Tag Archives: কুমিল্লা সিটি

কুমিল্লা সিটি করপোরেশনে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭৪৮ কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি করপোরেশনের ২০২৩-২০২৪ অর্থবছরে নতুন করারোপ ছাড়াই ৭৪৮ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৫০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত অর্থবছরের প্রায় দ্বিগুণ এই বাজেট। ২০২২-২০২৩ অর্থবছরে বাজেট ছিল ৩৭৩ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৮৬০ টাকা।

বুধবার সিটি করপোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন মেয়র আরফানুল হক রিফাত।

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ড. সফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী জিপি চৌধুরী, পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম সেলিম, প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি, মনজুর কাদের মনি, কাউছারা বেগম সুমি, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা।

এছাড়া বাজেট ঘোষণার পরে গেলো এক বছর সিটি করপোরেশনের উন্নয়নমূলক কাজের বিষয়ে মুখোমুখি হন মেয়র আরফানুল হক রিফাত। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৮ কোটি ৪২ লাখ ১৩ হাজার ২৩০ টাকা। উন্নয়ন অনুদান থেকে আয় ধরা হয়েছে ৬৫৭ কোটি ১২ লাখ ৫৯ হাজার ৩৪২ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৬৮৫ কোটি ১১ লাখ ৫৯ হাজার ৩৪২ টাকা।

ভাইরাল কাউন্সিলরের মুক্তি দাবি

ডেস্ক রিপোর্টঃ

অস্ত্র হাতে নাচানাচি করে ভাইরাল এবং গ্রেফতার হওয়া কুমিল্লার সেই কাউন্সিলরের মা ‘প্রতিহিংসার শিকার’ বলে সংবাদ সম্মেলনে মুক্তির দাবি জানান।

কুমিল্লা সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল বিন জলিলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে যেতে হয়েছে বলে দাবি করেছেন তার পরিবার। অবিলম্বে তার মুক্তি এবং কাউন্সিলরের পদ থেকে বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) নগরীর বজ্রপুর এলাকার সার্কুলার রোডের বাসায় সংবাদ সম্মেলনে এসব দাবি জানান, কাউন্সিলর সাইফুলের মা এডভোকেট মনোয়ারা বেগম।

৪ পৃষ্ঠার লিখিত বক্তব্যে, সাইফুলের পিতা ও কুমিল্লা পৌরসভার প্রয়াত চেয়ারম্যান আবদুল জলিল কুমিল্লা পৌরসভার সকল ওয়ার্ডে উন্নয়নমূলক কাজে অনেক অবদান রেখেছেন। পিতার জনপ্রিয়তার ধারাবাহিকতায় কাউন্সিলর সাইফুল দু’বার কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। সাইফুলের মা বলেন, সিটি করপোরেশনের উন্নয়নের স্বার্থে সম্প্রতি সাইফুল নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদান করেন। এ যোগদানের পর থেকে প্রতিপক্ষরা তার মান সন্মান হেয় করতে পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। এরই অংশ হিসেবে তাজিয়া মিছিলের ভিডিও ফুটেজ সন্ত্রাসী কার্যকলাপের অংশ বলে টিভি চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে।

এডভোকেট মনোয়রা বেগম বলেন, জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন আঞ্জুম সুলতানা সীমার হাতকে দূর্বল করতেই সাইফুল বিন জলিলকে রাজনৈতিক এবং ব্যক্তিগতভাবে শেষ করে দেয়ার জন্য এ সমস্ত ষড়যন্ত্র ও অপপ্রচার চালচ্ছে। তিনি অবিলম্বে তার মুক্তি ও সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার দাবি করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ওই কাউন্সিলরের স্ত্রী রোকসানা আক্তার, চাচাতো বোন সাজেদা বেগমসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নগরীতে রোকন উদ্দিন নামের এক যুবলীগ কর্মীকে গাড়িচাপায় হত্যা চেষ্টার ঘটনায় গত ১৯শে মার্চ কোতয়ালী মডেল থানা পুলিশ কাউন্সিলর সাইফুল বিন জলিলকে গ্রেফতার করে। গত ২৩শে মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয় কাউন্সিলরের পদ থেকে সাইফুল বিন জলিলকে সাময়িক বহিস্কার করে।

কুমিল্লায় মাস্ক না পরলেই জরিমানা, করোনা রোধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

 

শাহ ইমরান:
করোনা ভাইরাসের দ্বিতীয় স্রোত রোধে কুমিল্লা জেলা প্রশাসন জেলাজুড়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় বৃহস্পতিবার দুপুরে নগরীর শাসনগাছা বাস স্ট্যান্ড ,রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন । এ সময় মাস্ক ব্যবহার না করায় ৭ জনকে জরিমানা করেন জেলা প্রশাসনের নেজারত শাখার ডেপুটি কালেক্টর এস,এম,মুস্তাফিজুর রহমান।

এছাড়া গতকাল বুধবার নগরীর রাজগঞ্জ ও চকবাজার এলাকা, লালমাই উপজেলা এবং তিতাস উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

বুধবার দুপুরে নগরীতে মাস্ক পরিধান না করায় ১১ জনকে অর্থ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম. মুস্তাফিজুর রহমান । একইভাবে তিতাস উপজেলায় মাস্ক না পরায় ১৪ জনকে ২ হাজার ১৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া খানম। লালমাই উপজেলায় মাস্ক না পরায় ৭ জনকে অর্থ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আরা ।