই দু’টি ট্রাক একসঙ্গে পার হতে গিয়ে ব্রিজটি ধসে পড়েছে। বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। ব্রিজটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করতে এক মাস সময় লাগতে পারে।

নিজের যমজ শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা

 

ডেস্ক রিপোর্টঃ

খাগড়াছড়ির মানিকছড়িতে মা হারা দুই যমজ শিশুকন্যাকে (১১) ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে লম্পট বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।রোববার (৬ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, মা হারা দুই যমজ শিশুকন্যাকে একাধিকবার ধর্ষণসহ প্রায়ই যৌন হয়রানি করতেন বাবা নূর আলম (৪৯)। ঘটনার ধারাবাহিকতায় গত শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে তারা আবার ধর্ষণের শিকার হন। ঘটনার পরদিন শনিবার (৫ ডিসেম্বর) দুই বোন বিষয়টি নানি ফাতেমা বেগমকে জানালে ঘটনাটি জানাজানি হয়।

এমন লোমহর্ষক ও জঘন্য ঘটনায় পাহাড়ি জেলা খাগড়াছড়ির মানিকছড়িজুড়ে নিন্দার ঝড় বইছে। লম্পট বাবার শাস্তি দাবি করেছে সচেতন মহল।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়ের পর ধর্ষণের শিকার দুই শিশুকে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করতে পাঠানো হয়েছে।