Tag Archives: কুমিল্লা জেলা

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতাকারিদের বিরুদ্ধে কুমিল্লায় যুবলীগের বিক্ষোভ সমাবেশ

 

স্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে উগ্র-মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠীর কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা মহানগর যুবলীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে  যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে কুমিল্লা সদর সাংসদ ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে কুমিল্লা মহানগর যুবলীগের উদ্যোগে সোমবার দুপুর আড়াইটায় কান্দিরপাড় পূবালী চত্বরে এ বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ ও যুগ্ম-আহ্বায়ক হাবিবুল আল আমিন সাদীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে বিএনপি -জামায়াতের মদদ’পুষ্ট উগ্র-মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কটুক্তি করছে। তাদের প্রতিরোধ করতে হবে।

উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং মহানগীর সকল ওয়ার্ডের যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুমিল্লায় সোমবারে আরো ৩৬ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলায় নতুন করে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫৮৮ জনে।

সোমবারের রিপোর্টে একজনের মৃত্যু দেখানো হয়েছে।ফলে মৃত্যুর সংখ্যা ২৩৮ জনে গিয়ে দাঁড়ালো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার সিটি কর্পোরেশনে ১৪ জন, তিতাস ৩ জন,চৌদ্দগ্রামে ১ জন, লালমাইয়ে ১ জন,লাকসামে ২ জন, দাউদকান্দিতে ২ জন, আর্দশ সদরে ১ জন ও বুড়িচংয়ে ২ জন।

আজকের রিপোর্টে ১৫ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সবাই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৭ হাজার ৫৩৫ জন করোনা রোগী।

বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।  তিনি আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪৪ হাজার ৬৭৯ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৪৪ হাজার ১৮৬ জনের। এর মধ্যে ৮ হাজার ৫৮৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

কুমিল্লায় টিআর ট্রাভেলসের যাত্রীবাহী বাসে ইয়াবা পরিবহনকালে আটক ২, বাস জব্দ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার আমতলী এলাকা থেকে টিআর ট্রাভেলসের যাত্রীবাহী বাসে করে ইয়াবা পরিবহনকালে দুই মাদক পাঁচারকারীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

রবিবার (২৯ নভেম্বর) জেলার আমতলী এলাকায় চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত টিআর ট্রাভেলসের যাত্রীবাহী বাসটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন ঢাকা মোগদার ৯২/মানিকনগর গ্রামের মৃত রবিউল্লাহর ছেলে মোঃ স্বপন মিয়া (৪০), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কছন্দারা গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে মোঃ খায়রুল ইসলাম@ দ্বীপ্ত (২৬)।

এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

লাকসামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, কয়েক লাখ টাকার ক্ষতি

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই। এই ঘটনায় অন্তত কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

উপজেলার আজগরা ইউনিয়নের নোয়াগাও গ্রামে শনিবার রাত ৩টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াগাও গ্রামের মমতাজ মেম্বার বাড়ির আমির হোসেনের বসতঘরে রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এসময় শিশু সন্তানসহ বৃদ্ধ পিতা মাতাকে নিয়ে আমির হোসেন প্রাণে রক্ষা পেলেও আশপাশের ৩টি ঘর পুড়ে যায়।

তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরে থাকা একটি নতুন ডিসকভার মোটরসাইকেল, নগদ টাকা, ফ্রিজ, টিভি, আলমিরাসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়। এতে আমির হোসেনের পরিবার নিঃস্ব হয়ে পড়়ে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস থেকে একটি দমকল ইউনিট ওই এলাকায় রায়। কিন্তু মাছ চাষের পুকুরে রাস্তা ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি দমকল ইউনিট।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন।

কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল-২ এর নতুন স্তর থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল-২ গ্যাসক্ষেত্রের ৪ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ আনুষ্ঠানিক ভাবে উদ্বোন করা হয়েছে।

শনিবার দুপুরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিছুনার রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

এই গ্যাস ক্ষেত্র থেকে আগে যেখানে প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যেতো। নতুন এই কূপটি আবিস্কারের ফলে এখান থেকে প্রতিদিন গড়ে ২২ থেকে ২৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিছুনার রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আবদুল ফাত্তাহ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব গুলনার নাজমুন নাহার।

বাপেক্স এর ব্যবস্থানা পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস সহ পেট্রোবাংলা ও বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ৫৫ দিন ধরে বাপেক্স পরীক্ষানিরীক্ষা চালিয়ে গত ২০ নভেম্বর সন্ধ্যায় নতুন গ্যাস স্তরে ৩০-৪০ হাজার বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ নিশ্চিত করে বাপেক্স।

এর আগে জ্বালানী সচিব ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের হাজিপুরে শ্রীকাইল ইস্ট-১ গ্যাস ক্ষেত্রে আনুষ্ঠানিক ভাবে রিগ ডাউন করেন। প্রায় ৮ কিলো মিটার পাইপ লাইন সংযোগ স্থাপন করার পর ২০২১ সালের জুুন নাগাদদ এই ক্ষেত্র থেকে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ শুরু হবে।

হতাশাকে পুঁজি করেই পুরোদমে স্বাবলম্বী কুমিল্লার মেয়ে শামস আফরোজ

 

ডেস্ক রিপোর্টঃ

হতাশাকে পুঁজি করেই পুরোদমে স্বাবলম্বী কুমিল্লার মেয়ে শামস আফরোজ চৌধুরী। এখন প্রতিমাসে শামস আয় করেন মোটা অঙ্কের টাকা। সেই টাকা আবার যেকোনো চাকরিজীবীর আয়ের থেকে কয়েক গুণ বেশি।

জানা যায়, চাকরি না পাওয়ার হতাশা থেকে একটি ভিডিও করেন শামস আফরোজ। সেই ভিডিওটি ফেসবুক পেজ ‘থটস অব শামস’-এ আপলোড করেন।

ওই ভিডিওতে শামস বলেন, আমার সিভি না চেহারায় সমস্যা আমি জানি না। তারা আমাকে পরীক্ষাই দিতে দিব না। পরীক্ষা দেয়ার আগেই বাতিল করে দিচ্ছে এরা।

চাকরি না পাওয়ার হতাশার জেরে করা ভিডিওটি তাকে সবার কাছে পরিচিতি এনে দেয়। এতে কপাল খুলে যায় শামস আফরোজ চৌধুরীর। এখন বিনোদনের ভিডিও ‘থটস অব শামস’ নামক ফেসবুক পেজে নিয়মিত আপলোড করেন তিনি।

শামস নিজেকে প্রতিটি ভিডিওতে নানা চরিত্রে উপস্থাপন করেন। কখনো শামসু ভাই, কখনো কুলসুম, আবার কখনো নানি কিংবা আম্মাজান সাজেন তিনি। সব চরিত্রেই অভিনয় করে দর্শকদের হাসাতে পারেন শামস। আর সেই বিনোদনের ভিডিওই তার প্রধান আয়ের উৎস।

শামস তার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পরই হাজার হাজার শেয়ার হয়। এসব ভিডিও বিভিন্ন পেজেও ঘুরতে থাকে। এতে ধীরে ধীরে পুরোধমে কনটেন্ট ক্রেইটর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি।

শামস আফরোজ চৌধুরী বলেন, আমার প্রথম চিন্তায় থাকে আমি যে ভিডিও বানাবো তা যেন সবার সঙ্গে রিলেট (সম্পর্কিত) হয়। কয়েকটি কেরেক্টারে মুভি নিয়ে প্রথমে একটি ভিডিও করি। ওই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।

তিনি আরো বলেন, যদি কেউ মাসে তিন চারটা ভিডিও দিতে পারে, তবে মাসে পঞ্চাশ হাজারের অধিক টাকা আয় করা সম্ভব।

এদিকে নিজের জেলা বলেই কুমিল্লার ভাষায় তিনি ভিডিও বানান। এতে কুমিল্লার আঞ্চলিক ভাষা শুনে মজা পান নেটিজেনরা। এতে তার ফলোয়ারের সংখ্যা দিন দিন বাড়ছে। এরইমধ্যে ‘থটস অব শামস’ নামের ফেসবুক পেজের

ফলোয়ার সংখ্যা সাড়ে আট লাখে দাঁড়িয়েছে। একই নামের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা এক লাখেরও বেশি। শামসের জনপ্রিয়তা বিবেচনা করে বিভিন্ন ব্র্যান্ড তার ভিডিওতে স্পন্সরও করছে।

শামসের লক্ষ্য, আগামী পাঁচ বছরে তার এই প্ল্যাটফর্মকে তরুণ্যের ভিন্নধর্মী অনুপ্রেরণা হিসেবে দেশের প্রতিটি কোণায় পৌঁছে দেয়া।

অর্থের অভাবে বরুড়া উপজেলার তিন সড়কের কাজ বন্ধ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বরুড়া উপজেলায় অর্থের অভাবে গুরুত্বপূর্ণ তিনটি সড়কের উন্নয়নকাজ বন্ধ রয়েছে। এতে প্রকল্প ব্যয় বাড়ার পাশাপাশি কাজের সময়ও বাড়ছে। এ অবস্থায় নির্মাণাধীন সড়কের কোথাও নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে, কোথাও পিচঢালাই উঠে বালু উড়ছে। কোথাওবা খোয়া-মাটির কারণে হাঁটাচলা দায় হয়ে গেছে।

সড়ক তিনটি হলো বরুড়া-চাঁপাপুর ২৩ কিলোমিটার সড়ক, বরুড়া-খাজুরিয়া ১৯ দশমিক ৫০ কিলোমিটার ও বরুড়া-নিমসার ১৩ দশমিক ৩০ কিলোমিটার সড়ক। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লা সূত্রে জানা গেছে, জেলার মহাসড়কের যথাযথ মান ও প্রস্থ উন্নীতকরণ প্রকল্পের আওতায় প্রায় ১৫৭ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে সড়ক তিনটি নির্মাণ করা হচ্ছে। চলতি বছরে এসব সড়কের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু টাকা না থাকায় বর্তমানে কাজ বন্ধ রয়েছে।

সওজ সূত্রে জানা গেছে, বরুড়া থেকে কালীরবাজার ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) হয়ে চাঁপাপুর পর্যন্ত সড়কের কাজটি পায় কুমিল্লা নগরের ঠিকাদারি প্রতিষ্ঠান আরএবি-আরসি প্রাইভেট লিমিটেড অ্যান্ড মশিউর রহমান চৌধুরী। ২০১৮ সালের ৯ ডিসেম্বর কাজ শুরু হয়। ২০২০ সালের ৮ জুন কাজ শেষ করার কথা ছিল। এই কাজের জন্য ব্যয় ধরা হয় ৬৭ কোটি ৭৫ লাখ টাকা। এখন পর্যন্ত এই সড়কের ৮৫ শতাংশ কাজ হয়েছে।

বরুড়া-খাজুরিয়া সড়কের ব্যয় ধরা হয় ৫২ কোটি ৪৮ লাখ টাকা। ইতিমধ্যে মাটি ভরাট করে সড়ক সম্প্রসারণ করা হয়েছে। ওই সড়কের হাটপুকুরিয়া থেকে পয়ালগাছা হয়ে খাজুরিয়া পর্যন্ত সড়কের অবস্থা খুবই নাজুক। ওই অংশে অসংখ্য গর্ত। সড়কে বালু উড়ছে। ভোগান্তি নিয়ে চলাচল করছেন যাত্রীরা। বরুড়ার দক্ষিণ এলাকার বাসিন্দারা এই সড়ক ব্যবহার করে কুমিল্লা-চাঁদপুর সড়কে যান। পয়ালগাছা পোস্ট গ্র্যাজুয়েট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, সড়কের অবস্থা যাচ্ছেতাই। বহু বছর ধরে ভোগান্তি নিয়ে চলাচল করছেন তাঁরা।

২০১৮ সালের ৫ ডিসেম্বর এ সড়কের কাজ শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল ৪ জুনের মধ্যে। ঠিকাদারি প্রতিষ্ঠান আরএবি-আরসি প্রাইভেট লিমিটেড অ্যান্ড মশিউর রহমান চৌধুরী এ কাজ পায়। এই সড়কের ৮০ শতাংশ কাজ হয়েছে বলে জানা গেছে।

এদিকে বরুড়া-নিমসার সড়কের জন্য ব্যয় ধরা হয় ৩৯ কোটি ৫৯ লাখ টাকা। রাজধানী ঢাকার ওয়াহিদ কনস্ট্রাকশন ওই কাজ পায়। ২০১৮ সালের ২৪ ডিসেম্বর কার্যাদেশ দেওয়া হয়। গত ২৩ জুন কাজ শেষ হওয়ার কথা ছিল। এই সড়কের ৭০ শতাংশ কাজ হয়েছে।

সওজ কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী রেজা-ই-রাব্বি বলেন, সড়কের কাজের শতকরা হিসাব একরকম, কিলোমিটার হিসাব আরেক রকম। বরুড়া-চাঁপাপুর সড়কের ৬ কিলোমিটার, বরুড়া-খাজুরিয়া সড়কের সাড়ে ৯ কিলোমিটার ও বরুড়া-নিমসার সড়কের সাড়ে ৫ কিলোমিটারের কাজ বাকি রয়েছে। মোট বরাদ্দের মধ্যে গত জুন পর্যন্ত ৯৫ কোটি টাকা পাওয়া গেছে। এবার বরাদ্দ ছিল ৪৮ কোটি টাকা। কিন্তু ২৪ কোটি টাকা বরাদ্দ স্থগিত করা হয়। ফলে এ পর্যন্ত টাকা পাওয়া গেছে ১১৯ কোটি টাকা। পুরো টাকা বরাদ্দ পেলে কাজ শেষ হতো। এ অবস্থায় আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য সওজের প্রধান প্রকৌশলীর কাছে গত ৭ অক্টোবর প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে প্রকল্প ব্যয় ১৭৫ কোটি ৬৩ লাখ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে।
সূত্র-প্র:আ

সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, অর্থ না থাকায় কাজ বন্ধ রয়েছে। বরাদ্দ এলে কাজ শুরু হবে।

৭ বছর ধরে নিখোঁজ লাকসাম বিএনপির দুই নেতা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সাংসদ সাইফুল ইসলাম হিরু ও লাকসাম পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ূন কবীর পারভেজ গুমের সাত বছর পূর্ণ হচ্ছে আজ ২৭ নভেম্বর। দীর্ঘ সময়ে ওই দুই নেতার কোনো হদিস মেলেনি। স্বজনেরা তাঁদের ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন।

এ ঘটনায় দীর্ঘ সময় পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। বাদী ও স্বজনেরা ওই প্রতিবেদনকে একপেশে ও মনগড়া উল্লেখ করে আদালতে নারাজি দেন। পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি মাসের ১০ তারিখ আদালত মামলার তদন্ত করার জন্য এবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

জানতে চাইলে মামলার আইনজীবী বদিউল আলম সুজন বলেন, সিআইডি সাড়ে ৫ বছরে অন্তত ৬৩ বার আদালত থেকে সময় নিয়ে একটি মনগড়া প্রতিবেদন দিয়েছে। ওই তদন্ত প্রতিবেদন অগ্রহণযোগ্য। বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে আদালত এখন মামলা পিবিআইতে স্থানান্তর করেছেন।

পরিবার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৭ নভেম্বর রাত সোয়া ৯টা থেকে রাত ১১টার মধ্যে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর সড়কে র‍্যাবের একদল সদস্য লাকসাম ফেয়ার হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ-৭১-১২৬৫) আটক করেন। ওই অ্যাম্বুলেন্স থেকে র‍্যাব সদস্যরা লাকসাম উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি সাইফুল ইসলাম, পৌর বিএনপির তৎকালীন সভাপতি হুমায়ূন কবির ও পৌর বিএনপির তৎকালীন সহসাংগঠনিক সম্পাদক (বর্তমানে আওয়ামী লীগের নেতা) জসিম উদ্দিনকে তুলে নিয়ে যান। পরে র‍্যাব জসিম উদ্দিনকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অন্য একটি মাইক্রোবাসে তুলে দেয়। এরপর জসিম উদ্দিন এবং একই রাতে লাকসামে বিএনপি নেতা সাইফুল ইসলামে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার হওয়া ১০ ব্যক্তিকে র‍্যাব লাকসাম থানায় হস্তান্তর করে। কিন্তু সাইফুল ইসলাম ও হুমায়ূন কবীরকে তারা থানায় হাজির করেনি। এরপর থেকে তাঁরা ‘নিখোঁজ’ রয়েছেন।

এ ঘটনায় ২০১৪ সালের ১৮ মে হুমায়ূন কবীর পারভেজের বাবা রংগু মিয়া কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে একটি মামলা করেন। মামলায় র‍্যাব-১১-এর চাকরিচ্যুত প্রধান কর্মকর্তা (সিও) লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, র‍্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাহেদ রাজী, ডিএডি শাহজাহান আলী, উপপরিদর্শক (এসআই) কাজী সুলতান আহমেদ ও অসিত কুমার রায়কে আসামি করা হয়। ওই বছরের ৩১ আগস্ট মামলার বাদী রংগু মিয়া মারা যান। পরবর্তী সময়ে ২০১৪ সালের ১৫ অক্টোবর মামলার বাদী পরিবর্তন করা হয়। তখন হুমায়ূন কবীর পারভেজের ছোট ভাই ও রংগু মিয়ার ছোট ছেলে গোলাম ফারুককে এ মামলার বাদী করা হয়। ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জালাল উদ্দিন আহম্মদ চলতি বছরের ২৭ আগস্ট মামলার তদন্ত প্রতিবেদন কুমিল্লার ৬ নম্বর আমলি আদালতে দাখিল করেন।

পাঁচ পৃষ্ঠার ওই তদন্ত প্রতিবেদনের শেষাংশে উল্লেখ করা হয়, ‘পারভেজ ও হিরু নিখোঁজ হওয়ার বিষয়টি কোনো বিশেষ উদ্দেশ্য বা স্বার্থ হাসিলের লক্ষ্যে সিআর মামলায় বর্ণিত বিবাদীগণ কর্তৃক কথিত অপহরণপূর্বক গুমের ঘটনা হিসেবে সৃজন করা হইয়াছে মর্মে প্রতীয়মান হয়। ভবিষ্যতে সিআর মামলার ঘটনার বিষয়ে কোনো ক্লু উদ্‌ঘাটিত হলে অথবা কথিত ভিকটিমদ্বয় উদ্ধার হইলে মামলাটি পুনরুজ্জীবিত করার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।’

এরপর ১০ নভেম্বর কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন রিমার আদালতে ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন মামলার বাদী গোলাম ফারুক। আদালতের বিচারক এরপর এই মামলার তদন্ত দেন পিবিআইকে।

লাকসামে নিখোঁজের ৩দিন পর ৯৯৯-এ ফোন পেয়ে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

 

সেলিম চৌধুরী হীরা, লাকসামঃ

কুমিল্লার লাকসাম পৌর শহরের গন্ডামারা এলাকা থেকে নিখোঁজের ৩দিন পর ৯৯৯-এ ফোন পেয়ে আজাদ আহমেদ মুন্না (১৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।সে সিলেট সুনামগঞ্জ দোয়ারা বাজার উপজেলার বড়হরি গ্রামে মঞ্জিল মিয়ার ছেলে। প্রায় ১ বছর ধরে শিশুটি পিতা-মাতার সাথে নানার বাড়িতে গন্ডামারায় বসবাস করছিল।

জানা যায়, গত ২৪ নভেম্বর বিকেলে মুন্না দোকানে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরেনি । বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তার মা মনোয়ারা বেগম ২৫ নভেম্বর সকালে লাকসাম থানায় জিডি এবং এলাকায় মাইকিং করে। শুক্রবার সকালে ৯৯৯-এ ফোন পেয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিজাম উদ্দিন ও এসআই আমিনুল হক সিকদার গন্ডামারা এলাকায় একটি মাঠের পাশে ছোবহান মিয়ার ডোবা থেকে মরদেহ উদ্ধার করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় শাড়ি পাচারকালে আটক ৭ জন

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ি পাচারকালে হাতেনাতে ৭ জন চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে ব্যাটারী চালিত অটোরিক্সায় করে ভারতীয় শাড়ি পাচার করার সময় উপজেলার ছয়গ্রাম বাজার থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ২০৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।চোরাচালানের কাজে ব্যবহৃত দুইটি ব্যাটারী চালিত অটোরিক্সাও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মোঃ আজাদ মিয়ার ছেলে মোঃ সাকিল (২২), লরীবাগ গ্রামের মোঃ ওয়াসেদ মিয়ার ছেলে পারভেজ আলম (২৬), একই গ্রামের মোঃ সহিদ মিয়ার ছেলে মোঃ খলিল মিয়া (২৮), ব্রাহ্মণপাড়া উপজেলার রহমতপুর (টাকই) গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ মিরাজ (১৯)।

এছাড়াও সুনামগঞ্জ জেলার দুয়ারা বাজার উপজেলার দক্ষিণ কলাহুরা গ্রামের শাহজাহানের ছেলে মোঃ বিল্লাল হোসেন (১৯) এবং নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার ছালিপুরা গ্রামের মোঃ রোজআলী মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া (১৯)।

এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।