,

মেঘনায় জালিয়াতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
October 20, 2026
news-image

মেঘনা প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলায় জালিয়াতির মামলায় ওয়ারেন্টভুক্ত হাজী মোবারক হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তাঁকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়কান্দা ইউনিয়নের আমিরাবাদ গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোবারক হোসেন ওই গ্রামের মৃত আলী আকবর ব্যাপারীর ছেলে।

পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে শাহাবুদ্দিনের সাড়ে ১৩ শতক জমি জালিয়াতির মাধ্যমে নিজের নামে নেওয়ার অভিযোগ রয়েছে মোবারক হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় গত ১৯ জুলাই শাহাবুদ্দিন মেঘনা থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, জালিয়াতির অভিযোগে করা মামলায় মোবারক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ কারণে তাঁকে গ্রেপ্তার করে সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।