Tag Archives: তিতাস উপজেলা বিএনপি সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

বক্তৃতায় ভুল উচ্চারণে বিতর্ক, তিতাস উপজেলা বিএনপি সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

বিশেষ প্রতিনিধি:

তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়ার বিরুদ্ধে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ. এফ. এম. তারেক মুন্সি স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা হয়েছে—গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিতাস উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতাকালে মেহেদী হাসান সেলিম ভূইয়া ‘তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’-এর পরিবর্তে ‘জননেত্রী শেখ হাসিনা’ শব্দ ব্যবহার করেন।

ঘটনার পর সভাস্থলে উপস্থিত কর্মীদের মধ্যে হতবাক প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।

নোটিশে বলা হয়েছে, উক্ত বক্তব্যের মাধ্যমে দলীয় ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং এটি দলীয় শৃঙ্খলাভঙ্গের শামিল। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। অপরদিকে ভিডিও টি ভাইরাল হলে মেহেদী হাসান সেলিম ভুইয়া ফেসবুকে সংশ্লিষ্ট সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেন এবং ভাষাগত শ্লিপ অব টার্ন বলে উল্লেখ করেন।