,

খেলার মাঠে বাজে আচরণ: শাস্তি পেল পাকিস্তান-আফগানিস্তানের সেই দুই ক্রিকেটার

আজকের কুমিল্লা ডট কম :
September 9, 2022
news-image

স্পোর্টস ডেস্কঃ

ব্যাটার আসিফ আলিকে আউট করার পর বোলার ফরিদ আহমেদ যে আচরণ দেখিয়েছেন এবং এর প্রতিক্রিয়ায় যে আচরণ প্রদর্শন করেছেন আসিফ- তাতে দু’জনেরই দোষ খুঁজে পেয়েছে আইসিসি। যার ফলে আইসিসি পাকিস্তান এবং আফগানিস্তানের ক্রিকেটার আসিফ আলি ও ফরিদ আহমেদ- দু’জনকেই শাস্তি দিয়েছে।

শাস্তি হিসেবে দুই ক্রিকেটারেরই ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নেয়া হবে এবং একই সঙ্গে দু’জনের আচরণবিধিতে ১টি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হলো। গত ২৪ মাসের মধ্যে এই দু’জনের নামে যদিও এ ধরনের আচরণের কোনো রেকর্ড তথা কোনো ডিমেরিট পয়েন্ট যোগ করা নেই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইসিসি।

আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তির কথা ঘোষণা করেন। দুই অভিযুক্ত ক্রিকেটারই শাস্তির বিষয়টা মেনে নেয়ায় পরবর্তী কোনো শুনানির আর প্রয়োজন হয়নি।

ঘটনা ঘটেছিল, মঙ্গলবার রাতে শারজায়, পাকিস্তান এবং আফগানিস্তান সুপার ফোরের ম্যাচ চলাকালীন। ম্যাচের ১৯তম ওভারে ফরিদ আহমেদের বলে আউট হয়ে যান আসিফ আলি। এ সময় আনন্দের আতিশয্যে বোলার ফরিদ খুব বাজে আচরণ করেন এবং আসিফ আলিকে ধাক্কা দেন। এমন আচরণে ক্ষেপে যান আসিফ আলিও। তিনি ব্যাট দিয়ে ফরিদকে মারতে যান।

আইসিসি বলছে, ব্যাট দিয়ে মারতে উদ্ধ্যত হওয়াটা আইসিসির খেলোয়াড় আচরণ বিধির ২.৬ আর্টিকেলের লঙ্ঘণ। আর ফরিদ আহমেদের আচরণটা হয়েছে আইসিসির খেলোয়াড় আচরণবিধি ২.১.১২ এর লঙ্ঘণ। শাস্তির সঙ্গে দুই ক্রিকেটারকে সতর্কও করে দেয়া হয়েছে।