বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সদর দক্ষিণের লইপুরায় প্রতারক আক্তার হুজুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সাংবাদিক সম্মেলন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৭, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

কথিত ধর্মীয় ব্যক্তিত্ব আক্তার হুজুরের বিরুদ্ধে বড় আকারের প্রতারণার অভিযোগ উঠেছে। কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার পর পাওনাদারদের বিরুদ্ধে ভুয়া অভিযোগ এবং মিডিয়ায় বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগ এনেছেন ভুক্তভোগীরা।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে আক্তার হুজুরের বাড়ির সামনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগীরা আক্তার হুজুর এবং তার পরিবারের বিরুদ্ধে তাদের পাওনা টাকা আত্মসাতের অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে তাঁরা জানান, যখন তাঁরা পাওনা টাকা ফেরত চাইতে যান, তখন আক্তার হুজুরের পরিবার থানায় মিথ্যা অভিযোগ দাখিল করে এবং কিছু গণমাধ্যমে ভুয়া সংবাদ ছড়িয়ে তাঁদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন মোঃ জামাল হোসেন (জয়পুর) যিনি জানান, আক্তার হুজুর তার কাছ থেকে ১ কোটি ৮০ লাখ টাকা নিয়ে প্রতারণা করেন। একইভাবে ফজলুল হক (নাঙ্গলকোট) ২৪ লাখ, শাহ আলম (লক্ষ্মীপুর) ১৪ লাখ, মনির হোসেন (নেওরা) ২০ লাখ, শামসুন্নাহার (নেওড়া) ৪ লাখ, সাহেব আলী (লক্ষ্মীপুর) ৩ লাখ এবং মোস্তফা কামাল (ডুমুরিয়া) ৩০ লাখ টাকা দেন আক্তার হুজুরকে।

আরও হৃদয়বিদারক বিষয় হলো, মৃত আইয়ুব আলী নামের একজন ব্যক্তি আক্তার হুজুরের কাছে ১৬ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। টাকা ফেরত না পেয়ে চরম হতাশা ও আর্থিক সংকটে তার মৃত্যু হয় বলেও দাবি করেন উপস্থিত ভুক্তভোগীরা।

তাঁরা বলেন, আমরা ন্যায়বিচারের আশায় প্রশাসনের দারে দারে ঘুরছি। অথচ প্রতারক পরিবার আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমাদের চরিত্র হননের জন্য মিডিয়াকেও ব্যবহার করা হচ্ছে।

ভুক্তভোগীরা এই ঘটনায় আক্তার হুজুর ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং প্রতারিত অর্থ ফেরতের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।