Tag Archives: রাজনীতি

বিএনপির রাজনীতি করার অধিকার নেই : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, আর ওদের রাজনীতি মানুষ হত্যায়। তাদের কী মানুষ চায় বলেন? তাদের মানুষ চায় না।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা যখন জনগণের জন্য উন্নয়ন করি, তখন ওই বিএনপি-জামায়াত করে অগ্নিসন্ত্রাস। রেললাইনের ফিস প্লেট ফেলে দিয়ে, বগি ফেলে দিয়ে মানুষ হত্যার ফাঁদ পাতে। রেলে আগুন দিয়ে পুড়িয়েছে। মা-সন্তানকে বুকে জড়িয়ে রেখেছে- এই অবস্থায় আগুনে পুড়ে কাঠ হয়ে গেছে। এই দৃশ্য পুরো বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। আসে আগুন, গাড়িতে আগুন, ঠিক ২০০১ সালে শুরু করেছিল। এরপর ১৩-১৪ একই ঘটনা ঘটায়। এখন আবার অগ্নিসন্ত্রাস শুরু করেছে। আমি ধিক্কার জানাই বিএনপি-জামায়াতকে।

শেখ হাসিনা বলেন, আজকে আমি বরিশালে উপস্থিত হয়েছি। ৭ জানুয়ারি নির্বাচন, সেই লক্ষে এখানে উপস্থিত হয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শূন্য হাতে বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু করেছিলেন। তিনি যখন দায়িত্ব নেন তখন মাথাপিছু আয় ছিল ৯১ ডলার। তিনি দায়িত্ব নেওয়ার তিন বছরের মধ্যে তা ২৭৭ ডলারে উন্নীত করেন। তিনি অসহায়দের জন্য অকাতরে সব বিলিয়ে দেন। কিন্তু ১৯৭৫ সালে জাতির জনককে হত্যা নয় মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছিল। এরপর অবৈধভাবে জিয়া, এরশাদ ক্ষমতায় আসে। তারা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে ১৯৯৬ থেকে ২০০১ উন্নয়নে দেশের সোনালী সময় ছিল। দুর্ভাগ্য চক্রান্ত করে ২০০১ সালে আমাকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। বরিশালে নেতাকর্মীদের যে নির্যাতন করা হয়েছিল তা অবর্ননীয়। ২০০১ থেকে ২০০৬ ছিল মানুষের সবচেয়ে বড় অন্ধকার যুগ। বরিশাল থেকে ২৫ হাজার লোক গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছিল।

প্রধানমন্ত্রী আরো বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। বিএনপির দুঃশাসনে জনগণ তাদের প্রত্যাখ্যান করে আমাদের ক্ষমতায় রেখেছে। আজ ২০২৩ সাল, আমরা বদলে যাওয়া বাংলাদেশে। আজকে দুর্ভিক্ষ নেই, মঙ্গা নেই। যে মানুষ একবেলা খেতে পারতো না। তারা তিন বেলা খেতে পারছে। বই বিনামূলে বিতরণ করছি। অসহায়দের ভাতা দিচ্ছি। আজকে ১০ কোটি মানুষ উপকারভোগী। আমরা বিশেষ প্রণোদনা দিয়ে শিল্প কলকারখানা চালিয়ে আসছি। ১০ টাকায় কৃষকরা অ্যাকাউন্ট খুলতে পারে। ১ কোটি ২ লাখ কৃষক অ্যাকাউন্ট খুলে ভর্তুকির টাকা পাচ্ছে।

তিনি আরও বলেন, বরিশাল এক সময় ছিল শস্য ভান্ডার। আবার আমরা সেই ভান্ডারের সুনাম ফেরাতে সাইলো নির্মাণ করছি।

বিএনপি আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে :পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘বিএনপি আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে। তাদের উচিত ছিল নির্বাচনে অংশ নেওয়া। তারা নির্বাচনে না এসে রাজনৈতিকভাবে বড় ভুল করেছে। তারা বরং বিদেশি দেশগুলোর কাছে নালিশই দিচ্ছে। এ জন্য বিএনপি হচ্ছে নালিশপার্টি।’

আজ মঙ্গলবার নগরীর ধোপাদিঘির এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘এবারের নির্বাচন একটা বড় চ্যালেঞ্জ। কারণ বিএনপি নির্বাচন নস্যাৎ করতে যা যা করার তা করছে। তারা আগের মতো অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা ও অবরোধ চালিয়ে যাচ্ছে। দেশের সম্পদ নষ্ট হচ্ছে। ৭ জানুয়ারি দলে দলে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে প্রমাণ করতে হবে দেশবাসী তাদের সঙ্গে নেই।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পৃথিবীর অনেক লোক সিলেট-১ আসনের দিকে তাকিয়ে আছে। আমরা সিলেট-১ আসনে সবচেয়ে বেশি ভোট ফেলতে পারি তাহলে আমাদের জন্য ভালো। সিলেট-১ আসনের দিকে সারাবিশ্ব তাকিয়ে আছে। সবাইকে ভোটকেন্দ্রে নিয়ে এসে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে সারাবিশ্বকে প্রমাণ করতে হবে আমরাও পারি। আমরা বিজয়ের জাতি।’

ড. মোমেন বলেন, ‘আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসছেন। আমরা ভালো উপস্থিতি দেখাতে চাই। কারণ শেখ হাসিনার অনুগ্রহে সিলেটের এতো উন্নয়ন হয়েছে। সবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যার কারণে।’

নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদসহ আরও অনেকে।

বিএনপি গণতন্ত্রের নামে লাশের রাজনীতি করছে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের নামে বিএনপি লাশের রাজনীতি করছে। এদেশের রাজনীতিতে মানুষ পুড়িয়ে মারার যে পৈশাচিকতার প্রচলন বিএনপি করেছে, তা সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পরিপন্থি। সরকারের দায়িত্ব হলো জনগণের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা। জনগণের নিরাপত্তা সুরক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, ‘বিএনপি তথাকথিত রাজনৈতিক কর্মসূচি ও অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। গণতন্ত্রবিরোধী অপশক্তি বিএনপির গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করার শক্তি ও সামর্থ্য নেই বলেই তারা বরাবরের মতো অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মতো অগ্নিসন্ত্রাসের মাধ্যমে আগুনের লেলিহান শিখায় পোড়াচ্ছে সারা দেশ; মেতে উঠেছে নির্বিচার ভাঙচুর ও সহিংসতায়।’

তিনি জানায়, ‘অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, অর্থনৈতিক স্থিতিশীলতাকে বিনষ্ট করা, মানুষ হত্যা ও যানবাহনে অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক অপরাজনীতি চালিয়ে যাচ্ছে বিএনপি। তথাকথিত সরকার পতনের আন্দোলন ব্যর্থ হওয়ায় তাদের অন্তরের জ্বালা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ব্যর্থতার সেই আগুনে তারা বাংলার জনগণের আগামীর সম্ভাবনাকে পুড়িয়ে ছাই করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের অগ্নিসন্ত্রাস থেকে জীবন্ত-ঘুমন্ত মানুষ এবং নারী ও শিশু কেউই রেহাই পাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসী সংগঠন বিএনপি নেতারা ভার্চুয়াল সংবাদ সম্মেলনের নামে লাগাতার মিথ্যা, অপপ্রচার ও গুজব সৃষ্টি করছে। তাদের নেতাকর্মীদের সন্ত্রাস সৃষ্টির নির্দেশনা দিচ্ছে। একই সঙ্গে বিএনপি নেতারা তাদের দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও গুমের মিথ্যা অভিযোগ উত্থাপন করছে। বিএনপির ক্যাডার বাহিনীর যারা যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর, সন্ত্রাস ও নাশকতা চালাচ্ছে, তারা নিজেরাই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকছে। অথচ বিএনপি সরকারের বিরুদ্ধে বরাবরের মতো গুমের মিথ্যা অভিযোগ উত্থাপন করছে।’

‘আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক নেতাকর্মী বিবেচনায় নয়, কেবলমাত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করছে। কোনো সন্ত্রাসী আত্মগোপনে থাকলে, তার দায় সরকারের ওপর চাপানো যায় না। আওয়ামী লীগ কখনো গুম, খুন, অগ্নিসন্ত্রাস ও বিরোধী দল দমনের রাজনীতি করে না। গুম, খুন ও সন্ত্রাসের রাজনীতি হলো বিএনপির মজ্জাগত আদর্শ। বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান এদেশে গুম ও খুনের অপরাজনীতির প্রচলন করেছিল।’

‘তৎকালীন সময়ে ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা মাহফুজ বাবুকে গুমের মধ্য দিয়ে এই ধারার সূচনা করে বিএনপি। সামরিক স্বৈরশাসক জিয়া ১৯৭৯ সালে বঙ্গবন্ধুর সময়ের দেড় শতাধিক আওয়ামী লীগ দলীয় জাতীয় সংসদ সদস্যকে জেলে বন্দি রেখে নির্বাচন আয়োজন করেছিল। এছাড়া আওয়ামী লীগের অর্ধশতাধিক সাবেক মন্ত্রী-এমপিদের প্রার্থিতা বাতিল করে প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করেছিল। ২০০১-০৬ বিএনপি-জামায়াতের আমলে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। তারা সংবিধান পরিপন্থি অপারেশন ক্লিনহার্টের মাধ্যমে শত শত মানুষকে হত্যা করেছিল।’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। জনগণের শাসন প্রতিষ্ঠায় আওয়ামী লীগ প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্রবিরোধী অপশক্তির যেকোনো ষড়যন্ত্র, নাশকতা, ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা বিশ্বাস করি যে, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে জীবনমানের উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়ন-সমৃদ্ধির চলমান অগ্রগতিকে যেকোনো মূল্যে সমুন্নত রাখবে জনগণ।’

রাজনীতি নয়, বিএনপি নেতাদের গ্রেপ্তার অপরাধ সংশ্লিষ্টতায়: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বিএনপি নেতাদের রাজনৈতিক কারণে নয়, অপরাধজনিত সংশ্লিষ্টতায় গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তার সঙ্গে সাক্ষাৎ করেন।

আইজিপি কেন এসেছিলেন- এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করেছি।

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, না, মামলা নিয়ে কোনো আলোচনা হয়নি।

বিএনপির বড় বড় নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। এতে রাজনৈতিক সমস্যা সমাধান হবে কি না? এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমার মনে হয়, এ প্রশ্নের জবাব সঠিকভাবে যে জায়গায় পাবেন সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার কাছে এটার কোনো উত্তর নেই।

রাজনৈতিক সংকটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের (বিএনপি নেতা) রাজনৈতিক কারণে ধরা হয়নি, অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে। রাজনীতির সঙ্গে এটার কোনো সংযোগ নেই।

রাজনীতি থেকে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে : সেতুমন্ত্রী

রাজনীতি থেকে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে : সেতুমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাঝে মধ্যে বড় কষ্ট লাগে, আমার দেশের রাজনীতি থেকে কেন যেন মনে হয় ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। শাহজাহান কামালের মতো একজন ভালো মানুষ রাজনীতিতে বিরল। তাকে হারানো মানে, আমরা একজন ভালো মানুষকে হারালাম। রাজনীতিবিদ হিসেবে তার আদর্শ গুণাবলি আমরা মনে রাখব এবং অনুসরণ করব। আব্দুস সাত্তারও ভালো মানুষ ছিলেন। এ দুই নেতার মৃত্যুতে আমরা দুজন ভালো মানুষ হারালাম।

শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউর ন্যাম ভবন প্রাঙ্গণে দুই এমপির মরদেহে শ্রদ্ধা শেষে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের জানান, আমরা এখানে নামাজে জানাজার শামিল হয়েছি। আমাদের পার্টির পক্ষ থেকে ফুল দিয়েছি। আমাদের পার্টির প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে রয়েছেন, তিনি শোকবার্তা পাঠিয়েছেন।

তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে শাহজাহান কামাল আমার খুবই ক্লোজলি রিলেটেড ছিল। তিনি ছাত্রনেতা থেকে পরে মন্ত্রী। একাত্তরের মুক্তিযোদ্ধা ছিলেন। একজন সাচ্চা আদর্শবান মানুষ ছিলেন। আব্দুল সাত্তারও একজন ভালো মানুষ হিসেবে তার এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন। তিনি জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়েছেন।

দেশের আগুন-নাশকতায় বিএনপি জড়িত: ওবায়দুল কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুল সাহেব আজকাল ঘন ঘন আগুনের কথা বলেন। এই আগুন ও সন্ত্রাস- দুটোই তারা সৃষ্টি করেছেন। আমাদের সন্দেহ, দেশে এখন আগুন নিয়ে যে নাশকতা হচ্ছে, সে নাশকতার সঙ্গে বিএনপি যুক্ত। আগুন নিয়ে যারা নাশকতা করছে তাদের অতীতের ইতিহাস আগুন-সন্ত্রাস। এই ইতিহাস এদেশের মানুষ ভুলে যায়নি।’

আজ শনিবার (৮ এপ্রিল) বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এই রমজানে ৩৬৫টি কর্মসূচি দিয়েছে। বিভিন্ন থানায় রাস্তা বন্ধ করে, অবরোধ করে, রমজানে মানুষকে কষ্ট দিয়ে যে রাজনীতি করছে, তা গণবিরোধী রাজনীতি। সেই রাজনীতি মানুষের রাজনীতি নয়।’

সেতুমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) বিশৃঙ্খলা সৃষ্টির কর্মসূচির ডাক দিয়েছে। এটাই তাদের রাজনীতি। যারা এই দেশে আগুন সন্ত্রাস করে, সন্ত্রাসী হিসেবে চিহ্নিত, সবার কাছে পরিচিত, সেই বিএনপি এখন আগুনের কথা বলে। বিএনপি এই রমজানে ৩৬৫টি কর্মসূচি দিয়েছে। বিভিন্ন থানায় রাস্তা বন্ধ করে, অবরোধ করে, রমজানে মানুষকে কষ্ট দিয়ে যে রাজনীতি করছে, তা গণবিরোধী রাজনীতি।’

ফখরুল-আব্বাসকে কারাগারে প্রেরণের আদেশ

অনলাইন ডেস্ক:

পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৯ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার বিকেল ৪টা১০ মিনিটে ডিবির কার্যালয় থেকে তাদের আদালতে আনা হয়। এসময় কোর্ট প্রাঙ্গণে ক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। ‘খালেদা জিয়ার মুক্তি’, ‘পার্টি অফিসে গুলি কেন’ সহ বিভিন্ন ধরনে স্লোগান দেন তারা।

এরও আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখায় ডিবি। এ বিষয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে বুধবারের (৭ ডিসেম্বর) ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেফতার করা হয়েছে।

৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অনেকে। এসময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল-ডাল, পানি, নগদ টাকা ও বিস্ফোরকদ্রব্য পাওয়া যায় বলে জানায় পুলিশ। সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করে পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপি চেয়ারপাসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।

দেবিদ্বারে চেয়ারম্যানের গাড়িবহরে হামলার মামলায় বাদি ছাত্রদল নেতা !

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবীদ্বারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদের গাড়িবহরে হামলা ও গুলি বর্ষণের ঘটনার অভিযোগে থানায় দায়েরকৃত মামলার বাদি হয়েছেন দেবিদ্বারের বড়কামতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন । দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনসহ এজাহারনামীয় ৯ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামী করে ৫ অক্টোবর রাতে মামলা দায়ের করা হয়েছে। আর মামলার স্বাক্ষী হয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ আরো অনেকে ।

এ মামলায় অন্যান্য অভিযুক্তরা হলেন, আনিসুর রহমান(৪০), আমিনুল ইসলাম সুমন(৩৩), জহিরুল ইসলাম(৩৮), ওমর ফারুক(৩৬), জামিউর রহমান(২৬), আহাম্মেদ শুভ(২৪), মোঃ নিশান মিয়া(২৪), নুরুন্নবী(২৪)সহ আরো অজ্ঞাত ৪০-৫০ জন।

তবে মামলার বাদি ছাত্রদলের সাবেক সভাপতি হওয়ায় তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। এছাড়া স্থানীয় আ’লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মামলার বাদি এবং সাজানো ঘটনায় দায়েরকৃত মামলার তীব্র সমালোচনা করছেন।

আ’লীগ ও এর অংগসংগঠনের স্থানীয় একাধিক নেতাকর্মী জানান, ৩ অক্টোবর রাতে আ’লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সময় দুই গ্রুপের নেতাকর্মী আহত হয়েছে। কিন্তু মামলা দায়ের করেছে উপজেলা চেয়ারম্যান গ্রুপ। আবার সেই মামলার বাদি গিয়াস উদ্দিন নামের এক সাবেক ছাত্রদল নেতা । তাঁর পুরো পরিবার বিএনপি’র রাজনীতির সাথে জড়িত । আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষের মামলার বাদি কেন ছাত্রদল নেতা হবে ? তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে আ’লীগের এক গ্রুপ বিএনপি ও এর অংগসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মূল ধারার আ’লীগকে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছে। মূলত এমপি রাজী মোহাম্মদ ফখরুলকে ঠেকানোর জন্যই বিএনপি ও আ’লীগের একটি অংশ একত্র হয়ে ষড়যন্ত্র করছে। এ বিষয়টিকে দু:খজনক বলে অভিহিত করছেন নেতাকর্মীরা।

দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যাদব রায় জানান, মামলার বাদি গিয়াস উদ্দিন বরকামতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তাঁর ভাই সাকিল ছাত্রদল কর্মী। তাঁর পিতা রফিকুল ইসলাম বিএনপির সক্রিয় কর্মী। আর এই মামলাটিও সাজানো। ওই দিন হামলা এমপি রাজী সাহেবের গাড়ি বহরেও হয়েছে। উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের আ’লীগের দলে প্রবেশ করিয়ে এমপি রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে আন্দোলন ও অপপ্রচারের চেষ্টা করছে, যা সত্যিই নিন্দনীয়।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান সৈকত জানান, মামলার বাদি গিয়াস উদ্দিন বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। ফেসবুকে পোস্ট করা বিএনপির বিভিন্ন মিছিলে তার ছবি দেখা গেছে। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যখন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের পিতা নুরুল ইসলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন তখন ওই ছেলেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে দেখা গেছে।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লিটন সরকার জানান, আ’লীগের পক্ষের মামলার বাদি একজন ছাত্রদল নেতা ভাবতেই ঘৃণা লাগছে। এই ছেলে ২০১৩/১৪ সালের আন্দোলনের সময় বিএনপি-জামায়াতের বিভিন্ন অরাজকতায় সক্রিয় ছিলেন। সাজানো মামলায় আসামি করা হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনসহ আরো অনেককে। মূলত এমপি রাজী মো: ফখরুলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁর নেতাকর্মীদের বিভিন্ন সাজানো মামলায় আসামি করা হচ্ছে। ঘটনার সুষ্ঠ তদন্ত হলে দেখা যাবে কোন গুলিবর্ষণ কিংবা গাড়ি ভাংচুরের কোন ঘটনাই হয়নি। আশা করি তারা নোংরা রাজনীতির পথ ছেড়ে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসবে।

মামলার বাদী সাবেক ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন বলেন, আমি কখনোই ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। আমার প্রতিপক্ষের লোকেরা উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার নামে মিথ্যা ছড়াচ্ছে। আমি দীর্ঘ দিন ধরে আওয়ামী রাজনীতি করে আসছি। যার প্রমান এলাকায় রয়েছে।

স্থানীয় সূত্র আরো জানায়, সম্প্রতি দেবিদ্বার রাজনীতিতে আ’লীগে স্পষ্টভাবে দুই ভাগ পরিলক্ষিত। এমপি রাজী মোহাম্মদ ফখরুল এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাষ্টার ও এ বি এম গোলাম মোস্তফা। যদিও দুই গ্রুপকেই সাংগাঠনিক কর্মকান্ডে এক সারিতেই দেখা যায়। তবে তাদের মধ্যে গ্রুপিং এখন তুঙ্গে।

উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ৩ অক্টোবর রাত ১০টা থেকে রাত সাড়ে ১০টায় উপজেলার ভিংলাবাড়ি সাহাপাড়া পুজামন্ডপ পরিদর্শন শেষে ফেরার পথে আমার গাড়ি বহরে হামলা করে এবং উপজেলা চেয়ারম্যানের ব্যবহুত সরকারি গাড়ী ভাংচুর করা হয়। পরে আমাকে হত্যার উদ্দেশ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, আনিছুর রহমান ও আমিনুল ইসলাম সুমনের নেতৃত্বে এলোপাথারী গুলিবর্ষণ করতে থাকে। প্রতিপক্ষের এ হামলায় আমার ৫ সমর্থক আহত হন।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমলকৃষ্ণ ধর মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

কুমিল্লা উত্তর যুবলীগের কমিটি: ত্যাগি নেতাকর্মীরা কি জায়গা পাবে ?

স্টাফ রিপোর্টার:
সম্প্রতি কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের কমিটি ঘোষিত হয়েছে। এ কমিটি নিয়ে চলছে নানা সমালোচনা । এবার চলতি মাসে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের কমিটি ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কুমিল্লা উত্তর জেলা যুবলীগের কমিটি কি বির্তক – সমালোচনা এড়াতে পারবে, নাকি ত্যাগি ও সক্রিয় নেতাকর্মীদের বাদ দিয়েই ঘোষিত হবে, তা নিয়ে জেলাজুড়ে নানা আলোচনা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন সূত্রমতে, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের কমিটিতে ত্যাগি ও মাঠের পরিশ্রমি নেতাকর্মীদের বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে । তাদেরকে বাদ দেওয়ার জন্য নানা দিক দিয়ে মিথ্যে তথ্য সরবরাহ করে তদবির অব্যাহত রয়েছে। এছাড়া মাদক ব্যবসায়ি, নিস্ক্রিয় সাবেক ছাত্রলীগ নেতা, ব্যবসায়ি ও প্রাইভেট চাকুরীজীবিদের জন্য তদবির করছে উত্তরের বেশ কয়েকজন রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি। এদিকে পদ হারানোর ভয়ে শংকিত মাঠ পর্যায়ের নিবেদিত নেতাকর্মীরা।

বিগত বছরের ২ অক্টোবর কুমিল্লা উত্তর জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বিলুপ্ত ঘোষণার পর নতুন কমিটির জন্য নেতাকর্মীদের কাছে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। বিভিন্ন সূত্রমতে, যুবলীগের নতুন কমিটিতে স্থান পেতে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী কেন্দ্রে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি কিংবা আহ্বায়ক পদেই প্রার্থী রয়েছেন ৩৫ জন। কমিটি বিলুপ্তির প্রায় ১ বছর চলছে, কিন্তু নানা কারনে এখনো নতুন কমিটি ঘোষিত হয়নি। তবে বিভিন্ন সূত্রমতে, চলতি মাসেই অপেক্ষার অবসান হতে চলেছে।

রাজনৈতিক এলাকা হিসেবে কুমিল্লা উত্তর জেলা খুবই গুরুত্বপূর্ণ। এ এলাকা থেকে বহু মন্ত্রী দেশ শাসন করেছেন। কুমিল্লার দেবিদ্বার, চান্দিনা, মুরাদনগর, দাউদকান্দি, হোমনা , মেঘনা ও তিতাসসহ ৭ উপজেলা ও বাঙ্গরা নামক এক থানা নিয়ে কুমিল্লা উত্তর রাজনৈতিক জেলা বিবেচিত হয়ে আসছে। বিগত বছরের ২ অক্টোবর সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এ শাখার আওতাধীন উপজেলা শাখাগুলোও আহ্বায়ক কমিটি দিয়ে চলছে বছরের পর বছর ধরে। নতুন কমিটি গঠনে সক্রিয়তা কম দেখা গেলেও করোনাকালে অসহায় মানুষের পাশে ছিল উত্তর জেলা যুবলীগ।

যুবলীগের নতুন কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক কিংবা আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেতে জোর লবিং করছে আগ্রহী প্রার্থীরা। সভাপতি পদে বেশ আলোচনায় রয়েছেন যুবলীগের বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু । এছাড়া বিভিন্ন পদে আলোচনায় রয়েছেন দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শামীম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, এড. মো: এনামুল হাছান খান (রিপন), দাউদকান্দি উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার, কুমিল্লা উত্তর জেলা ছাত্র্রলীগের সভাপতি আবু কাউছার অনিক, হোমনা কলেজের সাবেক ভিপি লিটন, বাঙ্গরা থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ নজরুল, সাবেক ছাত্রলীগ নেতা প্রকৌশলী গাজী রাসেল, দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের ভাই মামুনুর রশীদ, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলামিন সরকার প্রমুখ।

আহ্বায়ক পদ নিয়ে চলছে নানা সমীকরণ:
উত্তর জেলা যুবলীগের সভাপতি/আহ্বায়ক পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিগত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু । এ পদে সারওয়ার হোসেন বাবুর বিকল্প আপাতত কেউ নেই বলে জানা গেছে। যদিও তিনি যাতে এ পদ না পেতে পারেন সেজন্য তিতাস, দেবিদ্বার ও চান্দিনার তিনটি গ্রুপ বিভিন্ন অপবাদ দিয়ে কেন্দ্রে জোর তদবির করছেন। কিন্তু ২০০৯ সাল থেকে অদ্যাবধি সারওয়ার হোসেন বাবু কুমিল্লা উত্তর জেলার রাজনীতির মাঠে সক্রিয় এবং দলের জন্য নিবেদিত কর্মী বলে স্থানীয় সূত্র ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদে জানা যায়। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন । ২০১৫ সালে তিনি কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পান। দায়িত্ব পালনকালে সাংগাঠনিক কার্যক্রমে তিনি বেশ সক্রিয় ছিলেন। বিশেষ করে করোনা মহামারিতে হ্যালো যুবলীগ গঠন করে প্রায় ১০ হাজার অসহায় ও কর্মহীন মানুষের ঘরে খাবার পৌছে দিয়েছেন। এছাড়া করোনা সুরক্ষাসামগ্রী নিয়মিত সরবরাহ করেছেন। দিয়েছেন অক্সিজেন সেবাও। সব মিলিয়ে করোনা সংকটময় সময়ে মানুষের পাশেই ছিলেন এই যুবলীগ নেতা। তাছাড়া কেন্দ্রীয় সকল সাংগঠনিক কর্মকান্ডে সারওয়ার হোসেন বাবুর সক্রিয়তা উল্লেখ করার মত।

তিনি জানান, আমার অতীত কার্যক্রম এবং দলের প্রতি আস্থা বিবেচনা করে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ যদি চায় তাহলে আমি এ পদ নিতে ইচ্ছে পোষণ করছি । আমি কোন সময় পদলোভী ছিলাম না। এখনো নেই, ভবিষ্যতেও থাকবো না। আমি হিংসা ও কলহমুক্ত পরিচ্ছন্ন রাজনীতি করতে পচ্ছন্দ করি। আমি ২০১৫ সাল হতে যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদে থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। যদি আমি সভাপতি কিংবা আহ্বায়ক পদে দায়িত্ব পাই তাহলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী যুবলীগের বর্তমান কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে পরিচালনা করবো।

যুবলীগের নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে আলোচনায় রয়েছেন দেবিদ্বারের সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শামীম। সাইফুল ইসলাম শামীম দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পদে ২ বছর, সাধারণ সম্পাদক পদে ৪ বছর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের হলের যুগ্ম সাধারণ সম্পাদক, দেবিদ্বারের সুজাত আলী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্থানীয় একটি কলেজের প্রভাষকও বটে। শিক্ষকতার পাশাপাশি রাজনীতিতেও তিনি সক্রিয় রয়েছেন।

এ বিষয়ে সাইফুল ইসলাম শামীম জানান, আমি দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করেছি। বর্তমানে দলের বিভিন্ন সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় রয়েছি। আশা করি দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার অতীত ও বর্তমান কর্মকান্ড বিবেচনা করে যুবলীগে আমাকে স্থান দিবে।

এদিকে আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে আসতে পারেন দাউদকান্দি উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার ।

এছাড়া সদস্য পদে থাকতে পারেন কুমিল্লা উত্তর জেলা ছাত্র্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক। করোনাকালে অসহায় মানুষের পাশে থেকে খাদ্য সহায়তা করেছেন এ নেতা। একজন করোনা যোদ্ধা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছেন সাবেক এই ছাত্রলীগ নেতা।

এ বিষয়ে আবু কাউছার অনিক বলেন, সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে যুবলীগ গঠন করলে সাংগাঠনিক কার্যক্রম বেগবান হবে। আশা করি সততা ও নিষ্ঠার সাথে কাজ করা নেতাকর্মীরাই যুবলীগে স্থান পাবে।

এখন দেখার বিষয়, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের কমিটি ত্যাগি ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে হবে নাকি নিস্ক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিগত কমিটির এক যুবলীগ নেতা জানান, আমাদের কমিটি দায়িত্ব পালনকালে একটি ইউনিটের কমিটি ঘোষণা দিয়েছিল। এরপরই জেলা কমিটি ভেঙ্গে দেয়া হয়। সামনের কমিটিতে যদি অতীতের ওই ভুলের মাশুল হিসেবে সারওয়ার হোসেন বাবুকে বাদ দেওয়া হয়, তাহলে বিষয়টি হবে খুবই হতাশার ও দু:খজনক। দলের স্বার্থে সারওয়ার হোসেন বাবুকে মূল্যায়ণ করা উচিত। পাশাপাশি শামীম, আনোয়ারসহ যারা দলের জন্য মাঠে থেকে শ্রম দিচ্ছেন তাদের কমিটিতে রাখা উচিত। শোনা যাচ্ছে এক উপজেলার একই পরিবারের দুই সদস্য জনপ্রতিনিধি। এই পরিবার থেকে আরো একজনকে যুবলীগে ভাল পদে জায়গা দেওয়ার জন্য সর্বোচ্চ লবিং চলছে। একজন সাংসদও ওই প্রার্থীর জন্য উঠেপড়ে লেগেছেন। এমন যদি হয় অবস্থা তাহলে রাজনীতি তো পরিবারতান্ত্রিক হয়ে যাবে। আমরা আশা করবো পরিবারতান্ত্রিক না হয়ে অর্থের কাছে যেন যুবলীগ না হারে।

উল্লেখ্য যে, ২০০৪ সালের শেষের দিকে সোহেল মোস্তফা স্বপনকে সভাপতি ও বাহাউদ্দিন বাহারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কুমিল্লা (উত্তর) জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয় । নিয়ম অনুযায়ী ২০০৭ সালের শেষের দিকে এ কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও কমিটি চলমান থাকে। ২০১৩ সালে যুবলীগ সভাপতি সোহেল মোস্তফা স্বপন মেঘনায় একটি কোম্পানিতে এক দুঘর্টনায় নিহত হওয়ার পর সভাপতির পদটি শূণ্য হয় । প্রায় সাড়ে ১০ বছর পর ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর মোঃ বাহাউদ্দিন বাহারকে আহ্বায়ক ও মোঃ সারওয়ার হোসেন বাবুকে যুগ্ম আহ্বায়ক করে তিন মাস মেয়াদী কুমিল্লা (উত্তর) জেলা যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের তৎকালিন চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটিতে সদস্য হিসেবে ছিলেন মোঃ আনোয়ার হোসেন, মোঃ গোলাম ফারুক রানা, মোঃ খায়রুল আলম সাধন, মোঃ আবুল কাশেম ওমানী, মোঃ জাকির নেওয়াজ সোহেল, মোঃ আবুল খায়ের, মোঃ জহিরুল ইসলাম কিশোর, মোঃ মহিউদ্দিন খন্দকার, মোঃ সালাউদ্দিন রিপন, মোঃ এনামুল হাছান খান, মোঃ সাইফুল আলম মুরাদ, মোঃ শাহ জালাল, মোঃ হুমায়ন কবির, মোঃ মনিরুজ্জামান টিপু, মোঃ নজরুল ইসলাম কাজল, মোঃ মিলন সরকার, মোঃ মাজেদুল ইসলাম রাসেল, মোঃ কাজী ফসিউল হাসান ও মোঃ ফারুক মিয়া। এই আহ্বায়ক কমিটি চলে ৬ বছর ১৬ দিন। এই ৬ বছরে তারা পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। অবশেষে ২ অক্টোবর কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। তবে এই কমিটি করোনা মহামারির সময়ে অসহায় ও কর্মহীন মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাবার পৌছে দিয়েছেন। মুঠোফোনে কল পেলেই যুবলীগ কর্মীরা খাবার পৌছে দিয়েছে অসহায়দের ঘরে। সেই সাথে অক্সিজেন সেবা দিয়েছেন যুবলীগ নেতাকর্মীরা। এছাড়া মশক নিধন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ নানা কর্মসূচী পালন করেছেন যুবলীগ। যুবলীগের আহ্বায়ক মোঃ বাহাউদ্দিন বাহার ও যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু এ মানবিক কর্মকান্ডের রূপকার।

আমি যখনই ভারতে আসি, এটা আমার জন্য আনন্দের- শেখ হাসিনা

 

ডেস্ক রিপোর্ট:

নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান বাংলাদেশ সবসময় স্মরণ করে। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে গেলে শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে এক বক্তব্যে শেখ হাসিনা বলেন, ভারত আমাদের বন্ধু। আমি যখনই ভারতে আসি, এটা আমার জন্য আনন্দের। বিশেষত আমরা সব সময় আমাদের মুক্তিযুদ্ধকালে ভারতের অবদানের কথা স্মরণ করি। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা পরস্পরকে সহযোগিতা করছি।

এই সফরে আলোচনা ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি আশা করি, একটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হবে। আমাদের মূল লক্ষ্য অর্থনৈতিকভাবে বিকাশ। আমাদের জনগণের মৌলিক চাহিদা পূরণ করা, যা আমরা করতে সক্ষম হব। বন্ধুত্বের মাধ্যমে আপনি যেকোনো সমস্যার সমাধান করতে পারেন। সুতরাং, আমরা সর্বদা তা করি।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে স্বাগত জানান মোদি। সেখানে তারা হ্যান্ডশেক করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিকতার পর শেখ হাসিনা রাজঘাট গান্ধী সমাধিস্থলে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। এরপর দুই দেশের প্রধানমন্ত্রীদের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে হায়দরাবাদ হাউসে। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে ভারতের উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধনখড় এবং পরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।