Tag Archives: মিয়ানমার

আইনের বাইরে সরকারের কোন হস্তক্ষেপ নেই: আসাদুজ্জামান খান

ডেস্ক রিপোর্ট:

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস তার গ্রামীণ টেলিকমের ভবন দখলের অভিযোগের বিষয়ে স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা আইনের বাইরে কিছু করছি না। ড. ইউনূসের বিষয়টি সম্পূর্ণ আইনের ব্যাপার। আইনের বাইরে সরকারের কোন হস্তক্ষেপ নেই।’

শুক্রবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিএনপিকে এদেশের মানুষ প্রত্যাখান করেছে। ২০০৮ সালের নির্বাচনে তারা ৩০টি আসনে জয় পেয়েছে। ১৪ সালের নির্বাচন বয়কট করেছে এবং ১৮ সালের নির্বাচনে মাত্র ৬টি আসন পেয়েছে। বিএনপি সুনিশ্চিত ছিলো সুষ্ঠ নির্বাচনে কোন ষড়যন্ত্র না করলে বা তাদের বিদেশি প্রভুরা হস্তক্ষেপ করতে না পারলে তারা কখনো ক্ষমতায় আসবে না। যার কারণে তারা নির্বাচনে আসেনি।’

বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে কারাগার থেকে বের হয়ে বিএনপি নেতাদের এমন বক্তব্যে তিনি বলেন, ‘তারা আগেও দিন তারিখ ঠিক করে দিয়েছিল সরকার পতনের। কিন্তু তাদের ডাকে জনগণ সাড়া দেয়নি, বরং তাদের দেখে মানুষ হেসেছে। এদেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, সারা মিয়ানমারে অনেকগুলো গ্রুপ যুদ্ধে লিপ্ত রয়েছে। আরাকান আর্মি বেশ কিছুদিন ধরে এ অঞ্চলে যুদ্ধ করছে। সেটার কারণে এখানে কিছু গোলাগুলির শব্দ যেমন আসছে, সেখানকার সরকারি বাহিনী বিজিপি ও অন্যান্য সরকারি লোকজন ভয়ে আত্মরক্ষার্থে আমাদের দেশে পালিয়ে আসছে। সীমান্তে আমাদের বিজিবি বাড়ানো হয়েছে। এছাড়াও আমরা তাদের ডুকতে দিচ্ছি না। সীমান্তে বিজিবি, কোস্টগার্ড, নেভি ও পুলিশ সজাগ রয়েছে।

সরকার তাদের মাথা আগেই বিক্রি করে দিয়েছে: রিজভী

ডেস্ক রিপোর্ট:

শেখ হাসিনা সরকার তাদের মাথা আগেই বিক্রি করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকে আমরা দেখছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বুড়ো আঙুল দেখিয়ে মিয়ানমারের মর্টার শেল বাংলাদেশে এসে পড়ছে। বাংলাদেশের নাগরিক মারা যাচ্ছেন কিন্তু সরকারপ্রধান শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আমরা কাউকে একটা প্রতিবাদও করতে দেখিনি। কারণ তারা তো মাথা আগেই বিক্রি করে দিয়েছেন। যারা মাথা বিক্রি করেন তারা সেনাবাহিনী ও বিজিবিকে ধৈর্য ধরতে বলেন৷

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকার ক্ষমতা ছাড়ার ভয়ে আতঙ্কে আছে। এ কারণে বিএনপির শীর্ষ নেতারা কারাগারে। আর উনি (শেখ হাসিনা) তার সোনার হরিণ ধরে রাখতে চাইছেন।গণতন্ত্রকামী জনগণ, সেনাবাহিনী ও বিজিবিকে ধৈর্য ধরতে বলছেন। কারণ উনি নতজানু, প্রভুদের সাহায্য করতে জনগণকে তালাক দিয়ে অবৈধভাবে ক্ষমতা ধরে আছেন। অন্য দেশের ছোড়া মর্টার শেলে জনগণ মারা গেলেও প্রতিবাদ করতে পারেননি। কারণ আপনি তো ডামি নির্বাচন করেছেন, তাই জনগণের সঙ্গে তামাশা করেছেন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশে ইন্টার্নাল নিরাপত্তা একটা বাহিনী তৈরি করেছে সরকার; যার নাম ছাত্রলীগ। তাদের কোনো আইন নেই। শুধুমাত্র বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল দেখলে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা আছে। বেআইনি অস্ত্রের লাইসেন্স দিয়ে তাদের ধাওয়া দেবে। যার ফল এখন সরকারসহ সাধারণ জনগণ টের পাচ্ছেন।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণকাণ্ড প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ছাত্রলীগের নারী নির্যাতনের আশকারা দিচ্ছে সরকার। জাবির হলে স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে গণধর্ষণের ঘটনার পরও প্রধানমন্ত্রীর টনক নড়েনি। গত বছরের সিলেট এমসি কলেজে নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের এখনো বিচার হয়নি।

ছাত্রলীগ নারী নির্যাতন করলে শেখ হাসিনা কোনো কথা বলেন না। নারীর শ্লীলতাহানিকে তিনি অবাধ করে দিয়েছেন ছাত্রলীগের জন্য।

রিজভী আরও বলেন, ‌‌‌বিচার হয় শুধুমাত্র গণতন্ত্রের কথ বললে। আজকে মির্জা ফখরুল মির্জা, আব্বাস, আমির খসরুসহ বিএনপির অসংখ্য নেতাকর্মীকে বিনা অপরাধে কারাগারে আটক রাখা হয়েছে। এ দেশে কোনো সাধারণ মানুষের কারো কোনো নিরাপত্তা নেই। শেখ হাসিনা সরকারের প্রতি মানুষের মাঝে ক্ষোভের দাবানল তীব্রতর হচ্ছে, তাদের পতন অতি সন্নিকটে।

শীতার্ত ও গরিব মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য জিয়া পরিষদকে ধন্যবাদ জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, রাজনীতি শুধু বড় বড় প্রজেক্টের মাধ্যমে টাকা আত্মসাৎ করে উন্নত দেশে পাচার করছেন হাসিনা সরকার। রাজনীতি হচ্ছে মানুষের সুখ সুবিধা দেখা; যা দেখতে জিয়াউর রহমান মাইলের পর মাইল ঘুরে বেড়িয়েছেন। নিজে কোদাল নিয়ে খাল খনন করেছেন। নিপীড়ন-নির্যাতন সহ্য করে কিভাবে মানুষের পাশে থাকা যায় তা দেখিয়েছেন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।

মিয়ানমারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। রোহিঙ্গা ইস্যুতে যে সমস্যা সেটা আন্তর্জাতিকভাবে সমাধানের চেষ্টা চলছে। তাদের সঙ্গে যুদ্ধের কোনো কারণ নেই। মিয়ানমার নয় শুধু, কারো সঙ্গে আমরা যুদ্ধে জড়াতে চাই না।

মঙ্গলবার সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এর আগে তিনি সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম বিক্রির বুথ পরিদর্শন করেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা একে অন্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত না। তাদের ইন্টারনাল কনফ্লিক্ট এসে সীমান্তে গড়াচ্ছে। ছিটকে এসে পড়ছে আমাদের সীমান্তে। একজন নারী ও পুরুষ মারা গেছে। এসব ব্যাপারে আমাদের ফরেন মিনিস্ট্রি মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকেছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, মিয়ানমারের সংঘাতের সঙ্গে সেন্টমার্টিন বা বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক কোনো সম্পর্ক আছে, সেটা আমি মনে করছি না। এই সংঘাত তাদের অভ্যন্তরীণ বিষয়। তাদের ৫৪টির মতো এথনিক কমিউনিটি আছে। এই এথনিক কমিউনিটিগুলো ইতোমধ্যে বিভিন্ন জায়গা দখলে নিয়েছে। দেশটির সেনাবাহিনীর সঙ্গে তাদের অভ্যন্তরীণ সংঘাত। আমাদের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, আগামী শনিবার আওয়ামী লীগের বর্ধিত সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের আমাদের দলের প্রার্থী বাছাই একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। এখন মনোনয়ন ফরম সংগ্রহ চলছে। সময় তিনদিন। কেউ চাইলে ফরমটি পূরণ করে সঙ্গে সঙ্গে জমা দিতে পারবেন। আমরা আশা করছি নির্বাচন কমিশন এর ভেতরেই দিন ঘোষণা করবে। তারপর আমরা আমাদের মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করে প্রার্থিতা চূড়ান্ত করব।

উপজেলা নির্বাচনে নৌকার প্রতীক থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সামনে উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন রয়েছে। পৌরসভা নির্বাচনও আছে। এসব নির্বাচনে প্রতীক থাকছে কি থাকছে না এই ব্যাপারে আমাদের ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নেবে। আমাদের বর্ধিত সভায় যারা থাকবে তাদের মতামতও গ্রহণ করা হবে। এটা মৌলিক একটি সিদ্ধান্ত। তাই এই ব্যাপারে সবার মতামত নিয়ে আমাদের নেত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

মিয়ানমারের ২২৯ সীমান্তরক্ষী প্রবেশ করেছে বাংলাদেশে

ডেস্ক রিপোর্ট:

মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর ১১৫ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। সকালে নতুন করে আরও ১১৪ জন প্রবেশ করেছ বাংলাদেশে। এ নিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বিজিপির মোট ২২৯ জন সদস্য।

মঙ্গলবার বেলা ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাচ্ছে।

এদিকে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে বান্দরবানের এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাছিনা বেগম (৫২) ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী। এ ছাড়া নিহত রোহিঙ্গা পুরুষের পরিচয় জানা যায়নি।

রোববার (৪ ফেব্রুয়ারি) নাইক্ষ্যংছড়ির তুমব্রু এলাকায় বেশ কয়েকটি মর্টারশেল এসে পড়ে। এতে ওই এলাকার যুধিষ্ঠির ধরের ছেলে প্রবীর ধর আহত হন।

মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) ধৈর্যধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটা আলোচনার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সেই আলোচনার জন্য এবং তাদের (বিজিপি সদস্যদের) ফেরত পাঠানো বা ফেরত পাঠানো না গেলে অন্য কী ব্যবস্থা নেওয়া যায় সেটা নিয়ে কথা বলছি। গতকাল (রোববার) যেটা হয়েছিল, মর্টারশেলে আমাদের একজন মারা গেছে। ওদেরও একজন মারা গেছে। চলমান এ পরিস্থিতি বাংলাদেশ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্তে উত্তেজনার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী আমাদের সশস্ত্র বাহিনী বা প্যারামিলিটারি বাহিনীর (বিজিবি) সদস্যদের ধৈর্য ধারণ করতে নির্দেশ দিয়েছেন। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বর্ডারের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে।

সোমবার মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী জানায়, সামরিক বাহিনীর আরও বেশ কয়েকটি ঘাঁটি দখল করেছে বিদ্রোহীরা। এ ছাড়া গত তিন দিনে বিদ্রোহীদের হাতে প্রাণ হারিয়েছে দেশটির অন্তত ৬২ জন সেনা। মিয়ানমারজুড়ে হামলা জোরদার করেছে দেশটির জাতিগত বিদ্রোহীরা।

উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে মিয়ানমারের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে।

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টারশেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডে‌কে কড়া প্রতিবাদ জানানো হয়।

মিয়ানমারের রাষ্ট্রদূত সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মুহাম্মদ মাইনুল কবির তাকে তলব করে কড়া প্রতিবাদ জানান। দুজনের মৃত্যুর ঘটনা ছাড়াও সীমান্তে চলমান পরিস্থিতির কার‌ণে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হ‌য়ে‌ছে।

মিয়ানমারের বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বর্ডার গার্ড পুলিশ-বিজিপি) সংঘাতের জে‌রে বাংলাদেশে আশ্রয় নি‌য়ে‌ছে বিজিপির সদস্যসহ মোট ২২৯ জন।

বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে মিয়ানমার যোগাযোগ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এদিকে, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্রবাহিনী ও বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় ৪০০ চাকমা, সীমান্তের ওপারে চলছে বিমান হামলা

ডেস্ক রিপোর্ট:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে বেতবুনিয়া রাইট ক্যাম্প দখলে নিতে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে প্রচণ্ড গোলাগুলি চলছে। এ গোলাগুলির মধ্যে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছে ৪০০ চাকমা। আর ইতোমধ্যে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশের (বিজিপি) ৯৮ জন সদস্য।

আজ সোমবার সকাল থেকে মিয়ানমার সরকারি বাহিনী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে। আরাকান আর্মির আক্রমণের মুখে বিজিপির ৯৮ জন সদস্য বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছেন। তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছেন। বিজিবি পাহারায় গুলিবিদ্ধ ৯ জন বিজিপি সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, আজ দুপুরে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে বাংলাদেশে দুজন নিহত হয়েছেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের জলপায়তলী সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, অপরজন রোহিঙ্গা।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর জলপায়তলীর ইউপি সদস্য শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, মিয়ানমার সীমান্তে বসবাসকারী ৪০০ চাকমা খাদ্যাভাব এবং নিরাপত্তার ঝুঁকির কারণে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কমিশনার মো. মিজানুর রহমান। তিনি বলেন, মিয়ানমারে দেশটির সরকারের জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সংঘর্ষ চলছে। এতে মিয়ানমার সীমান্তে বসবাসকারীদের মধ্যে খাদ্যসংকট দেখা দিয়েছে এবং তাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। এই অবস্থায় তারা জীবন বাঁচাতে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে।

এদিকে, সীমান্ত অতিক্রম করে মিয়ানমার থেকে কোনো রোহিঙ্গা অথবা অন্য কোনো সম্প্রদায়ের লোকজন যাতে অনুপ্রবেশ করতে না পারে সে জন্য সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে।

আজ সকালে বিজিবি পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত মিয়ানমারের বিজিপির ৯৮ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। বিজিবি তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।

এদিকে, আজ বেলা ১১টার দিকে মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া সীমান্ত পার হয়ে একটি রোহিঙ্গা পরিবার বাংলাদেশে ঢুকে পড়লে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। স্বামী-স্ত্রী ছাড়াও তাদের সঙ্গে ৩ শিশু রয়েছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘সীমান্তে আমরা সতর্ক অবস্থানে আছি এবং সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিজিবি সদস্যরা সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।’

উল্লেখ্য, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের রয়েছে ২৭১ কিলোমিটার সীমান্ত। এর বড় অংশ বান্দরবান ও কক্সবাজার জেলায়। কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের সীমান্ত–সংলগ্ন এলাকায় যুদ্ধ জোরালো করেছে আরাকান আর্মিসহ কয়েকটি গোষ্ঠী।

রাখাইনে অস্ত্র বিরতি হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু: চীনের রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমারের রাখাইনে অস্ত্র বিরতি হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় চীন। এ কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ রবিবার সকালে পররাষ্ট্রমন্ত্রীর ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে শেষে তিনি এ কথা জানান।
ইয়াও ওয়েন বলেন, ‘এই মুহূর্তে সংকট থাকলেও আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে যে চীন বাংলাদেশ মিয়ানমারের ত্রিপক্ষিয় সমঝোতার মাধ্যমে প্রত্যাবাসন শুরু হবে। মিয়ানমার এরই মধ্যে চীনের মধস্থতায় দেশটির তিনটি স্থানে অস্ত্র বিরতিতে রাজি হয়েছে। রাখাইনে অস্ত্র বিরতি হলেই প্রত্যাবাসন শুরু করতে চায় চীন।’

তিনি বলেন, ‘বড় ধরনের রিজার্ভ সংকট সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকার পাশে থাকবে বেইজিং। এছাড়া বাংলাদেশকে বৈশ্বিক অস্থিরতার কথাও মাথায় রাখতে হবে।’

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে পররাষ্ট্রমন্ত্রীর ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন চীনের রাষ্ট্রদূত।

জানা গেছে, বৈঠকে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের সার্বিক উন্নয়নে অব্যাহত সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বান্দরবান সীমান্তে মিয়ানমারের পুতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

 

ডেস্ক রিপোর্ট

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের জামছড়ি এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরণে এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার সকালে জামছড়ি ৯নং ওয়ার্ডের ৪৬-৪৭ সীমান্ত পিলার দিয়ে কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া হাজিপাড়ার আব্দুল হাকিমের ছেলে মো. বেলাল (৩৭) মিয়ানমারের কয়েক কিলোমিটার ভেতরে গিয়ে গরু আনতে গেলে মাটির ভেতরে পুতে রাখা মাইন বিস্ফোরণে মারাত্মক আহত হন।

পরে আহত বেলালকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানান, মিয়ানমার থেকে চোরাই পথে সস্তা দামে গরু আনতে গিয়ে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন এখনও।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তিনি অবগত হয়েছেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন।