Tag Archives: ঝালকাঠি

কুমিল্লায় ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় মাইক্রোবাসযোগে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

২৯ এপ্রিল ঝালকাঠিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ছিনতাইকারী ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকার মাদারখোলা (হাওলাদার বাড়ি) গ্রামের মৃত. সইজুদ্দিন হালদারের ছেলে মোঃ মামুন হাওলাদার (২৬)।

পুলিশ জানায়, গত ১২ এপ্রিল বিকালে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম লেনে ১০০ টাকা করে ভাড়া বলে অজ্ঞাতনামা ৪ জন অস্ত্রধারী দস্যু মাইক্রোবাসযোগে মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী ও তার সঙ্গী ড. মোঃ আমানুল ইসলামকে মাইক্রোবাসে তুলে অস্ত্রের ভয় দেখায়। এসময় শাহাদাৎ হোসেনের পকেটে থাকা ডেভিড কার্ড নিয়ে নিমসার বাজারস্থ ডাচ বাংলা এটিএম বুথ থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করে। এছাড়াও তাদের সাথে থাকা দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামস্থ সাহেব আলী চেয়ারম্যান বাড়ির রাস্তায় তাদের ফেলে দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।

এস আই রুহুল আমিন মামলার তদন্তভার গ্রহণ করে কুমিল্লা সদর সার্কেলের নেতৃত্বে, সঙ্গীয় অফিসার ইনচার্জ, দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ, এসআই মোঃ রুহুল আমিন, এএসআই অসীম কুমারসহ বিভিন্ন স্থানে পুলিশি অভিযান পরিচালনা করে ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসসহ আসামীর নিজ বাড়ি ঝালকাঠি থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারধর, ছাত্রলীগ নেতা গ্রেফতার

 

ডেস্ক রিপোর্টঃ

তিন লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে কলেজ শিক্ষককে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ঝালকাঠির নলছিটি পৌর ছাত্রলীগের ৪ নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক মামুন কবির বাদী হয়ে নলছিটি থানায় এ মামলা দায়ের করেন।

পরে মামলার ২নং আসামি শুভ দাসকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আর মামলার আসামিরা হলেন, নলছিটি পৌর ছাত্রলীগের সভাপতি মো. কাওসার সরদার (সালমান), যুগ্ম সম্পাদক রাইসুল রবিন (রবিন প্যাদা), সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ও ছাত্রলীগ নেতা শুভ দাস।

শুক্রবার দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে কলেজ শিক্ষক মামুন কবিরকে মোবাইল ফোনের মাধ্যমে শহরের স্টিমারঘাট এলাকায় ডেকে নেয় পৌর ছাত্রলীগের সভাপতি মো. কাওসার সরদার ও তার সঙ্গীরা। সেখানে ওই শিক্ষকের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন ছাত্রলীগ নেতারা।

শিক্ষক মামুন কবির চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। জীবন বাঁচতে ওই শিক্ষক চিৎকার করলে আসামি রবিন প্যাদা তার মুখ চেপে ধরেন এবং আসামি শুভ দাস ও তানভীর হোসেন মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মারেন। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা নগদ ১১ হাজার ৭০০ টাকা ও একটি বিদেশি ঘড়ি নিয়ে যায়।

এরপর তারা ওই শিক্ষককে নদীতে ফেলে দিতে চাইলে মৃত্যু ভয়ে তিনি ফের চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম তালুকদার বলেন, কলেজ শিক্ষকের কাছে চাঁদা দাবির ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলার ২নং আসামি শুভ দাসকে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।