চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু
শরীফুল ইসলাম, চান্দিনা:
কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মো. মনিরুল ইসলাম নামে এক জামায়াতে ইসলামীর নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। ২০০২ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চান্দিনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্বাস কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
হাজী মনিরুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর, চান্দিনা উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।