Tag Archives: দুর্ঘটনা

পাওয়ার টিলার চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে ইটবাহী পাওয়ার টিলার চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের চরজব্বার পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় মজুমদার (৩০) উপজেলার ৭নং পূর্ব চরবাটার ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরমজিদ গ্রামের রাখাল মজুমদারের ছেলে এবং তিনি হাতিয়ার চেয়ারম্যান ঘাট বাজারের পূর্নিমা জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী ছিলেন।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন রাজু জানান, বিকেল ৪টার দিকে নিজ বাড়ি থেকে দুপুরের খাবার শেষে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা করেন হৃদয়। যাত্রা পথে মোটরসাইকেলটি উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের চরজব্বার পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছলে সামনে থাকা পাওয়ার টিলারটি স্টার্ট বন্ধ হয়ে ব্রেকফেল করে। এতে ট্রাক্টরের পিছনে থাকা মোটরসাইকেলটি ট্রাক্টরের নিচে চাপা পড়লে হৃদয় ঘটনাস্থলেই মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ। তিনি বলেন, দুর্ঘটনার শিকার ট্রাক্টার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনার পর চালক কৌশলে পালিয়ে যায়। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত ১০

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের নানকরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-চৌদ্দগ্রামের ধোপাখিলার আবদুল মোতালেব, খাগড়াছড়ির কলাবাগানের কবির, সুদীপ, নুসরাত, ফাতেমা ও নিপা। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি থেকে ঢাকাগামী যাত্রীবাহী শান্তি পরিবহনের বাস মহাসড়কের নানকরা নামক স্থানে এসে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাস শান্তি পরিবহনের পেছনে ধাক্কা দেয়। এতে শান্তি পরিবহনের সামনে ও পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মনজুরুল হক আখন্দ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ছাড়া দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নিহত

ডেস্ক রিপোর্টঃ

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অবিভক্ত কুমিল্লা (কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর) জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মিজানুর রহমান আজাদ।

শুক্রবার (১৯ মার্চ) রাতে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের ওপারে ভারতীয় অংশে তিনি দুর্ঘটনার শিকার হয়ে মারা যান।

শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় নিহতের ছোট ভাই কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল জানান, মিজানুর রহমান আজাদ ব্যবসায়িক কারণে ভারতে অবস্থান করছিলেন। সেখান থেকে শুক্রবার তিনি দর্শনা হয়ে দেশে ফিরছিলেন।

মিজানুর রহমান আজাদ কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর এলাকার শহীদ বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ছেলে।

এদিকে সাবেক ভিপি মিজানুর রহমান আজাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন, সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়নসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

কুমিল্লার বরুড়ায় নছিমন চাপায় ঘটনাস্থলেই নিহত ১

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়া উপজেলায় নছিমন থেকে পড়ে গিয়ে একই নছিমনের চাপায় মোজাম্মেল হোসেন নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

সোমবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় বরুড়া উপজেলার লক্ষীপুর-আড্ডা সড়কে মমিন সুপার মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের কাছিয়াপুকুরিয়া পেরপেটি গ্রামের বাসিন্দা।

ঘটনার সূত্রে জানা যায়, সোমবার বিকালে নছিমনে মাল নিয়ে যাচ্ছিলেন মোজাম্মেল। হঠাৎ আড্ডা লক্ষিপুর এলাকার মমিন সুপার মার্কেটের সামনে নসিমন ধাক্কা খেলে মোজাম্মেল নছিমন থেকে পড়ে গিয়ে একই নছিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। তারা এখনো ঘটনাস্থলে পৌঁছায় নাই। মরদেহের সুরতহাল তৈরি করে থানায় নিয়ে আসলে বিস্তারিত জানাতে পারবো।

কুমিল্লার চান্দিনায় গাছ কাটতে গিয়ে গাছের চাপায় শ্রমিকের মৃত্যু

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় গাছ কাটতে গিয়ে গাছের চাপায় প্রাণ হারালেন আব্দুল হাকিম (৪০) নামের এক ব্যক্তি।

সোমবার দুপুরে চান্দিনা পৌরসভার চান্দিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম (৪০) চান্দিয়ারা গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে মামুন জানান, চান্দিয়ারা গ্রামের ফকির বাড়িতে একটি আম গাছ কিনেছিলেন আমার পিতা আব্দুল হাকিম। সোমবার আমিসহ আরও কয়েকজন মিলে ওই গাছ কাটার কাজ করছিলাম। গাছটি একজনের ঘরের উপর পড়বে আশঙ্কা করে আমার পিতা আব্দুল হাকিম গাছটিতে ধরতে গেলে গাছের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রব বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আব্দুল হাকিম এর জন্মস্থান এ এলাকায় না। তার পৈত্রিক নিবাস কুড়িগ্রাম জেলায়। প্রায় ২৫ বছর আগে এখানে এসে বিয়ে করে বাসিন্দা হন। কৃষিকাজ করার পাশাপাশি গাছের কাজ করতেন তিনি। সোমবার গাছ কাটার সময় চাপা পড়ে মৃত্যু ঘটে তার।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, বিষয়টি শুনেছি। তবে এটি মূলত একটি দুর্ঘটনা।