,

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করে জনগণের প্রত্যাশা পূরণ করবে বিএনপি

আজকের কুমিল্লা ডট কম :
December 24, 2022
news-image

স্টাফ রিপোর্টার:
নজরুল ইসলাম খান বলেন, শহীদ জিয়া দেশকে ভালোবেসেছিলেন। আর খালেদা জিয়ার নেতৃত্বে দেশ ভালো ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার বিকেল ৪টায় বিএনপির কেন্দ্রঘোষিত দেশজুড়ে মিছিল কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘ঢাকাসহ সারা দেশে আমাদের সবগুলো সমাবেশ সফল হয়েছে। এই অবৈধ সরকারকে হটিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করে জনগণের প্রত্যাশা পূরণ করবে বিএনপি। বিএনপি হবে জনগণের সরকার।’

মিছিল কর্মসূচি নিয়ে তিনি বলেন, ‘আজ আওয়ামী লীগের সম্মেলন ঢাকায়। আমরা গণমিছিলের ডাক দিয়েছিলাম। নেতা-কর্মীরা উজ্জীবিত ছিল। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অনুরোধে ঢাকায় আমরা গণমিছিল করি নাই। এই গণমিছিল আমরা ৩০ ডিসেম্বর করব।’

এর আগে বক্তব্য দেন দলটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশীদ ইয়াছিন। মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিনসহ জেলা ও নগর বিএনপির নেতা-কর্মীরা। সমাবেশের পর মিছিল নিয়ে দলটির নেতারা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।