,

কবিতা: জলজ মন

আজকের কুমিল্লা ডট কম :
April 25, 2022
news-image

হাসান কল্লোল:

বৃষ্টির মত জলজ মন নিয়ে তুমি
পাশে ছিলে না বলে
আজ কোন কবিতা লেখা হয়নি।
আজ মন খারাপের স্কুল ছিল খোলা!

সারাদিন কেটেছিল প্রিয় মিসট্রেসের
ব্লাকবোর্ডে লেখা বেদনার বাক্যগুলো
মুখস্থ করতে গিয়ে:
সমাজ সংসার মিছে সব,মিছে এ জীবনের কলোরব!
আজ আর কোন ক্লাশ হয়নি।

শুধু বারান্দায় কদমের পাতাগুলো শুনিয়েছিল
বর্ষার আগমনী পারদ-রঙা আধভেজা গান।
দুপুরেই ঘন্টা বাজিয়ে হারিয়ে গেলো
সোঁদা গন্ধে মাখা স্বপ্নময় মেঘ !

রঙধনু উঠেছিল পাহাড়ের ওপারের দেশে
বৃষ্টির চোখে যেন আগুন রঙা অভিমান
আজ কোন উপায় ছিলোনা কবিতা লেখার,
এই বর্ষণসিক্ত স্কুলে আজ একটিও
কবিতা পড়া হয়নি।।