সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর চক্রান্ত শুরু হয়েছে : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী বলেন, সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে। বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরো বলেন, গণতন্ত্রে উত্তরণের যখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তখন একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। সুপরিকল্পিতভাবে নির্বাচন, জনগণকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (২০ মে) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। আগামী ৩০ মে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথসভা শেষে এই সংবাদ সম্মেলন করা হয়।
মির্জা ফখরুল জানান, বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
সরকারের মধ্যে কিছু অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, দেশকে অস্থিতিশীল করতে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে পরস্পরের মুখোমুখি করার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে।
নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সজাগ থাকতে হবে, সেই সঙ্গে রুখে দাঁড়াতে হবে, সব চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবেলার জন্য। সীমান্তের ওপার থেকে যে ষড়যন্ত্র চলছে—সে ব্যাপারেও সজাগ থাকতে হবে। কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৗমত্ব বিলীন করতে না পারে।