,

আসছে ব্যাচেলর পয়েন্টের সিজন ৫

আজকের কুমিল্লা ডট কম :
October 29, 2024
news-image

আসছে ব্যাচেলর পয়েন্টের সিজন ৫

ডেস্ক রিপোর্ট:

দেশীয় বিনোদন জগতে যে ক’টি ধারাবাহিক নাটক তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে, তার মধ্যে অন্যতম হলো ‘ব্যাচেলর পয়েন্ট’। শুরুর পর থেকেই অনলাইনে দাপটের সঙ্গে প্রচারিত এ সিরিজটি দর্শকদের চাহিদার কারণে একে একে চারটি সিজন পর্যন্ত নির্মাণ করা হয়।

২০১৭ সালে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় এই সিরিজটি শুরু হয়। তবে সিজন চার শেষ হওয়ার পর থেকে দর্শকদের মনে ছিল একটি প্রশ্ন – “কবে আসবে সিজন ফাইভ?” অবশেষে তাদের সেই আশা পূরণের ইঙ্গিত পাওয়া গেল।

নির্মাতা অমি সম্প্রতি নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ নির্মাণের আভাস দেন। তার সাথে নাটকের অন্য সংশ্লিষ্টরাও নিজেদের ফেসবুকে শুধু ‘ফাইভ’ লিখে পোস্ট দেন। অমির এই পোস্টেই পড়ে লক্ষাধিক লাইক, ৩৩ হাজারের বেশি মন্তব্য, এবং প্রায় পাঁচ হাজার শেয়ার। অধিকাংশ দর্শকই চেয়েছেন ফান-কমেডি গল্পের নতুন সিজন।

ফেসবুকে ‘ফাইভ’ লিখে ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে কিছুটা রহস্য রেখে গণমাধ্যমকে অমি বলেন, “ব্যাচেলর পয়েন্ট ফাইভ বানাতে পারি। তবে দর্শকরা কবে থেকে এটি পর্দায় দেখতে পাবেন, তা এখনই নির্দিষ্ট করে বলতে পারছি না। কারণ পুরো বিষয়টি পরিকল্পনা পর্যায়ে রয়েছে।” তিনি জানান, সবকিছু চূড়ান্ত হলে কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

তবে নির্মাতা এতটুকু নিশ্চিত করেছেন যে, ২০২৫ সালেই আবারও পর্দায় দেখা মিলতে পারে পাশা, হাবু, শুভ, কাবিলা ও অন্তরাদের গল্প। সব ঠিক থাকলে ২০২৫ সালেই আসতে পারে সুখবর, আর সেই পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতে বলেছেন নির্মাতা অমি।