Tag Archives: প্রধানমন্ত্রী

আচরণবিধি মেনে নিজ নির্বাচনী এলাকায় গেলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই নিজ নির্বাচনী এলাকায় গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি প্রোটোকল না‌ নিয়ে পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া গেছেন তিনি।

গোপালগঞ্জে দুইদিনের সফরের দ্বিতীয় দিন শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া যান প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌ আজ সকালে সরকারি প্রোটোকল না‌ নিয়ে পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া যান।

জানা গেছে, বৃহস্পতিবার ঢাকা থেকে সড়কপথে গোপালগঞ্জ যান আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকাল ১০টার কিছু আগে সীমিত গাড়িবহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়ায় পৌঁছান। স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে আজ বিকেলেই সড়কপথে তার ঢাকা ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন আছেন থাকবেন: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন, আছেন ও থাকবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে বৈঠকের পর তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, রাষ্ট্রদূত ফিলিস্তিনের প্রতি আকুণ্ঠ সমর্থনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। আমি তাকে জানিয়েছি যদিও তিনি জানেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের পক্ষে বলেছেন, বাংলাদেশের পার্লামেন্টের সংসদ নেতা হিসেবে ফিলিস্তিনের পক্ষে বিশেষ আলোচনার আয়োজন করেছেন। গাজায় যে হত্যাযজ্ঞ চলছে, সেটার প্রতিবাদ করেছেন।

তিনি বলেন, ফিলিস্তিনিদের পাশে থাকার আমাদের যে অঙ্গীকার, ইসরাইলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে যে আমাদের অবস্থান- সেটা তাকে পুনর্ব্যক্ত করেছি।

‘আমরা মনে করি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব, অন্য কোনো কিছু নয়। আমরা টু-স্টেইট পলিসিকে সমর্থন করি। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় এটি অবশ্যই প্রয়োজন। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা সম্ভব।’

হাছান মাহমুদ বলেন, তিনি (রাষ্ট্রদূত) তার আলোচনায় আরব বিশ্বের নেতাদের ভূমিকা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের যেসব ফিলিস্তিনি ডাক্তারি পেশায় পড়াশোনা করে গেছেন, সেখানে কীভাবে কাজ চালাচ্ছে সেগুলোর ভিডিও তিনি আমাকে দেখিয়েছেন।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, আমরা মনে করি একবিংশ শতাব্দীতে গাজায় যেভাবে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে এবং পৃথিবী বসে বসে তাকিয়ে আছে। গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হচ্ছে, পুরো পৃথিবী বসে বসে সেটি দেখছে। যারা বসে বসে দেখছে, যারা ফিলিস্তিনিদের পক্ষে না দাঁড়িয়ে বরং ইসরাইলের পক্ষে অবলম্বন করছে। আমি মনে করি মানবতা নিয়ে কথা বলার নৈতিক অধিকার তারা হারিয়েছেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, আমি আশা করব মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপসহ সবার কানে ফিলিস্তিনিদের এই আর্তনাদ পৌঁছাবে। সেখানে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হবে এবং ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠা হবে। আমাদের সরকার, প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন, আছেন এবং থাকবেন।

দলের প্রয়োজনেই স্বতন্ত্র প্রার্থীর অনুমতি: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ডা. আলম খান মিলন দিবসে মিলন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে নির্বাচনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, বিক্ষিপ্ত বোমাবাজি করে এটা বন্ধ করা যাবে না। আওয়ামী লীগ নয়, অপকর্মের জন্য বিএনপিই সঙ্গী খুঁজে বেড়াচ্ছে।

এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ ডা.আলম খান মিলন দিবস উপলক্ষ্যে শহীদ মিলন চত্বরে শ্রদ্ধা নিবেদন করা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে দলের সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রসঙ্গত, রোববার (২৬ নভেম্বর) সকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি আসনে দলীয় ডামি প্রার্থী রাখার নির্দেশনা দেন। এছাড়া নির্বাচনকে প্রতিযোগিতামূলক করার নির্দেশও দেন। মনোনয়নপ্রাপ্তদের কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

আগামী জাতীয় নির্বাচনকে উৎসব ও প্রতিযোগিতামূলক করতে নৌকার প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী কিংবা অন্যান্য দলের কেউ প্রার্থী হলে তাকেও সহযোগী ও উৎসাহ দেওয়ার নির্দেশ দেন আওয়ামী লীগ প্রধান।

অকৃতকার্যদের গালমন্দ না করার অনুরোধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এইচএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের গালমন্দ করা যাবে না। তাদেরকে উৎসাহ দিতে হবে। এ পরীক্ষায় খারাপ করলেও পরের পরীক্ষায় ভালো করবে- অভিভাবকদের এমন উৎসাহ দিতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

রোববার সকালে গণভবনে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, এবার ছেলেদের থেকে মেয়েদের পাসের হার বেশি। ছেলেরা কেন পিছিয়ে পড়ছে? সে বিষয়টা খুঁজে বের করতে শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেন।

ছেলেদের উদ্দেশে তিনি বলেন, পিছিয়ে পড়লে চলবে না। মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে।

এর আগে সকাল ১০টার দিকে বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। পরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

গণভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ উপস্থিত ছিলেন।

ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।

প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি-সমমানের ফল হস্তান্তর

ডেস্ক রিপোর্ট:

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।

দুপুরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। দুপুরের পর থেকে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

গণভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ উপস্থিত ছিলেন

ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।

চলতি বছর ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট; আর প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া তিনটি শিক্ষা বোর্ডের পরীক্ষা (চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড) শুরু হয় ২৭ আগস্ট। এবার পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে।

বঙ্গবন্ধুকে হত্যার পরই দেশে হত্যার রাজনীতি শুরু হয়: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরই এদেশে হত্যার রাজনীতি শুরু হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার শুরুতে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ওই হত্যাকাণ্ডের পর জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, গণতন্ত্রের অধিকার কেড়ে নেওয়া হয়।

তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগ্রাম করে গেছে। আর অধিকার প্রতিষ্ঠা করতে গিয়েই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে।

এর আগে সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে সংসদীয় মনোনয়ন বোর্ডের এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন শেষে বঙ্গভবনে যান তিনি।

এর আগে গোপালগঞ্জ-৩ আসনের নেতারা শনিবার সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়নপত্র কেনার মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন দলীয় প্রধান।

দলীয় সূত্রে জানা যায়, ক্ষমতাসীন দলটির মনোনয়ন ফরম বিক্রির এ কার্যক্রম চলবে আগামী ২১ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত। এ বছর অনলাইনেও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

এছাড়াও অনলাইনে ‘স্মার্ট নমিনেশন অ্যাপ’ নামে একটি অ্যাপ চালু করেছে ক্ষমতাসীন দলটি। গুগল প্লে স্টোর অথবা ওআইওএস অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপটি থেকে অনলাইনেই ফরম পূরণ করে জমা দিতে পারবেন মনোনয়নপ্রত্যাশীরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১৫টি উপকমিটি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার রাতে ক্ষমতাসীন দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব উপকমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নাম প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশন আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করেছে। গত বুধবার (১৫ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফশিল ঘোষণা করেন।

ঘোষিত তফশিল অনুযায়ী, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। আপিল ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি ২০২৪ সকাল ৮টা পর্যন্ত।

যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের পরিণতি ভালো হবে না: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (১৮ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধনীতে এসে এ হুঁশিয়ারি দেন তিনি।

শেখ হাসিনা বলেন, সামনেই আমাদের জাতীয় নির্বাচন। ইতোমধ্যে তফশিল ঘোষণা হয়ে গেছে। যাদের আত্মবিশ্বাস নেই তারাই নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে নির্বাচন বানচালের চেষ্টা যারা করবে তাদের পরিণতি ভালো হবে না।

বোর্ড ও তৃণমূল থেকে মতামত নিয়ে প্রার্থী বাছাই করা হবে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সংবিধান মেনে চলে। আটটি বিভাগে দশটি নির্বাচনি ফরম সংরক্ষণের বুথ তৈরি করে দেওয়া হয়েছে। ঢাকা আর চট্টগ্রামে দুইটি বুথ থাকবে। আমরা বোর্ড আর তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করব।

হরতালের কারণে পড়ালেখা নষ্ট হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আশা করি সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। কেউ যদি নির্বাচন বানচাল বা জনগণের অধিকার ক্ষুণ্ণ করে তাদের ছেড়ে দেওয়া হবে না।

গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া আ.লীগ কোনোদিন সরকার গঠন করেনি: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া আওয়ামী লীগ কোনোদিন সরকার গঠন করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের প্রস্তাবেই সবকিছুর সংস্কার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (১৪ নভেম্বর) গণভবন থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা জনগণের ভোটেই বাবরবার নির্বাচিত হয়ে এসেছি। দীর্ঘসময় সরকারে থাকার কারণেই আমরা যেভাবে উন্নয়ন পরিকল্পনা করেছিলাম সেভাবে করতে পেরেছি।

তিনি বলেন, বাংলাদেশকে দেখে এখন আর কেউ বলতে পারবে না এদেশ দরিদ্র দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ, হাত পেতে চলার দেশ। আমরা এখন একটা মর্যাদাশীল দেশে পরিণত হয়েছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

নির্বাচন ঘনিয়ে এসেছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, হয়তো দুই একদিনের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ সময় ঘোষণা দেবে।

২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায় দেশব্যাপী ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

বিএনপি-জামায়াতের কাজই হচ্ছে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন জনগণের উন্নয়ন হয়। দুর্ভাগ্যের বিষয় বিএনপি মানে সন্ত্রাসী কর্মকাণ্ড। বিএনপি-জামায়াতের কাজই হচ্ছে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা। মানুষ খুন তাদের একমাত্র গুণ। বিএনপি-জামায়াতের আর কোনো গুণ নেই।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন এই ২৮ অক্টোবর কীভাবে পুলিশকে মাটিতে ফেলে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। বেহুঁশ হয়ে গেছে তাও ছাড়েনি। তারপর কুপিয়েছে। ৪৫ জন পুলিশ আহত হয়েছে। সাংবাদিকদেরও ছাড়েনি। সাংবাদিকদের তারা পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। রাজারবাগ পুলিশ স্টেশনে ঢুকে হাসপাতালে আক্রমণ করেছে। কয়েকটা অ্যাম্বুলেন্স ভেঙেছে, পুড়িয়ে দিয়েছে। কয়েকটা অ্যাম্বুলেন্স ভেঙেছে, পুড়িয়ে দিয়েছে। অ্যাম্বুলেন্সে করে রোগী যাচ্ছে সেই অ্যাম্বুলেন্সে আক্রমণ করেছে। এদের মধ্যে এতটুকু মনুষত্ববোধ আছে বলে আমি মনে করি না।

তিনি বলেন, আমার একটাই লক্ষ্য এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করা। ২০০৮ সাল ২০১৪, ২০১৮ সালে ক্ষমতায় এসেছি। ধারাবাহিক গণতান্ত্রের ধারা অব্যাহত রয়েছে।

এর আগে বিকেল ৩টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রী সাকিট হাউস মাঠে আয়োজিত আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে উপস্থিত হন। এরপর সেখানে তিনি ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দুপুর ১২টা ৫০ মিনিটে হেলিকপ্টারে খুলনা জেলা স্টেডিয়ামে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর হাউস মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিভাগীয় এই মহাসমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।