কুমিল্লায় মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদে বিএনপি নেতা ব্যারিস্টার মামুনের সংবাদ সম্মেলন
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়ার করা এক বক্তব্যকে “উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট” আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, “অধ্যক্ষ সেলিম ভূঁইয়া একজন সম্মানিত ব্যক্তি। তাকে হেয় প্রতিপন্ন করা আমার রুচিতে বাধে। তবে সোমবার তিনি যে বক্তব্য দিয়েছেন, তা সত্যিই দুঃখজনক ও বেদনাদায়ক।”
তিনি আরও বলেন, “আমার ও তার মধ্যে ব্যক্তিগত কোনো বিরোধ নেই। জীবনে কেবল একবার তার সঙ্গে দেখা হয়েছে। কিন্তু তারপরও কেন তিনি এমন ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন, তা খতিয়ে দেখা উচিত। হতে পারে তিনি কারো প্ররোচনায় এ ধরনের বক্তব্য দিয়েছেন।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, সাহেবাবাদ কলেজের সাবেক জিএস মাহবুবুর রহমান দিদার এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মোস্তফা কামাল প্রমুখ।
বক্তারা বলেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া তাঁর বক্তব্যে যেভাবে ব্যারিস্টার মামুনকে আওয়ামী লীগের ‘সুবিধাভোগী’ বলে উল্লেখ করেছেন, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে হীন মানসিকতার পরিচায়ক।