ট্রাইব্যুনালের বাইরে হাতজোড় করে দোয়া চাইলেন জুনাইদ আহমেদ পলক
ট্রাইব্যুনালের বাইরে হাতজোড় করে দোয়া চাইলেন জুনাইদ আহমেদ পলক
জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে আসামিদের প্রিজন ভ্যানে করে সকাল ১০টার দিকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন—সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী, শাজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়নি।
ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার সময় আসামিদের মধ্যে অনেককেই হাস্যোজ্জ্বল দেখা গেছে। তবে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে হাতজোড় করে দোয়া চাইতে দেখা যায়। তিনি সাংবাদিকদের উদ্দেশে মোনাজাতের ভঙ্গি করে দোয়া প্রার্থনা করেন।
এর আগে গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট গণহত্যার মামলায় কারাবন্দি সাবেক দুই উপদেষ্টা, সাবেক ১০ মন্ত্রী, এক সেনা কর্মকর্তা, সাবেক এক সচিব এবং এক বিচারপতিসহ মোট ২০ জনকে হাজির করার নির্দেশ দেন। এর মধ্যে ১৪ জনকে ১৮ নভেম্বর হাজির করার আদেশ দেওয়া হয়।
উল্লেখ্য, স্বাধীনতার ৩৯ বছর পর, ২০১০ সালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। ওই বছরের ২৫ মার্চ এই ট্রাইব্যুনালের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ২০১৫ সালের পর থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম ধীরগতিতে চলছিল। তবে হাসিনা সরকার পতনের পর এ কার্যক্রম আবারও নতুন উদ্যমে শুরু হয়েছে।
সূত্র: যুগান্তর