Tag Archives: নেতাকর্মী

সাইবার মামলা থেকে খালাস

সাইবার মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা বুলুসহ ১২ নেতাকর্মী

সাইবার মামলা থেকে খালাস

নোয়াখালী প্রতিনিধিঃ

সাইবার মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনসহ ১২ নেতাকর্মী

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্রগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল ইসলাম এই আদেশ দেন।

বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের আসামি পক্ষের আইনজীবী জায়েদ বিন রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, ২০২১ সালে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দিরে হামলার ঘটনায় নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সল ইনাম কমলকে তৎকালীন জেলা পুলিশ সুপার গুম করে শারীরিক ও মানসিক নির্যাতন করে। একপর্যায়ে মঞ্জুরুল আজিম সুমন থেকে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করে এক কোটি টাকা আদায় করে। এরপর ১৬৪ ধারায় একটি পরিকল্পিত জবানবন্দি তৈরী করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলুসহ বেগমগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১২জন নেতাদের আসামি করে করা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করেন।

বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের আসামি পক্ষের আইনজীবী জায়েদ বিন রশীদ আরও বলেন, পতিত সরকারের সময়ে এই মিথ্যা মামলা দায়ের করা হয়। বিজ্ঞ আদালতের শুনানি শেষে মনে হয়েছে এটি একটি মিথ্যা মামলা। এই মামলা চলার মত না। তাই বিচারক সকল আসামিকে বেকুসুর খালাস দিয়েছেন।

প্রাণ গোপালসহ

প্রাণ গোপালসহ ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

প্রাণ গোপালসহ ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনার সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপালসহ ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ঢাকায় আরেকটি হত্যা মামলা করা হয়েছে। প্রাণ গোপালের বিরুদ্ধে ২টি হত্যা মামলাসহ এ পর্যন্ত মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে।

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ, ঢাকা-১৮ এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩ শত নেতাকর্মীকে আসামী করা হয়।

রাজধানীর উত্তরা পূর্ব থানায় রবিবার (২৫ আগস্ট) মামলাটি দায়ের করা হয়। ময়মনসিংহ জেলার কোতয়ালী মডেল থানার সুতিয়াখালী এলাকার মোহাম্মদ নিলু মিয়ার ছেলে রেজাউল ইসলাম বাদি হয়ে তার আপন বড় ভাই মো. নজরুল ইসলাম (৪০) দর্জিকে হত্যার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, নজরুল ইসলাম রাজধানীর উত্তরা পূর্ব থানার ইনিফর্ম টেইলার্সে দর্জি হিসেবে কাজ করতেন। ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি যোগ দিয়েছিলেন। ৫ আগস্ট বিকাল ৫টায় আন্দোলনকারীরা উত্তরার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজমপুর ফুটওভার ব্রীজের নিচে পৌঁছলে আসামীরা এলোপাতারি গুলি করলে নজরুল ইসলাম বুকে গুলিবিদ্ধ হয়। পরে উত্তরা কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলায় কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছা সেবক নেতা শামীম হোসেন, চান্দিনা উপজেলা কৃষকলীগ সভাপতি মনির খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক লিটন সরকার, যুবলীগ নেতা মো. শাহজাহান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, উপজেলা আওয়ামী লীগ নেতা মনির হোসেন রানা, বাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোকন চন্দ্র দে, এতবারপুর ইউপি চেয়ারম্যান ইউসুফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সোহাগ, আওয়ামীলীগ নেতা আমির হোসেন চৌধুরী লিটন, কেরণখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়া, দিদার আহম্মেদ ভূইয়া মিঠু, মহিউদ্দিন মেম্বার, ফরহাদ মাস্টার, জালাল মেম্বার, লোকমান হোসেন শাহজাহান, বিল্লাল শেখসহ ৮৬ জনের নাম উল্লেখ করে আসামী করা হয়।

এ ব্যাপারে উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদির লিখিত অভিযোগ পেয়ে মামলাটি প্রাথমিক তদন্ত বিবরণী (এফআইআর) হিসেবে গ্রহণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হলে চার্জশীটে নাম বাদ যাবে।

সরকার তাদের মাথা আগেই বিক্রি করে দিয়েছে: রিজভী

ডেস্ক রিপোর্ট:

শেখ হাসিনা সরকার তাদের মাথা আগেই বিক্রি করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকে আমরা দেখছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বুড়ো আঙুল দেখিয়ে মিয়ানমারের মর্টার শেল বাংলাদেশে এসে পড়ছে। বাংলাদেশের নাগরিক মারা যাচ্ছেন কিন্তু সরকারপ্রধান শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আমরা কাউকে একটা প্রতিবাদও করতে দেখিনি। কারণ তারা তো মাথা আগেই বিক্রি করে দিয়েছেন। যারা মাথা বিক্রি করেন তারা সেনাবাহিনী ও বিজিবিকে ধৈর্য ধরতে বলেন৷

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকার ক্ষমতা ছাড়ার ভয়ে আতঙ্কে আছে। এ কারণে বিএনপির শীর্ষ নেতারা কারাগারে। আর উনি (শেখ হাসিনা) তার সোনার হরিণ ধরে রাখতে চাইছেন।গণতন্ত্রকামী জনগণ, সেনাবাহিনী ও বিজিবিকে ধৈর্য ধরতে বলছেন। কারণ উনি নতজানু, প্রভুদের সাহায্য করতে জনগণকে তালাক দিয়ে অবৈধভাবে ক্ষমতা ধরে আছেন। অন্য দেশের ছোড়া মর্টার শেলে জনগণ মারা গেলেও প্রতিবাদ করতে পারেননি। কারণ আপনি তো ডামি নির্বাচন করেছেন, তাই জনগণের সঙ্গে তামাশা করেছেন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশে ইন্টার্নাল নিরাপত্তা একটা বাহিনী তৈরি করেছে সরকার; যার নাম ছাত্রলীগ। তাদের কোনো আইন নেই। শুধুমাত্র বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল দেখলে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা আছে। বেআইনি অস্ত্রের লাইসেন্স দিয়ে তাদের ধাওয়া দেবে। যার ফল এখন সরকারসহ সাধারণ জনগণ টের পাচ্ছেন।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণকাণ্ড প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ছাত্রলীগের নারী নির্যাতনের আশকারা দিচ্ছে সরকার। জাবির হলে স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে গণধর্ষণের ঘটনার পরও প্রধানমন্ত্রীর টনক নড়েনি। গত বছরের সিলেট এমসি কলেজে নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের এখনো বিচার হয়নি।

ছাত্রলীগ নারী নির্যাতন করলে শেখ হাসিনা কোনো কথা বলেন না। নারীর শ্লীলতাহানিকে তিনি অবাধ করে দিয়েছেন ছাত্রলীগের জন্য।

রিজভী আরও বলেন, ‌‌‌বিচার হয় শুধুমাত্র গণতন্ত্রের কথ বললে। আজকে মির্জা ফখরুল মির্জা, আব্বাস, আমির খসরুসহ বিএনপির অসংখ্য নেতাকর্মীকে বিনা অপরাধে কারাগারে আটক রাখা হয়েছে। এ দেশে কোনো সাধারণ মানুষের কারো কোনো নিরাপত্তা নেই। শেখ হাসিনা সরকারের প্রতি মানুষের মাঝে ক্ষোভের দাবানল তীব্রতর হচ্ছে, তাদের পতন অতি সন্নিকটে।

শীতার্ত ও গরিব মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য জিয়া পরিষদকে ধন্যবাদ জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, রাজনীতি শুধু বড় বড় প্রজেক্টের মাধ্যমে টাকা আত্মসাৎ করে উন্নত দেশে পাচার করছেন হাসিনা সরকার। রাজনীতি হচ্ছে মানুষের সুখ সুবিধা দেখা; যা দেখতে জিয়াউর রহমান মাইলের পর মাইল ঘুরে বেড়িয়েছেন। নিজে কোদাল নিয়ে খাল খনন করেছেন। নিপীড়ন-নির্যাতন সহ্য করে কিভাবে মানুষের পাশে থাকা যায় তা দেখিয়েছেন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির বিষয়ে মানুষের ধারণা ভালো নয়: জি এম কাদের

ডেস্ক রিপোর্ট:

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) বলেছেন, অনেকে বলেছে আমাদের দল ভাগ হয়ে যাবে। দল ভাগ হওয়ার সম্ভাবনা আমি এই মুহূর্তে, এই প্রেক্ষিতে দেখছি না। এরশাদ সাহেবের নাম ও আদর্শ দিয়ে আরও ১০টি দল যে কেউ গঠন করতে পারে। কিন্তু, আমাদের দল থেকে ভেঙে নিয়ে আরেকটি দল গঠন করার পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে দেখছি না। তবে, একটা জিনিস আমি বলতে চাই, আমাদের দলের ব্যাপারে মানুষের পারসেপশন (উপলব্ধি) কিন্তু ভালো নয়।

শনিবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে জি এম কাদের এ কথা বলেন।
জি এম কাদের বলেন, আমরা অন্য দলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়েছি, সেটা পার্শিয়ালি কারেক্ট। আমরা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আমাদের দলের মধ্যে ব্যাপকভাবে সংশোধন হওয়ার দরকার আছে। আমরা যদি সেটা না করতে পারি তবে সামনের দিকে দল ভাঙবে না, তবে দলের অস্তিত্ব থাকবে না। দলকে মানুষ ভালোবাসবে না, দলের প্রতি মানুষের আস্থা থাকবে না।

জি এম কাদের বলেন, সরকারি দলের মন্ত্রীদের বক্তব্যে মনে হয় আমরা মধ্যযুগীয় ব্যবস্থায় চলে যাচ্ছে কিনা। হয়তো সাধারণ মানুষ এটি খেয়াল করে না। শ্রদ্ধেয় আইনমন্ত্রী সেদিন একটি কথা বললেন, সাগর-রুনির হত্যাকাণ্ডের বিষয়ে ১০৭ বার সময় নেওয়া হয়েছে, ১২ বছর চলে গেছে। তারপর উনি বলেছেন আরও ৫০ বছর লাগলে দিতে হবে। এটাকে আমি দেখেছি মধ্যযুগীয় ব্যবস্থার মতো। মধ্যযুগে পেশিশক্তির মাধ্যমে সবকিছু নির্ণয় করা হতো। অর্থাৎ জোর যার মুল্লুক তার। বিচারব্যবস্থা যদি বিলম্ব হয় তার মানে হচ্ছে, সে বিচার আর পাওয়া যাবে না। এই বিচার যদি আরও ৫০ বছর বিলম্ব হয় তাহলে এটি তো বিচারহীনতা হলো। তাহলে আমরা কি দেশকে বিচারাধীনতা উপহার দিতে যাচ্ছি?

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগ বিভ্রান্তিকর একটি স্টেটমেন্ট দিয়েছে। তারা বলেছে আওয়ামী লীগের ২৬টা সিট ছেড়ে দিলাম জাতীয় পার্টির ফেভারে। কিন্তু তারা সেসব ছাড়ে নাই, সব জায়গায় তাদের লোক দিয়ে রেখেছে। আমাদের অনেক প্রার্থী বিভ্রান্ত হয়েছে। অনেকে এটাকে মহাজোট বলেছেন, আবার অনেকে এটাকে সিট ভাগাভাগির কথা বলেছেন। আমি প্রথম দিন থেকে বলেছি, এটা মহাজোট হয়নি। সিট ভাগাভাগিও হয়নি। এটা বিভ্রান্তিকর, আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে করেছে। এটি না হলে আমাদের ফলাফল এর চেয়ে আরও ভালো হতো।

জি এম কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলকে টেকাতে হলে সবাইকে একলাইনে থাকতে হবে। আমরা যদি ব্যর্থ হই তবে দল মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা ভাঙন নিয়ে চিন্তিত নই। কিন্তু, আমাদের নিজেদের মধ্যে যে ত্রুটি আছে, সেগুলো সারিয়ে তুলতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু। উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, ঢাকা মহানগর উত্তরের আহ্বা‌য়ক বীর মুক্তিযোদ্ধা মো. তৈয়বুর রহমান, সদস্য সচিব মো. সুলতান আহমেদ সেলিম প্রমুখ।

বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা এবার নৌকায় ভোট দেবে : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সারা দেশে নির্বাচনের জোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ারে বিএনপির নেতাকর্মীরাও শামিল হয়েছে। বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা এই নির্বাচনে ভোট দিতে যাবে এবং তারা নৌকা মার্কায় ভোট দেবে।

রোববার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের রামগতির হাটে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন তিনি বেতাগীর বড়ুয়াপাড়া, মির্জাখীল, বালুচর এলাকায়ও গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। তথ্যমন্ত্রী আসনটি (চট্টগ্রাম-৭) থেকে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচন করছেন।

তথ্যমন্ত্রী জানান, ‘নির্বাচনকে বানচাল করার জন্য এখন ঢাকা-চট্টগ্রাম শহরে লিফলেট বিতরণ করা হচ্ছে। কিন্তু এই লিফলেট কেউ দেখেও না, কেউ পড়েও না। বিএনপির যারা লিফলেট বিতরণ করে, তারা হঠাৎ বিতরণ করে, আবার হারিয়ে যায়। লিফলেট বিতরণকারীরা এখন ভয়ে আছে। তারা ভয়ে ভয়ে লিফলেট বিতরণ করে, জনগণ কখন তাদের ধাওয়া করে।’

তিনি জানায়, ‘বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস করে, পেট্রোল বোমা মারে এবং রেললাইন উপড়ে ফেলে অপচেষ্টা চালিয়েছিল নির্বাচনকে ভন্ডুল করার জন্য। কিন্তু সেটি তারা করতে পারেনি। এখন চেষ্টা করছে কোনো কোনো প্রার্থীর ওপর হামলা করার জন্য, যাতে নির্বাচন ব্যাহত হয়। সেটিও কখনো সফল হবে না। কারণ জনগণ তাদের সঙ্গে নেই। এই অপরাজনীতিতে জনগণ কখনো সাড়া দেয়নি, দেবেও না।’

মন্ত্রী বলেন, ‘নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র আছে। শেখ হাসিনা সেগুলোকে মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সে কারণে ষড়যন্ত্রকারীরা আজকে গর্তের মধ্যে ঢুকে গেছে। বিএনপি গর্তের মধ্য থেকে মাঝে মাঝে উঁকি দিয়ে প্রেস ব্রিফিং করে। ডক্টর মঈন খাঁনসহ কয়েকজন কথা বলেন। বিএনপি কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন সমগ্র বাংলাদেশে এই পরিস্থিতি। আমি জিজ্ঞেস করলাম বিএনপি নেতারা কই? বলল, কেউ লুকিয়ে গেছে, কেউ চিকিৎসা নেওয়ার জন্য ইন্ডিয়া গেছে। এই হচ্ছে এদের পরিস্থিতি।’

নিজ নির্বাচনী এলাকার জনসাধারণের উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘গত ১৫ বছর ধরে আমি রাঙ্গুনিয়ার জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন করার জন্য চেষ্টা করেছি। যারা ভোট এলে লম্বা লম্বা কথা বলেন, তাদের জিজ্ঞাসা করতে হবে যে, আওয়ামী লীগ সরকারের করা রাস্তাঘাটে যেসব গর্ত হয়, তারা সেইগুলো ভরাট করতে পারবে কি না। তাদের গর্ত ভরাট করার সামর্থ্যও নেই। প্রতিটি মসজিদ, মন্দির ও প্যাগোডা ৫ থেকে ৭ বার করে বরাদ্দ পেয়েছে। দেশের দশ কোটির বেশি মানুষ ১৮ ধরনের ভাতা পাচ্ছেন।’

হাছান মাহমুদ জানান, ‘দেশে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে সমগ্র বাংলাদেশে হাটে-ঘাটে, মাঠে আজকে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। একেবারে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হবে, যার যার ভোট সেই লাইন ধরে দেবে। সেই ভোটে সবাইকে অংশগ্রহণ করতে হবে।’

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ সেকান্দর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, মেয়র শাহজাহান সিকদার, আওয়ামী লীগ নেতা ইফতেখার হোসেন বাবুল ও ইদ্রিছ আজগর উপস্থিত ছিলেন।

নৌকার প্রার্থীর পক্ষে সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মনোনয়ন বোর্ড যাকেই মনোনয়ন দেবে, দেশের যে এলাকায় দেবে, সেই নৌকার প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। তারা নৌকার বিজয়কে যেমন নিশ্চিত করবে এবং দলীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করি।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের কদমতলায় নিজ বাসবভনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের প্রাচীন বড় রাজনৈতিক দল। এ দলে যারা কাজ করেন তাদেরকে সারাজীবন আন্দোলন সংগ্রাম করেই একটা পর্যায়ে আসতে হয়। কাজেই প্রতিটি সংসদীয় আসনেই অনেক যোগ্য প্রার্থী থাকে। তারা এমপি হতে সকলেই চান। গণতন্ত্রে তাদের মনোনয়ন চাইবার অধিকারও আছে। মনোনয়ন কাকে দেওয়া হবে সেটা মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত। কিন্তু মনোনয়ন চাইবার অধিকার সকলের আছে। এবার অনেক নারী ও তরুণরা মনোনয়ন চেয়েছেন। এটিকে আমি মনে করি একটা ভালো লক্ষণ। তারা সকলে জনপ্রতিনিধি হওয়ায় ইচ্ছুক। তাদের এই ইচ্ছা শক্তিকে ভালো লক্ষণ হিসেবে দেখছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নীতি-আদর্শ নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সব সময় নির্বাচন করেছে এবং করবে। যখন প্রয়োজন হয়েছে জোটবদ্ধ নির্বাচন করেছে। আমাদের জোট সব সময় আদর্শিক জোট হয়েছে। কখনো কখনো আমরা নির্বাচনী জোট করেছি। আমাদের মনোনয়ন নির্ধারণ করার কাজ শেষে হলে বুঝা যাবে আমরা জোটবদ্ধ নাকি জোট ছাড়া নির্বাচন করবো। কারণ তখন বুঝা যাবে কোন দল বেশী শক্তিশালী।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা চাই সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক এবং উৎসবমুখর পরিবেশে একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। যাতে করে ভোটাররা আগামী দিনে তাদের দেশ পরিচালনার জন্য দল পছন্দ করে নিতে পারে।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীর স্বজনদের থানায় নিয়ে নির্যাতন করা হচ্ছে: রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, পুলিশ দিনে-রাতে যেকোনো সময় নেতা-কর্মীদের ধরতে বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। টার্গেটকৃত ব্যক্তিকে বাসায় না পেয়ে তাদের পিতা, ভাই কিংবা অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করে নিয়ে যাচ্ছে। আটককৃত নেতাকর্মী কিংবা তাদের আত্মীয়-স্বজনদের থানায় নিয়ে গিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে।

সোমবার (৬ নভেম্বর) সকালে এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এসব কথা বলেন।

রিজভী বলেন, বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ এখন একাত্তর সালের দুর্বিষহ দিনগুলোর চেয়েও চরম সংকটকাল অতিক্রম করছে। সেই সময় দেশের মানুষ যেমন হানাদার বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াত, স্বাধীনতার অর্ধ শতাব্দী কাল পরেও তেমনিভাবে এ দেশের মানুষ এখন আওয়ামী স্বৈরশাসকের আইন-শৃঙ্খলা বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।

রিজভী আরও জানায়, বিএনপিকে নিশ্চিহ্ন করতে দেশে শুরু হয়েছে স্বৈরশাহীর মহাতাণ্ডব। তবে বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে। জনগণকে সাথে নিয়ে বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর পতন ঘটাতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।

সূত্র: ঢাকা পোষ্ট