Tag Archives: মনোনয়ন ফরম

আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন দেবিদ্বারের রোশন আলী

দেবিদ্বার প্রতিনিধি :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবিদ্বার আসন থেকে নির্বাচন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার।

শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাকর্মীদের নিয়ে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও দেবিদ্বার এস এ সরকারি কলেজের সাবেক ভিপি এটিএম মেহেদী হাসান, উপ-দপ্তর সম্পাদক ইসমাইল হোসাইন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজ উদ্দিন দুলাল আরো অনেক উপস্থিত ছিলেন।

মনোনয়ন সংগ্রহের পর রোশন আলী বলেন, অসম্প্রদায়িক স্মার্ট দেবিদ্বার বিনির্মানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে কাজ করব। বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক ও দেশরত্ন শেখ হাসিনার একজন আদর্শিক কর্মী হিসাবে দলের কঠিন দুঃসময়ে ছিলাম আছি, আগামীতেও থাকব। আমি দেবিদ্বার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব আল হাসান

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হলো— ঢাকা-১০, মাগুরা-১ ও ২।

শনিবার (১৮ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাকিব আল হাসানের পক্ষে স্বজনরা ফরমগুলো সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের সাবেক সভাপতি সিদ্দিকী নাজমুল আলম।

এদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রথম দিনেই ১০৬৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এর মধ্যে সরাসরি ১০৫০ জন, আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, প্রথম দিনে ঢাকা বিভাগে ২১৩টি, চট্টগ্রাম বিভাগে ১৯৮টি, সিলেট বিভাগ ৫৫টি, ময়মনসিংহ বিভাগ ১০৫টি, বরিশাল বিভাগে ৭৫টি, খুলনা বিভাগে ১২৫টি, রংপুর বিভাগে ১০৯টি ও রাজশাহী বিভাগে ১৬৯টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। ফরম বিক্রি থেকে আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা।

এর আগে শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এক ঘণ্টায় আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি করে আয় ৯৫ লাখ টাকা

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের মনোনয়ন ফরম বিক্রি করে এক ঘণ্টায় আওয়ামী লীগের আয় হয়েছে ৯৫ লাখ টাকা। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের ৮ বিভাগের বিভিন্ন আসনের ১৯০টি ফরম বিক্রি হয়। ফরম প্রতি নেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা। সে হিসাবে মনোনয়ন ফরম বিক্রি করে প্রথম ঘণ্টায় আওয়ামী লীগের আয় ৯৫ লাখ টাকা।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার পর গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যদিয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এরপর সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।

পরে শেথ হাসিনা চলে যাওয়ার পর বেলা সাড়ে ১১টায় মনোনয়ন ফরম বিক্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা মনোনয়ন ফরম কেনেন। একইভাবে বাইরে থেকে হুমড়ি খেয়ে পড়েন সকাল থেকে অপেক্ষমাণ নেতাকর্মীরা।

এই ভিড় ও বিশৃঙ্খলার মধ্যেই প্রথম ঘণ্টায় ১৯০টি ফরম বিক্রি হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগ ৫১টি, চট্টগ্রাম বিভাগে ৪০, সিলেট বিভাগে ১১, ময়মনসিংহ বিভাগে ১৫, বরিশাল বিভাগে ১১, খুলনা বিভাগে ২২, রংপর বিভাগে ১৭ এবং রাজশাহী বিভাগ ২৩টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

মনোনয়ন ফরম কেনার সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ৫০ হাজার টাকা জমা দিতে হয়। জাতীয় পরিচয়পত্রের ওপর দলীয় পদ ও আসন উল্লেখ করার কথা বলেছে আওয়ামী লীগ।

আজ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন কেনা ও জমা দেওয়া যাবে।

সূত্র: জাগোনিউজ২৪

১৮ নভেম্বর থেকে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য শনিবার (১৮ নভেম্বর) থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে, যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করার পাশাপাশি জমাও দেওয়া যাবে। আওয়ামী লীগের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে।

কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ তিনটি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ২১ নভেম্বর বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।