Tag Archives: ব্রাহ্মণবাড়িয়ার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীন মিয়া নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত স্বাধীন মিয়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের বাসিন্দা ফজল মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়।

স্বাধীনের মা জরিনা বেগম জানান, সন্ধ্যা ৭টার দিকে আজমপুর নার্সারির সামনে স্বপন চৌধুরী স্বাধীনকে মারধর করে এবং ছুরিকাঘাত করে। গুরুতর আহত স্বাধীনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজমপুর রেলওয়ে কলোনি মসজিদের সামনে স্বপন চৌধুরী ও স্বাধীন বাগবিতণ্ডায় জড়ালে স্থানীয়রা তাদের সেখান থেকে সরিয়ে দেন। কিছুক্ষণ পর স্বপন চৌধুরীর সঙ্গে আরও ৪-৫ জন যুবক ফিরে এসে স্বাধীনকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে স্বপন স্বাধীনকে ছুরিকাঘাত করে। ঘটনার পর সবাই পালিয়ে যায়।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফয়জুন্নেছা আমিন বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুরুতর অবস্থায় স্বাধীনকে হাসপাতালে আনা হয়। তার পেটে ছুরিকাঘাতের গভীর ক্ষত ছিল, যা তার মৃত্যুর কারণ।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

লেবাননে ইসরায়েলি বিমান হামলায়

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

ডেস্ক রিপোর্ট:

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় মোহাম্মদ নিজাম উদ্দিন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় একটি বোমা বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই মারা যান নিজাম।

নিহত নিজাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে।

খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জানিয়েছেন, মোহাম্মদ নিজাম জীবিকার তাগিদে ১২ বছর আগে লেবাননে যান। শনিবার কর্মস্থলে যাওয়ার পথে বোমা বিস্ফোরণে তিনি নিহত হন বলে তার বড় ভাই নিশ্চিত করেছেন। তার মরদেহ বর্তমানে সেখানকার একটি হিমঘরে রাখা হয়েছে।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় জানিয়েছে, রেমিট্যান্সযোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন (পাসপোর্ট নম্বর ইএফ০৬২০০৪৩) বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফিশপে অবস্থানকালে) বিমান হামলায় মারা যান। তার মৃত্যুস্থান নিশ্চিত হয়েছে বিকেল ৩টা ২৩ মিনিটে।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান নিজামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি শিউলি

ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি শিউলি ৮ দিনের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি শিউলি ৮ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অটোরিকশা চালক লিটন মিয়া হত্যা মামলায় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক স্বাগত সৌম্য তার রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সরাইল থানার উপপরিদর্শক রহমান খান পাঠান জানান, রোববার সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদকে ডিবি পুলিশ আটক করে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। আটকের পর তাকে সরাইল থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ২০২১ সালের ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। ২৮ মার্চ ঢাকা-সিলেট মহাসড়কের হোটেল লাল শালুকের পাশে গুলিবিদ্ধ হয়ে নিহত হন লিটন মিয়া নামের এক অটোরিকশা চালক। নিহত লিটন কাটানিসার গ্রামের মোজাম মিয়ার ছেলে।

এ হত্যা মামলাটি তৎকালীন সময়ে থানায় নিয়ে গেলেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর অটোরিকশাচালক লিটন হত্যার অভিযোগে সরাইলের রসুলপুর গ্রামের সুলতান উদ্দিন নামে এক ব্যক্তি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

এতে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান চট্টগ্রাম-২ আসনের সাবেক এমপি নজিবুল বশর মাইজভাণ্ডারী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি জিয়াউল হক মৃধা, সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ ৬৭ জনের নাম উল্লেখ করে মামলায় আসামি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিবন্ধী কিশোরীকে মারধর

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সিরাজ মিয়া (৪৪) নামের এক শারীরিক প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ উঠেছে। রবিবার সকাল আটটার দিকে উপজলার তালশহর পশ্চিম ইউনিয়নের মৈশাইর আলাকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সিরাজ মিয়া উপজেলার তালশহর পশ্চিম ইউনিয়নের মৈশাইর গ্রামের উত্তর পশ্চিমপাড়া এলাকার মৃত সোলায়মান মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি আহত প্রতিবন্ধী সিরাজ মিয়া জানান, সরাইল উপজেলার কালিগচ্ছ গ্রামের ব্রিকস ফিল্ড তার বড়ভাই সাধনের ৮ শতাংশ জায়গা রয়েছে। এ জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত মৃত আব্দুল হাইয়ের ছেলে মন মিয়ার সাথে বিরোধ চলে আসছিল। এ জায়গাটি জোরপূর্বক ভাবে মন মিয়া দখল করে রেখেছে। মন মিয়ার বিরুদ্ধে তার বড়ভাই সাধনে একটা মামলা করেছে। এসব বিষয় নিয়ে মন মিয়ার সাথে প্রায় ঝগড়া হতো তার। আজকে সিরাজ মিয়া বাড়ি থেকে আশুগঞ্জ যাওয়ার পথে মন মিয়া, সোহাগ, হারিজ মিয়াসহ ৭-৮ জন তাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ জানান, এক প্রতিবন্ধীকে মারধরের কথা শুনেছি। হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে হামলাকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিবো।

ব্রাহ্মণবাড়িয়ায় বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিলের পানিতে গোসল করতে নেমে জুঁই আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার সিংগারবীল ইউনিয়নের আলিনগর বিজিবি ক্যাম্প-সংলগ্ন নরিন্দা বিলে এ ঘটনা ঘটে।

জুঁই আক্তার পশ্চিম মিরাশানী এলাকার বাদল মিয়ার মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশের নরিন্দা বিলের পানিতে ডুবে যায় শিশু জুঁই আক্তার। পরে পরিবারের লোকজন ঘটনাটি টের পেয়ে মৃত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

 

 

ব্রাহ্মণবাড়িয়ার পুকুর থেকে ১২০ বোতল বিদেশি মদ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি পুকুর থেকে ১২০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার কুইয়াপানিয়া গ্রামের খোকন মিয়ার বাড়ির পেছনের একটি পুকুর থেকে এসব মদ উদ্ধার করা হয়।

মদের বোতলগুলো পাচারের উদ্দেশ্যে সাতটি প্লাস্টিকের বস্তায় ভরে পুকুরের পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, ‘রোববার রাতে খোকন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে খোকন মিয়ার পরিবারের সদস্যরা পালিয়ে যান।

পরে তার ঘরের পেছনে পুকুরে সাতটি বস্তার ভেতর থেকে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের পরদিন ২ শিশুর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুরের ভেসে উঠেছে আরাফাত খা (৯) ও সামির (৮) নামে দুই শিশুর মরদেহ।

সোমবার (১ মে) সকালে উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ এলাকায় পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

আরাফাত উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গ্রামের এনাম খা’র ছেলে ও সামির উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের শিপন মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. রেজুয়ান আহম্মেদ বলেন, দুই শিশুই রোববার বিকেল থেকে নিখোঁজ ছিল। সম্ভাব্য সব জায়গায় খুঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। রাতে তাদের সন্ধান চেয়ে উপজেলা ও আশপাশ এলাকায় মাইকিং করা হয়। সোমবার সকালে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে দুই শিশুর মরদেহ পুকুরে ভেসে ওঠে।

তিনি আরও বলেন, মারা যাওয়া একটি শিশু স্থানীয় বাসিন্দা এবং আরেকটি শিশু পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের। সে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, দুই শিশুর মরদেহ পানি থেকে উদ্ধারের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।