স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় শাটারবিহীন দোকান থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের বাখরনগর এলাকার ধনুমিয়া মার্কেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাছির মিয়ার বাড়ি কুমিল্লা দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ী এলাকায়।
স্থানীয় সূত্র জানান, ধনুমিয়া মার্কেটের শাটারবিহীন একটি দোকানে মানসিক ভারসাম্যহীন নাছির মিয়ার গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের বাবা আবদুল আউয়াল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। হত্যার কারণ উদঘাটন করে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে ।