Tag Archives: নোয়াখালী

অভাবের তাড়নায় শিশুকে নিয়ে মায়ের বিষপান, শিশুর মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীল সুবর্ণচর উপজেলায় অভাবের তাড়নায় ১৪ মাস বয়সী শিশুকে নিয়ে এক মা বিষপান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষপানে অসুস্থ কোহিনুর বেগম ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত শিশুর নাম আবু সাঈদ। সে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগ্যা গ্রামের আবুল কালামের ছেলে।

মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চর জুবলি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগ্যা গ্রামে এ ঘটনা ঘটে।

চর জুবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির খসরু দাবি করেন, ওই গৃহবধূর স্বামী দিনমজুরের কাজ করে। সকালে কোহিনুর বেগমের সাথে তার শাশুড়ির ঝগড়া হয়। এরপর তার শাশুড়ি ঘরের বাহিরে চলে গেলে সে পরিবারের সদস্যদের অজান্তে নিজে বিষপান করে এবং শিশু ছেলেকে বিষপান করায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি ঘটনাস্থলে থাকা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মতিউর রহমানের বরাত দিয়ে বলেন, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে অভাবের তাড়নায় থেকে ওই গৃহবধূ নিজের শিশুকে নিয়ে বিষপান করে। এ ঘটনায় ওই শিশু মৃত্যু বরণ করে। নিহত শিশুর মা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ওসি আরও বলেন, নিহত শিশুর মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বিশেষ কায়দায় পায়ের স্যান্ডেলে রেখে ইয়াবা পাচার, আটক ১

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে দুই পায়ে পরিহিত স্যান্ডেলে বিশেষ কায়দায় পলিথিনে মুড়িয়ে ইয়াবা পাচারের সময় এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ১ হাজার ৫২০পিস ইয়াবা ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মো.আলাউদ্দিন (২৯) উপজেলার চরবাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের ছেরাজুল হক বাড়ির মো.ছেরাজুল হকের ছেলে।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে,গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামের সুবর্ণ এলপিজি ফিলিং স্টেশন সংলগ্ন সোনাপুর-চেয়ারম্যান সড়ক থেকে তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সুবর্ণচর উপজেলায় আবুল কালাম আজাদ নামে এক মাদক কারবারি জেলার বিভিন্ন উপজেলায় অভিনব কৌশলে ইয়াবা কারবার চালিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সুবর্ণচর উপজেলার সুবর্ণ এলপিজি ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি অটোরিকশাসহ মাদক কারবারি আলাউদ্দিনকে আটক করা হয়। এরপর তার পরিহিত দুই পায়ের স্যান্ডেলে বিশেষ কায়দায় লুকায়িত ১৫২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মো.আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চরজব্বর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিচার প্রার্থী নারীর সাথে অন্তরঙ্গ সময় কাটাতে চাইলেন মেম্বার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় বিচার প্রার্থী এক নারীর (৩০) সাথে অন্তরঙ্গ সময় কাটাতে চাওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের (মেম্বার) বিরুদ্ধে।

অভিযুক্ত মো.আবু সাঈদ রাসেদ জেলার সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

গত রোববার (৭ মে) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী নারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নোয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার কলারহাটের সাবেক মেম্বার ইউসুফ ভিকটিমকে নোয়াখালী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাসেদের কাছে বিচারের জন্য পাঠায়। ভুক্তভোগী নারী তার পারিবারিক সমস্যার কথা মেম্বারকে খুলে বলে। সব কথা শুনে মেম্বার রাসেদ সমস্যা সমাধান করে দিবে বলে ওই নারীকে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে রাত ১০টার পরে ওই নারীর কাছে তাকে ১০মিনিট সময় দেওয়ার জন্য জোরাজুরি করে। প্রস্তাবে রাজি না হওয়ায় বিচার করে দিবেনা বলে উল্টো মেম্বার হুমকি ধমকি দেয়। এরপর ভিকটিমের মুঠোফোনে কল দেয়। ভয়ে ভিকটিম ফোন তার বোনকে ধরিয়ে দেয়। ফোনে মেম্বার ভুক্তভোগী নারীকে মনে করে তার বোনকে খারাপ ভাষায় কথা বলে। এরপর ইউসুফ মেম্বারকে নিয়ে রাত ১০টার সময় ভিকেটেমর বাড়ি চলে যায়। তখন ভুক্তভোগী ক্ষিপ্ত হয়ে উঠলে মেম্বার রাসেদ চলে যায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.আবু সাঈদ রাসেদের মুঠোফোনে একাধিক কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নোয়াখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুর রহমান পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত বর্তমানে পবিত্র ওমরা পালনের জন্য বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি থাকতে ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ করেন এবং ৭জন ইউপি সদস্যের সামনে মৌখিক ভাবেও ঘটনার বর্ণনা দেন।

এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নিজাম উদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। একজন কর্মকর্তাকে তদন্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চাঁদাবাজির মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মো.মাইন উদ্দিন (৩৬) বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বানু মাঝির বাড়ির মৃত সাহাব উদ্দিনের ছেলে পৌরসভা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। মামলার অপর আসামিরা হলেন, বসুরহাট পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের হৈইদ বাড়ির মো.গোলাম মাওলার ছেলে মোহন (২০) ও একই ওয়ার্ডের মিয়া (৪৫)।

বুধবার (১০ মে) বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ড থেকে ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, গ্রেফতার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য। সে এলাকায় কেউ দোকান ও নতুন বাড়ি ঘর নির্মাণ করলে সেখান থেকে চাঁদা আদায় করে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালায়। আনোয়ার হোসেন নামে এক আমেরিকা প্রবাসী বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ইদ্রিসিয়া সড়কের পাশে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করে। এরপর গত ১০ এপ্রিল বিকেলের দিকে মোহনের নেতৃত্বে আসামিরা ভবন নির্মাণকারীদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে চাঁদা না পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং চাঁদা না দিলে হত্যার হুমকি ধমকি দেয়। পরে ভবনের মালিককে বিষয়টি জানায় তার ভায়রা মো.নুর নবী। ভবনের মালিক বিষয়টি জানতে পেরে ভবিষ্যতের কথা চিন্তা করে যুবলীগ নেতা মাইন উদ্দিনকে তার ভায়রা নুরনবীর মাধ্যমে গত ১৫ মে বিকেলের দিকে নির্মাণাধীন ভবনের সামনে নগদ ৫০ হাজার টাকা প্রদান করে। কিছুদিন পর বিষয়টি স্থানীয় ভাবে জানাজানি হলে বসুরহাট পৌরসভার মেয়রের নির্দেশে ভুক্তভোগী মালিকের ভায়রা বাদী হয়ে বুধবার ১০ মে তিনজনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামি বেআইনী ভাবে হত্যার হুমকি ধমকি দিয়ে ৫০হাজার টাকা চাঁদা আদায় করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে পুলিশ অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে কবরস্থানে ধর্ষণ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে এক স্কুল ছাত্রীকে (১২) তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। নির্যাতিতা স্কুলছাত্রী বর্তমানে  নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১১ মে) এ ঘটনায় বেগমগঞ্জ থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এর আগে,গতকাল দুপুরে উপজেলার জিলতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। গতকাল বুধবার সকালের দিকে তাদের প্রতিবেশী নুর নবীর ছেলে শামছু উদ্দিন (৩০) ভিকটিমের পরিবারের মুঠোফোনে কল করে। ওই সময় ভিকটিম ফোন রিসিভ করলে সে তাকে প্রেমের প্রস্তাব দেয়। বেলা ১২ টার দিকে বাড়ির সামনের দোকানে বাজার করতে যায় ভিকটিম। সেখান থেকে শামছু উদ্দিন তাকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি কবরস্থানে ধর্ষণ করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় নারীও শিশু নির্যাতন ধমন আইনে মামলা নেওয়া হয়েছে। এর আগে মৌখিক অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযুক্ত আসামিকেে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। ঘটনার পর পরই গা ঢাকা দিয়েছে ধর্ষক।

ছদ্মবেশী রোগীর হাতে ভুয়া চিকিৎসক ধরা

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে রোগী সেজে এক ভুয়া চিকিৎসককে হাতেনাতে আটক করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত এম ইউ সবুজ (৪০)। আদালতের আদেশের পর সুধারাম থানা-পুলিশের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১০ মে) দুপুরে শহরের জহুরুল হক মিয়ার গ্যারেজ এলাকা থেকে ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের জহুরুল হক মিয়ার গ্যারেজ এলাকায় এম ইউ সবুজ নামে এক ব্যক্তি চিকিৎসক সেজে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সূত্রে এ তথ্য পেয়ে আজ সকালে ইউএনও নিজাম উদ্দিন আহমেদ নিজেই ওই ব্যক্তির মুঠোফোনে যোগাযোগ করে সিরিয়াল দেওয়ার অনুরোধ করেন। তখন তাকে বলা হয়, ‘সিরিয়াল লাগবে না, ডাক্তার সাহেব চেম্বারে আছেন। ওই তথ্যের ভিত্তিতে দুপুর ১২টার দিকে ইউএনও নিজেই পুলিশ নিয়ে ওই ব্যক্তির চেম্বারে গিয়ে অভিযান চালান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ বলেন, অভিযানের সময় ওই ব্যক্তি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কোনো সনদ তিনি দেখাতে পারেননি। ভুয়া চিকিৎসক সেজে চিকিৎসা দেওয়ার বিষয়টি তিনি স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গণিত পরীক্ষায় দায়িত্বে অবহেলা: ৪ শিক্ষককে অব্যাহতি

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে গণিত পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে ৪ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন, উপজেলার পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জুয়েল চন্দ্র দেবনাথ, মল্লিকা দিঘির পাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাবেয়া বেগম, মমিনপুর দাখিল মাদরাসার শিক্ষক প্রহলাদ চন্দ্র পাল ও রামনারায়পুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ চন্দ্র দেবনাথ ।

মঙ্গলবার (৯ মে) দুপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।

জানা যায়, দুপুরের দিকে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কেন্দ্র কমিটির সভাপতি মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া সাহাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন যান। ওই সময় গণিত পরীক্ষা চলাকালে চার শিক্ষককে দায়িত্বে অবহেলার করতে দেখতে পান তিনি। পরে দায়িত্বে অবহেলার দায়ে এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে অভিযুক্ত চার শিক্ষককে অব্যাহতি দেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।

ইভটিজিংয়ের প্রতিবাদ করায়, শ্রেণিকক্ষে ঢুকে কলেজ ছাত্রকে কুপালো বখাটেরা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় শ্রেণিকক্ষে ঢুকে এক কলেজ ছাত্রকে কুপিয়ে আহত করেছে বখাটেরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, কলেজে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম নাইমুল হোসাইন রিফাত (১৮)। সে উপজেলার সোনাইমুড়ী কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী এবং সোনাইমুড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জহিরুল ইসলাম ভূঁইয়ার ছেলে।

মঙ্গলবার (৯ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সোনাইমুড়ী কলেজের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন আগে এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে ইভটিজিং করে বখাটেরা। তখন ওই ঘটনায় প্রতিবাদ করে রিফাত। এ ঘটনার জের ধরে দুপুর দেড়টার দিকে ৮-১০ জন বহিরাগত বখাটে সোনাইমুড়ী কলেজে প্রবেশ করে। এরপর তারা রিফাতের শ্রেণিকক্ষে প্রবেশ করে তাকে খুর দিয়ে কুপিয়ে জখম করে।

নোয়াখালী জেলা পরিষদের সদস্য মাহফুজুর রহমান বলেন, রিফাতের উপর হামলাকারীরা সবাই বখাটে বহিরাগত। রিফাত ইভটিজিং নিয়ে বখাটেদের বিরুদ্ধে কথা বলায় এই হামলার ঘটনা ঘটেছে। পরে কলেজের শিক্ষার্থীরা রাসেল নামে এক হামলাকারীকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে। রিফাত ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোনাইমুড়ী কলেজের অধ্যক্ষ কে এম শফিকুর রহমান বলেন, বহিরাগত বখাটেরা কলেজের শ্রেণি কক্ষে ঢুকে রিফাতকে শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। আমরা তখন যোহরের নামাজে ছিলাম। খবর পেয়ে তাৎক্ষণিক এসে ঘটনার মূল হোতা রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করি।

সোনাইমুড়ী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় উভয়ে আহত হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, কলেজে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। তাই এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদরাসার আবাসিক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত শিক্ষকের নাম হোজায়ফা (২২)। সে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ভবভদ্রী গ্রামের আমিন উল্যার বাড়ির মনিরুল আলম ভুঁইয়ার ছেলে।

মঙ্গলবার (৯ মে) বিকেলের দিকে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল সোমবার সন্ধ্যার দিকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মোহাম্মদিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে তার মাদরাসার শিক্ষক গত রোববার ৭ মে রাত ১১টার দিকে মাথা টিপার কথা বলে তার রুমে ডেকে নেয়। পরে তাকে কৌশলে বলৎকার করে ওই শিক্ষক। পরবর্তীতে ভিকটিমকে ২শত টাকা দেন কাউকে বিষয়টি না বলার জন্য।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

পরীক্ষায় নকল সরবরাহ: যুবকের কারাদন্ড ও ৩ শিক্ষককে অব্যাহতি

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের দায়ে এক যুবককে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে, নকলসহ এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার এবং দায়িত্ব অবহেলায় তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৭ মে) দুপুরের দিকে উপজেলার আমিশা পাড়া কৃষক উচ্চ বিদ্যালয়ের ও খলিলুর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে এ সব ঘটনা ঘটে।

দন্ডপ্রাপ্ত কাউসার আলম (২২) উপজেলার পাদিপাড়া গ্রামের খন্দকার বাড়ির মমিন উল্যার ছেলে।

জানা যায়, আমিশা পাড়া কৃষক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক আত্মীয়কে নকল সরবরাহ দায়ে কাউসার আলম নামে এক এক যুবককে আটক করে কেন্দ্রে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া । একই কেন্দ্রের দায়িত্বরত কেশারখিল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম ও আমিশাপাড়া শহীদ মুক্তিযোদ্ধা আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া এক পরিক্ষার্থীর পকেটে নকল পাওয়ায় তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।

অপরদিকে, উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ পরিক্ষা কেন্দ্রে নিজ দায়িত্বের অবহেলা করায় আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। পরে ওই শিক্ষক দায়িত্ব অবহেলা না করার শর্তে মুচলেকা প্রদান করেন।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পাবলিক পরীক্ষা অপরাধ আইনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।