Tag Archives: গ্রেপ্তার

বাস চাপায় নারী-শিশুসহ ২জনের মৃত্যু, বাস চালকসহ গ্রেপ্তার-৩

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় এক ভবঘুরে নারীকে রাস্তা পার করে দিতে গিয়ে ট্রাক চাপায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসচালক ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই সাথে বাসটি আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মিজানুর রহমান (৩১) সিলেটের বালাগঞ্জ থানার হামছাপুর গ্রামের মৃত মজমিল আলীর ছেলে ও আবু তাহের (২৬) সিলেটের সিরাজ উদ্দিনের ছেলে এবং সুনামগঞ্জের জসিম উদ্দিনের ছেলে তারেক আহমদ (১৮)।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতের দিকে তাদের হবিগঞ্জ সদর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, একই দিন সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদাউস (৮) সদর উপজেলার চর করম উল্যা গ্রামের জাকের হোসেনের মেয়ে ও অজ্ঞাত নারী (৬০) ভবঘুরে। তবে তাৎক্ষণিক পুলিশ ভবঘুরে নারীর পরিচয় জানাতে পারেনি।

র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো.গোলাম মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পর পরই গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ ও র‍্যাব-১ য়ৌথ অভিযান চালিতে চালক সহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবঘুরে বৃদ্ধ নারী সোনাপুর এলাকায় থাকত মাঝে মাঝে ভিক্ষা করত। শুক্রবার দুপুরের দিকে তাকে নিহত জান্নাতুলের পরিবার বাসায় দুপুরের খাবার খাওয়াতে নিয়ে যায়। ওই নারী চোখে কম দেখত। এজন্য সন্ধ্যার দিকে নিহত জান্নাতুল তাকে রাস্তাপার করে দিতে বাসা থেকে নিয়ে আসে। একপর্যায়ে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কের সোনাপুর ক্লোড স্টোরেজের সামনে তাদের বেপরোয়া গতির মাইজদীগামী সাগরিকা পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে তারা গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসত তাদের মৃত ঘোষণা করে।

 

নোয়াখালীতে সিঁধ কেটে মা-মেয়েকে গণধর্ষণ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে সিঁধ কেটে মা-মেয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার ভুক্তভোগী গৃহবধূর বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম। এর আগে, গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নির্যাতিত গৃহবধূর বয়স (৩০) ও তার মেয়ের বয়স (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী পেশায় একজন দিনমজুর। সে ৩-৪দিন পর পর বাড়িতে আসে। তাকে কাজের জন্য প্রায় বাহিরে থাকতে হয়। ভুক্তভোগী গৃহবধূর ভাষ্যমতে এ সুযোগে গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ২টা থেকে ২টার মধ্যে তার বসত ঘরের সিঁধ কেটে তাকে এবং তার মেয়েকে ধর্ষণ করে তিন ধর্ষক। এর মধ্যে তাকে ধর্ষণ করে দুই ধর্ষক ও তার মেয়েকে ধর্ষণ করে এক ধর্ষক।

অপর এক প্রশ্নের জবাবে ওসি রফিকুল ইসলাম বলেন, কিছু দিন আগে নির্যাতিত গৃহবধূ নতুন এ বাড়িতে উঠে। ওই বাড়িতে সিঁধ কেটে ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গৃহবধূ ও তার মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ভুক্তভোগীর ভাষ্যমতে পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন নোয়াখালীল সুবর্ণচর উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটে। এ নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। গতকাল সোমবার বেলা ১২টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌস ওই দলবদ্ধ ধর্ষণ মামলায় ১৬ আসামির মধ্যে ১০ জনের মৃত্যুদন্ড ও ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সাথে তাদের অর্থদন্ডও করা হয়। এ উপজেলা গণধর্ষণের জন্য দেশব্যাপী বারবার আলোচনায় আসছে।

বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়ীর কেয়ারটেকার নিজাম উদ্দিন গ্রেপ্তার

দাউদকান্দি প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাক আহমেদের ছেলে খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু বাহিনীর প্রধান নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে রাজধানীর আগামসি লেন বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি টিম।

গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিন(৫৩) উপজেলার ভাগলপুর গ্রামের মৃত রওশন আলী ওরফ আব্দুস সোবহান এর ছেলে এবং বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়ীর কেয়ারটেকার।

স্থানীয় সূত্রে জানা যায়, খন্দকার মোশতাকপুত্র

ইশতিয়াক আহমদ বাবুর আমমোক্তারনামাবলে নিয়োজিত কেয়ারটেকার নিজাম উদ্দিনের নেতৃত্বে ও বাবুর অর্থবিত্তে লালিত বাহিনীর অত্যাচার-নিপীড়নে এলাকার সাধারণ মানুষ জিম্মি ছিল বলে সুন্দলপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দশপাড়া গ্রামের মাহবুবুর রহমান বাবুল মেম্বার মাহফুজুর রহমানসহ স্থানীয়রা জানান। তারা বলেন, নিজাম গ্রেপ্তার হওয়ায় আমরা এবং এলাকার সাধারণ মানুষ খুশি। তবে নিজাম উদ্দিনের সেল্টারদাতা মোশতাকপুত্র বাবুকে দ্রুত গ্রেপ্তারের দাবী জানান তারা।

নিজাম উদ্দিনের গ্রেপ্তারের খবরে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভুক্তভোগী একটি মামলার বাদি কাজী রেহা কবির বলেন, আমার পরিবার একের পর এক হামলা মামলা ও হয়রানির শিকার হয়েছি।

মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ দেশের ক্ষমতায় থাকা সত্ত্বেও খুনি মোশতাকপুত্র পলাতক ইশতিয়াক আহমদ বাবু ও তার প্রেতাত্মাদের ষড়যন্ত্র থেমে নেই। অর্থবিত্তে বলীয়ান বাবুর অর্থের বিনিময়ে স্থানীয় কিছু প্রভাবশালী ও গুটিকয়েক অসৎ ব্যক্তিকে টাকার বিনিময়ে ম্যানেজ করে এলাকায় তার বাহিনীর মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

তিনি আরো জানান, মোশতাকপুত্র খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু তাদের পূর্বপুরুষের সম্পত্তি দখলে রাখতে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেন। এরই মধ্যে মোশতাকপুত্র বেশ কিছু সম্পত্তি জাল দলিল ও ভুয়া স্বাক্ষরে বিক্রয় করে দেন। এনিয়ে আদালতে প্রতারনা মামলায় ইশতিয়াক আহমেদ বাবু, তার ছেলে ইফতেখার আহমেদ শাদ ও কেয়ারটেকার নিজামুদ্দিনকে আসামি করা হয়। বর্তমানে খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু ও খন্দকার ইফতেখার আহমেদ শাদ কানাডায় পলাতক রয়েছেন।

কাজী রেহা কবির বলেন, আমার চাচা মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষা সৈনিক কাজী আব্দুল বারি বঙ্গবন্ধু হত্যার পর প্রতিবাদকারীদের একজন। খন্দকার মোশতাক আমার নানার পরিবারের সদস্য হলেও আদর্শগত কারণে তাদের সঙ্গে আমাদের কোন পারিবারিক সম্পর্ক ছিলনা । আমার মামা নাসিরুল কবিরের করা মামলায় নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের অবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তিনি।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, প্রতারণাসহ একাধিক মামলার আসামি নিজাম উদ্দিনকে মঙ্গলবার রাতে আমাদের একটি টিম রাজধানী আগামসি লেনের খন্দকার মোশতাকের বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে আদালতের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নোয়াখালীতে কিশোরীকে এক মাস আটকে রেখে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) এক মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে সৌরভ হোসেন আলিফ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নোয়াখালীর বিচারিক আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার সৌরভ বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

মামলার বাদী ওই স্কুলছাত্রীর মা বলেন, ‘আমার মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। গত ২০ ডিসেম্বর সকালে আলিফ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তুলে নিয়ে যায়। পরে চট্টগ্রামের একটি বাসায় এক মাস ছয় দিন আটকে রেখে ধর্ষণ করে। পরে বিয়ে না করে গতকাল শুক্রবার দুপুরে মেয়েকে বাড়ি পাঠালে বিস্তারিত জানতে পারি। পরে রাতেই থানায় মামলা করি।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘মামলা দায়েরের পর রাতেই আলিফকে গ্রেপ্তার করা হয়। পরে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

কুমিল্লায় পরিবহনে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর চকবাজার এলাকা থেকে পরিবহনে চাঁদাবাজির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান বিষয়টি জানান।

পুলিশ জানায়, নগরীর চকবাজার থেকে তেলিকোনাগামী সড়কের উপর অবস্থান করে কিছু লোক যাত্রীবাহী বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করছে। তারা চালকদেরকে হত্যার ভয়ভীতি দেখিয়ে যানবাহনের গতিরোধ করে অবৈধ রশিদের মাধ্যমে চাঁদা আদায় করছে। এমন অভিযোগে রোববার রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের পরিদর্শক (এসআই) নাজমুল শাকিব ঘটনাস্থলে যায়।

এসময় চকবাজার তেরীপট্টি এলাকায় সড়কের উপর থেকে চাঁদা আদায়ে নিয়োজিত থাকা তিনজনকে আটক করে পুলিশ। আটকৃতরা হলেন কুমিল্লা সদরের পূর্ব চান্দপুর এলাকার মৃত ছালেক মিয়ার ছেলে মোঃ হোসেন (৪৬), গোবিন্দপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে মোঃ সবুজ (২৫) ও সদর দক্ষিন উপজেলার ধনাজোড় এলাকার মৃত ইব্রাহিম হোসেনের ছেলে মোঃ মোতাহের হোসেন (৪৫)। এছাড়া তাদের সহযোগি শাসনগাছা এলাকার মৃত আঃ মান্নান এর ছেলে আবু জাহের (৪২) , শুভপুর এলাকার মৃত ইউনুছ মিয়ার ছেলে শরীফুল ইসলাম রাসেল (৪০) ও আশ্রাফপুর এলাকার আলম মিয়া (৪৫) পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ এক হাজার ৯৬০ টাকাসহ চাঁদা আদায়ের বিভিন্ন ভুয়া রশিদ বই জব্দ করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

কিশোর ছাত্রের সাথে শারীরিক সম্পর্কের অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কিশোর ছাত্রের সাথে স্কুলের মাঠে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের এক শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ওই শিক্ষিকার নাম হেইলি ক্লিফটন-কারম্যাক। মিসৌরির পুলাস্কি কাউন্টির ল্যাকি হাই স্কুলের গণিতের শিক্ষিকা তিনি। ছাত্রের সাথে যৌন সম্পর্ক স্থাপন এবং শিশু শ্লীলতাহানির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই শিক্ষিকাকে টেক্সাস থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে তার বিরুদ্ধে ২৫ লাখ মার্কিন ডলারের বন্ড নির্ধারণ করা হয়েছে। টেক্সাস পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত শিক্ষিকাকে মিসৌরিতে ফেরত পাঠানোর কাজ শুরু হয়েছে।

আদালতের নথিতে বলা হয়েছে, ছাত্রের সাথে ওই শিক্ষিকার অনৈতিক সম্পর্কের বিষয়ে ল্যাকি হাই স্কুলের অধ্যক্ষ এবং সুপারিনটেনডেন্ট অবগত ছিলেন। কিন্তু তারা শিক্ষিকা হেইলি ক্লিফটনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি। পরে স্কুলের এক ছাত্র ওই শিক্ষিকার সঙ্গে ছাত্রের অনৈতিক সম্পর্কের বিষয়টি পুলিশকে অবগত করে।

শিক্ষিকার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া ১৬ বছর বয়সী কিশোর তার পিঠে ক্ষত চিহ্নের একটি ছবি সহপাঠীদের দেখিয়েছিল। ক্লিফটন-কারম্যাকের সাথে তার শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার কারণে পিঠে ক্ষত হয়েছিল বলে সে জানায়। ওই শিক্ষিকা শ্রেণিকক্ষে ছাত্রদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ হন বলে অভিযোগ রয়েছে।

গত বছরের ডিসেম্বরে শিক্ষিকা হেইলি ক্লিফটন-কারম্যাকের ফোন তল্লাশি করার একটি আবেদন পেয়েছিলেন পুলিশ কর্মকর্তারা। পুলিশের এক কর্মকর্তার মতে, ক্লিফটন-কারম্যাক কোনও ধরনের সমস্যা ছাড়াই নিজের ফোনটি হস্তান্তর করেছিলেন। যা সচরাচর একই ধরনের অভিযোগের মুখোমুখি হওয়া অন্য কারো ক্ষেত্রে এমন স্বাভাবিক আচরণ দেখা যায় না। পাশাপাশি তিনি কোনও ভুল কাজ করেননি বলে দাবি করেছিলেন।

কর্মকর্তারা বলেছেন, ক্লিফটন-কারম্যাক তার আইনজীবীর পরামর্শ অনুযায়ী ফোনের পাসওয়ার্ড সরবরাহ করতে অস্বীকৃতি জানান। পরে ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থার মাধ্যমে ফোনটির নিয়ন্ত্রণ নেওয়ার পর তদন্তকারীরা এক ছাত্রের সাথে ক্লিফটন-কারম্যাকের একটি চ্যাট খুঁজে পান। যেখানে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।

স্কুল কর্তৃপক্ষ বলেছে, ‘‘ওই শিক্ষিকা গত ৮ ডিসেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত। আমরা তার ফিরে আসার প্রত্যাশা করি না।’’

১৬ বছর বয়সী ওই কিশোরের বাবাও শিক্ষিকার সাথে তার ছেলের সম্পর্কের বিষয়ে অবগত ছিলেন। তাকে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, স্কুলের মাঠে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার সময় কেউ আসছে কি না, তা দেখার জন্য অন্যান্য ছাত্রদের নজর রাখার নির্দেশ দিতেন শিক্ষিকা।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।

বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে বাধা নেই : ডিবি প্রধান

ডেস্ক রিপোর্ট:

অনুমতি না নিয়ে যদি বিভিন্ন মামলার আসামিরা মানববন্ধন করার চেষ্টা করেন, তাহলে তাদের গ্রেপ্তারে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মেনে নির্বাচনে না এসে, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি দল। তারাই আবার পুলিশ হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামি।

তিনি বলেন, তফসিল ঘোষণার পর থেকে আমরা নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করছি। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হয়ে বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন লাগানো, যানবাহন চলাচলে বাধা, পুলিশের ওপর হামলা, রাজারবাগ হাসপাতালের গাড়ি ভাঙচুর, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে; তারাই কিন্তু এখন আবার অবরোধ ডেকে নাশকতা করছে।

ডিবি প্রধান বলেন, একদিকে তারা নির্বাচনে আসে না। অন্যদিকে প্রতিদিনই ককটেল নিক্ষেপ করছে। গাড়িতে আগুন দিচ্ছে, মানুষের সম্পদ নষ্ট করছে। যারা নাশকতা মামলার আসামি, গাড়ি পোড়ানো মামলার আসামি, প্রধান বিচারপতির বাস ভবনে হামলা মামলার আসামি যাদের অনেককে আমরা ইতোমধ্যে গ্রেপ্তার করেছি। অনেকের নাম ফোন নম্বর পেয়েছি। তারা যেখানেই থাকুক তাদের গ্রেপ্তার করা হবে।

বিএনপি যদি অনুমতি না নিয়ে মানববন্ধন করার চেষ্টা করে, এ বিষয়ে পুলিশ কোনো ব্যবস্থা নেবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে জোর করে ওই সব মামলার আসামিরা মানববন্ধন করতে চান তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর যে রুটিন কাজ সেটাই করবে। বিভিন্ন মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে আমাদের কোনো বাধা নেই।

বিএনপি মানববন্ধনের জন্য নির্বাচন কমিশনের অনুমতি নিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, অনুমতি নিয়েছে কি-না বলতে পারছি না। তবে আমার মনে হয় নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল মেনে তারা তো নির্বাচন করছে না; সে ক্ষেত্রে নির্বাচন কমিশনের তোয়াক্কা করবে কেন? তারা নির্বাচন করলে অনুমতি নিত। তারা নির্বাচন না করে নির্বাচনকে বানচাল করতে, বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাই আমরা মনে করি, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে মানুষের জানমালের ক্ষতি যেন কেউ না করতে পারে, অবাধ সুষ্ঠু নির্বাচনে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখা। পাশাপাশি আমাদের নিয়মিত কাজ বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরওয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা। আমরা আমাদের কাজটাই করছি।

বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না

ডেস্ক রিপোর্ট:

বিরোধী রাজনৈতিক নেতাকর্মী যাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতেই গ্রেপ্তার করা হচ্ছে। বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

বিএনপির ২০ হাজার নেতাকর্মী আটক হয়েছেন। গেল এক মাসে বিএনপির কত নেতাকর্মী আটক হয়েছেন? বলা হচ্ছে তাদের অনেকেই কারাগারে মারা গেছেন। এ ছাড়া মুখোশপরা বাহিনীও বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করছে। এ অবস্থায় মানবাধিকার পরিস্থিতি আপনি কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনি কি ভুলে গেছেন, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে আমাদের ২১ হাজার নেতাকর্মীকে তারা হত্যা করেছিল। আমাদের বিরুদ্ধে ২৫ হাজার ভুয়া মামলা দায়ের করেছিল তারা, যেগুলোর কোনো অস্তিত্ব ছিল না। সেগুলো আপনারা কি ভুলে গেছেন?

২৫ হাজার ভুয়া মামলার বিচার করেছেন কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব মামলার কোনো সাক্ষ্যপ্রমাণ ছিল না। এ কারণে এর অনেকগুলোই বাতিল হয়ে গেছে। ২৩ জুলাই থেকে আজকের তারিখ পর্যন্ত দৈনিক গড় গ্রেপ্তার হলো ১ হাজার ৯৫৬ জন। আর প্রতিদিন প্রায় সমানসংখ্যকই জামিন পাচ্ছেন। আমি মনে করি, যারা অপরাধ করেছেন, তারাই গ্রেপ্তার হয়েছেন। বিনা অপরাধে, বিনা পরোয়ানায় আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আপনি সেই প্রমাণ অবশ্যই দিতে পারবেন না।

আসাদুজ্জামান খান বলেন, পুলিশ কিংবা র‍্যাব যাদের গ্রেপ্তার করেছে, তারা অগ্নিসংযোগ করেছেন। একুশে আগস্টের গ্রেনেড হামলায় তারা আমাদের কত নেতাকে হত্যা করেছেন, সেগুলো বুঝি মানবাধিকারের পর্যায়ে পড়ে না! এগুলোকে যদি মানবাধিকারের পর্যায়ে নিয়ে আসা হতো, তাহলে তার একটি সদুত্তর আপনারা পেতেন।

এ সময়ে বিএনপিকে প্রধান বিরোধী দল বলায় আপত্তি তুলে মন্ত্রী বলেন, তারা প্রধান বিরোধী দল না। জাতীয় সংসদে তাদের কোনো প্রতিনিধি নেই। তারা একটি রাজনৈতিক দল, বলুন।

২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সংঘাতের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেদিন তারা প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে গিয়েছিলেন, যা আপনাদের ক্যামেরায় বন্দি হয়েছে। সেগুলো তো এক-দুজন করেননি, কয়েক হাজার লোক সেখানে ছিলেন। তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ভেতরে ঢুকে পড়েন, পুলিশ হাসপাতালে ঢুকে পড়েন। তারা পিটিয়ে পিটিয়ে পুলিশ ও আনসারকে হত্যা করেন। তাদের হামলায় সাংবাদিকরা পুলিশ হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন, সেখানে তাদের পেটানো হয়।

তিনি বলেন, প্রধান বিচারপতির বাসভবনের পাশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সভায় আমাদের নারী কর্মীরা যাচ্ছিলেন, তাদের পৈশাচিকভাবে পেটানো হয়। সেগুলো দেখলে আপনার চোখে জল এসে যেতো। প্রশ্ন করার সময় সেগুলো তুলে ধরলে আমার মনে একটু প্রশান্তি আসবে যে, আপনি (আপনারা) একদিকে কথা বলেন না। আপনার চোখ চতুর্দিকে খোলা রাখলে আরও সুন্দর করে প্রশ্ন করতে পারবেন।

মুঠোফোনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুঠোফোনে ডেকে নিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে মোশারফ হোসেন সোহাগ (২৫) ও সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিনের শাহাব উদ্দিনের ছেলে আলাউদ্দিন ওরফে সুমন (২২)।

শুক্রবার (১ ডিসেম্বর) এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মামলা দায়ের করেন। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত রাত ১১টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম পেশায় একজন শিক্ষানবিশ নার্স। তার সাথে বাড়ির পাশের একটি পোল্ট্রি খামারের শ্রমিক সুবর্ণচর উপজেলার বাসিন্দা সুমনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে প্রেমিক সুমন মুঠোফোনে কল করে প্রেমিকাকে গোপনে পোল্ট্রি খামারে ডেকে নেয়। এরপর তারা সেখানে শারীরিক সম্পর্কে জড়ায়। তখন খামারের অপর শ্রমিক মোশারফ হোসেন সোহাগ তাদেরকে দেখে ফেলে। এরপর সোহাগ কৌশলে ভিকটিম এবং তার প্রেমিককে সবাইকে বলে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে সোহাগ ভিকটিমের প্রেমিকের সহযোগিতায় তরুণীকে ধর্ষণ করে।

কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার আক্তার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

নাশকতাকারীরা যেখানেই থাকুক তাদের গ্রেপ্তার করা হবে: ডিবি প্রধান

ডেস্ক রিপোর্ট:

নাশকতাকারীরা যেখানেই থাকুক তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, নাশকতাকারীরা তারা যেখানেই থাকুক, শুধু ঢাকা শহর নয়, বাংলাদেশের যেই প্রান্তে থাকুক তাদেরকে আমরা গ্রেপ্তার করব। অনেকের নাম আমরা পেয়েছি, অনেককে আমরা গ্রেপ্তার করেছি।

রোববার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি।

অবরোধে সাধারণ মামলার বিষয়ে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, বিভিন্ন থানায় যেসব মামলা হয়, সেই মামলাগুলোর তদন্ত করছি এবং যেগুলো অভিযান করা দরকার অভিযান করে গ্রেপ্তার করছি।

তিনি বলেন, অবরোধের নামে যারা অবরোধের আগের দিন নাশকতা চালাচ্ছে, নৈরাজ্য সৃষ্টি করছে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে, তারা বিচ্ছিন্নভাবে অকেজো বাস, যেই বাসগুলো চলে না এগুলোতে আগুন লাগিয়ে ওই এলাকার জনমনে একটা আতঙ্ক সৃষ্টি করছে। যারা আতঙ্ক সৃষ্টি করছে বা নাশকতাকারীরা তারা যেখানেই থাকুক, বাংলাদেশের যেই প্রান্তে থাকুক তাদের অনেকের নাম আমরা পেয়েছি। অনেককে আমরা গ্রেপ্তার করেছি। আমাদের অভিযান চলছে বাকিরাও শিগগিরই গ্রেপ্তার হবে।

পুলিশের নানা তৎপরতার পরও একের পর এক বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এতে গোয়েন্দা দুর্বলতা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ঢাকা শহরের প্রত্যেকটি জায়গায় থানা পুলিশ, ডিবি পুলিশ টহল দিচ্ছে, মোবাইল কোর্ট চলছে। আমরা চেকপোস্ট বসাচ্ছি। যারা বাসে আগুন দিচ্ছে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি। তারা গতকাল সন্ধ্যায় যেই গাড়িগুলো অকেজো, নষ্ট হয়ে আছে সেগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছে। এই নাশকতাকারীরা ফৌজদারি অপরাধ করছে। যেহেতু নাশকতা করছে এবং ফৌজদারি, ফলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী একদিকে যেমন টহল দিচ্ছে অন্যদিকে তারা যেখানেই পালিয়ে থাকুক না কেন তাদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসব।

তফসিল ঘোষণার পর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা আশঙ্কা ঘিরেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি। আমরা দৈনন্দিন কাজ করছি। অপরাধী বা নাশকতার পরিকল্পনা যারা করছে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি। তফসিলকে কেন্দ্র করে যারা এই ধরনের অপরাধী রয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। নির্বাচন কমিশনের অধীনে থেকে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন করার জন্য আমরা একই কাজ করব এবং এটা আমাদের সাংবিধানিক দায়িত্ব।