Tag Archives: সৌদি আরব

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে কার্গো পরিবহন বন্ধ করেছে চীন

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে কার্গো পরিবহন বন্ধ করেছে চীন

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় উপসাগরীয় কয়েকটি দেশের সঙ্গে কার্গো পরিবহন সেবা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে চীন। সৌদি আরব ও কাতারসহ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্যিক পণ্য পরিবহন আপাতত বন্ধ রাখা হয়েছে। এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

চীনের রাষ্ট্রায়ত্ত শিপিং প্রতিষ্ঠান কসকো শিপিং লাইনস জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী হয়ে চলাচলকারী সব রুটে নতুন বুকিং অবিলম্বে বন্ধ করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

বিশ্বের অন্যতম বড় তেল ট্যাঙ্কার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর এমন সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন বিশ্বের আরও কয়েকটি বড় শিপিং কোম্পানি একই প্রণালী দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

এর আগে সোমবার ইরান ঘোষণা দেয়, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আর অনুমোদন করা হবে না। কোনো জাহাজ ওই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলেও সতর্ক করা হয়।

ইরানের ওই সতর্কবার্তার পর এক বিবৃতিতে কসকো শিপিং লাইনস জানায়, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত এবং হরমুজ প্রণালীতে সামুদ্রিক চলাচলের ওপর আরোপিত সীমাবদ্ধতার কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

এই স্থগিতাদেশের আওতায় বাহরাইন, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের কিছু বন্দরের উদ্দেশ্যে নতুন বৈশ্বিক বুকিং আপাতত গ্রহণ করা হবে না। একই সঙ্গে কাতার, বাহরাইন, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে পণ্য পরিবহনও বন্ধ থাকবে।

তবে যেসব বন্দরে যেতে হরমুজ প্রণালী পার হতে হয় না, সেসব রুটে সেবা চালু থাকবে। এর মধ্যে রয়েছে সৌদি আরবের জেদ্দা বন্দর এবং সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান ও ফুজাইরাহ বন্দর। এসব বন্দরে কসকোর কার্গো পরিবহন কার্যক্রম স্বাভাবিক থাকবে।

ফিফার ইতিহাসে সর্বোচ্চ রেটিং

ফিফার ইতিহাসে সর্বোচ্চ রেটিং পেয়ে ২০৩৪ বিশ্বকাপ আয়োজক সৌদি আরব

ফিফার ইতিহাসে সর্বোচ্চ রেটিং পেয়ে ২০৩৪ বিশ্বকাপ আয়োজক সৌদি আরব

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা ২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে। ২০৩০ ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজিত হবে স্পেন, পর্তুগাল এবং মরক্কো দ্বারা। তবে ২০৩৪ বিশ্বকাপ আয়োজক দেশ হবে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এই দেশটি একমাত্র প্রার্থী হিসেবে বিশ্বকাপের ২৫তম আসর আয়োজনের জন্য বিড করেছে। ফলে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, সৌদি আরবের বিশ্বকাপ আয়োজন নিশ্চিত হয়ে গেছে।

শুক্রবার (৩০ নভেম্বর) সৌদি আরবের বিশ্বকাপ আয়োজনে প্রস্তাবের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে ফিফা। মানবাধিকার ইস্যু নিয়ে নানা সমালোচনার পরেও, ফিফা সৌদি আরবকে ৫ নম্বরের মধ্যে ৪.২ নম্বর দিয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ। ফিফা জানিয়েছে, ২০৩৪ বিশ্বকাপে মানবাধিকার সংক্রান্ত ঝুঁকি ‘মধ্যম’ স্তরের। তাদের দাবি, সৌদি আরবের সংস্কারের প্রচেষ্টাকে এটি আরও শক্তিশালী করতে সাহায্য করতে পারে। তবে, যেসব সংগঠন সৌদি আরবের বিশ্বকাপ আয়োজনে আপত্তি জানিয়েছে, তারা ফিফার এই মূল্যায়নকে তিরস্কার করেছে।

সৌদি আরবে বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হলো অবকাঠামো। ২০৩৪ বিশ্বকাপে সৌদি আরবে ২৩টি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে একটি স্টেডিয়ামের নির্মাণকাজ চলছে, কিং সালমান স্টেডিয়াম, যার ধারণক্ষমতা হবে ৯২ হাজার দর্শক। এখানে হবে বিশ্বকাপের উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ। এই স্টেডিয়ামটি ২০৩২ সালে সম্পন্ন হবে। ২০২৭ সালের এশিয়ান কাপকে সামনে রেখে আরও তিনটি স্টেডিয়ামের কাজ চলমান রয়েছে।

ফিফা জানিয়েছে, সৌদি আরব অবকাঠামোগত উন্নয়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি পরিবেশগত দিক থেকেও কম ঝুঁকিপূর্ণ। তবে, গ্রীষ্মকালে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে, তাই খেলার সময় নির্ধারণে উচ্চ ঝুঁকি থাকতে পারে। সে কারণে, বিশ্বকাপের সম্ভাব্য সময়সূচি এখনও চূড়ান্ত করা হয়নি, এবং তা শীতকালে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই বিশ্বকাপ আয়োজনে ন্যূনতম প্রয়োজনীয়তা পূরণ করা হয়েছে, তবে পরিবেশে এর নেতিবাচক প্রভাবও পড়বে, জানায় ফিফা। আনুষ্ঠানিকভাবে ১১ ডিসেম্বর বিশ্বকাপ আয়োজক দেশগুলোর নাম ঘোষণা করবে ফিফা।

সৌদি আরবে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লার কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার লাকসাম উপজেলার মো. শাহাবুদ্দিন (২২) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। শাহাবুদ্দিন উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের চিকুনিয়া গ্রামের পাটোয়ারী বাড়ির মোহাম্মদ রুস্তম আলীর ছেলে।

মঙ্গলবার দুপুর ১টায় মদিনার আলমাঝের বেদানা সড়কে দুর্ঘটনায় তিনি মারা যান। শাহাবুদ্দিন মদিনা শহরে একটি হার্ডওয়্যার ব্যবসার পাশাপাশি নিজ দোকানের মালামাল আনা-নেওয়ার জন্য পিক-আপ ভ্যান চালাতেন।
নিহতের পরিবার জানিয়েছে, মঙ্গলবার সকালে দিকে শাহাবুদ্দিন মদিনা শহর থেকে একটি পিকআপ ভ্যান চালিয়ে নিজ দোকানের জন্য মালামাল আনতে যায়। মদিনা শহরের আলমাঝের বেদানা সড়ক এলাকায় শাহাবুদ্দিন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সড়কের পাশে পাথরের সাথে ধাক্কা খেয়ে ১ শত হাত দুরে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের চাচাতো ভাই মাসুদ পাটোয়ারী বলেন, দুইভাই দুইবোনের মধ্যে শাহাবুদ্দিন সবার ছোট। তার বড় ভাই সৌদি আরবে আছেন। শাহাবুদ্দিন ১৫ বছর বয়সে প্রবাসে যান প্রায় ৭ বছর ধরে সৌদি আরব মদিনা শহরের হার্ডওয়্যারের ব্যবসায় জড়িত ছিলেন। কিছুদিনের মধ্যে দেশে আসার কথা ছিল তার।

তিনি আরও জানান, শাহাবুদ্দিনের মরদেহ দ্রুত বাংলাদেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন নিহতের পরিবার।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবে ওমরাহ করে কাতারে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় সকালে মদিনা থেকে মক্কা ফেরার পথে কাতার সীমান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চট্টগ্রামের হাটহাজারীর শাহ আলম, নোয়াখালীর জাকির হোসেন ও সিলেটের কবির আহমদ।

তারা কাতার থেকে মক্কায় ওমরাহ পালন ও মদিনা জিয়ারত করতে গিয়েছিলেন। নিহতদের মরদেহ কাতার সীমান্তের একটি সরকারি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

সৌদি আরবে দুপুরে সূর্যের নিচে শ্রমিকদের কাজ করা নিষিদ্ধ ঘোষণা

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবে বেসরকারি খাতের শ্রমিকদের জন্য দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সূর্যের নিচে কাজ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রীষ্মের মাসগুলোতে দিনের কিছু নির্দিষ্ট সময় এ নিয়ম মানা হবে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতি থেকে এ সিদ্ধান্ত জানা গেছে।

এতে বলা হয়েছে, ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে শ্রমিকরা দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কাজ করা থেকে বিরত থাকবেন।

বেসরকারি খাতে যারা কাজ করছেন তাদের নিরাপত্তা, স্বাস্থ্য রক্ষা, স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধ, স্বাস্থ্যকর ও নিরাপদ কাজের পরিবেশ প্রদান করতে সিদ্ধান্তটি নেয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত ও দুর্ঘটনা প্রতিরোধে ব্যবসায়ীদের সিদ্ধান্তটি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। এর ফলে উন্নতি ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কেউ এই নিয়ম লঙ্ঘন করলে নির্ধারিত নম্বর ১৯৯১১ বা মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অভিযোগ জানাতে পারবে।

এদিকে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতেও একই ধরনের সিদ্ধান্ত কার্যকর করেছে। দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘোষণা করেছে, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সূর্যের নিচে শ্রমিকদের জন্য কাজ করা নিষিদ্ধ।

সৌদির ক্লাবে খেলবে মেসি, ৫ হাজার কোটি টাকায় চুক্তি

 

ডেস্ক রিপোর্টঃ

আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি আগামী মৌসুমে ‘বিশাল অংকের চুক্তি’তে সৌদি আরবের ঘরোয়া ক্লাব ফুটবলে খেলবেন। এই চুক্তি সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে দাবি করেছে সংবাদ সংস্থা এএফপি।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক সেই সূত্র এএফপিকে বলেছেন, ‘মেসির চুক্তি হয়ে গেছে। তিনি সৌদি আরবে আগামী মৌসুমে খেলবে।’

এফপি জানিয়েছে, মেসি মধ্যপ্রাচ্যে যেতে রাজি হয়েছেন। সৌদি ক্লাব ‘আল-হিলাল’ তার জন্য ৪০০ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় ৪৭২৩ কোটির একটি চুক্তির কথা বলেছে- এই চুক্তির ফলে তিনি গ্রহের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর চেয়ে এগিয়ে থাকবেন।

চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসি, নতুন চুক্তিও আর করতে চাননি বিশ্বকাপজয়ী এই তারকা। পিএসজি ছেড়ে কোথায় যাবেন সেটি নিয়েই ছিলো গুঞ্জন। সাবেক ক্লাব বার্সেলোনা আর সৌদি আরবের কোনো ক্লাবে যাওয়ার গুঞ্জনই শোনা গিয়েছিলো বেশি। অবশেষে মেসি যাচ্ছেন সৌদি আরবেরই ক্লাবে।

গত সোমবার দলীয় অনুশীলনে যোগ না দেওয়ায় মেসির ওপর নিষেধাজ্ঞা জারি করে কাতারি মালিকানাধীন ক্লাব পিএসজি। অনুশীলনে যোগ না দিয়ে পিএসজির অনুমতি না নিয়েই সৌদি আরবের পর্যটন দূত হিসেবে উপসাগরীয় দেশটি সফরে গিয়েছিলেন মেসি।

অবশেষে নীরবতা ভাঙলেন মেসি, যা বললেন পিএসজিকে

 

স্পোর্টস ডেস্কঃ

সৌদি আরব সফরে গেছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। অনুমতি না নেওয়ায় নিজ ক্লাব পিএসজিতে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। প্যারিসের ক্লাবটির সমর্থকরা বিক্ষোভও করেছেন তার বিরুদ্ধে। কেউ কেউ তার এমন আচরণ নিয়ে প্রশ্নও তুলেছেন। ফলে প্যারিসের জায়ান্ট ক্লাবটির সঙ্গে মেসির সম্পর্ক এখন শীতল।

গণমাধ্যমের খবরে জানা গেছে, মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে না পিএসজি। নিষেধাজ্ঞা পেয়ে মেসিও আর থাকবেন না প্যারিসের জায়ান্ট ক্লাবটিতে। সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিশ্বকাপজয়ী এ মেগাস্টার। এ তো কিছু হয়ে গেলেও চুপ ছিলেন মেসি। অবশেষে নীরবতা ভেঙেছেন তিনি। নিজের ভুল বুঝতে পেরে চাইলেন ক্ষমাও।

অনুতপ্ত মেসি এক ভিডিওবার্তায় বলেন, প্রথমত আমি আমার ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি সত্যিই ভেবেছিলাম, ম্যাচশেষে আমরা একদিন ছুটি পাব; যেমনটি সবসময়ই হয়ে থাকে। আমার সৌদি আরব সফর আগেই ঠিক করা ছিল। সফর বাতিল করার কোনো উপায় ছিল না। এর আগে অবশ্য একবার বাতিল করতে হয়। আমি যা করেছি তার জন্য আরও একবার ক্ষমা চাই। ক্লাব কী করতে চায় সেই অপেক্ষায় আছি।

Leo Messi statement ??? #Messi

“I thought we were going to have a day off after the game as always. I had this trip organized and I couldn’t cancel it. I had already canceled it before…”.

“I apologize to my teammates and I’m waiting for what the club wants to do with me”. pic.twitter.com/GBuarEgwSl

‘মেসিকে পাওয়া ভাগ্যের ব্যাপার, অনুশোচনা করবে পিএসজি’

স্পোর্টস ডেস্কঃ

বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে অশ্রাব্য ভাষায় গালি দেওয়া ব্যানার নিয়ে পিএসজির সদর দপ্তরের সামনে হট্টগোল করেছে ক্লাবটির সমর্থকগোষ্ঠী আলট্রাস। এর আগে হোম ম্যাচেও আর্জেন্টাইন ফরোয়ার্ডকে যাচ্ছেতাই দুয়ো দিয়েছিল তারা। সবশেষ ঘটনা ঘটেছে ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরবে গিয়ে নিষিদ্ধ হওয়ার পর।

পর্যটন দূত হিসেবে কদিন আগে মেসি গেছেন সৌদি আরব। কিন্তু ক্লাব অভিযোগ করে, তাদের অনুমতি ছাড়াই কাজটি করেছেন সাতবারের ব্যালন ডিঅরজয়ী। এই অপরাধে দুই সপ্তাহের জন্য তাকে নিষিদ্ধ করেন ফরাসি চ্যাম্পিয়নরা। তাতে মেসির পিএসজি অধ্যায় শেষই বলা চলে। আগামী জুনে চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। তার পর ফ্রি এজেন্ট তিনি।

মেসির জাতীয় দল ও বার্সার সাবেক সতীর্থ হ্যাভিয়ের মাসচেরানোর মতে, এই আচরণের কারণে একদিন অনুশোচনা করবে পিএসজি। তিনি বলেন, ‘দুঃখজনক ব্যাপার হলো— ওকে তাদের দলে পাওয়া যে ভাগ্যের ব্যাপার সেটি তারা বোঝেনি। আমি মনে করি, ১০ বছর আগেও কোনো প্যারিস ভক্ত কল্পনা করতে পারেনি যে তারা তাদের দলে ইতিহাসের সেরা খেলোয়াড়কে পেতে পারে। অথচ তারা এটা উপভোগ না করে দুই বছর কাটিয়ে দিলে তার সমালোচনা করে।’

মাসচেরানোর মতে, মেসিকে পেতে বিশ্বের যে কোনো দল তাদের সবটুকু দিয়ে দিতে পারে।

আর্জেন্টিনার সাবেক এ তারকা বলেন, ‘১০ বছরের মধ্যে তারা অনুশোচনা করবে। বিশ্বের যে কোনো দল তাকে পাঁচ মিনিটের জন্য পেতেও সব কিছু দিয়ে দিতে পারে। তার সমালোচনা করা অসম্ভব। যেখানে সে তার পরিবারকে নিয়ে সুখে থাকবে, সেখানে ওকে যেতে দিন। এখানেই যদি থাকে, তা হলে ভালো; প্রতি সপ্তাহে তাকে দারুণ কিছু গোল করতে দেখবেন। অন্যথায় আমরা তাকে টিভিতে দেখব, যেভাবে গত ২০ বছর ধরে আমরা দেখছি।’

সৌদি আরবে ঈদুল আজহা ২৮ জুন

 

আন্তর্জাতিক ডেস্কঃ

২৮ জুন ঈদুল আজহা উদযাপন করবে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ। সেক্ষেত্রে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে এই ঈদ হবে একদিন পর, ২৯ জুন।

দেশটির জ্যোতির্বিজ্ঞানীদের বরাতে এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াহ।

সৌদির জ্যোতির্বিজ্ঞান দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, চাঁদের গতিবিধি হিসেব করে জানা গেছে, ২০২৩ সালে ১৮ জুন আরবি জিলহজ মাসের চাঁদ উদয়ের জোর সম্ভাবনা আছে। আরবি চান্দ্র বর্ষপঞ্জির এই শেষ মাসের দশম দিনে উদযাপন করা হয় ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় ধর্মীয় উৎসব কোরবানির ঈদ বা ঈদুল আজহা।

ইসলাম ধর্মের চতুর্থ স্থম্ভ হজের কারণে আরবি বর্ষপঞ্জিতে জিলহজ তাৎপর্যপূর্ণ একটি ‍মাস। এই মাসেই হজ করেন সামর্থ্যবান মুসলিমরা। ঈদুল আজহার দু’দিন আগে শুরু হয় হজ, শেষ হয় পশু কোরবানির মধ্যে দিয়ে।

যদি সৌদিতে এবার ২৮ জুন ঈদুল আজহা হয়, সেক্ষেত্রে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ২৬ জুন।

সৌদি আরবের প্রশংসায় মেসির পোস্ট

স্পোর্টস ডেস্ক:

কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। মাস তিনেক পর সেই সৌদ আরবে ঘুরতে যাওয়ার আমন্ত্রণ করছেন মেসি!

শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। সেখানে সৌদি আরবের গাছপালা ও সবুজ প্রকৃতির ছবি দিয়ে মেসি লিখেছেন, ‘কে ভেবেছিল সৌদিতে এরকম সবুজ আছে? আমি এমন অপ্রত্যাশিত বিস্ময় যখনই সম্ভব হয় তখনই খুঁজতে বের হই।’

মেসির পোস্ট করা ওই ছবি আর ক্যাপশন দেখে নিশ্চয়ই একটু ভাবনায় পড়ে গেছেন সমর্থকরা। আসলে মেসি সৌদি আরবের ভ্রমণ বিষয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এ কারণেই তিনি এমন পোস্ট করেছেন। ক্যাপশনের শেষেও ব্যবহার করা হয়েছে ‘ভিজিটসৌদি’ হ্যাশট্যাগ।

গত বছরের মে মাসে জেদ্দায় যান মেসি। তখনই তাকে ভ্রমণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে সৌদি আরব। পরে পিএসজির হয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে জানুয়ারিতে দেশটিতে যান তিনি। গিয়েছেন সর্বশেষ মার্চেও। গত এক বছরে অন্তত তিনবার সৌদিতে গিয়েছেন তিনি।

আর্জেন্টাইন তারকাকে নিয়ে সৌদি আরবের ক্লাবগুলোর আগ্রহের খবরও নতুন নয়। যদিও এখন অবধি মেসি ইউরোপেই থাকতে চান বলে খবর।