Tag Archives: লালমাই

পর্যাপ্ত তেল মজুত থাকার পরও সরবরাহ না করায় লালমাই ফিলিং স্টেশনকে জরিমানা

পর্যাপ্ত তেল মজুত থাকার পরও সরবরাহ না করায় লালমাই ফিলিং স্টেশনকে জরিমানা

ডেস্ক রিপোর্ট:

পর্যাপ্ত তেল মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল সরবরাহ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করাসহ বিধিবহির্ভূত পাত্রে তেল বিক্রয় করার দায়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ও ফিলিং স্টেশন মনিটরিংয়ের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা (ট্যাগ অফিসার) শাহরিয়ার ভুঁইয়া, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার জানায়, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল সরবরাহ না করা, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রয় করা ও বিধিবহির্ভূত পাত্রে বিক্রয় করার কারণে লালমাই ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জ্বালানি তেল নির্ধারিত মূল্যের অধিক দামে এবং বিধিবহির্ভূত পাত্রে বিক্রয় উভয়ই শাস্তিযোগ্য অপরাধ।

লালমাই পাহাড়ে একটি মর্টার শেলের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ

লালমাই পাহাড়ে একটি মর্টার শেলের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লালমাই পাহাড়ে পড়ে থাকা মর্টার শেলের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর এলাকায় মর্টার শেলটি দেখতে পায় স্থানীয়রা।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় লালমাই পাহাড়ে অনেক যুদ্ধ সংগঠিত হয়। ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি ওই সময়ের। এটি অবিস্ফোরিত দেখা যাচ্ছে। সোমবার লালমাই পাহাড়ে ভারি বৃষ্টিপাত হয়। এতে বড় ধর্মপুর এলাকায় পাহাড়ে মাটি সরে গিয়ে মর্টার শেলটি দৃশ্যমান হয়।

তিনি আরও জানায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা মর্টার শেলটি দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে চারপাশ ঘিরে রাখে। ঢাকায় বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এলে মর্টার শেলটি উদ্ধার করে বিস্ফোরণ ঘটানো হবে।

মশার ভয়ে কাবু অর্থমন্ত্রী একটি কথা বলতে ভুলে গেলেন

 

ডেস্ক রিপোর্ট:
ভ্যাট আদায়ের ইলেকট্রনিক ফিসক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমের (ইএফডিএমএস) উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি অনুষ্ঠানে মশার ভয়ে বক্তব্যের একাংশ বলতে ভুলে গিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঞ্চের নির্দিষ্ট স্থানে গিয়ে বক্তব্য না দিয়ে নিজ আসনে বসেই বক্তব্য শেষ করেন তিনি। এরপর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমও সমাপনী বক্তব্য দিয়ে ফেলেন। এ পর্যায়ে অর্থমন্ত্রী মাইক্রোফোন নিয়ে বলে উঠেন, মশার দিকে নজর রাখতে গিয়ে তিনি একটি কথা বলতে ভুলে গেছেন।

এরপর রাজস্ব আদায় সম্পর্কে ফরাসি অর্থমন্ত্রীর একটি বক্তব্যের উদাহরণ দিয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘রাজহাঁসের পালক এমনভাবে তুলতে হবে, যেন রাজহাঁস কষ্ট না পায়। একজন কর দেবেন, আরেকজন দেবেন না, তা যেন না হয়।’

আজ মঙ্গলবার ভ্যাট আদায়ের ইলেকট্রনিক ফিসক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমের (ইএফডিএমএস) উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি ছিলেন। আগারগাঁওয়ের এনবিআর ভবনে এই অনুষ্ঠান হয়।

মশা নিয়ে অর্থমন্ত্রীর অন্য সবার চেয়ে বেশি ভয় থাকার হয়তো কারণ রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর ২০১৯ সালে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং সেই বছরই জাতীয় বাজেট পেশের দিন বেশ অসুস্থ ছিলেন। তিনি যখন বাজেট পেশ করতে প্রচণ্ড অসুবিধা বোধ করছিলেন, তখন একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকারের অনুমতি নিয়ে অর্থমন্ত্রীর হয়ে বাজেটের বাকি অংশ উপস্থাপন করেন।

এনবিআর ভবনে আজ যখন অনুষ্ঠান হচ্ছিল, তখন একজনকে মশা মারার ব্যাট হাতে মঞ্চে উপবিষ্ট অতিথিদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।