Tag Archives: বাংলাদেশে

বাংলাদেশে সরকার পরিবর্তনে

বাংলাদেশে সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল না: ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশে সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল না: ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে এক ভারতীয় সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, বাংলাদেশ সম্পর্কে আপনার মতামত কী? কারণ এটা স্পষ্ট যে, বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের চেষ্টায় জড়িত ছিল। এমনকি মুহাম্মদ ইউনূসও জর্জ সরোসের ছেলে অ্যালেক্স সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী?

জবাবে ট্রাম্প বলেন, এই ক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। এটি এমন একটি বিষয় যেটি নিয়ে প্রধানমন্ত্রী (মোদি) দীর্ঘদিন ধরে কাজ করছেন। সত্য বলতে, শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে। তবে আমি এটা প্রধানমন্ত্রীর (মোদির) হাতে ছেড়ে দিচ্ছি।

প্রেস ব্রিফিংয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথা বলেননি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের প্রশংসা করেন তিনি। মোদিকে ‘মহান নেতা’ বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, তারা দুজন বন্ধু এবং যুক্তরাষ্ট্র ও ভারত যেকোনো ইস্যুতে একতাবদ্ধ।

ডিপ স্টেট বা ছায়া রাষ্ট্র বলতে সাধারণত অনির্বাচিত সরকারি কর্মকর্তা ও বেসরকারি ব্যক্তি-প্রতিষ্ঠানের গোপন নেটওয়ার্ককে বোঝানো হয়, যারা বেআইনিভাবে সরকারি নীতিতে প্রভাব বিস্তার ও তা বাস্তবায়নে ভূমিকা রাখে।

সরকারি নীতিতে এমন প্রভাব বিস্তারের ক্ষেত্রে ডিপ স্টেটকে প্রায়ই দায়ী করে থাকেন ট্রাম্প ও তার সমর্থকরা। কথিত ডিপ স্টেট বিরোধী প্রচারণার অগ্রভাগে রয়েছেন ট্রাম্প প্রশাসনে প্রভাবশালী পদে থাকা বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

বিশ্বব্যাপী উন্নয়ন সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে ‘জাতীয় স্বার্থ’ বিবেচনা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অর্থায়ন ও কার্যক্রমে ৯০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে ইউএসএআইডির কার্যক্রম বন্ধের পক্ষে যুক্তি দেখানোর সময় দেশটিতে দক্ষিণপন্থিদের বক্তব্যে ‘সাম্প্রতিক ঘটনা’ হিসাবে বাংলাদেশ প্রসঙ্গও ঘুরে ফিরে আসছে।

এই প্রচারণায় উদাহরণ টেনে বলা হচ্ছে, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তত্ত্বাবধানে বাংলাদেশে ‘ক্ষমতা পরিবর্তনে’ অর্থায়ন করেছে ইউএসএআইডি। ‘গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কাজ করার’ জন্য ট্রান্সজেন্ডার ও র্যাপারদের অর্থায়ন করার কথাও সামনে আনা হচ্ছে।

এর মধ্যে ৩০ জানুয়ারি হাঙ্গেরিয়ান-আমেরিকান ব্যবসায়ী ও সমাজসেবী জর্জ সরোসের ছেলে অ্যালেক্স সরোস ঢাকা সফরে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। সরোস ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যানও।

ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে নিউ ইয়র্কের আদালতে মামলা দায়েরের মাসখানেক পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে সরাসরি ‘ভারতকে অস্থিতিশীল’ করার অভিযোগ এনেছিল ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।

এক্ষেত্রে জর্জ সরোস, মার্কিন ‘ডিপ স্টেট’, মিডিয়া গ্রুপ ‘অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট’ (ওসিসিআরপি) ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়- একদল অনুসন্ধানী সাংবাদিক এবং ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে একযোগে কাজ করছে বলে অভিযোগ তুলেছিল নরেন্দ্র মোদির দল।

বাংলাদেশে নির্বাচনের উদ্যোগ

বাংলাদেশে নির্বাচনের উদ্যোগ নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

বাংলাদেশে নির্বাচনের উদ্যোগ নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। এ ঘোষণাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, নির্বাচনের এই উদ্যোগ বাংলাদেশের জনগণকে তাদের নেতৃত্ব নির্বাচনের সুযোগ দেবে।

১৬ ডিসেম্বর সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে। তিনি জানান, ভোটার তালিকা সঠিকভাবে প্রস্তুত করার মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা হলে ২০২৫ সালের শেষ দিকে নির্বাচন সম্ভব হবে। তবে, যদি নির্বাচন প্রক্রিয়া ও কমিশনের সুপারিশ এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কাঙ্ক্ষিত সংস্কার প্রয়োজন হয়, তাহলে আরও ছয় মাস সময় লাগতে পারে।

মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নির্বাচন আয়োজনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই। এটি বাংলাদেশের জনগণকে নেতৃত্ব নির্বাচনের সুযোগ দেবে। আমরা নির্বাচন প্রক্রিয়ায় আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিশ্চিত করার পক্ষে। বিশ্বজুড়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের অবস্থান অটুট।”

গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “গত দুই দশকে বাংলাদেশে শত শত মানুষ জোরপূর্বক গুমের শিকার হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এটি মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের মানসিক যন্ত্রণা এবং অনিশ্চয়তার বিষয়টি আমরা গভীরভাবে উপলব্ধি করি।”

গুমের ঘটনায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, “এই অপরাধের সুষ্ঠু তদন্ত ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতে স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিত করার জন্য আমরা আহ্বান জানাই।”

বিজেপির প্রত্যক্ষ মদদে

বিজেপির প্রত্যক্ষ মদদে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে : রুহুল কবির রিজভী

বিজেপির প্রত্যক্ষ মদদে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে : রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিজেপির প্রত্যক্ষ মদদে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ প্রতিবাদ করবে। বাংলাদেশ কখনোই দিল্লির দাসত্ব মেনে নেয়নি, এবং তাদের দাসত্ব করতে বাংলাদেশ স্বাধীন হয়নি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের দেশের বিষয়ে মনোযোগ দেয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, সাম্প্রদায়িক বিষয়ে নিজেদের সচেতন হওয়া উচিত। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করতে একটি আন্তর্জাতিক মাস্টারপ্ল্যানের অংশ।

রিজভী বলেন, ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশবিরোধী অপপ্রচার চালানো হচ্ছে। জনগণের চাহিদা উপেক্ষা করে ভারত আগ্রাসনের পথে হাঁটতে চায়।

ভারতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, বাংলাদেশে নয়, বরং ভারতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা উচিত। বাংলাদেশে ভারতের হাইকমিশনের নিরাপত্তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে ভারত।

তিনি আরও বলেন, যারা নিজেদের দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে, তাদের বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। বাংলাদেশে কোনো বিভাজন নেই, বিভাজনের চেষ্টা করছে দিল্লি। বাংলাদেশের মানুষ কখনো বিভাজনের চেষ্টা মেনে নেয়নি। ভারতের সুদূরপ্রসারী আগ্রাসন সফল হবে না।

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চায় যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্র বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন এবং যেকোনো হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে চায়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ওয়াশিংটনে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের জানান, “আমরা বাংলাদেশের কর্মকর্তাদের সাথে আলোচনায় স্পষ্টভাবে জানিয়েছি যে আমরা ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চাই।”

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে।

ম্যাথিউ মিলার আরও বলেন, যুক্তরাষ্ট্র দেখতে চায় যে বাংলাদেশের আইন অনুযায়ী যেকোনো হামলার ঘটনায় জড়িতদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বাংলাদেশ এবং বিশ্বের যেকোনো স্থানে এই একই অবস্থান ধরে রাখবে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ নাসির

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ নাসির

ডেস্ক রিপোর্ট

আগের আসরে অধিনায়ক আর এবার আসরে নেই ড্রাফটে। এক বছরের মধ্যে একেবারে মুদ্রার বিপরীত পিঠ দেখে ফেললেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন। অথচ গত আসরেও ছিলেন টুর্নামেন্টের আলোচিত নাম। ঢাকা ফ্র্যাঞ্চাইজির হয়ে ১২ ম্যাচ খেলে ৩৬৬ রান করেছিলেন নাসির। বল হাতে শিকার করেছেন ১৬ উইকেট। তবে এরপরেও ২০২৪ সালের বিপিএলের ড্রাফটে নেই তার নাম।

তবে ঠিক কেন নাসিরের নাম নেই, সেটাও প্রায় সকলেরই জানা। আবুধাবির টি-টেন লিগে অংশ নিতে গিয়ে দূর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন একসময় বাংলাদেশ দলের নিয়মিত এই মুখ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ৭৫০ ডলারের বেশি অর্থমূল্যের উপহার নিয়েছেন এবং তা আমিরাত বোর্ডের দুর্নীতি দমন কর্মকর্তাকে জানাতে ব্যর্থ হয়েছেন। এই অভিযোগের কারণে বিপিএল তো বটেই ঘরোয়া ক্রিকেটের কোথাও দেখা যাবেনা নাসিরকে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। গণমাধ্যমকে নাসিরের বিষয়টি নিয়ে নান্নু জানান, ‘আমরা তাঁকে বিপিএল ড্রাফটের তালিকায় রাখিনি। আইসিসি ক্লিয়ার না করা পর্যন্ত বাংলাদেশের কোনো ঘরোয়া টুর্নামেন্টে সে খেলতে পারবে না।’

নাসিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের আবুধাবি টি-১০ লিগে দুর্নীতি বিরোধী তিনটি ধারা ভঙ্গ করেছেন তিনি। যেখানে উপহার গ্রহণ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি বিষয়টি নিয়ে তদন্ত শুরু হলে নাসির অসহযোগিতা করেছেন বা সহায়তা করতে অস্বীকার করেছেন।

উল্লেখ্য, আগামীকাল রোববার বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে রাখা হয়েছে এবারের প্লেয়ার্স ড্রাফটে। সাতটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে তাদেরকে। একমাত্র ক্রিকেটার হিসেবে ‘এ’ ক্যাটেগরিতে থাকছেন মুশফিকুর রহিম। এই ক্যাটাগরিতে গতবারের মতোই ৮০ লাখ টাকা থাকছে। ‘বি’ ক্যাটেগরিতে আছেন চার জন ক্রিকেটার। তারা হলেন, আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদার। তাদের পারিশ্রমিক ৫০ লাখ টাকা। ‘সি’ থেকে ‘জি’ এর তালিকায় থাকা খেলোয়াড়দের ভিত্তিমূল্য ৩০ লাখ, ২০ লাখ, ১৫ লাখ, ১০ লাখ ও ৫ লাখ টাকা।

বাংলাদেশে গণতন্ত্র নেই, বিচার ব্যবস্থা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বর্তমান বিচার ব্যবস্থা পুরোপুরিভাবে সরকারের নিয়ন্ত্রণে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা শুধু এটুকু বলতে চাই, বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। বিচার ব্যবস্থা যেটি আছে, সে বিচার ব্যবস্থা পুরোপুরি সরকারের হাতে মূল নিয়ন্ত্রণে চলে গেছে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানস্থ লেকশোর হোটেলে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট আয়োজিত কারেন্ট স্টেট অব জুডিসিয়ারি: এ টুল টু অপ্রেস অপোজিশান ইন বাংলাদেশ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ইউনাইটেড ল‘ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

মির্জা ফখরুল বলেন, আমি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাতে চাই এজন্য যে, যখন ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়েছিল তখন তিনি বাসভবনে একটি প্রেস কনফারেন্স করেছিল। সেখানে তিনি বলেছিলেন, এইতো ত্রয়োদশ সংশোধনী বাতিল করার মাধ্যমে বাংলাদেশে স্থায়ীভাবে অস্থিতিশীলতা, অনিশ্চয়তা এবং সহিংস রাজনীতির পরিস্থিতি সৃষ্টি করা হলো। আজকে সেটি বড় সত্য হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশে আজকে গণতন্ত্র নেই। এটির কারণ আছে, কারণটি হচ্ছে, তারা (আওয়ামী লীগ) গণতন্ত্রে বিশ্বাস করে না। আমরা যে গণতন্ত্রের কথা বলছি, আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি সেই গণতান্ত্রিক রাষ্ট্রতো আওয়ামী লীগ বিশ্বাস করে না, শেখ হাসিনা বিশ্বাস করেন না। ১৯৭৫ সালে তারাই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিলো।

ইউনাইটেড ল‘ইয়ার্স ফ্রন্টের কনভেনর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও ব্যারিস্টার কায়সার কামালের সঞ্চালনায় সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দীন খান, সুপ্রিম কোর্টের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট মহসিন রশিদ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বক্তব্য রাখেন।

এ সেমিনারে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, নূর মোহাম্মদ খান, জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, ইসমাইল জবিউল্লাহ, এসএকে কামরুজ্জামান, জহিরুল হক শাহাজাদা মিয়া, আবদুর রশিদ, বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বদরুজ্জামান বাদল, গাজী কামরুল ইসলাম সজল, মীর হেলাল উদ্দিন, গণফোরামের জগলুল হায়দার আফ্রিকসহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।