,

লাকসামে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
June 20, 2019
news-image

সেলিম চৌধুরী হীরা, লাকসাম :

কুমিল্লার লাকসাম পৌরশহরের পশ্চিমগাঁয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে শহরের সোয়াছআনিপাড়ায় (আহমদ মেস্তরির বাড়ি) এ ঘটনা ঘটে।

নিহতরা সোয়াছয়আনি জামে মসজিদের খতিব মুফতি হাফেজ মাওলানা মাজহারুল ইসলামের ছেলে আবদুল্লাহ বোরহান (৫) ও আবদুল্লাহ রায়হান (৩)। আবদুল্লাহ বোরহান লাকসাম আলআমিন ইন্সটিটিউটের ১ম শ্রেণির ছাত্র।

জানা গেছে, লাকসাম এসিল্যান্ড অফিস সংলগ্ন সোয়াছয়আনি জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মাজহারুল ইসলাম জোহরের নামাজ পড়াতে মসজিদে যাওয়ার পর শিশুদের মা নাছরিন আক্তার ঘরে নামাজ পড়ছিলেন। এ সময় শিশু দু’টি ঘরের পাশে ডোবার পাড়ে যায়।

এলাকাবাসী ধারণা করছেন, একজন ডোবায় পড়ে গেলে অন্যজন তুলতে গিয়ে সেও পানিতে পড়ে ডুবে যায়। পরে লোকজন ডোবার পাড়ে শিশুদের জুতা দেখে পানিতে নেমে তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

মরদেহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, মাত্র দেড়মাস পূর্বে মাওলানা মাজহারুল ইসলামের বড় ছেলে মোঃ ফারহান উদ্দিন (১২) মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। ৩ সন্তানকে হারিয়ে শোকে মূহ্যমান পিতা-মাতা ও আত্মীয়-স্বজনরা।