এপ্রিলে বাড়েনি এলপি গ্যাসের দাম
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত রেখেছে। রবিবার (৬ এপ্রিল) এক ঘোষণায় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১,৪৫০ টাকায় স্থির রাখা হয়েছে। নতুন দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক বাজার ও অন্যান্য বিষয় বিবেচনা করে এপ্রিল মাসে এলপিজির মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। গত মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমানো হয়েছিল, যা ১,৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগে ফেব্রুয়ারি মাসে দাম ১৯ টাকা বাড়িয়ে ১,৪৭৮ টাকা করা হয়েছিল।
জানুয়ারি মাসের শুরুতে এলপিজির দাম অপরিবর্তিত থাকলেও মাসের মাঝামাঝি ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১,৪৫৯ টাকা করা হয়েছিল।
এদিকে, এপ্রিল মাসে অটোগ্যাসের দাম সামান্য কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের মূল্য বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিল মাসে প্রোপেনের দাম প্রতি মেট্রিক টন ৬১৫ মার্কিন ডলার এবং বিউটেনের দাম ৬০৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এ দুটির গড় মূল্য ৬০৮.৫০ ডলার ধরে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।