Tag Archives: মুম্বাই

পাহাড়ি রাস্তা থেকে বাস গিরিখাতে, ১২ জনের মৃত্যু

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের মুম্বাই-পুনে হাইওয়ের পাহাড়ি রাস্তা থেকে বাস গিরিখাতে পড়ে ১২ জনের মৃত্যু হয়েছে, এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন অন্তত ২৮ জন।

ভারতীয় সংবাদ মাধ্যম ডিএনএ জানিয়েছে, আজ শনিবার স্থানীয় সময় ভোর ৪টা ৫০মিনিটে মহারাষ্ট্রের রায়গড় জেলার পুরানো মুম্বাই-পুনে হাইওয়ে থেকে পড়ে খোপোলি থানার সীমানায় স্থানীয় শিংরোবা মন্দিরের কাছে এই বাস দুর্ঘটনা ঘটেছে। এটি প্রাইভেট বাস ছিল এবং একটি সঙ্গীত দলের সদস্যদের বহন করে পুনে থেকে মুম্বাই যাচ্ছিল।

বাসটি মুম্বাইয়ের গোরেগাঁও থেকে ‘বাজি প্রভু বাদক গ্রুপ’ নামের একটি সঙ্গীত গ্রুপ এর সদস্যদের নিয়ে যাচ্ছিল। তারা পুনে জেলার পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে গোরেগাঁও ফিরছিল। আজ শনিবার রাত ১টার দিকে বাসটি অনুষ্ঠানস্থল ছাড়ে। দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে।

মৃত ও আহত ব্যাক্তিরা বেশিরভাগই মুম্বাইয়ের সাইন, গোরেগাঁও এবং পার্শ্ববর্তী পালঘর জেলার ভিরারের বাসিন্দা। আহতদের স্থানীয় খোপোলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত ও আহতদের সবার বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। স্থানীয় পুলিশের একটি দল এবং একটি ট্র্যাকার গ্রুপ এখনও উদ্ধার অভিযানে নিয়োজিত আছে। খোপোলি শহরটি মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত।

এবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বাপ্পি লাহিড়ী

 

বিনোদন ডেস্কঃ

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। বর্তমানে তাকে ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) বাপ্পি লাহিড়ীর মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এ তথ্য জানিয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্ম হলেও বাপ্পি লাহিড়ী এখন বলিউডের ‘ডিস্কো কিং’। বিগত কয়েক বছর ধরে মুম্বাইতে পরিবারের সঙ্গেই থাকেন তিনি।

বাপ্পির মুখপাত্র জানিয়েছে, করোনা-সংক্রান্ত সব সতর্কতা নিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। কিন্তু তারপরও করোনার কবল থেকে বাঁচতে পারেননি। বয়সের কথা মাথায় রেখেই ৬৮ বছর বয়সী এই শিল্পীকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

বাপ্পি লাহিড়ীর মেয়ে রেমা জানিয়েছে, তার শরীরে করোনার উপসর্গ দেখামাত্রই হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েক দিনে বাপ্পি লাহিড়ী এবং তার পরিবারের সংস্পর্শে যারা এসেছেন, তাদের প্রত্যেককে করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন রেমা। পাশাপাশি বাপ্পি লাহিড়ীর আরোগ্য কামনার জন্য দেশ ও বিদেশের অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন শিল্পীর কন্যা।

শরীরের ডান দিক প্যারালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে ‘আশিকি’ অভিনেতা রাহুল রায়ের

 

বিনোদন ডেস্কঃ

সোমবার কার্গিলে শ্যুটিং চলাকালীন ব্রেন স্ট্রোক করেছিলেন ‘আশিকি’ অভিনেতা রাহুল রায়। তড়িঘড়ি তাকে মুম্বাই উড়িয়ে এনে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।তবে অবস্থা স্থিতিশীল হলেও শঙ্কার মেঘ এখনও কাটেনি।

হাসপাতাল সূত্র জানায়, বলিউড তারকা এখন আইসিইউতে রয়েছেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন অভিনেতা। কিন্তু তার শরীরের ডান দিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ডান দিকটি প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাহুলের শ্যালক রমীর সেন জানান, তারা সবসময় রাহুলের পাশে রয়েছেন। চিকিৎসকরাও যথাসাধ্য চেষ্টা করছেন। তবে রাহুলের অ্যাফাসিয়া ধরা পড়েছে। এই রোগে কোনও বাক্য গঠন করতে বা তা বুঝতে অসুবিধা হয়। তার ডান হেমিস্ফিয়ারে অ্যাটাক হওয়ায় অভিনেতার মুখের ডান দিক এবং ডান হাতটি কর্মক্ষমতা হারিয়েছে। ফলে ওষুধের সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপির প্রয়োজন রয়েছে। রাহুল রায়ের ভক্তদের কাছে তার আরোগ্য কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, কার্গিলে ‘LAC- লিভ দ্য ব্যাটল’ নামে একটি ছবির শ্যুটিং করছিলেন রাহুল রায়। অসম্ভব ঠান্ডার কারণেই ৫২ বছরের এই অভিনেতার মস্তিষ্কে আচমকা রক্তক্ষরণ শুরু হয়। ব্রেন স্ট্রোকের আশঙ্কাতেই তৎক্ষণাৎ অভিনেতাকে শ্রীনগরে আনা হয়। সেখান থেকে মুম্বাই।

১৯৯০ সালে বলিউডে আর্বিভাব রাহুল রায়ের। প্রথম ছবি মহেশ ভাটের ‘আশিকি’। ডেবিউ ছবিই সুপার-ডুপার হিট। রাহুলের গোটা ক্যারিয়ারে সব থেকে হিট ছিল ওই ছবিটিই। আশিকি ছবির গান এখনও লোকের মুখে মুখে ঘোরে। রিমেক করা হলেও প্রথম আশিকি-ই এখনও দর্শকদের কাছে প্রিয়। আশিকির পরও অনেক ছবি করেছেন রাহুল। তার মধ্যে রয়েছে, ‘জুনুন’, ‘জনম’, ‘স্বপ্নে সাজন কে’ ৷

২০০৫ সালে বিগ বস-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন রাহুল রায়। ২০১৭ সালে বিজেপির হয়ে রাজনীতিতে যোগ দেন এই অভিনেতা।
সূত্র: নিউজ১৮