Tag Archives: কুমিল্লা

কুমিল্লা নগরীর পপুলার হাসপাতাল এবং স্কয়ার হসপিটালকে ১লাখ টাকা জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লা নগরীর দুটি হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে এ দুটি প্রতিষ্ঠানকে করা হয়েছে ১ লাখ টাকা জরিমানা।

বৃহস্পতিবার বিকেলে নগরীর সালাউদ্দিন এলাকায় কুমিল্লা পপুলার হাসপাতাল এবং রেইসকোর্স এলাকায় কুমিল্লা স্কয়ার হসপিটালে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা নেতৃত্বে সহযোগিতায় ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়।

জেলা স্বাস্থ্য বিভাগ বলছেন, কুমিল্লায় ১০৭ টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা করা হয়েছে। যাদের কোন প্রকার লাইসেন্স নেই। ওই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে অনিয়মের নানান অভিযোগ। সেগুলো বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযোগ পরিচালনা করবেন স্বাস্থ্য বিভাগ।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, প্রতিষ্ঠান দুটিতে অপারেশন থিয়েটার পরিচালনায় স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলা হয়নি। তাই অপারেশন থিয়েটার দুইটি বন্ধ করে দেয়া হয়েছে। কুমিল্লা স্কয়ার হসপিটালের এক্স-রে রুমও বন্ধ করা হয়। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ এবং সেবা মূল্য তালিকা প্রকাশ্যে না থাকাসহ নানান অভিযোগে হাসপাতাল দুইটিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা প্রশাসক কার্যালয়ের উদ্যোগে যৌথ অভিযানে হাসপাতাল দুইটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শর্তপূরণ না করা পর্যন্ত হাসপাতাল দুইটির অপারেশন থিয়েটার ও এক্স-রে রুম বন্ধ থাকবে।

কুমিল্লায় পরিবহনে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর চকবাজার এলাকা থেকে পরিবহনে চাঁদাবাজির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান বিষয়টি জানান।

পুলিশ জানায়, নগরীর চকবাজার থেকে তেলিকোনাগামী সড়কের উপর অবস্থান করে কিছু লোক যাত্রীবাহী বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করছে। তারা চালকদেরকে হত্যার ভয়ভীতি দেখিয়ে যানবাহনের গতিরোধ করে অবৈধ রশিদের মাধ্যমে চাঁদা আদায় করছে। এমন অভিযোগে রোববার রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের পরিদর্শক (এসআই) নাজমুল শাকিব ঘটনাস্থলে যায়।

এসময় চকবাজার তেরীপট্টি এলাকায় সড়কের উপর থেকে চাঁদা আদায়ে নিয়োজিত থাকা তিনজনকে আটক করে পুলিশ। আটকৃতরা হলেন কুমিল্লা সদরের পূর্ব চান্দপুর এলাকার মৃত ছালেক মিয়ার ছেলে মোঃ হোসেন (৪৬), গোবিন্দপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে মোঃ সবুজ (২৫) ও সদর দক্ষিন উপজেলার ধনাজোড় এলাকার মৃত ইব্রাহিম হোসেনের ছেলে মোঃ মোতাহের হোসেন (৪৫)। এছাড়া তাদের সহযোগি শাসনগাছা এলাকার মৃত আঃ মান্নান এর ছেলে আবু জাহের (৪২) , শুভপুর এলাকার মৃত ইউনুছ মিয়ার ছেলে শরীফুল ইসলাম রাসেল (৪০) ও আশ্রাফপুর এলাকার আলম মিয়া (৪৫) পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ এক হাজার ৯৬০ টাকাসহ চাঁদা আদায়ের বিভিন্ন ভুয়া রশিদ বই জব্দ করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

কুমিল্লায় হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে সিএনজিচালিত অটোরিকশাচালক ইকতার হোসেনকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায়ে দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, দাউদকান্দি উপজেলার কালাইরকান্দি গ্রামের নলি মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (৩০), দেবিদ্বার উপজেলার জাফরাবাদ (মন্তাজ সাহেবের বাড়ি) গ্রামের হাতেম আলীর ছেলে ইমরান (১৮) এবং দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের ডিপটির ছেলে সুমন (২২) ও দেবিদ্বার উপজেলার জাফরাবাদ (রহমান সাহেবের বাড়ি) গ্রামের রুবেল (২৩)।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৩ সালের ২৪ এপ্রিল সিএনজিচালিত অটোরিকশাচালক ইকতার হোসেন রাতে বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার পরিবার। পরদিন দাউদকান্দি থানা পুলিশের মাধ্যমে জানতে পারেন, দুইজন ছিনতাইকারীকে দাউদকান্দি থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। আরও জানতে পারেন যে, ছিনতাইকারীরা যাত্রীবেশে সিএনজিতে উঠে ইকতারকে এলোপাতাড়ি মারধর ও পরে পানিতে চুবিয়ে হত্যার পর কচুরিপানা দিয়ে ডেকে মরদেহ গুম করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে থানা পুলিশকে খবর দেয়।

এ ঘটনায় ২০১৩ সালের ২৫ এপ্রিল নিহতের বড় ভাই মো. আক্তার হোসেন বাদী হয়ে একই উপজেলার কালাইরকান্দি গ্রামের নলি মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর, দেবিদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের হাতেম আলীর ছেলে ইমরান এবং দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের ডিপটির ছেলে সুমন ও দেবিদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের রুবেলকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে চারজনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলায় তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তপন কুমার বাকচী তাদের বিরুদ্ধে ২০১৩ সালের ২৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ১৬ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ এবং আসামি জাহাঙ্গীর ও ইমরানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন। তবে রায় ঘোষণার সময় কোনো আসামিই কাঠগড়ায় উপস্থিত ছিলেন না।

কুমিল্লা তিতাসের চাঞ্চল্যকর মোস্তফা কামাল হত্যার ২ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ডাকাতির টাকা পয়সা ভাগাভাগিকে কেন্দ্র করে মোস্তফা কামাল নামের একজনকে খুন করা হয়েছে। ১৮ ডিসেম্বর দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামের হোরন মিয়ার চায়ের দোকানের সামনে তাস খেলার মাঝে এ ঘটনা ঘটে।

রোববার (৩১ ডিসেম্বর)  দুপুরে  কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেফতার দুই আসামি হলেন, এজাহারনামীয় আসামি তিতাস উপজেলার খোশকান্দি গ্রামের মো. নাজিম উদ্দীন (৩৯) ও রুমন ব্যাপারী ওরপে সুমন।

জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, হত্যাকাণ্ডের শিকার মোস্তফা কামাল (৩৩) ও এজাহারভুক্ত আসামি সাইদুল(৩৬), নাজিম উদ্দিন(৩৯) ও মো. মাইন উদ্দীন একই গ্রামের বাসিন্দা। তারা সবাই আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। কিছুদিন পূর্বে ডাকাতির টাকা পয়সা ভাগাভাগিকে কেন্দ্র করে মোস্তফা কামালের সাথে সাইদুল, নাজিম ও মাইন উদ্দীনের কথা কাটা-কাটি ও একপর্যায়ে মারামারি হয়। এই প্রেক্ষিতে সাইদুল, নাজিম ও মাইন উদ্দীন ভিকটিম মোস্তফা কামালের উপর ক্ষুব্ধ ছিল। এতে তাদের মাঝে বিরোধ তৈরি হয়।

গত ১৮ ডিসেম্বর দুপুরে নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামের হোরন মিয়ার চায়ের দোকানের সামনে তাস খেলছিল। এসময় আসামি সাইদুল ও নাজিম উদ্দীন মোস্তফা কামালকে ঘাড়ে, মাথায় ও কপালে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে। পরে আসামিরা আত্মগোপনে চলে যায়। এঘটনার পর তিতাস উপজেলার রঘুনাথপুর গ্রামের রুজিনা আক্তার (৩১) স্বামী হত্যার বিচার চেয়ে বাদী হয়ে তিতাস থানার মামলা দায়ের করে। গত ৩০ ডিসেম্বর হত্যাকান্ডের সাথে জড়িত মোঃ নাজিম উদ্দীনকে (৩৯) ও পরে রুমনকে পুলিশ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, মো. নাজমুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া।

নির্বাচনের দিন আমরা কাউকে চিনি না : কুমিল্লা জেলা প্রশাসক

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

নির্বাচনে প্রচারণা যেমন গুরুত্বপূর্ণ তেমনি পোলিং এজেন্টদের প্রশিক্ষন দিয়ে কেন্দ্রে পাঠানোও একজন প্রার্থীর জন্য অতীব গুরুত্বপূর্ণ। নির্বাচনের দিন যে কোন সমস্যা এবং সমাধান একমাত্র এজেন্টরাই করতে পারেন।

শনিবার(৩০ডিসেম্বর) বিকাল ৫টায় দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপি পোলিং এজেন্টদের প্রশিক্ষন শেষে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান একথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনের দিন আমরা কাউকে চিনি না, আর আমাদের কোন কর্মকর্তা বা কর্মচারী কোন রকমের অনিয়মে জড়িত হলে তার প্রমাণ পেলে কাউকেই ছাড় দেয়া হবে না। কেউ আমাদের প্রতিপক্ষ না, আপনারা পোলিং এজেন্টরা আর আমাদের আরেক হাত হলো কর্মকর্তা ও কর্মচারীরা।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরাফাতুল আলম এর সভাপতিত্বে বক্তব্যে কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান(বিপিএম) বলেন, নির্বাচনের রেজাল্ট পর্যন্ত আমাদের চোখ উল্টে ফেলেছি। কারো সাথে সম্পর্ক থাকলে, সেটা নির্বাচনের পরদিন বসে চা খাবো। তাই ভোটের দিন পর্যন্ত আমরা কাওকে চিনিনা।

আমরা বিশ্বেকে দেখাতে চাই কিভাবে সুষ্টু ও সুন্দর নির্বাচন করা যায়। সেটাই দেখাবো আমরা। নির্বাচনের দিন কেউ যদি বিশৃঙ্খলা করতে চান তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা চাইনা আপনারা বিব্রতকর পরিস্থিতি সৃস্টি করেন। আমরা আজকের মতো নির্বাচনের দিনেও সবার হাসি মাখা মুখ দেখতে চাই।

প্রিজাইডিং অফিসারদের সাথে এমপির গোপন বৈঠকের নামে অপপ্রচার, ম্যাজিষ্ট্রেট জানালেন তথ্য ভিত্তিহীন

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর একটি অভিজাত হোটেলে প্রিজাইডিং অফিসারদের নিয়ে গোপন বৈঠকের আয়োজন করেছেন সংসদ সদস্য রাজী ফখরুল, এমন একটি ভিত্তিহীন তথ্য রোববার বিকেল বেলায় চারদিকে ছড়িয়ে পড়ে। অথচ ওই সময় সংসদ সদস্য রাজী ফখরুল ঢাকায় অবস্থান করছিলেন । রাজনৈতিক কর্মকান্ড হচ্ছে এমন তথ্য পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে গিয়ে দেখেন সেখানে দেবিদ্বার শিক্ষক সমিতির উদ্যোগে বর্ষ সমাপনী মিলনমেলার অনুষ্ঠান হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত কলেজ শিক্ষকরা জানান, আজ দেবিদ্বার উপজেলা কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে বর্ষ সমাপনী মিলনমেলার ব্যানারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অথচ বাইরে নানা অপপ্রচার ছড়ানো হয়েছে। এখানে কোন রাজনৈতিক কর্মকান্ড অনুষ্ঠিত হয়নি। স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ও তাঁর লোকজন এ অপপ্রচার ছড়িয়েছে । মিথ্যে তথ্য সরবরাহ করে আমাদের অনুষ্ঠানকে বির্তকিত করার চেষ্টা করেছে।

অনুষ্ঠানের আয়োজক দেবিদ্বার আলহাজ জোবায়দা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক নূর মোহাম্মদ বাবু বলেন, ‘আমরা কলেজ শিক্ষকদের অনুষ্ঠান করছি। এখানে কোনও রাজনৈতিক বিষয় নেই।’ এটা পুরো ভিত্তিহীন অভিযোগ।

দেবিদ্বার সংসদীয় আসনের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল জানান, আমার বিরুদ্ধে আণীত অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। আমি তো ঢাকায় অবস্থান করছি। এমন কোন আয়োজনের বিষয়ে আমি অবহিত নই। মিথ্যে অপপ্রচার করাই তাদের কাজ। নৌকাকে পরাজিত করতে নানা অপকৌশলের পথ বেছে নিচ্ছে তারা ।

মোবাইল কোর্ট পরিচালনাকারী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার অতীশ সরকার বলেন, নগরীর একটি রেস্তোরায় সম্ভাব্য প্রিসাইডিং অফিসারদের নিয়ে একটি রাজনৈতিক কর্মকান্ড হচ্ছে, এমন একটি তথ্য আমাদের কাছে আসার পর আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে কোন রাজনৈতিক কর্মকান্ড দেখিনি।পরে জানলাম এটি শিক্ষক সমিতির প্রোগ্রাম। এমনকি অতিথি হিসেবে মাননীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলকেও সেখানে দেখিনি। এখানে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিল। আর এখন পর্যন্ত যেহেতু প্রিসাইডিং কর্মকর্তার তালিকা চূড়ান্ত হয়নি, তাই এটা বলা যাবে না প্রিসাইডিং অফিসারদের মিটিং ছিল। হয়তো তালিকা চূড়ান্ত হলে এখান থেকে কয়েকজন থাকতেও পারে। এখন পর্যন্ত কেউ তো জানে না কারা প্রিসাইডিং অফিসার হিসেবে থাকবে। তাই গোপন মিটিংয়ের বিষয়টি সত্য নয়।

সুষ্ঠু ভোটের জন্য যতবার প্রয়োজন, ততবার নির্বাচন করব: ইসি আনিছুর

ডেস্ক রিপোর্ট:

সুষ্ঠু ভোটের জন্য যতবার প্রয়োজন ততবার নির্বাচন করবো বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

তিনি বলেন, নির্বাচনে প্রার্থীদের দায়িত্ব সবচেয়ে বেশি। কারণ যে কোনো ধরনের ঘটনা ঘটলে পুরো দায় সরকারের ওপর চলে যায়। নির্বাচনে আচরণ বিধি অবশ্যই মেনে চলতে হবে। ৭ জানুয়ারির নির্বাচন শুধু আমাদের চোখেই দেখছি না। এ নির্বাচন বিশ্ববাসী দেখছে। এ নির্বাচনের ওপর দেশের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও আমাদের অস্তিত্ব নির্ভর করে। তাই এমন কিছু করবেন না যাতে কঠোরতার চরম পর্যায়ে যেতে হয়। প্রয়োজনে আমরা প্রার্থিতা বাতিল করবো। ভোট বন্ধ করে দেবো। পুনঃনির্বাচন করবো। যতবার প্রয়োজন ততবার নির্বাচন করবো, ভোট সুষ্ঠু হতে হবে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হল মিলনায়তনে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কোথাও কোনো অসুস্থ কাজ করলে, অন্যায় হলে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে। কাউকে খুশি বা অখুশি করতে নির্বাচন করতে চাই না। জনগণ ভোট দেবে। ভোটগ্রহণের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দিয়েছি, তৈরি থাকবে।

লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন ও লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ।

প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী আনোয়ার হোসেন খান (নৌকা), এম এ গোফরান (কেটলি), হাবিবুর রহমান পবন (ঈগল), লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন (নৌকা), বোরহান উদ্দিন আহমেদ মিঠু (লাঙল), লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী গোলাম ফারুক পিংকু (নৌকা), এম এ সাত্তার (ট্রাক প্রতীক), মোহাম্মদ রাকিব হোসেন (লাঙল), লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী মোশারফ হোসেন (নৌকা) ও ইস্কান্দার মির্জা শামীম (ট্রাক প্রতীক) প্রমুখ।

কুমিল্লা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু জাহেরকে জরিমানা

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী আবু জাহেরকে আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে। রোববার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।

জানা গেছে, রোববার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন ইসলামপুর এলাকায় আবু জাহেরের পক্ষে রঙিন ব্যানার টানিয়ে নির্বাচনি প্রচারণা চালানোয় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রার্থীর সমর্থক মো. আবির হোসেনকে (৩০) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। রঙিন ব্যানারটি অপসারণ করা হয়েছে। এ কাজে সহযোগিতা করে বুড়িচং থানা পুলিশের একটি দল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। তিনি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

কুমিল্লায় চালককে হত্যা : চাঁদপুরে কোটি টাকার মালামাল সহ ১ ডাকাত আটক

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালককে হত্যা করে এক কোটি টাকার মালামাল সহ কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় চাঁদপুরে মোঃ রুবেল (২৭) নামে এক ডাকাতকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

আটকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত সোমবার (১১ ডিসেম্বর) রাতের যেকোন সময় অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিন থানা এলাকার বাতাবাড়িয়া নামকস্থানে কাভার্ডভ্যান গাড়ীর চালক মোঃ আব্দুল কাদের (৫৩) কে পরিকল্পিতভাবে হত্যা করে তার মৃতদেহ রাস্তার পাশে ফেলে রেখে কাভার্ডভ্যান ভর্তি এক কোটি টাকা মূল্যের গার্মেন্টস সামগ্রী ছিনতাই করে চাঁদপুর নিয়ে আসে।

পরে সোমবার (১১ ডিসেম্বর) দুপুর প্রায় ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম এর নির্দেশনায় এসআই মোঃ আবদুছ ছামাদ আজাদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ চাঁদপুর পৌর ৩নং ওয়ার্ড পূর্ব শ্রীরামদী দাসপাড়া চাঁদপুর নুরীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে সেলিম চৌধুরীর অটো গ্যারেজের সামনে রাস্তার উপর চোরাই গার্মেন্টস পণ্য আনলোড করাকালে ঢাকা মেট্রো-ট-১৭-০৫৩৫ নম্বরের একটি কাভার্ডভ্যান এবং ছিনতাইকৃত গার্মেন্টস পণ্যের মালিক হিসাবে উপস্থিত মোঃ রুবেল (২৭) কে পেয়ে কাভার্ডভ্যানে থাকা গার্মেন্টস পণ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদকালে সে সন্তোষ জনক জবাব দিতে না পারায় তাকে আটক করে।

জব্দকৃত ৩২৮ কার্টুন গার্মেন্টস পণ্যের আনুমানিক মূল্য এক কোটি টাকা এবং কাভার্ডভ্যানের মূল্য ৪৫ লক্ষ টাকা। আটকৃত আসামী রুবেল নোয়াখালী জেলার সুধারাম থানার বন্দেরহাট আলী একাব্বর মাস্টার বাড়ীর হুমায়ুন কবিরের ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বন্দর থানার ৩৭নং ওয়ার্ডের নিমতলা এলাকায় বসবাস করছেন। ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা আসামীদের শনাক্ত পূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানা যায়।

পরবতীর্তে ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ায় কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ এর মাধ্যমে জানা যায়, জব্দকৃত কভার্ডভ্যান গাড়ী চালক নিহত মোঃ আব্দুল কাদের (৫৩) গাজীপুর সদর উপজেলার বালিয়ারা এলাকার মৃত হামেদ শেখ এর ছেলে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায়, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)/আবদুছ ছামাদ আজাদ এর নেতৃত্বে সদর মডেল থানার একটি চৌকস দল উক্ত অভিযান পরিচালনা করেন।

কুমিল্লা উনাইসারে শ্রমিক বহনকারী বাসে দুর্বৃত্তদের আগুন

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় জিহান ফুটওয়ার ইন্ডাস্ট্রির শ্রমিক পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে নগরীর উনাইসার এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের অংশ পুড়ে যায়।

বাসের চালক মো. আনিস জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তিনি বাসে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের লেলিহান শিখায় তার ঘুম ভাঙে। তখন সে দ্রুত বাস থেকে বের হন এবং কয়েকজনকে দৌড়ে পালাতে দেখেন। বাসে অগ্নিসংযোগকারী দুর্বৃত্তরা মুখোশধারী ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসলেও ততক্ষণে বাসটি পুরোপুরি জ্বলে যায়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভুঁইয়া বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। নাশকতাকারীদের দমন করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।