Tag Archives: Cumilla Online News

চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত

চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে এক পথচারী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার মাধাইয়া এলাকার দোতলা নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতিতে আসা স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনে পড়ে যান ওই পথচারী।

তাকে বাঁচাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে থাকা বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় পথচারী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুতের খুঁটিটি ভেঙে পড়ে যায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানায়, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে। কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে তা স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মেঘনায় শীর্ষ নৌ-চাঁদাবাজ জিয়াসহ গ্রেপ্তার ২

মেঘনায় শীর্ষ নৌ-চাঁদাবাজ জিয়াসহ গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মেঘনা উপজেলায় নদীপথে চাঁদাবাজির সঙ্গে জড়িত শীর্ষ নৌ-চাঁদাবাজ জিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে চালিভাঙ্গা নৌ-পুলিশ

বুধবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার জিয়া মেঘনা উপজেলার লক্ষণখোলা গ্রামের আনিস মিয়ার ছেলে।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমল থেকে তিনি মেঘনা নদীর বটতলী থেকে কাঠালিয়া ব্রিজ পর্যন্ত এলাকায় বালুবাহী বাল্কহেড ও অন্যান্য নৌযান থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে গুরুতর আহত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে, একই অভিযানে বাল্কহেডের শুকানি শফিক মিয়া (৩৬) নামের আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার ওলাস নগর নতুনহাটি গ্রামের রহম আলীর ছেলে।

জানা যায়, শফিক মিয়া সুনামগঞ্জ ও সিলেট থেকে আসা বাল্কহেডগুলোকে একত্রিত করে চাঁদাবাজদের কাছে তাদের অবস্থান জানাতেন।

নৌ-ফাঁড়ি সূত্রে আরো জানা গেছে, বাল্কহেডের মালিকদের কাছ থেকে শফিক প্রতিদিন ৫ থেকে ৬ হাজার টাকা করে চাঁদা সংগ্রহ করে চক্রের কাছে পৌঁছে দিতেন এবং নিজেও এর একটি অংশ পেতেন।

‎চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আজমগীর হোসেন জানান, ‘নদীপথ নিরাপদ রাখতে এই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’