Tag Archives: দেবিদ্বার

এমপি রাজী ফখরুলকে শোকজ থেকে অব্যাহতি

 

স্টাফ রিপোর্টার:

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের শোকজ থেকে অব্যাহতি পেয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল।

রবিবার শোকজের লিখিত জবাবের প্রেক্ষিতে এই আদেশ দেন যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো ইমাম হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন শোকজ আবেদনের আইনজীবী কাজী নাজমুল হক নিজাম।

লিখিত আবেদনের প্রস্তাব করেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ভূইয়া, এর সমর্থন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী।

রাজী মোহাম্মদ ফখরুল ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদিতে অবস্থান করায়, তিনি উপস্থিত হতে পারেননি।

লিখিত আবেদনে বলা হয়, ‘মনোনয়ন পত্র দাখিলের সময় দেবিদ্বার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এর কিছু সমর্থক হঠাৎ এসে উপস্থিত হোন। নির্বাচনী আচরণ বিধির কথা চিন্তা করে তিনি নেতাকর্মীদের সে স্থান ত্যাগ করতে বলেন। পরবর্তীতে মাত্র পাঁচজন নেতাকর্মী নিয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এর আগে রাজী মোহাম্মদ ফখরুল ঢাকা থেকে উপজেলায় আসার খবরে উৎসুক জনতা তাকে ফুল দিয়ে বরণ করতে আসেন। তৎক্ষনাৎ রাজী মোহাম্মদ ফখরুল ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে সবাইকে চলে যেতে বলেন। তখন নেতাকর্মীরা যার যার মতো চলে যায়৷ এই সময় কিছু ছবি তুলে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলকে বিতর্কিত করতে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার করা হয়’।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল নৌকা প্রতীকে উপজেলা রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র জমা দেন। শুক্রবার (১ ডিসেম্বর) আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে রাজী মোহাম্মদ ফখরুলকে শোকজ করে আদালত। রবিবার (৩ ডিসেম্বর) স্বশরীরে কিংবা প্রতিনিধির মাধ্যমে এর জবাব দিতে বলা হয়।

দেবিদ্বারে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

মোঃ জামাল উদ্দিন দুলাল,দেবিদ্বার:

কুমিল্লার দেবিদ্বারে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. ময়নাল হোসেন (৩০) নামে এক পথচা‌রী নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

আহতের নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চ‌লিক মহাসড়কের চাঁপানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নাল হো‌সেন দেবিদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টর শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে একটি লাশ বহনকারী অ্যাম্বুলেন্স পথচারী ময়নাল হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পা‌শে ছিটকে পড়েন। এসময় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গে‌লে চালক ও অপর দুই যাত্রী আহত হন।

সাইলচর গ্রামের স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, প্রতিদিনের মতো ময়নাল হোসেন বাড়ি থেকে বের হয়ে ট্রাক্টরের কাজে যাচ্ছিলেন। তিনি সড়কের এক পাশে দাঁড়ালে কুমিল্লা থেকে আসা লাশ বহন করা একটি অ্যাম্বুলেন্স ময়নাল হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থ‌লেই মারা যান। অ্যাম্বুলেন্সটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা যাওয়ার পথে চাঁপানগর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বেনু দাশ বলেন, ভোর সাড়ে ৫টায় দিকে কসবাগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় ময়নাল হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন দেবিদ্বারের রোশন আলী

দেবিদ্বার প্রতিনিধি :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবিদ্বার আসন থেকে নির্বাচন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার।

শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাকর্মীদের নিয়ে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও দেবিদ্বার এস এ সরকারি কলেজের সাবেক ভিপি এটিএম মেহেদী হাসান, উপ-দপ্তর সম্পাদক ইসমাইল হোসাইন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজ উদ্দিন দুলাল আরো অনেক উপস্থিত ছিলেন।

মনোনয়ন সংগ্রহের পর রোশন আলী বলেন, অসম্প্রদায়িক স্মার্ট দেবিদ্বার বিনির্মানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে কাজ করব। বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক ও দেশরত্ন শেখ হাসিনার একজন আদর্শিক কর্মী হিসাবে দলের কঠিন দুঃসময়ে ছিলাম আছি, আগামীতেও থাকব। আমি দেবিদ্বার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী।

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দেবিদ্বারে রোশন আলী মাস্টারের নেতৃত্বে আনন্দ মিছিল

দেবিদ্বার প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা’কে স্বাগত জানিয়ে দেবিদ্বারে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ, ও অঙ্গসহযোগী সংগঠন।

বুধবার রাত ৮টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিল বের হয়। কুমিল্লা-সিলেট মহাসড়কসহ দেবিদ্বারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন তারা। এতে নেতৃত্ব দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার।

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এটিএম মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির চেয়ারম্যান, উপ-দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেনস, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম তুষার, মোস্তাফিজুর রহমান সরকার, প্রচার সম্পাদক মোসলেহ উদ্দিন ভুইয়া মানিক, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য মোঃ সালাউদ্দিন আহাম্মেদ স্বপন প্রমুখ।

দেবিদ্বারে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ প্রশিক্ষক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে কুমিল্লায় রোড টু স্মার্ট বাংলাদেশ প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলার দেবিদ্বার উপজেলার ভূইয়া কমিউনিটি সেন্টারে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার।

উদ্বোধন পরে বক্তব্য রাখেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এটিএম মেহেদী হাসান ভিপি, দেবিদ্বার পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম। এতে উত্তর কুমিল্লার বিভিন্ন উপজেলার প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।

জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কুমিল্লা আঞ্চলিক সমন্বয়ক জয়জিৎ দত্তর সঞ্চালনায় প্রশিক্ষক প্রশিক্ষণের মাস্টার ট্রেইনার ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে শেখ হাসিনার উন্নয়নের সঠিক বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য আওয়ামী লীগের কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা বক্তব্য তুলে ধরেন বক্তারা।

উদ্বোধনী বক্তব্যে রোশন আলী মাস্টার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ উদ্যোগের আওতায় একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে প্রত্যেক ভোটারের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেয়া হবে।

দেবিদ্বারে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে সাংবাদিককে মারধর করলো ইউপি চেয়ারম্যান

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে সম্প্রতি সংখ্যালঘুর ওপর হামলা মারধরের ঘটনায় সংবাদ প্রকাশের জের ধরে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল আলমের বিরুদ্ধে সাংবাদিক শফিউল আলম রাজীবের ওপর হামলা মারধর ও মোবাইল ছিনিয়ে নিয়ে ভাংচুর করার অভিযোগ উঠেছে।

সাংবাদিক শফিউল আলম রাজীব দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের সরকারি বাসভবনে (গোমতী) সংবাদ সংগ্রহে গেলে ৮নং জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদুল আলমের সমর্থক বিল্লাল গাজী, আফসান রুবেলসহ ৩-৪ জন প্রথমে গালমন্দ ও পরে হামলা করে। ওই সময় সাংবাদিক রাজীব আশ্রয় ও ঘটনাটি জানাতে উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে ঢুকে বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে জানাতে গেলে ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম পুনরায় সাংবাদিক রাজীবকে মারধর এবং মোবাইল ছিনিয়ে নিয়ে ভাঙচুর করেন।

হামলায় আহত সাংবাদিক শফিউল আলম রাজীব জানান, ঘটনার পর তাৎক্ষণিক বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউএনও নিগার সুলতানাকে অবহিত করা হয়।

দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ওই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ইউপি চেয়ারম্যান জাহিদসহ হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

হামলার বিষয়ে জাফরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল আলম বলেন, সাংবাদিকের ওপর কোনো প্রকার হামলা বা মোবাইল ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে সাংবাদিক রাজীবের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে, যা আমার করা ঠিক হয়নি।

এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বিষয়টি মীমাংসার জন্য সুলতানপুর ও গুনাইঘর ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এক যুগ পর অফিস পেলো দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ

এক যুগ পর অফিস পেলো দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ

দেবিদ্বার প্রতিনিধি:

প্রায় ১২ বছর পর আওয়ামীলীগের কুমিল্লার দেবিদ্বার উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করেন।

দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম সফিউদ্দিনের সভাপতিত্বে এবং তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবদুল মতিন মুন্সি, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক একেএম সফিকুল আলম ভিপি কামাল, সহ দপ্তর সম্পাদক ইসমাইল হোসাইন, ইউএসএ শেখ রাসেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা.ফেরদৌস খন্দকার।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল কুদ্দুস সরকার, মো. জলিল চৌধুরী, মফিজ উদ্দিন দুলাল, মো. মোসলেহ উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল আলম তুষার, মো. মোস্তাফিজুর রহমান সরকার, দপ্তর সম্পাদক মো. আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেহ উদ্দিন ভঁ‚ইয়া মানিক, উপজেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জি. গাজী রাসেল বিল সালাম সহ সাবেক ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেনসহ পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মীরা। পরে দোয়া-মুনাজাতের মাধ্যমে দেবিদ্বারে উপজেলা শাখা আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন করা হয়।

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেবিদ্বারে বিক্ষোভ

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেবিদ্বারে বিক্ষোভ

দেবিদ্বার প্রতিনিধি :

মুক্তিকামী ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সংহতি জানিয়ে দেবিদ্বারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমা নামাজের পর উপজেলার মোহাম্মদপুরে এই বিক্ষোভ হয়। এতে ওই এলাকার শতাধিক ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেছেন।

দেখা গেছে, মোহাম্মদপুর বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ সামনে থেকে ভিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ওই এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মোহাম্মদপুর মাদ্রাসা মার্কেটে এসে শেষ হয়। মিছিলে আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন পোস্টার, ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন পুরো এলাকা। পরে মোহাম্মদপুর মাদ্রাসা মার্কেটের সামনে প্রতিবাদ সভা হয়।

বক্তারা বলেন, বায়তুল মুকাদ্দাস মুসলমানদের স্মৃতিবিজড়িত পবিত্র স্থান। সেখানে দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে।

সাংবাদিক মোঃ শাহজালাল ও আবুল হোসেনের সঞ্চালায় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ্ ভূইয়া, অধ্যাপক শহিদুল ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দিন সরকার, মাওলানা আবদুস ছামাদ, মাওলানা মাহফুজুর রহমান,মাওলানা তানভীরুল ইসলাম খান,মাওলানা ইব্রাহিম খলিল প্রমুখ।

দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত

দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে বন্ধুর বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান থেকে মোটর সাইকেলে ফেরার পথে প্রাণ গেল অনিক(১৭) নামে এক কিশোরের। এসময় আহত হয় মোটর সাইকেল আরোহী অপর এক বন্ধু আব্দুল মান্নান(১৮)।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার বারেরা এলাকায়। নিহত ইয়াফি আবরার অনিক (১৭) উপজেলার ৯নং গুনাইঘর গ্রামের মোঃ শাহ জালাল কবিরাজের ছোট ছেলে। সে দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ায় বাবার সাথে ভাড়া বাসায় থাকত। মা মারা যায় ৭ মাস পূর্বে। অনিক এসএসসি পাশ করার পর কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল।

দুর্ঘটনায় আহত মান্নান জানায়, তাদের এক বন্ধুর বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান বারেরার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সকল বন্ধুরা রারেরা মোল্লা বাড়ি হয়ে চলে যায়। কিন্তু অনিক ও সে (মান্নান) আরওয়ানফাইভ মোটরসাইকেলটি নিয়ে ভিড়াল্লা হয়ে রওনা হয়। বৃষ্টি থাকায় অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে অনিককে নিষেধ করেন সে (মান্নান)। ভিরাল্লা রাস্তা থেকে মহাসড়ক হয়ে দেবিদ্বার আসার পথে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি সড়ক থেকে জমিতে পড়ে যায়।
মান্নান পেছনে থাকায় সে ছিটকে রাস্তার নিচে ও অনিক ছিটকে পড়েন সড়কের উপর, এসময় সিলেট থেকে কুমিল্লামুখী একটি দ্রতগামী মালবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় অনিক।

মা হারা পরিবারের ছোট ছেলেকে হারিয়ে শোকে কাতর অনিকের বাবা শাহ জালাল কবিরাজ জানান, বন্ধুর মোটরসাইকেল নিয়ে আরেক বন্ধুর বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে অংশগ্রহণ করে ফেরার পথে বৃষ্টিতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়েছি।

এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ(ওসি) মঞ্জুর আফসার বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় জানান, এ বিষয়ে আমাদের কেউ অবহিত করেননি, এমনকি থানা পুলিশের পক্ষ থেকেও কেউ জানাননি।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, সড়ক দূর্ঘটনার বিষয়টি বৃহস্পতিবার বিকেলে শুনেছি , যেহেতু ঘটনাটি হাইওয়ে সেহেতু বিষয়টি হাইওয়ে পুলিশই ব্যবস্থা নেবেন।

দেবিদ্বারে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

দেবিদ্বারে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দেবিদ্বারে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মো. আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

আনোয়ার হোসেন উপজেলার বড়শালঘর ইউনিয়নের মৃত. হারুনুর রশিদের ছেলে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার ইস্টগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। এসময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল ও ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।