১৩ কলেজের পাঠদান ও স্বীকৃতি স্থগিত করেছে কুমিল্লা বোর্ড
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় খারাপ ফলাফলের কারণে ১৩টি কলেজের পাঠদান ও একাডেমিক স্বীকৃতি স্থগিত করেছে। এই কলেজগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ৩টি, লক্ষীপুরের ৪টি, চাঁদপুরের ২টি ও কুমিল্লার ৪টি কলেজ রয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরিন সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব কলেজের পাশের হার ০ থেকে ৫ শতাংশের মধ্যে, তাদের ফলাফল সন্তোষজনক নয়। এরপর ৭ জানুয়ারি কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরীক্ষা কমিটির সভায় এসব কলেজের পাঠদান ও স্বীকৃতি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অধ্যাপক মো. সামছুল ইসলাম, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বলেন, যারা পরিচালনার শর্ত পূরণ করতে পারেনি বা ফলাফল ভালো করেনি, তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তবে শর্ত পূরণ করলে তারা আবার একাডেমিক কার্যক্রমে ফিরতে পারবে।
পাঠদান ও স্বীকৃতি স্থগিত কলেজগুলো:
ব্রাহ্মণবাড়িয়া: জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, চানপুর আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ
লক্ষীপুর: তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, তোহা স্মৃতি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, সেবা গ্রাম ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিজ সিটি কলেজ
চাঁদপুর: জিবগাও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ, শরিফুল্লা হাইস্কুল অ্যান্ড কলেজ
কুমিল্লা: ষাইটশালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ, চৌদ্দগ্রাম মডেল কলেজ, সুরুজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, অজরা এস ই এস ডিপি মডেল স্কুল অ্যান্ড কলেজ