আমাদের কাজের কারণেই ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে: ফখরুল
ডেস্ক রিপোর্ট:
আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কিছু কাজ করছি, যার মাধ্যমে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় কবিতা পরিষদের আয়োজিত ‘রাষ্ট্র পুনর্গঠনে লেখক-শিল্পীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, তবে যেকোনো সময় ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে। আমরা যেন সেই রাস্তা তৈরি না করি, সেটাই এখন আমাদের লক্ষ্য। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কিছু কাজ করছি, যা ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়িয়ে দিয়েছে। আমাদের এখন ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার সময়।”
তিনি বলেন, “একটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলা এবং সত্যিকার অর্থে গণতান্ত্রিক সংস্কার করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা নিঃসন্দেহে একটি জটিল কাজ, বিশেষ করে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে। তবে, আমাদের এই কাজটি করতে হবে। আমাদের সবচেয়ে বেশি যা প্রয়োজন, তা হলো ঐক্য। যারা ফ্যাসিবাদের পতন চেয়েছি এবং একটি জনমুখী রাষ্ট্র, সমাজ নির্মাণের পক্ষে, তাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
বিএনপির মহাসচিব আরও বলেন, “আজকে কষ্ট ও দুঃখ অনুভব করি। এখান (মতবিনিময় সভা) আসার আগে, ‘মায়ের ডাক’ কর্মসূচির সমন্বয়ক সানজিদা তার ভাইকে নিয়ে আমার বাসায় এসেছিল। তিনি বললেন, ‘স্যার, আজকে মন খুব খারাপ।’ আমি জানতে চেয়েছিলাম কেন? তিনি বললেন, ‘গত কয়েকদিন ধরে যা দেখছি, তাতে মন খারাপ হয়ে যাচ্ছে। এতদিনের কষ্ট, পরিশ্রম, ত্যাগ, প্রিয় মানুষের চলে যাওয়া, এসব কিছু ছাড়িয়ে একটা ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে।’ আমার মনে হয়, অত্যন্ত পরিকল্পিতভাবে এই অবস্থা সৃষ্টি করা হচ্ছে এবং এটা করছে কথিত ফ্যাসিবাদ।”
ফখরুল আরও বলেন, “আমরা যারা ফ্যাসিবাদের বিপক্ষে ছিলাম, লড়াই করেছি, সংগ্রাম করেছি, কেন আমরা এখানে বিভাজন সৃষ্টি করছি? আজকে বিভিন্ন জায়গায় নানা কথাবার্তা শুনলে ভয় হয়। আমরা এখন পুরো আন্দোলনকে এক ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য একটাই হওয়া উচিত: তা হলো একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো করে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এবং পার্লামেন্টে গিয়ে কাজ করা।”
বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা বলেন, “আমাদের সবার উচিত, অনৈক্য সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে যে সুযোগটি পেয়েছি, সেটি কাজে লাগিয়ে কিছুটা হলেও সামনে এগিয়ে যাওয়া। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, ৫৩ বছর হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত পিসফুল ট্রান্সফার অব পাওয়ার (শক্তি শান্তিপূর্ণ হস্তান্তর) করতে পারিনি। আমরা সবসময় যুদ্ধ করছি, লড়াই করছি, ভাইয়ের রক্ত ঝরাচ্ছি।”
তরুণদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, “আপনারা অনেকে দায়িত্বে এসেছেন, এই দায়িত্বটিকে দায়িত্বশীলভাবে পালন করতে হবে। গোটা জাতিকে সামনে রেখে দায়িত্ব পালন করতে হবে। আমরা এমন কিছু করবো না, এমন কোনো হঠকারিতা করবো না, যার মাধ্যমে আমরা আবার অন্ধকারে চলে যাবো।”
জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, লেখক ও বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান, সাংবাদিক আবু সাঈদ খান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।