Tag Archives: ভর্তি

নিজের রিভলভার পরিষ্কার

নিজের রিভলভার পরিষ্কার করতে গিয়েই গুলিবিদ্ধ গোবিন্দ, হাসপাতালে ভর্তি

নিজের রিভলভার পরিষ্কার করতে গিয়েই গুলিবিদ্ধ গোবিন্দ, হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট:

বলিউড অভিনেতা গোবিন্দা নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার ভোর ৫টার দিকে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সাতসকালে শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় এই ঘটনা ঘটে। অভিনেতার পায়ে গুলি লেগেছে, যা নিজের রিভলভার থেকে বেরিয়েছিল। এরপর তড়িঘড়ি করে তাকে মুম্বাইয়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর অনুযায়ী, সেই সময় গোবিন্দা, যিনি শিবসেনা নেতা হিসেবেও পরিচিত, বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই তিনি তার বন্দুক পরিষ্কার করার সময় অসাবধানতাবশত গুলি ছিটকে বেরিয়ে তার হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান গোবিন্দা এবং তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।

বর্তমানে মুম্বাইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন গোবিন্দা। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়। ইতোমধ্যেই পুলিশ বন্দুকটি বাজেয়াপ্ত করেছে।

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ রাতে

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ রাতে

ডেস্ক রিপোর্ট:

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে আজ রাতে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ফল প্রকাশের কথা রয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত এ ধাপে আবেদন করার সুযোগ পান শিক্ষার্থীরা।

এদিকে, আজ রাতে একই সঙ্গে প্রথম ধাপে নির্বাচিতদের মধ্যে মাইগ্রেশনের আবেদন করা শিক্ষার্থীরা কে, কোন কলেজ পেলেন, তা জানিয়ে দেওয়া হবে।

ফল প্রকাশের পর রোববার সকাল ৮টা থেকে দ্বিতীয় ধাপে নির্বাচিতরা প্রাথমিক নিশ্চায়নের সুযোগ পাবেন। এ নিশ্চায়ন প্রক্রিয়া চলবে ১৮ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত।

নিশ্চায়নের জন্য এ সময়ের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ে রেজিস্ট্রেশন ফি বাবদ ৩৩৫ টাকা জমা দিতে হবে। তবে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।

এদিকে, দ্বিতীয় ধাপে কলেজ না পাওয়া শিক্ষার্থীরা তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন। আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে।

ভর্তি শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর, যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এ বছর বিভিন্ন কলেজের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। এবার ভর্তির সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা। ভর্তি শেষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

একাদশ শ্রেণিতে ভর্তিতে এবার মোট আসন ২৬ লাখ চার হাজার ৮৫৬টি। প্রথম ধাপে ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী নির্বাচিত হন। তাদের মধ্যে নিশ্চায়ন করেছেন ১০ লাখ ২৬ হাজার ৬৫৭ জন। অর্থাৎ প্রথম ধাপে কলেজ পেয়েও নিশ্চয়ন করেননি ২ লাখ ৩৫ হাজারেরও বেশি শিক্ষার্থী।

অন্যদিকে পছন্দক্রম জটিলতায় আবেদন করেও প্রথম ধাপে নির্বাচিত হননি এসএসসি উত্তীর্ণ ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে সাড়ে ৮ হাজারের বেশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও রয়েছেন।