Tag Archives: কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় আরও ৪১৫ জন আটক

কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় আটক ৩৫৩

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় কিশোর গ্যাং বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে আরও ৩৫৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। রবিবার (১১ অক্টোবর) জেলার ১৮টি থানার বিভিন্ন এলাকায় একযোগে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ নিয়ে জেলাজুড়ে চলমান কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৯ জনে।

সোমবার (১২ অক্টোবর) সকালে জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন থানার কিশোরদের উৎপাত ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন।

আটক কিশোরদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান জানান, উঠতি বয়সের কিশোররা যাতে কোনোভাবেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর কিশোর গ্যাং সদস্যদের হাতে স্কুলছাত্র অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লা জেলার ১৮টি থানা এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আটক ২ হাজার ৬৪৯ জনের মধ্যে আট শতাধিক ব্যক্তিকে বিভিন্ন অপরাধে আদালতে সোপর্দ করা হয়েছে।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় আরও ৪১৫ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী চলমান অভিযানে আরও ৪১৫ জনকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানার পুলিশ ইউনিট ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ একযোগে এ অভিযান চালায়।

রাত দেড়টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশনায় কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানসহ জেলার প্রতিটি থানার আওতাধীন এলাকায় অভিযান চালানো হয়। বিশেষ করে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে এমন স্থানগুলোকে অভিযানের আওতায় নেওয়া হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।

তিনি আরো বলেন, অভিযানে ৪১৫ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত বুধবার রাতে কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়। পরে ৪৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৭৩ জনকে আদালতে পাঠানো হয়।

এ ছাড়া শনিবার রাতের অভিযানে ২৫৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৪৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। বিভিন্ন অভিযোগে ১০৮ জনকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কুমিল্লা থেকে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।