Tag Archives: বিএনপি

দুধ দিয়ে গোসল করে আ.লীগ কর্মী যোগ দিলেন বিএনপিতে

দুধ দিয়ে গোসল করে আ.লীগ কর্মী যোগ দিলেন বিএনপিতে

ডেস্ক রিপোর্ট:

শরীয়তপুরে এক মণ দুধ দিয়ে গোসল করে হাসেম সরদার (৬০) নামে এক আওয়ামী লীগ কর্মী বিএনপিতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) শহরের ধানুকা এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসিরউদ্দিন কালুর বাসভবনের সামনে তিনি দুধ দিয়ে গোসল করেন।

হাসেম সরদারের দাবি- সর্বশেষ তিনি শরীয়তপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের-সহ সভাপতি ছিলেন।

তবে ওই কমিটিতে তার নাম দেখা যায়নি। তিনি আওয়ামী লীগের কর্মী বলে জানিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা।

এদিকে হাসেম সরদারের দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হাসেম সরদার নিজেই মাথায় দুধ ঢেলে গোসল করছেন। কেউ কেউ আবার তার মাথায় দুধ ঢেলে দিচ্ছেন। দুধ দিয়ে গোসল করার সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে হাসেম সরদার বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

হাসেম সরদার জানায়, প্রথমে ১০ কেজি দুধ এনে গোসল শুরু করলে আমার শুভাকাঙ্ক্ষীরা আরও ৩০ কেজি দুধ এনে দিলে সেই দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন।

হাসেম সরদার জানান, আমার বাবা সাধনা ঔষধালয়ে চাকরি করতেন। তখন ১৯৭১ সাল, আমার বয়স তখন ৬-৭ বছর। ছোট্ট বয়সে বাবার কাছে বায়না ধরেছিলাম ৭ মার্চের ভাষণ শুনতে যাব। বাবা বলেছিল, মিছিলে যে মানুষ হয়, তাতে পিষ্ট হয়ে অনেকে মারা যায়। তোমাকে আমি রাখব কোথায়! তখন বাবাকে বলেছিলাম আমি ট্রাক থেকে নামব না। তখন থেকে আমি আওয়ামী লীগের প্রোগ্রামে যাই। দীর্ঘদিন প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ ও ঢাকার সূত্রাপুরের নেতা নাছির ভাইয়ের সাথে রাজনীতি করেছি। সূত্রাপুর থানার ৮৩ নং ওয়ার্ড যুবলীগের নেতা ছিলাম। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের সাথে মিছিলে আমিও ছিলাম। তারপর গ্রামে আসার পর শরীয়তপুরের বর্তমান এমপি ইকবাল হোসেন অপুর সমর্থক হয়ে আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করেছি।

অপু সাহেব এমপি হওয়ার আগে বলেছিলেন, দুর্দিনের কর্মীদের মূল্যায়ন করবেন। কিন্তু তিনি তা করেননি। জীবনে ২১ বার জেল খেটেছি, ছয়টি বছর জেলে বন্দি ছিলাম আওয়ামী লীগ করার কারণে। আমাকে মূল্যায়ন করা হয়নি, পদ-পদবি দেওয়া হয়নি। মাটি কেটে খাই আমি। যে আওয়ামী লীগের জন্য এত কিছু করলাম সেই আওয়ামী লীগ আমাকে কিছুই দিলো না। রাগে, দুঃখে, ক্ষোভে আমি আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছি।

তিনি জানায়, সর্বশেষ আমাকে ধানুকার একটি ক্লাবে নিয়ে শরীয়তপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ঘোষণা করা হয়েছে মৌখিকভাবে। লিখিত কোনো অনুমোদন নেই ওই কমিটির। ওই কমিটির সভাপতি প্রার্থী ছিলাম আমি। ওই কমিটির সভাপতি এখন আবদুল আজিজ বেপারী। যে দল ১৪ বছর ক্ষমতায় থাকার পরও তৃণমূলকে মূল্যায়ন করতে জানে না, সেই দলকে প্রত্যাখ্যান করে দুধ দিয়ে ধুয়ে মুছে আমি বিএনপিতে যোগদান করেছি৷ জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন ও সাধারণ সম্পাদক সরদার নাছির উদ্দীন কালু ধানের শীষ হাতে দিয়ে আমাকে বরণ করে নিয়ে যে সম্মান দেখিয়েছেন তা আমি আওয়ামী লীগে কোনো দিন পাইনি।

শরীয়তপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ বেপারী জানায়, হাসেম সরদার আওয়ামী লীগের কর্মী। তিনি দলের পদধারী কোনো নেতা নন। তিনি যে দাবি করেছেন ৭ নং ওয়ার্ডের সহ-সভাপতি তা মিথ্যা। আওয়ামী লীগের কর্মসূচি থাকলে এলাকার লোক হিসেবে তাকে ডেকে নিয়ে আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ে যেতাম আমি। উনি দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন এটা সম্পূর্ণ উনার ব্যক্তিগত বিষয়। দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।

হাসেম সরদারের বিএনপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন জানায়, আওয়ামী লীগের এক নেতা দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে মাইকে ঘোষণা দিয়ে গতকাল তাকে আমরা বরণ করে নিয়েছি।

সূত্র: ঢাকা পোষ্ট

নিশিরাতের ভোট চোর সরকার শেষ পর্যন্ত আর নিজেদের রক্ষা করতে পারবে না: মির্জা ফখরুল

 

ডেস্ক রিপোর্টঃ

বর্তমানে দেশে আইনের শাসন নেই। সরকারের দমন-পীড়নে জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন ক্ষতবিক্ষত। তবে নির্মম কর্মকাণ্ড সংঘটিত করেও নিশিরাতের ভোট চোর সরকার শেষ পর্যন্ত আর নিজেদের রক্ষা করতে পারবে না। দেশের সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে জেগে উঠেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির গণসমাবেশে তিনি এসব দাবি করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু খালাস হওয়া মামলার হাইকোর্টের সাম্প্রতিক রায়ের প্রতিক্রিয়া জানিয়ে মির্জা ফখরুল বলেন, এ সরকার অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপির নেতাকর্মীদের প্রতিনিয়ত কারাগারে পাঠাচ্ছে। দেশে আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারও জীবনের নিরাপত্তা নেই। নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা, গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। বিরোধী দলের আন্দোলনকে স্তব্ধ করতে এবং বিরোধী নেতাকর্মীসহ সাধারণ নাগরিকদের মনে ভীতি সঞ্চার করতেই সরকার ফ্যাসিবাদী কায়দায় জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীম, সহ-সভাপতি শ্রী অমর কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ।

কোম্পানীগঞ্জে বিএনপির ৩৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলার ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৪৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে স্বেচ্ছাসেবকলীগ নেতার ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৯৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত পরিচয় আরো ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) রাতে হামলার শিকার কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

ওই মামলায় ক্ষমতাসীন দলের নেতাকর্মিদের হামলার শিকার উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনকে ৩নম্বর ও বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেলকে ১০ নম্বর আসামি করা হয়েছে।

এছাড়া মামলায় ২নম্বর আসামি করা হয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার,৪ নম্বর আসামি করা হয়েছে বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, ৮ নম্বর আসামি করা হয়েছে উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল এবং উপজেলা যুবদলের সদস্য সচিব জায়দুর রহমান রাজনকে ৬নম্বর আসামি করা হয়েছে।

মামলায় এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলায় হাসনা মওদুদ ও ফখরুল গ্রুপ আলাদা ভাবে বিভক্ত হয়ে নিজেদের কর্তৃত্ব ফলানোর জন্য গত কিছু দিন যাবত দফায় দফায় মারামারিতে লিপ্ত হয়ে কোম্পানীগঞ্জ এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর হোসেন বাড়ি থেকে ওষুধ কিনতে বসুরহাট বাজারে যায়। বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে বিএনপির নেতাকর্মিরা বহুদিন আওয়ামী লীগের লোককে পিটিনা বলে তার ওপর হামলা চালায়। ওই সময় হামলাকারীরা তাকে লোহার রড,হকিস্টিক ও লাঠিসোঠা দিয়ে পিটিয়ে আহত করে। তার পকেটে থাকা ২৩হাজার ৫শত টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীরের শৌরচিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিএনপি নেতাকর্মিরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে ও ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সাবেক এমপি হাসনা জসিম উদদীন মওদুদ অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগ নাকচ করে বলেন,বিনা উসকানিতে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার হাসপাতাল গেইটে বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক রাফেলকে লোহার রড দিয়ে মাথা পাটিয়ে দেয় যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মিরা। ওই সময় সেচ্ছাসেবকদল নেতা সাইমুনও হামলার শিকার হয়। পরে আহত যুবদল নেতা রাফেল ও সাইমুনকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে কোম্পানীগঞ্জ থানার সামনের সড়কে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনকে যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মিরা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মিরা বিএনপির নেতাদের ওপর হামলা করে উল্টো তাদের অপকর্ম ঢাকার জন্য বিএনপি নেতাদের নামে মামলা করেছে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইফুল হাসান রনি জানান,বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ওই সংঘর্ষের জের ধরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের ওপর বিএনপির নেতাকর্মিরা হামলা চালায়। বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে বিএনপির নেতাকর্মিরা তাদের নেতাদের ওপর হামলা চালায়।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) মো.আনোয়ার হোসেন জানান,বৃহস্পতিবার রাতে মো.আলমগীর হোসেন বাদী হয়ে ৯৩জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তবে এ বিষয়ে পরে জানাবেন বলে তিনি আর কোন মন্তব্য করেননি।

উল্লেখ্য,এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের হাসপাতাল গেইট ও থানার সামনের সড়ক ও কলেজ গেইটে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন (৪৯) ও বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল (৩৮) সেচ্ছাসেবকদল নেতা সাইমুন (২৫) ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেন (৪০) আহত হয়।

কোম্পানীগঞ্জে আ’লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলা, আহত বিএনপির ৪ নেতাকর্মী

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির ৪ নেতাকর্মীএবং স্বেচ্ছাসেবকলীগের এক নেতা আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলের দিকে উপজেলার হাসপাতাল গেইট ও বসুরহাট থানার সামনের সড়ক ও কলেজ গেইটে এই হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহতদের মধ্যে রয়েছে, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন (৪৯) ও বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল (৩৮) ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৩৭)।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সাবেক এমপি হাসনা জসিম উদদীন মওদুদ অভিযোগ করে বলেন,বিকেল ৫টার দিকে উপজেলার হাসপাতাল গেইটে বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক রাফেলের ওপর হামলা চালায় ক্ষমতাসীন দলের নেতাকর্মিরা। একপর্যায়ে লোহার রড দিয়ে তার মাথা পাটিয়ে দেয় যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মিরা। পরে যুবদল নেতা রাফেল কে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে কোম্পানীগঞ্জ থানার সামনের সড়কে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনকে যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মিরা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইফুল হাসান রনি জানান,বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ওই সংঘর্ষের জের ধরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের ওপর বিএনপির নেতাকর্মিরা হামলা চালায়। বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে বিএনপির নেতাকর্মিরা তাদের নেতাদের ওপর হামলা চালায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান সাংবাদিকদের জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে বিএনপি ও যুবদলের নেতারা আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপি বিদেশিদের প্রভাবিত করে আবারও ওয়ান ইলেভেনের স্বপ্ন দেখছে: কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আসুক বা না আসুক, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। বিএনপি বিদেশিদের প্রভাবিত করে আবারও ওয়ান ইলেভেনের স্বপ্ন দেখছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মনে মনে কলা খাচ্ছে। এ দুঃস্বপ্ন দেখে লাভ নেই। মঙ্গলবার (১৩ জুন) হাজারীবাগ মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

‘শেখ হাসিনা ও আওয়ামী লীগের সময় শেষ’- বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সময়টা কবে শেষ? এই শেষটা কবে হবে? গত ১৪ বছর ধরেই একই কথা বলছে বিএনপি।

লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, লোডশেডিং একেবারেই বন্ধ হবে। নিত্যপণ্যের দাম ও সংকট কমে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা ভাবেন, যা অন্য কেউ ভাবে না। জ্বালানি সমস্যা সমাধানেও প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে গেছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার অর্জনে মানুষ খুশি হলে বিএনপির মন খারাপ হয়। বিদেশিদের কাছে গিয়ে লাফালাফি করে ব্যর্থ হয়েছে বিএনপি। যারা সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ হবে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, দুই সিটি নির্বাচনে মানুষের অংশগ্রহণে বিএনপি হতাশাগ্রস্ত। তারা দুঃস্বপ্ন দেখেছিল যে সাধারণ মানুষও ভোট বর্জন করবে। আওয়ামী লীগ পরাজিত হলে বিএনপি বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এছাড়া কখনোই তারা সুষ্ঠু নির্বাচনের কথা স্বীকার করবে না।

ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে উচ্চ আদালত। উন্নত বিশ্বের কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকারের মতো আজব সরকার আর কোথাও নেই। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মনে মনে কলা খাচ্ছে। তারা বিদেশিদের প্রভাবিত করে আবারও ওয়ান ইলেভেনের স্বপ্ন দেখছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মানুষ পোড়াবে, দেশে বিশৃঙ্খলা করবে এমন তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রয়োজন নেই।

বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র যে শুধু বিদেশিরাই করে তা নয়, বিদেশিরা যেন ষড়যন্ত্র করতে পারে তার জন্য আমাদের দেশীয় কিছু সাহেব তাদের কান ভারি করছেন। এরা গিয়ে বিদেশিদের বলেন বাংলাদেশের মানুষ বড় কষ্টে আছে, বহু অত্যাচারে আছে। কই কষ্ট, কই অত্যাচার?

রোববার (৩০ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার টি. আলী কলেজ মাঠে এবি ব্যাংক লিমিটেড আয়োজিত কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী বলেন, বিএনপির এক নেতা নাকি বলেছেন বাংলাদেশে নির্বাচন বা বাংলাদেশের ভাগ্য ও সমস্যা বাংলাদেশের লোকজন মেটাতে পারবে না। দুই দল আওয়ামী লীগ-বিএনপিও মেটাতে পারবে না। এটা মেটাতে নাকি যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যকে লাগবে। অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ। বাংলাদেশে কী হবে, না হবে সেটা বাংলাদেশের জনগণ বুঝবে এবং চাইবে। আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের স্বাধীনতার উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মন্ত্রী আরও বলেন, একটা কথা সঠিক, আমরাও সেটা বুঝি। আমরাও চেষ্টা করি সেটা লাঘব করার। জিনিসপত্রের দাম বেড়েছে। মানুষের কষ্ট হচ্ছে আমরা জানি। কিন্তু এটা কেন হচ্ছে? এই দামতো পাঁচ বছর আগে বাড়েনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সবকিছুর দাম এখন ঊর্ধ্বগতি। যুদ্ধের কারণে সারাবিশ্ব এই জায়গায় পৌঁছেছে।

এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খান ও কৃষি কর্মকর্তা হাজেরা বেগম প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ১৮০০ কৃষককে ১৭ কোটি টাকা ঋণ দেওয়া হয়।

অগ্নিকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় সরকারের : মির্জা ফখরুল

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের চাঁদাবাজির কারণে মার্কেটগুলো অরক্ষিত- এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু হলেই খোঁজেন বিএনপি আগুন ধরিয়ে দিচ্ছে। অথচ সরকারের লোকেরাই বঙ্গবাজারে আগুন লাগিয়েছে, ব্যবসায়ীরা তাই বলেছে। অগ্নিকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় সরকারের।

তিনি বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি থেকে মানুষের দৃষ্টি সরাতেই সরকার নিজেই আগুন লাগাচ্ছে, উল্টো বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সারের দাম নিয়ে মির্জা ফখরুল বলেন, এখনও সময় আছে সারের দাম কমান, ধানের দাম বাড়ান। অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সারের দাম বাড়ানোর মধ্যে দিয়ে কৃষকদের চরম অবহেলা করা হয়েছে। সারা পৃথিবীতে কৃষিতে ভর্তুকি দেওয়া হলেও আমাদের সারের দাম বাড়ানো হয়েছে আইএমএফ এর শর্ত পূরণে। কৃষকদের গলা চেপে ধরার জন্য সারের দাম বৃদ্ধি।’

কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন – সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।

চৌদ্দগ্রামে নৌকার মাঝি হতে চায় ৭ নেতা, মাঠে আছে বিএনপি-জামায়াত-জাপার ৭ জন

স্টাফ রিপোর্টার:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) নির্বাচনী আসনের রাজনৈতিক দলগুলো। চলতি বছর ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারির মাঝামাঝি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে চৌদ্দগ্রামে এবার এমপি প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন প্রত্যাশী পুরাতন নেতাদের পাশাপাশি নতুন নেতৃত্বের নেতারাও আছেন অনেকে।

একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত চৌদ্দগ্রাম উপজেলা। এখানে নারী-পুরুষ ভোটার সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ৪১৫। এই আসনে এবার এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ১৩ জন। এই নেতারা হলেন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন বর্তমান সংসদ সদস্য চারবারের এমপি ও সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী,তিনবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়া হাসান, দু’বারের সাবেক পৌর মেয়র মো. মিজানুর রহমান, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য মো. তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, কেন্দ্রীয় কৃষকলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান মিয়াজি, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. জসিম উদ্দিন।

এদিকে জামায়াত তথা বিএনপি জোটের প্রার্থীদের মধ্যে মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক এমপি ও কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. মহিউদ্দিন ভূঁইয়া মাসুম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি (এরশাদ) আলহাজ মো. খায়েজ আহমেদ ভূঁইয়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আলমগীর কবির মজুমদার (এরশাদ), বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সহসভাপতি কাজী জহিরুল কাউয়ুমের নাতি ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ভাতিজা কাজী মো. নাহিদ।

মনোনয়ন পাওয়ার জন্য এই প্রার্থীরা বর্তমানে নির্বাচনী এলাাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে সভা-সেমিনার করে বেড়াচ্ছে। রাজনৈতিক আড্ডায় ও চায়ের দোকানে শোনা যাচ্ছে এই প্রার্থীদের নাম। এই সম্ভাব্য প্রার্থীরা যে যখন সুযোগ পাচ্ছেন উপজেলায় আসছেন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় আ’লীগ সূত্র জানায়, আ’লীগের একাধিক প্রার্থী থাকলেও এমপি মুজিব ছাড়া  মনোনয়ন লড়াইয়ে বেশ আলোচনায় রয়েছেন তিনবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়া হাসান। তিনি প্রকাশ্যে নির্বাচনে অংশগ্রহণের কথা না বললেও তাঁর নেতাকর্মীরা চান, রাজনীতির মাঠের সিনিয়র ও সক্রিয় এই নেতা নৌকার মাঝি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করুক।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মো. মাহফুজুর রহমান বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করবে না। দল যদি নির্বাচন করতে ইচ্ছুক হয় তাহলে আমরা প্রস্তুত আছি। গত ১৫ বছর আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় চৌদ্দগ্রামে বিএনপির ১০ হাজার নেতাকর্মীর নামে শতাধিক মামলা হয়েছে। মামলা-হামলার পরও জামায়াত মাঠে অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে চৌদ্দগ্রামে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিপুল ভোটে বিজয় লাভ করবেন বলে আশাবাদী স্থানীয় নেতৃবৃন্দ ।

অন্যদিকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমতুল্লাহ বাবুল বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠন করার জন্য আওয়ামী লীগের বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। মো. মুজিবুল হক এমপির নির্দেশে উপজেলা সদর থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে সমাবেশ প্রায় শেষের দিকে রয়েছে। যারা নির্বাচনী পরিবেশকে অশান্ত করার পাঁয়তারা করছে, তারা চৌদ্দগ্রামের নন, তারা ঢাকার নেতা।

দু’বারের সাবেক পৌর মেয়র মো. মিজানুর রহমান বলেন, চৌদ্দগ্রামের মানুষ এখন পরিবর্তন চায়। আ’লীগ দলীয় নেতাকর্মীদের কন্ঠরোধ করতে তাদের মামলায় জড়িয়ে দেয়া হচ্ছে। দলীয় গ্রুপিংয়ের কারণে এ অবস্থা। চৌদ্দগ্রামের রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে। চৌদ্দগ্রামের রাজনীতির পরিবেশ সুষ্ঠু-সুন্দর করার লক্ষ্যে এবং আধুনিক উন্নয়নমুখি চৌদ্দগ্রাম গড়ে তোলার লক্ষ্যে আমি কাজ করবো। আমি দলীয় মনোনয়ন প্রত্যাশি। জনগণের চাওয়া-পাওয়া, কথার মূল্যায়ণ যদি হয়, তাহলে আমি নৌকার মনোনয়ন পাবো ইনশাল্লাহ। বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠ জরিপ করছে। আশা করি মাঠের প্রকৃত অবস্থা নীতিনির্ধারকরা জানেন। সর্বোপরি আমাদের অভিভাবক প্রধানমন্ত্রীর শেষ সিদ্ধান্তই আমরা মেনে চলবো।

চৌদ্দগ্রামের রাজনীতি নিয়ে জানতে সাংসদ মুজিবুল হক মুজিবের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, ১৯৯৬ সালে এই আসনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নৌকা মার্কায় ভোটে জয়লাভ করে সংসদ সদস্য হন বর্তমান এমপি মো. মুজিবুল হক। পরবর্তী সময়ে ২০০১ সালে সংসদ নির্বাচনে তিনি হেরে যান। এই আসনে জয়লাভ করেন জামায়াতের সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ২০০৮ সালে জাতীয় নির্বাচনে জামায়াতের দুর্গখ্যাত চৌদ্দগ্রামের আসনটিতে নৌকা বিজয়ী হয়। এরপর আর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়নি জামায়াতে ইসলামী। জামায়াত টানা ১৫ বছর ক্ষমতার বাইরে থাকার কারণে এখানে আওয়ামীলীগের ভিত্তি এখানে মজবুত ।

২৬ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় এলডিপির প্রেসিডেন্ট ও মহাসচিবের নিন্দা

 

চান্দিনা প্রতিনিধিঃ

পুলিশের উপর হামলা মামলায় কুমিল্লা আদালতে বিএনপি ও এলডিপি’র ২৬ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এলডিপি প্রেসিডেন্ট ও মহাসচিব।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে এলডিপি প্রেসিডেন্ট কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ও মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর বরাদ দিয়ে দলটির য্গ্মু মহাসচিব সালাউদ্দিন রাজ্জাক ওই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

তারা বলেন, গত ২৫ ফেব্রুয়ারি বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ের জন্য সারা দেশে জেলায় জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হয়। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপিও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহত্তর কুমিল্লা, বরিশাল এবং খুলনা বিভাগ ছাড়া অন্যন্য বিভাগের ১০ দফার সমর্থনে কর্মসূচি ঘোষণা করা হয়। ২৫ ফেব্রুয়ারিতে এলডিপি ঘোষিত পদযাত্রা কর্মসূচি ২৫ ও ২৬ তারিখ দেশের প্রায় সকল জাতীয় দৈনিকের প্রিন্ট এবং অনলাইনে জেলা ভিত্তিক ছবিসহ খবর প্রচারিত হয়।

ওই নির্ধারিত তারিখে কুমিল্লাসহ তিন বিভাগে যেহেতু এলডিপি’র কোন কর্মসূচী ছিল না সেহেতু চান্দিনাতে বিএনপি’র ওই কর্মসূচীর সাথে এলডিপি’র কোন নেতা-কর্মীও অংশ করেনি এবং করতে পারে না। সেইদিন চান্দিনা তথা কুমিল্লাতে বিএনপি’র একক কর্মসূচী ছিল। কিন্তু সেই কর্মসূচীর ঘটনায় ভুতুড়ে মামলা দায়ের করে এলডিপি’র নেতা-কর্মীদের জড়িয়ে দেওয়া সম্পূর্ণ উদ্দেশ্যে প্রণোদিত এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। ওই মামলায় এলডিপি নেতা-কর্মীরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে ১১ এপ্রিল কুমিল্লার জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু তাদেরকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর বিষয়টি অত্যন্ত দুঃখ জনক। এ ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি কামনা করছি।

প্রসঙ্গত, ২৫ ফেব্রুয়ারী বিএনপি’র কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবীতে জেলায় জেলায় বিএনপি’র পদযাত্রা কর্মসূচীতে চান্দিনার কুটুম্বপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। ওই ঘটনায় বিএনপি’র সাথে এলডিপি’র নেতাদেরও আসামী করা হয়। ১১ এপ্রিল তারা কুমিল্লা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন তাদের জামিন না মঞ্জুর করে এলডিপি’র ৯ বিএনপি’র ১৭ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করে ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায় সরকার: মির্জা ফখরুল

 

ডেস্ক রিপোর্টঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার দখলদারিত্বের সরকার। তারা নির্বাচিত নয়। ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করে ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায় তারা।’ মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর লেকশোর হোটেলে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার রাষ্ট্রের যে আত্মা সেই আত্মার মূল চরিত্রকে ধ্বংস করে ফেলেছে। গণতান্ত্রিক আত্মাকে তারা নষ্ট করে ফেলেছে। তারা তাদের কথা বলবে না। নিজেদের অভিযোগগুলো বলবে না, লিখবে না। সাংবাদিকরা যেন না লিখে সেজন্য এই ডিজিটিাল নিরাপত্তা আইনের মতো আইন করা হচ্ছে। ঠিক একইভাবে অন্যান্য আইন দিয়ে প্রতিপক্ষকে দূরে রেখে নির্বাচনে পার হয়ে যেতে চায়।’

তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে নাগরিকদের প্রতিহত করা হচ্ছে। যেন কেউই রুখে দাঁড়াতে না পারে, তাদের অন্যায়ের প্রতিবাদ করতে না পারে। তারা তাদের মতো করে এখনো রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। এ থেকে পরিত্রাণের একমাত্র পথ এদেরকে সরাতে হবে। এর কোনো বিকল্প নেই। এটা দেশের দাবি, জনগণের দাবি।’

ডয়েচে ভেলের প্রতিবেদন নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘র‌্যাবের ঘটনা নিয়ে একটা ভিডিও গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে নাফিজ নামে একজন সাক্ষ্য দিয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একটাই লক্ষ্য নাগরিকদের কথা বলতে দেওয়া হবে না, নাগরিকদের অধিকার প্রয়োগ করতে দেওয়া হবে না।’

সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, গণঅধিকার পরিষদের ড. রেজা কিবরিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, এনডিপির ফরিদুজ্জামান ফরহাদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, আলোকচিত্রী শফিকুল ইসলাম কাজল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুতফর রহমানসহ আরও অনেকে।