Tag Archives: ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় চা খেতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত রিকশাচালক

 

সরাইল সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় মিলন মিয়া (৪০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) কুমিল্লা-সিলেট মহাসড়কের শেরপুর মাজার গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মিলন মিয়া ব্রাহ্মণবাড়িয়া উত্তর পৈরতলা কাউসার মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। তিনি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মিলন মিয়া সকালে বাড়ি থেকে রিকশা নিয়ে শেরপুর মাজার গেটের সামনে চা খেতে যায়। রাস্তার পশ্চিম পাশে দাঁড়িয়ে চা খাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক রিকশাসহ তাঁকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা গাড়িটি আটক করে পুলিশকে খবর দেয় ।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

আজকের দিনে ব্রাহ্মণবাড়িয়ায় উড়ে স্বাধীনতার পতাকা

 

ডেস্ক রিপোর্টঃ

আজ ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের দিনে হানাদারমুক্ত ব্রাহ্মণবাড়িয়ায় ওড়ানো হয়েছিল স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা। একই দিনে সরাইলও পাক হানাদার বাহিনীর হাত থেক মুক্ত করেছিলেন মুক্তিযোদ্ধারা।

১৯৭১ সালের ৬ ডিসেম্বর আখাউড়াকে শত্রুদের হাত থেকে মুক্ত করার পর ব্রাহ্মণবাড়িয়ার দিকে অগ্রসর হতে থাকে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী।

তবে ৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া শহর ছেড়ে পালানোর সময় স্বাধীনতাবিরোধীদের সহযোগিতায় নির্মম হত্যাযজ্ঞ চালায় পাক হানাদাররা। ওইদিন তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া কলেজের অধ্যাপক কেএম লুৎফুর রহমানসহ কারাগারে আটকে রাখা অর্ধশত বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে স্থানীয় কুরুলিয়া খালের পাড়ে নিয়ে নির্মমভাবে হত্যা করে পাক বাহিনী।

কিন্তু মুক্তাবাহিনী ও মিত্রবাহিনীর শক্ত অবস্থানের কারণে ৭ ডিসেম্বর রাতের আঁধারে পাক হানাদাররা ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে আশুগঞ্জের দিকে পালাতে থাকে। এর ফলে বিনা যুদ্ধেই ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া শত্রুমুক্ত হয়।

ঐদিন সকালে শহরের পুরাতন কাচারী ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ানো হয়। মুক্তিযুদ্ধের পূর্বাঞ্চল জোনের প্রধান জহুর আহমেদ চৌধুরী সেদিন পতাকা উত্তোলন করেন। একই দিনে শত্রুমুক্ত হওয়ায় সরাইল থানা চত্বরেও উত্তোলন করা হয় লাল-সবুজের পতাকা।

মুক্ত দিবস উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও সরাইল উপজেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধা সংসদসহ নানা সংগঠন।

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের কক্ষ থেকে তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা ইমাম

 

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার গাউছুল আজম জামে মসজিদের কক্ষ থেকে তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মোহাম্মদ আলী নামে এক মসজিদের ইমামকে আটক করেছে স্থানীয় জনতা।

শনিবার সকালে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের আশরাফাবাদ এলাকার গাউছুল আজম জামে মসজিদের ইমামের কক্ষ থেকে তাকে আটক করা হয়। আলী ওই উপজেলার পুরান কদমতলী গ্রামের ফয়জুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের এক বাসিন্দার মৃত্যুর খবর মাইকিং করার জন্য স্থানীয়রা মসজিদে যান ইমামের কাছে। মসজিদের ভেতর ইমামকে না পেয়ে মসজিদ সংলগ্ন ইমামের কক্ষে যান। দরজায় বেশ কয়েকবার ধাক্কা দেয়ার পরও ইমাম মোহাম্মদ আলী দরজা খোলেননি।

পরে স্থানীয়রা কক্ষের জানালার ফাঁক দিয়ে ইমামকে এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়লে ইমাম তার কক্ষের পেছনের দরজা দিয়ে তরুণীকে বের করে দেন।

এদিকে তাৎক্ষণিকভাবে ইমামকে বহিষ্কার করেছে মসজিদ পরিচালনা কমিটি।

স্থানীয়দের হাতে ধরা পড়ার পর ইমাম মোহাম্মদ আলী জানান, ওই তরুণী তার পূর্বপরিচিত। বাইরে থেকে দরজা বন্ধ রাখলেও তারা কোনো খারাপ কাজ করেননি।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, মুচলেকা নিয়ে ইমামকে তার বড় ভাইয়ের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

বাড়ি থেকে ডেকে এনে স্কুলছাত্রীকে ধর্ষণ: সেই ছাত্রলীগ নেতাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

 

ডেস্ক রিপোর্টঃ

নরসিংদীর রায়পুরায় বাড়ি থেকে ডেকে এনে ১০ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি উপজেলা ছাত্রলীগের সদ্য বহিস্কৃত সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি রেস্তোরা তাকে গ্রেফতার করে রায়পুরা থানা পুলিশ।

জানা গেছে, গত ২২ অক্টোবর রাতে ভিকটিমক ১০ম শ্রেণীর স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে রায়পুরা উপজেলা সদরের রাজু অডিটোরিয়ামের একটি কক্ষে আটক রেখে ধর্ষণ করে ছাত্রলীগ সভাপতি শাকিল। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে অডিটোরিয়ামের চারদিক ঘেরাও করলে শাকিল কৌশলে পালিয়ে যায়। পরে ভিকটিম ৯৯৯ এ কল করলে রায়পুরা থানা পুলিশ ভিকটিমকে আটকাবস্থা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনার পর ২৩ অক্টোবর দুপুরে উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলসহ আরও একজনের বিরুদ্ধে ভিকটিম বাদী হয়ে রায়পুরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে ওই দিন রাতেই অডিটোরিয়ামের কেয়ারটেকার সুমনকে আটক করেন রায়পুরা থানা পুলিশ। পরদিন সকালে কেয়ারটেকার সুমনকে বরখাস্ত করে নরসিংদী জেলা পরিষদ কর্তৃপক্ষ।

এদিকে ধর্ষক শাকিল গ্রেফতার হওয়ায় খবর রায়পুরায় ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে জনমনে স্বস্থ্যি ফিরে আসে।রায়পুরা থানা পুলিশ সূত্র জানা যায়, ঘটনার পর থেকে শাকিল গা ঢাকা দেয়। কিন্তু পুলিশ তাকে গ্রেফতারে সর্বক্ষণ তৎপর ছিলেন। অবশেষে প্রায় ১মাস ৫দিনের মাথায় পুলিশ শুক্রবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমম্বয়কারী ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকার পিপিএম জানান, গ্রেফতারের পরে শাকিলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল রুহুল আমীন (৬০) নামে এক পথচারীর। শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের কোড্ডা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল একই উপজেলার কোড্ডা গ্রামের মৃত আশকর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রাতে রুহুল আমীন কোড্ডা সেতু দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা রুহুল আমীনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘর নির্মাণে চাঁদা না দেয়ায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাড়ির রাস্তা নিয়ে দ্বন্দ্ব ও ঘর নির্মাণ করতে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা না দেয়ায় এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশি মানিক মিয়া (৩৫)। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গুরুতর আহতাবস্থায় ঢাকায় নেয়ার পথে আবেদা খানম (৭০) নামের ওই বৃদ্ধা মারা যান।

বৃহস্পতিবার রাতে উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া মনিরামপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। নিহত আবেদা ওই গ্রামের আহম্মদ আলীর স্ত্রী।

পরিবারের সদস্যরা জানায়, ঘর নির্মাণ করার সময় প্রতিবেশি মানিক মিয়া (৩৫) ১০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং রাস্তার কথা বলে ঘরের পাশ থেকে কিছু জায়গা ছাড়তে বলে। এতে রাজি না হওয়ায় প্রতিবেশি মানিক মিয়া ও তার লোকজন দ্বীন ফুল ইসলামের উপর হামলা করে।

এসময় মা আবেদা খানম ছেলেকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর আহত করে। গুরুতর অবস্থায় তাদের জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে আবেদা খানমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. এম. এম. নাজমুল আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।