Tag Archives: গ্রেফতার-২

মুরগির বাচ্চা নিয়ে ঝগড়ায় প্রাণ গেল বৃদ্ধের, গ্রেফতার ২

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে মুরগির বাচ্চা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে আহত এক বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু্ হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের কিশোর মজুমদার ও তার ছেলে সৌরভ মজুমদার।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত ২ আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত দিলীপ সাহা (৬০) উপজেলার ৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের মৃত হর লাল চন্দ্র সাহার ছেলে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরগির বাচ্চাকে মারধরকে কেন্দ্র করে গত ১৩ সেপ্টেম্বর মৃত দিলীপ সাহার সাথে প্রতিবেশী কিশোর মজুমদার ও তার ছেলে সৌরভ মজুমদারের বাকবিতণ্ডা ও মারামারি হয়। এসময় প্রতিপক্ষের মারধরে দিলীপ সাহা গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করে। ঢাকায় নিউরোলোজি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত দুইটার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে তাৎক্ষণিক এই ঘটনায় পুলিশ অভিযুক্ত কিশোর মজুমদার ও তার ছেলে সৌরভ মজুমদারকে গ্রেফতার করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শুক্রবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুমিল্লার লাকসামে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসামে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা আবদুল কুদ্দুস স্বপন (২৫) ও মো. দিপুকে (৩০)।

কুমিল্লার সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মো. মুহিতুল ইসলাম বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামে কয়েকজন মিলে ওই গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। পরে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় চারজনকে আসামি করে ওই গৃহবধূ থানায় মামলা দায়ের করেন।’

তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আবদুল কুদ্দুস স্বপন ও মো. দিপুকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।’

অপর দুই আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

কুমিল্লার চান্দিনায় বন্ধ ঘরের তালা ভেঙ্গে ডাকাতি, গ্রেফতার ২

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় বন্ধ ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে মালামাল লুটে নেওয়ার ঘটনায় দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

ডাকাতির ঘটনায় মঙ্গলবার (৬ জুলাই) রাতে চান্দিনা থানায় মামলা দায়ের করেছেন গৃহকর্তা অরুন চন্দ্র সরকার।

এর আগে সোমবার (৫ জুলাই) দিনগত রাত ৩টায় চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের থানাগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার পরপরই আবুল হাসেমকে (৩০) আটকের পর তার দেওয়া তথ্যমতে বুধবার (৭ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে রুহুল আমিন (৪০) নামে অপর এক ডাকাতকে আটক করেছে পুলিশ। পুলিশের অভিযানে লুন্ঠিত ৩৮ হাজার টাকা, ১টি মোবাইল ফোন, ১টি ট্যাব ও ১টি ডিজিটাল ক্যামেরা উদ্ধার করা হয়েছে।

আটক ডাকাত আবুল হাসেম চান্দিনার কেরণখাল ইউনিয়নের হাড়িখোলা গ্রামের আতিকুর রহমানের ছেলে এবং অপর ডাকাত রুহুল আমিন একই উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের জব্বার আলীর ছেলে।

গৃহকর্তা অরুন চন্দ্র সরকার জানান- প্রতিদিনের ন্যায় সোমবার রাত খাবার শেষে পরিবারের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত অনুমান ৩টার দিকে ডাকাতদল বারান্দার তালা ভেঙ্গে এবং ভিতরের দরজার ছিটকিনি খুলে ঘরে প্রবেশ করে আমাদেরকে বেঁধে ফেলে। আমার ঘরে থাকা সাড়ে ৮ ভরি স্বর্ণালঙ্কার, দেড় লক্ষ টাকা, ৩টি মোবাইল ফোন, একটি ট্যাব ও ১টি ডিজিটাল ক্যামেরা নিয়ে যায় ডাকাতদল। তারা পালিয়ে যাওয়ার সময় আমরা ডাক-চিৎকার দিলে আশ-পাশের লোকজন এবং গ্রাম পাহারায় থাকা লোকজন ছুটে এসে এক ডাকাতকে আটক করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাসমউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান- ৪ জন দস্যু ঘরে ঢুকে দস্যুতা করে মালামাল লুট করে। পরে গ্রাম পাহারায় থাকা লোকজন একজন আটক করার পর তার দেওয়া তথ্যমতে আরও এক দস্যুকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সকলকেই আটক করা সম্ভব হবে।

কোভিড সেন্টারে চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার কিশোরী, গ্রেফতার ২

 

ডেস্ক রিপোর্টঃ

ভারতের সর্ববৃহৎ কোভিড সেন্টার আইটিবিপিতে করোনা চিকিৎসা নিতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষকও করোনা রোগী এবং ১৯ বছরের তরুণ। এ ঘটনায় অভিযুক্ত ওই তরুণ এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। তার সহযোগীরও করোনা পজিটিভ বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, দিল্লির ছতরপুরে দেশটির বৃহত্তম কোভিড সেন্টারে গত ১৫ জুলাই এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পরেই কিশোরীকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে তার কোভিড-১৯ এর চিকিৎসাও চলছে।

অন্যদিকে দুই অভিযুক্তকেও আরেকটি হাসপাতালে পুলিশ হেফাজতে ভর্তি করা হয়েছে। বিচারবিভাগীয় কাস্টডিতে জানিয়ে পসকোর আওতায় দিল্লির ময়দান গারহি পুলিশ স্টেশনে মামলা দায়ের করেছেন অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার পরবিন্দর সিং।

ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ এই করোনা সেন্টারটির নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ১০ হাজার ২০০ করোনা বেড থাকলেও বর্তমানে সেখানে মাত্র ২৫০ জন রোগী আছেন। তাই কোভিড সেন্টারটির একটি বিশাল অংশ খালি পড়ে আছে। আর তারই সুযোগ নিয়েছে এ দু’জন।

জানা যায়, কিশোরী ও ওই দুই অভিযুক্তের কোভিড সেন্টারে গিয়ে পরিচয় হয়। ১৫ জুলাই অভিযুক্তরা মেয়েটিকে ওই কোভিড সেন্টারের একটি নির্জন জায়গায় নিয়ে যায়। পরে সহযোগীকে পাহারায় রেখে কোভিড সেন্টারের শৌচাগারের কাছে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। পুরো ঘটনার ভিডিও ধারণ করে পাহারায় থাকা সহযোগী।

এ ঘটনার পরদিন দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের কাছে অভিযোগ দেয় মেয়েটি। পরে তারা পুলিশকে জানালে নির্যাতিত কিশোরীর স্বাস্থ্য পরীক্ষায় যৌন হেনস্থার প্রমাণ পাওয়া যায়। পরে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

এক আইটিবিপি কর্মকর্তা জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে শৌচাগারের কাছে নিরাপত্তাকর্মীরা থাকে না। তবে এ ঘটনার তদন্ত চলছে এবং কোভিড সেন্টারটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

লাকসামে পূর্বশত্রুতার জের ধরে হামলা-পাল্টা হামলায় উভয় পক্ষের আহত ১০, গ্রেফতার ২

সেলিম চৌধুরী হীরাঃ

কুমিল্লার লাকসামে পূর্বশত্রুতার জের ধরে উভয় পক্ষের হামলা-পাল্টা হামলায় নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছে। এ সময় বাড়িঘর তছনছ ও লুটপাট করা হয়েছে।

এ ঘটনায় উভয় পক্ষ লাকসাম থানায় মামলা দায়ের করে৷ পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দু’পক্ষের দুজনকে গ্রেফতার করে৷

জানা যায়, উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের মালিবাউরতলা গ্রামের আবুল হোসেন গং ও আজিজ উল্লাহ গংদের মধ্যে জায়গা দখল নিয়ে দীর্ঘ ৪০ বছর যাবত বিরোধ, মামলা চলছে৷

গত শনিবার দুপুরে লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের মালিবাউরতলা গ্রামে ওই দুই পক্ষ মালিকানা দাবীদার জায়গায় নারকেল গাছ থেকে ডাব পাড়তে যায় আনোয়ার হোসেনের ছেলে জাহেদ হোসেন হৃদয় (২০) এবং জাকির হোসেনের ছেলে সুজন (২২)। এ সময় তাদেরকে বাঁধা দেন আবুল হোসেনসহ পরিবারের সদস্যরা।

ক্ষিপ্ত হয়ে কিছুক্ষণ পর জাহেদ হোসেন হৃদয়, সুজন, তার মা নাসিমা বেগম, মৃত আবদুর রহমানের ছেলে আজিজ উল্লাহ, তার ছেলে জাকির হোসেন, স্ত্রী আনোয়ারা বেগম, দিদার হোসেন, নোমান হোসেনসহ ১০/১২ জন দা, ছেনি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আবুল হোসেনের মাথায় ও পায়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় দু’পক্ষের সংর্ঘসে ১০ জন আহত হয়৷
পুলিশ দুই মামলায় একজন একজন করে দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷

স্থানীয় ওয়ার্ড মেম্বার বাবুল হোসেন জানান, উভয় পরিবারে জমি সংক্রান্তে আদালত ও থানায় মামলা রয়েছে। বিরোধপূর্ণ জমির গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে উভয় পক্ষে নতুন করে সর্ঘষে জরিয়েছে৷

বাকই (দঃ) ইউপি চেয়ারম্যান আবদুল আউয়াল বলেন, উভয় পরিবারের জমি সংক্রান্ত বিরোধ মেটানোর জন্য বহুবার শালিস দরবার হয়েছে। আমরা নানাভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার উপ-পরিদর্ষক জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে থানায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে। ঘটনার সাথে জড়িত থাকায় উভয় পক্ষের একজন একজন করে এখন পর্যন্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে৷

বুড়িচংয়ের ময়নামতি রানীর বাংলো এলাকায় ইপিজেডের শ্রমিককে গণধর্ষণ, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা ইপিজেডে কর্মরত এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেফতার করেছে।

মামলার বিবরণে জানা যায়, জেলার লাকসাম উপজেলার নোয়াগাঁও এলাকায় এক নারী শ্রমিক (২০) কুমিল্লা ইপিজেডে কর্মরত ছিলো। ওই নারীর সাথে কোটবাড়ী এলাকার বিল্লাল হোসেন (১৯) নামে এক যুবকের মোবাইল ফোনে পরিচয় হয়। মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে সোমবার সকালে কোটবাড়ী এলাকায় দেখা করে উভয়ে। কোটবাড়ী এলাকায় ঘুরাঘুরি শেষে দুপুর ১২ টায় নারীটিকে নিয়ে বিল্লাল হোসেন বুড়িচং উপজেলার ময়নামতি রানীর বাংলো এলাকায় আসে।
রানীর বাংলো এলাকায় বিল্লাল হোসেনে সাথে আরো তিন যুবক একত্রিত হয়ে তাঁকে জোরপূর্বক পাশের একটি ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ করে। তাঁর আত্মচিৎকারে ধর্ষনকারীরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন ধর্ষিতাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

এ ঘটনায় রাতেই ধর্ষিতা বাদী হয়ে ৪ জনের নামে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই নন্দন চন্দ্র সরকার অভিযান চালিয়ে মামলার ৩ ও ৪ নং আসামীকে আটক করে।

আটককৃতরা হলো বুড়িচং উপজেলার বাগিলরা গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মোঃ খোকন মিয়া (২০) ও চান্দিনা উপজেলার রানীরচর গ্রামের মোঃ মহসিন মিয়ার ছেলে মোঃ আনিস (২০)। পুলিশ আটককৃত আসামীদের মঙ্গলবার কুমিল্লা আদালতে প্রেরণ করেছে।

মুরাদনগরে এবার চতুর্থ শ্রেণির ছাত্রী গণধর্ষণের শিকার, গ্রেফতার ২

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ২য় শ্রেণীর দুই ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থী (১০) গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে মুরাদনগর থানায় একটি মামলা করা হয়। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেফতার করেছে।

তারা হচ্ছেন, উপজেলার যাত্রাপুর গ্রামের স্বপন দেবনাথের ছেলে পার্থ দেবনাথ (১৫) ও একই গ্রামের নরেন্দ্র দেবনাথের ছেলে স্বর্ণ দেবনাথ (১৭)। গত সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার যাত্রাপুর গ্রামের নাথ মন্দির এলাকায় এ ঘটনাটি ঘটে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম জানান, গত সোমবার (১১ নভেম্বর) রাতে স্থানীয় একটি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ওই শিক্ষার্থী তার দাদীর সাথে গ্রামের নাথ মন্দিরে রাস লিলা অনুষ্ঠান দেখতে যায়। অনুষ্ঠান দেখার এক ফাকে ওই শিক্ষার্থীকে পাশের বাড়ীর পার্থ দেবনাথ ও স্বর্ণ দেবনাথ খেলার ছলে কৌশলে পার্থ দেবনাথদের অতিথি থাকার ঘরে নিয়ে গিয়ে প্রথমে পার্থ দেবনাথ ও পরে স্বর্ণ দেবনাথ ধর্ষণ করে। বিষয়টি কারো কাছে প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ওই শিক্ষার্থীকে মন্দিরে দিয়ে আসে। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই ওই শিক্ষার্থী বাড়ী ফিরে পরিবারের লোকজনের সাথে কথা বলা, সমবয়সীদের খেলাধুলা বন্ধ করে দেয়। এতে পরিবারের লোকজনের সন্ধেহ হলে বৃহস্পতিবার দুপুরে তার মা কথা না বলার কারণ জানতে চাইলে ওই শিক্ষার্থী ধর্ষণের কথাটি স্বীকার করে। এ বিষয়ে পার্থ দেবনাথ ও স্বর্ণ দেবনাথের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

লাকসামে প্রেমিক- প্রেমিকার চুরিকাঘাতে যুবক খুন, গ্রেফতার-২

 

শাহাদাত হোসেন:

কুমিল্লার লাকসাম উপজেলায় প্রেমিক- প্রেমিকার চুরিকাঘাতে শামীম হোসেন সুমন (২৫) নামে এক যুবক খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল অনুমান ১০ ঘটিকার দিকে কুমিল্লা- নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পৌলোইয়া নামক স্থানে।

মারাত্নক আহত অবস্থায় সুমনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুমন উপজেলার উওর হাওলা ইউনিয়নের হাতিমারা গ্রামের দুলাল মিয়ার ছেলে।

এই ঘটনায় পুলিশ ঘটনার সাথে জড়িত প্রেমিক মিজানুর রহমান (২৮) ও প্রেমিকা চুমকী আক্তার (১৫) কে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমানের বাড়ি লাকসাম উপজেলায়। সে বিয়ে করে হাতিমারা গ্রামে। বিয়ের সুবাদে সে শশুর বাড়িতে আসা যাওয়া করতো। সেখানে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চুমকী আক্তার নামে একটি মেয়ের। চুমকির বাড়ি সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গল জেলায়। সে হাতিমারা গ্রামে তার নানার বাড়িতে থেকে পড়ালেখা করতো। চুমকীর সাথে মিজান অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। মিজান চুমকীর সম্পর্কে খালু হয়। একদিন মিজান তার বউকে রেখে প্রেমের টানে প্রেমিকা চুমকীকে নিয়ে সিলেটে পালিয়ে যায়।

কয়েকদিন সিলেট থাকার পর আজ সোমবার তারা সিলেট থেকে ট্রেনে করে এসে লাকসাম জংশন এলাকায় নামে। এইদিকে সুমন এবং তাদের বাড়ির ইমরানসহ আরো কয়েকজন কাজের উদ্দেশ্যে সকালে নোয়াখালী থেকে আসা উপকূল ট্রেনে করে লাকসাম জংশন গেলে ওই প্রেমিক – প্রেমিকাকে দেখতে পায়। একপর্যায়ে তারা একটা সিএনজি অটো রিক্সা করে প্রেমিক যুগলকে হাতিমারা গ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে মিজান ও চুমকী তাদের কাছে থাকা চুরি দিয়ে তারা সুমনকে আঘাত করে। পরে সুমন মারা যায়। এই ঘটনার পর পুলিশ মিজান ও চুমকীকে গ্রেফতার করে লাকসাম থানায় নিয়ে আসে। সুমনের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহতের বাড়িতে শোকের মাতম বইছে। লাকসাম থানার ওসি তদন্ত নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চুরি উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত প্রেমিক – প্রেমিকাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।