রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদপুরের ফরিদগঞ্জে টাকা লেনদেনের বিরোধে যুবক খুন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১১, ২০২৫
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে ৫০ হাজার টাকা লেনদেনের বিরোধে বাবু গাজী (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বড় ভাই ও বাবাসহ দুজন আহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) দুপুর দেড় ১টার দিকে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবু গাজী ওই গ্রামের রৌশন আলী গাজীর ছেলে। আহতরা হলেন বাবুর বড় ভাই আরমান গাজী (২৫) ও বাবা রৌশন আলী গাজী (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুর কাছে শাকিল গাজীর পরিবারের ৫০ হাজার টাকা পাওনা ছিল। টাকা লেনদেন নিয়ে গত ১০ আগস্ট দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। পরে স্থানীয়ভাবে সমাধানের জন্য আজ রাতে বৈঠকের কথা ছিল। কিন্তু দুপুরে আবারও উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে শাকিল গাজী (২০), তাঁর বাবা হাছান গাজী (৪৫) ও শাকিলের স্ত্রী সুমাইয়া মিলে ধারালো অস্ত্র দিয়ে বাবুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই বাবু মারা যান। এ সময় বাবুর ভাই আরমান ও বাবা রৌশন আলীকেও কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেন। আরমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রৌশন আলী চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার পর স্থানীয়রা শাকিল গাজীকে সুবিদপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ সুবিদপুর এলাকা থেকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনীর সহায়তায় শাকিল, তাঁর বাবা হাছান গাজী ও স্ত্রী সুমাইয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, সেনাবাহিনী, ডিবি পুলিশ ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।