Tag Archives: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় নামেনি রাশিয়া: মান্টিটস্কি

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশকে নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়া কোনো প্রতিযোগিতা করছে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। তিনি বলেছেন, বাংলাদেশ ইস্যুতে তারা (পশ্চিমা দেশগুলো) কী করছে, আর কী করতে পারে, আমরা শুধু তা তুলে ধরেছি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকায় রুশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর চট্টগ্রাম সমুদ্রবন্দরে মাইন অপারেশনে সহায়তা করেছিল তৎকালীন সোভিয়েত নৌবাহিনী। তখন মাইন অপসারণে সহায়তাকারী সেই নৌবাহিনীর সাবেক দুই সদস্য বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশে এসেছেন। সংবাদ সম্মেলনে তারা সেই সময়ের স্মৃতিচারণ করেন।

গত ১৫ ডিসেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা অভিযোগ করেছিলেন, আসন্ন জাতীয় নির্বাচনের পর বাংলাদেশে ‘আরব বসন্ত’ ঘটাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র।

তার এ বক্তব্য বিষয়ে সংবাদ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রদূতের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৪ সালে তৎকালীন সোভিয়েত নৌবাহিনীর সদস্যরা চট্টগ্রাম সমুদ্রবন্দরে মাইন অপসারণে সহায়তা করেছিলেন, তা তুলে ধরতেই আমরা এখানে সংবাদ সম্মেলন করছি। তবুও বলতে চাই, বাংলাদেশকে নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে নামেনি রাশিয়া। তবে তারা (পশ্চিমা দেশগুলো) কী করছে, আর কী করতে পারে, আমরা শুধু তা তুলে ধরেছি। এ বিষয়ে আমি আগেও কথা বলেছি।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং যুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়া সহযোগিতা করতে পেরেছে বলে আমরা খুশি। বাংলাদেশের অগ্রযাত্রায় আমরা অংশীদার হতে পেরে আনন্দিত।

সংবাদ সম্মেলনে তৎকালীন সোভিয়েত নৌবাহিনীর সাবেক দুই সদস্য ভিটালি গুবেনকো ও আলেক্সান্ডার জালটস্কি উপস্থিত ছিলেন।

এসময় ভিটালি গুবেনকো চট্টগ্রাম সমুদ্রবন্দরে মাইন অপসারণের স্মৃতিচারণ করে বলেন, মাইন অপসারণের জন্য ১৯৭২ সালে আমি চট্টগ্রামে আসি। তখন কাজটি খুব কঠিন ছিল। দুই বছর অক্লান্ত চেষ্টায় মাইন অপসারণ করা হয়। পরে বন্দর দিয়ে জাহাজ চলাচলও শুরু হয়। তখন স্থানীয় জনগণ খুবই বন্ধুত্বপূর্ণ ছিলেন। তাদের কথা আমার স্মরণে আছে।

তিনি বলেন, ৫০ বছর আগে এদেশের অবকাঠামোগত তেমন কোনো উন্নতি ছিল না। এখন বাংলাদেশের উন্নয়ন দেখে খুব ভালো লাগছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার প্রত্যয় ব্যক্ত করেছেন, আমাদের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। সুতরাং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না। যারা নির্বাচনের বিরুদ্ধে নাশকতা করছে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে নিরপেক্ষ ও স্বাধীন মানবাধিকার কমিশন আইন করেছেন। বর্তমানে দেশে মানবাধিকার কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে। জন্ম থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী সংগ্রাম অব্যাহত রেখেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মানবাধিকার নিয়ে কথা বলে, জেলের অভ্যন্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সারির চারজন সংগঠককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মানবাধিকার নিয়ে কথা বলেন অনেকেই কিন্তু ২১ আগস্টের সমাবেশে শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে। আইভি রহমানসহ ২৩ জনকে হত্যা করা হয়েছে। মানবাধিকার নিয়ে যারা কথা বলেন, তারা এ নিয়ে কথা বলেন না।

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন— বিভিন্ন রকম চাপ আসতে পারে, বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব মোকাবিলা করার জন্য রাজনৈতিক ও মানসিক শক্তি আমাদের আছে। আওয়ামী লীগ বারবার ষড়যন্ত্র মোকাবিলা করেই আজকের এই অবস্থানে রয়েছে। ষড়যন্ত্র মোকবিলা করেই আমরা গণতন্ত্রকে এগিয়ে নিয়ে এসেছি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ায় যত বাধায় আসুক আমরা এই লড়াইয়ে অবিচল।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন, মেরিনা জাহান কবিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিরোধীদের গ্রেফতার ও সহিংসতা নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও সহিংসতা বিষয়ে পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।

সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশে সহিংসতার যে কোনো ঘটনাকে ব্যাপক গুরুত্ব দিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।

এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না বলেও জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্যাটেল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ওই ব্রিফিংয়ের বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে।

এদিনের সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বেদান্ত প্যাটেলের কাছে সরকারবিরোধী আন্দোলন এবং বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে জানতে চান। তিনি বলেন, সারা বাংলাদেশে বিক্ষোভ চলছে। তারা ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন এবং সরকার এক অর্থে প্রধান বিরোধী দল বিএনপি ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আটক করা হয়েছে বিএনপি মহাসচিবসহ সব পদমর্যাদার নেতাকর্মীসহ ৮ হাজারের বেশি লোককে। গত ২৮ অক্টোবর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, বিরোধী দলের সদস্যদের আগুনে নিক্ষেপ করতে বা তাদের হাত পোড়াতে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হাসিনা তার দলের সদস্যদের নির্দেশ দিয়েছেন। যেহেতু যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশে আসন্ন নির্বাচনের জন্য শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, সেই পরিবেশ তৈরির জন্য আপনি কি বাংলাদেশের জনগণের পাশে থাকবেন এবং নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাবেন?

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ – এবং আপনি আমাকে অনেকবারই এটা বলতে শুনেছেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনও রাজনৈতিক দলকে সমর্থন করে না। একটি দলের বিপরীতে আমরা আলাদা করে কোনও রাজনৈতিক দলকে সমর্থন করি না।

এই মুহূর্তে আমাদের মনোযোগ হচ্ছে– আগামী জানুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশে নির্বাচনি পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা। এছাড়া বাংলাদেশি জনগণের সুবিধার জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে বাংলাদেশের সরকারের পাশাপাশি বিরোধী দলের নেতাদের সঙ্গে, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদের সঙ্গেও যথাযথভাবে সম্পৃক্ত থাকার কাজ অব্যাহত রয়েছে।

এর আগে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যুক্তরাষ্ট্র সি-৩ ভিসা নীতি ঘোষণা করেছে এবং এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অজুহাতে ভাংচুর এবং সরকারি সম্পত্তি ধ্বংস করে নির্বাচনের আগে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে ব্যাহত করছে। আপনি কি জাতীয়তাবাদী দলকে সহিংসতা বন্ধ করে আসন্ন সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করতে বলবেন?

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমরা এই জানুয়ারির নির্বাচনের জন্য বাংলাদেশে নির্বাচনি পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং সহিংসতার যে কোনো ঘটনাকে আমরা অবিশ্বাস্যভাবে গুরুত্ব সহকারে নিয়ে থাকি। আমরা সরকারের সঙ্গে, বিরোধী দলগুলোর সঙ্গে, সুশীল সমাজের সঙ্গে এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে বাংলাদেশি জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে যুক্ত আছি এবং সেটি অব্যাহত রাখব।

পরে ওই সাংবাদিক বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, গত সপ্তাহে জাতীয়তাবাদী দলের নেতারা একজন মার্কিন নাগরিককে তাদের প্রধান কার্যালয়ে নিয়ে এসে ক্যামেরার সামনে প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা বলে পরিচয় করিয়ে দেয় এবং জানায়, বাইডেনের সঙ্গে তার প্রতিদিন ১০ থেকে ১৫ বার যোগাযোগ হয়। আর তখনই– আরেক বিএনপি নেতা জাতীয়তাবাদী দলের উদ্ধারকারী হিসেবে পিটার হাসকে অবতার হিসেবে আখ্যায়িত করেন। আপনি কি স্পষ্টভাবে জাতীয়তাবাদী দলের এই দাবি অস্বীকার করবেন?

জবাবে প্যাটেল বলেন, আমি সেই রিপোর্ট দেখিনি। সত্যি বললে আপনি ঠিক কি সম্পর্কে কথা বলছেন তা নিয়ে আমার সত্যিই কোনো ধারণা নেই।

তিনি আরও বলেন, আমাকে কথা বলতে বাধা দেবেন না। ঢাকায় আমাদের দূতাবাসে যুক্তরাষ্ট্রের অবিশ্বাস্য প্রতিভাবান দল রয়েছে, যার নেতৃত্বে এমন একজন অভিজ্ঞ রাষ্ট্রদূত রয়েছেন যিনি শুধু বাংলাদেশেই নয়, বৃহত্তর অঞ্চলেও কাজ করতে পারদর্শী। এবং আমি যেমন বলেছি, আমরা জানুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশে নির্বাচনী পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি।

সোভিয়েত ইউনিয়নের মতো পতন হবে যুক্তরাষ্ট্রের, হামাসের হুশিয়ারি

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্র একসময় অতীতের বিষয় হয়ে যাবে এবং এটিরও সোভিয়েত ইউনিয়নের মতো পতন হবে বলে হুশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী বারাকা।

শুক্রবার লেবাননভিত্তিক একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। খবর মিডল ইস্টের।

ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, সাক্ষাৎকারটি গত ২ নভেম্বর সম্প্রচারিত হয়। পরে এটি ইসরাইলি গবেষণা সংস্থা মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে অনুবাদ করা হয়।

সাক্ষাৎকারে আলী বারাকা বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার সমস্ত শত্রুরা পরামর্শ করছে এবং ঘনিষ্ঠ হচ্ছে। এমন দিন আসতে পারে যখন তারা একসঙ্গে যুদ্ধে যোগ দেবে এবং আমেরিকাকে অতীতের বিষয়ে পরিণত করবে। সোভিয়েত ইউনিয়নের মতোই যুক্তরাষ্ট্রের পতন হবে।

হামাসের এ জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, শুধু উত্তর কোরিয়ারই সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রে হামলা চালানোর।

এ বিষয়ে আলী বারাকা বলেন, উত্তর কোরিয়ার নেতাই (কিম জং উন) সম্ভবত বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে আঘাত করতে সক্ষম। তিনিই একমাত্র। এমন দিন আসতে পারে, যখন উত্তর কোরিয়া হয়তো যুক্তরাষ্ট্রে হামলা করবে, কারণ এটি আমাদের জোটের অংশ।

হামাস জানিয়েছে, তাদের প্রতিনিধিদল সম্প্রতি মস্কো সফর করেছে। আরেকটি দলের বেইজিংয়ে যাওয়ার কথাও রয়েছে।

এ নিয়ে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বারাকা বলেন, রাশিয়া আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। দোহায় চীন ও রাশিয়ার প্রতিনিধিদল হামাসের নেতাদের সঙ্গে বৈঠক করেছে।

হামাসের এ কর্মকর্তার মতে, ইরানের যুক্তরাষ্ট্রে হামলা করার সামর্থ্য নেই। কারণ তাদের কাছে এমন অস্ত্র নেই। তবে গাজা যুদ্ধে হস্তক্ষেপ বাড়ালে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাতে পারে।

গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালায়। এর পর থেকে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে তারা। চলমান সংঘাতে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত ২২ হাজারের বেশি। গাজায় এখনো অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ৩ চিকিৎসক

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ৩ চিকিৎসক

ডেস্ক রিপোর্ট:

প্রায় ৭৮ দিনের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার চিকিৎসার বিষয়ে গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসার বিষয়ে একাধিকবার সুপারিশ করলেও ‘আইনি জটিলতায়’ তা সম্ভব হচ্ছে না। তবে এবার খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক আসছে ঢাকায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে তিনজন চিকিৎসক আসবেন। তবে, এই নিয়ে সরকার ও বিএনপির কেউ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম জানান, ‘এ বিষয়ে এখন কিছু বলতে পারছি না। আগামীকাল অফিসে গিয়ে দেখে বলতে হবে।’

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানায়, ‘খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ, তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে বারবার সরকারের কাছে বলার পরও কোনো ব্যবস্থা করা হচ্ছে না। তিনি ২ মাসের অধিক সময় ধরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক আনার জন্য চেষ্টা করা হচ্ছে।’

বিএনপি সূত্র জানান, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য উভয় মন্ত্রণালয় থেকেই চিকিৎসক আনার অনুমতি দেওয়া হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে খুব দ্রুত চিকিৎসকরা ঢাকায় আসবে।

জানা গেছে, যে তিনজন চিকিৎসক আসছেন তারা হলেন ডা. ক্রিস্টোস জর্জিয়াডস, জেমস পিটার অ্যাডাম হ্যামিল্টন ও হামিদ আহমেদ আবদুর রব।

সূত্র: ঢাকাপোষ্ট

যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে ইসি

যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে ইসি

ডেস্ক রিপোর্ট:

আগামী সংসদ নির্বাচন ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম একথা জানিয়েছেন।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুলের নেতৃত্বে পুরো কমিশন উপস্থিত আছেন। এছাড়া ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নিয়েছেন।

এর আগে, সোমবার প্রতিনিধি দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে।

গত শনিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের ৬ সদস্য।

ইসরাইলকে রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলকে রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরাইলের সমর্থনে পূর্ব ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানিয়েছেন, এরই মধ্যে বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে’র সঙ্গে একটি ক্ষেপণাস্ত্র ক্রুজার ও চারটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ইসরাইল উপকূলের দিকে যাত্রা শুরু করেছে।

রোববার (৮ অক্টোবর) হামাসের বিরুদ্ধে ইসরাইলের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার পর মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে সামরিক সহায়তা দেওয়ার কথা নিশ্চিত করে।

মার্কিন প্রতিরক্ষা সচিব আরও বলেন, অতিরিক্ত সরঞ্জাম ও গোলাবারুদের পাশাপাশি ইসরাইলে মার্কিন যুদ্ধবিমানও পাঠানো হবে। হোয়াইট হাউজ জানিয়েছে, বাইডেন সরকার আগামী দিনে দেশটিতে আরও সামরিক সহায়তা পাঠাবে। তাছাড়া ইসরাইলের শত্রুরা যাতে এ পরিস্থিতি থেকে সুবিধা নিতে না পারে তা নিশ্চিত করতেও কাজ করবে যুক্তরাষ্ট্র।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, হামাসের হামলায় নিহত ও বন্দিদের মধ্যে কোনো মার্কিন নাগরিক রয়েছে কি না তা যাচাইয়ের কাজ করছে যুক্তরাষ্ট্র। একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ইরানের প্রসঙ্গ টেনে ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্র এ যুদ্ধে ইরানের সরাসরি জড়িত থাকার প্রমাণ পায়নি, তবে ইরান বছরের পর বছর ধরে গাজাভিত্তিক স্বাধীনতাকামী সংগঠনটিকে সহায়তা করে আসছে।

তিনি আরও বলেন, ইরান হামাসকে বহু বছর ধরে সমর্থন দিয়ে আসছে। তাদের সাহায্য ছাড়া ‘হামাস’ এতটা ভয়াবহ হয়ে উঠতে পারতো না। আমরা এখনো প্রমাণ পায়নি যে, ইরান হামাসের হামলার পেছনে সরাসরি জড়িত ছিলো। তবে তাদের সমর্থন স্পষ্ট। যদিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরাইল হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে ও ১১০০ পেরিয়েছে। এর মধ্যে ইসরায়েলে ৭০০ জনের বেশি ও গাজায় কমপক্ষে ৪০০ জন নিহত হয়েছে।

সূত্র: আল জাজিরা, বিবিসি, রয়টার্স

আমার ছেলের সম্পদ বাজেয়াপ্ত করলে কিছু আসে যায় না: শেখ হাসিনা

আমার ছেলের সম্পদ বাজেয়াপ্ত করলে কিছু আসে যায় না: শেখ হাসিনা

 

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার ছেলেও যুক্তরাষ্ট্রে আছে। সে ব্যবসা-বাণিজ্য করছে, বিয়ে করেছে, তার মেয়ে আছে, সম্পত্তি আছে, বাড়িঘর আছে। যদি বাতিল করে, করবে। তাতে কিছু আসে যায় না।’

শুক্রবার রাতে নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগেরও চাওয়া উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি বাংলাদেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করে, সে ক্ষেত্রে এই দেশের জনগণ ওই ব্যক্তি বা গোষ্ঠীকে স্যাংশন (নিষেধাজ্ঞা) দেবে। মার্কিন ভিসানীতি প্রয়োগের ঘোষণায় বিরোধীদের কথাও বলা হয়েছে। এবার বিএনপি জ্বালাও-পোড়াও করতে পারবে না। এতে জনগণের জীবন বাঁচবে।

কে নিষেধাজ্ঞা দিল আর কে দিল না, তাতে কিছু যায় আসে না। যারা নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের নির্বাচন নিয়েও প্রশ্ন আছে। ভিসানীতির মাধ্যমে আওয়ামী লীগকে টার্গেট করলে কিছু বলার নেই।

তিনি বলেন, যদি তারা শুধু আওয়ামী লীগকে টার্গেট করে থাকে, তা হলে আমার কিছু বলার নেই। তবে মনে রাখতে হবে আমি কিন্তু কারও শক্তিতে ক্ষমতায় আসিনি। আমি ক্ষমতায় এসেছি জনগণের শক্তিতে।

প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, যারা ভোটের স্বচ্ছতা নিয়ে কথা বলছে, ২০০১ কিংবা সামরিক শাসকদের নির্বাচনের সময় তারা কোথায় ছিল?

‘ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স, ছবিসহ ভোটার তালিকা, মানুষের মধ্যে ভোটের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা- এগুলো আমরা করেছি। ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ এই স্লোগান তো আমারই দেওয়া। ভোট ও ভাতের অধিকারের আন্দোলন তো আমরাই করেছি।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে জানান, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া যারা বাধাগ্রস্ত করবে, তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা অব্যাহত

ভিসানীতির প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র

ভিসানীতির প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:

ভিসানীতির প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের একটি সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকারে এমন ঘোষণা দিতে পারেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তবে কাদের বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগ করা হয়েছে; তাদের কোনো নাম ঘোষণা করবেন না লু।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যাদের বিরুদ্ধে ভিসানীতির প্রয়োগ হয়েছে, তাদের ব্যক্তিগতভাবে জানিয়ে দেওয়া হবে। প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে ভিসানীতির প্রয়োগ হচ্ছে তাদের মধ্যে সরকার ও বিরোধী পক্ষেরও কারও কারও নাম আছে বলে জানা গেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত ২৪ মে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সহায়তার লক্ষ্যে নতুন ভিসানীতি ঘোষণা করেন। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন বর্তমান ও সাবেক বাংলাদেশী কর্মকর্তা, সরকার ও বিরোধীদলীয় রাজনীতিবিদ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিচার বিভাগের সদস্য, নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হতে পারে।

গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অর্থ হলো ভোট কারচুপি, ভোটারকে ভয়ভীতি দেখানো, শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা দান, রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ, মিডিয়াকে মত প্রকাশে বাধা দেওয়া। এসব কর্মকাণ্ডের জন্যও ভিসানীতির প্রয়োগ হতে পারে।

আগামী ৭ অক্টোবর বাংলা‌দে‌শে আগাম পর্যবেক্ষক দল পাঠা‌চ্ছে যুক্তরাষ্ট্র

আগামী ৭ অক্টোবর বাংলা‌দে‌শে আগাম পর্যবেক্ষক দল পাঠা‌চ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানের তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঘিরে আগামী ৭ অক্টোবর এক সপ্তা‌হের জন্য বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে যুক্তরাষ্ট্রের একটি আগাম পর্যবেক্ষক দল।

বৃহস্প‌তিবার ঢাকার মা‌র্কিন দূতাবা‌সে সাংবা‌দি‌কদের স‌ঙ্গে আলাপকা‌লে এ তথ্য জানান দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার।

দূতাবাসের মুখপাত্র জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআই-এর নীতিমালার ঘোষণা অনুযায়ী স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে একটি যৌথ প্রাক্-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করবে।

তিনি ব‌লেন, প্রতিনিধি দলটি আগামী ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবে। প্রতি‌নি‌ধি দ‌লে ৬ জন সদস্য এবং তা‌দের সহায়তার জন্য কিছু কর্মকর্তা থাক‌বেন।

প্রতিনিধি দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বি‌ভিন্ন সংস্থা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের কর্তাব্যক্তি এবং ঢাকার বি‌দে‌শি মিশ‌নের কূটনী‌তিক‌দের স‌ঙ্গে কথা বল‌বে বলেও জানান ব্রায়ান শিলার।

মা‌র্কিন দূতাবা‌সের মুখপাত্র জানান, সফর শেষে প্রতিনিধি দল বিবৃ‌তি দে‌বে- যাতে ইতিবাচক প্রবণতা এবং সেই স‌ঙ্গে উদ্বেগের বিষয়গু‌লো তুলে ধরা হ‌বে। পাশাপা‌শি তারা কিছু সুপা‌রিশ তু‌লে ধর‌বেন।

তিনি বলেন, পরবর্তী‌ সময়ে তারা (প্রতিনিধি দল) আন্তর্জাতিক স্টেকহোল্ডার, ওয়াশিংটন ডিসিতে নীতিনির্ধারক এবং বাংলাদেশের নির্বাচনি অখণ্ডতা সমর্থনকারী নির্বাচনি এলাকাগুলোর সঙ্গে ধারাবাহিক ব্রিফিং এবং পরামর্শের আয়োজন করবে। য‌দিও প্রাক্-নির্বাচন মূল্যায়ন মিশনের প্রাথ‌মিক ভূ‌মিকা হ‌লো নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনি প্রেক্ষাপটে স্বাধীন ও নিরপেক্ষ তথ্য প্রদান করা।

এ ছাড়া বাংলাদেশের জাতীয় নির্বাচ‌নের দিন সীমিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠা‌বে কিনা- তাও নির্ধারণ করা হ‌বে বলে জানান ব্রায়ান শিলার।