কুমিল্লায় মেম্বার হত্যা: কিলিং মিশনে অংশ নেওয়া আসামি পিন্টু গ্রেফতার
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বাঙ্গরা বাজার থানার চাঞ্চল্যকর আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার অন্যতম আসামি মো. পিন্টু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে তাকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জেলা পুলিশ।
পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর বাঙ্গরা বাজার থানার উত্তর পেন্নাই এলাকায় নিজ বসতবাড়িতে হামলার শিকার হন আনোয়ার হোসেন মেম্বার। পূর্ব শত্রুতার জেরে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তিনি মারা যান।
এ ঘটনায় নিহত আনোয়ার হোসেন মেম্বারের স্ত্রী মোমেনা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পরপরই জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করে কুমিল্লা জেলা পুলিশ। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের দিকনির্দেশনায় বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি বিশেষ দল ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।
এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে মামলার এজাহারনামীয় আসামি মো. পিন্টু মিয়ার অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পিন্টু মিয়া উত্তর পেন্নাই এলাকার মৃত ধবীর মুন্সির ছেলে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতার এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।